অল্প সময়ে এত নিখোঁজের ঘটনায় মানুষ ভীত: রিয়াজুল হক
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১১ ডিসেম্বর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- বিএনপি দিয়েছিল ১৬শ আমরা দিচ্ছি ১৬ হাজার মেগাওয়াট :প্রধানমন্ত্রী
- জাতীয় গ্রিডে সোলার বিদ্যুত্-দৈনিক ইত্তেফাক
- বিদেশে জিয়া পরিবারের সম্পদ-সারা পৃথিবীতে খোঁজ নিয়েছি, অস্তিত্বই নেই-ফখরুল-দৈনিক প্রথম আলো
- অল্প সময়ে এত নিখোঁজের ঘটনায় মানুষ ভীত -রিয়াজুল হক-দৈনিক ইনকিলাব
- নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র প্রতিহত করবে ১৪ দল : নাসিম-দৈনিক নয়া দিগন্ত
- ডাক্তার না হয়েও অপারেশন দুঃখজনক: হাইকোর্ট- দৈনিক যুগান্তর
- জিয়া পরিবার নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি বিএনপির-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- কাশ্মীরে সেনার গুলিতে নিহত তিন লস্কর জঙ্গি-আনন্দবাজার
- অগ্নিপরীক্ষার মুখে কংগ্রেসের সভাপতি রাহুল-দৈনিক আজকাল
- গোপন’বৈঠক নিয়ে মোদিকে পালটা জবাব কংগ্রেস ও পাকিস্তানের-দৈনিক সংবাদ প্রতিদিন
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
বিএনপি দিয়েছিল ১৬শ আমরা দিচ্ছি ১৬ হাজার মেগাওয়াট :প্রধানমন্ত্রী -জাতীয় গ্রিডে সোলার বিদ্যুত-দৈনিক ইত্তেফাক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে এখন ১৬ হাজার ১৫০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন হচ্ছে। বিএনপি দিয়েছিল ১৬শ’ আর আমরা দিচ্ছি ১৬ হাজার। এছাড়া এখন থেকে জাতীয় গ্রিডে সোলার বিদ্যুত্ যোগ হয়েছে। যদিও এটা খুব ব্যয়বহুল তারপরও ভবিষ্যতে এই সোলার বিদ্যুতের যে উত্পাদন হবে সেখানে ব্যবহারের অতিরিক্তটা আমাদের জাতীয় গ্রীডে চলে আসবে। প্রতিটি ঘরে বিদ্যুত্ পৌঁছে দেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, দেশে এখন ৮৩ ভাগ মানুষ বিদ্যুত্ সুবিধা পাচ্ছে। প্রতিটি ঘরে বিদ্যুতের আলো জ্বালানোই আমাদের লক্ষ্য।
সৌদি আরবে সেই প্রোপার্টিগুলোর কোনো অস্তিত্বই নেই: মির্জা ফখরুল-দৈনিক ইত্তেফাক/প্রথম আলো ও মানবজমিন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার পরিবারের নামে সৌদি আরবে সম্পত্তি আছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাবি ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা সারা পৃথিবীতে খোঁজ নিয়ে দেখেছি, এ ধরনের কোনো কিছুর কোনো ভিত্তি নেই। এমনকি যে প্রোপার্টির কথা বলা হয়েছে, সেই প্রোপার্টিগুলোরও কোনো অস্তিত্ব নেই।’ তাঁর দাবি, সরকার জনগণকে বিভ্রান্ত করতে এ ধরনের মিথ্যা সংবাদ প্রচার করছে। তিনি সরকারকে তার বক্তব্যের বিপরীতে তথ্য উপস্থাপন ও অভিযোগ প্রমাণের আহ্বান জানান।
রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেয়া বক্তব্যের প্রতিক্রিয়া আজ সোমবার তিনি এসব কথা বলেন। সৌদি আরবে বিএনপি চেয়ারপারসনের সম্পদ আছে দাবি করে গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের উদ্দেশে বলেন, সৌদিতে বিশাল শপিং মল, সম্পদ পাওয়া গেছে।
আর দৈনিক মানবজমিনের খবরে লেখা হয়েছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তার পরিবার বিদেশে বিলিয়ন বিলিয়ন ডলার পাচারের বিষয়টি প্রমাণ করতে না পারলে সরকারকে পদত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
দৈনিকটি আরো লিখেছে, জিয়া পরিবারের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগ এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি।
নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র প্রতিহত করবে ১৪ দল : নাসিম-দৈনিক নয়া দিগন্ত
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কেন্দ্রীয় ১৪ দল আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবে।
তিনি বলেন, ‘গণতন্ত্রের সুযোগ নিয়ে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া মাঠে নেমেছে। আবারো নির্বাচনকে বানচাল করতে বিএনপি-জামায়াতকে মাঠে দেখা যাচ্ছে।’ মোহাম্মদ নাসিম বলেন, যারা নির্বাচনকে বানচাল করতে চায় তারা দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে।
ডাক্তার না হয়েও অপারেশন দুঃখজনক: হাইকোর্ট-দৈনিক যুগান্তর
ডাক্তার না হয়েও অপারেশন খুবই দুঃখজনক এবং এ ঘটনা কসাইয়ের মত আচরন। পটুয়াখালীর বাউফল নিরাময় হাসপাতালে রোগীর পেটে গজ রেখে সেলাইয়ের অপরাধে রাজন দাসসহ চারজনের বিরুদ্ধে রায় দেয়ার সময় এমন মন্তব্য করেছেন আদালত।
সন্তান প্রসবের সময় এক নারীর পেটে গজ রেখে অপারেশন শেষ করায় কথিত চিকিৎসক রাজন দাস ওরফে অর্জুন চক্রবর্তীর বিরুদ্ধে ৬ নভেম্বর বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্টর বেঞ্চ গ্রেফতারি পরোয়ানা জারি করে।
সোমবার রাজন দাস হাইকোর্টে হাজিরা দিতে আসলে তাকে গ্রেফতারের নির্দেশ দেন আদালত এবং নিরাময় হাসপাতালের মালিক, মেডিকেল সহকারী ও নার্সের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেয়া হয়। এ বিষয়ে আদেশের জন্য আগামী ১৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
এই ঘটনায় আদালত বলেন, ডাক্তার না হয়েও অপারেশন। মানুষের কি কোন দাম নেই। খুবই দুঃখজনক ঘটনা। ক্লিনিকটি টি চিকিৎসালয় না কসাইখানা? কসাইয়ের মত আচরণ এগুলো। কোন যুগে বাস করছি। এটাতো হত্যার মত।
ফেনসিডিল কিনতে বিশ্ববিদ্যালয় ছাত্রদের দীর্ঘ লাইন!-দৈনিক যুগান্তর
২৬ সেপ্টেম্বর। কাকডাকা ভোর। রাজধানীর প্রগতি সরণিসংলগ্ন জি ব্লকের ১৩ নম্বর রোডের ১৮/ই বাড়িতে অভিযান চালায় সাদা পোশাকে ঘোরাফেরা করছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (নারকোটিক্স) কয়েকজন কর্মকর্তা।
গোপন সূত্রে মাদক ব্যবসার খবর পেয়ে ওই বাড়ির ওপর নজর রাখছিল তারা। সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আনাগোনা বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রদের। অনেকটা লাইন ধরে বাড়িতে ঢোকার মতো অবস্থা। তবে অবশেষে যে তথ্য পাওয়া গেল তা খুবই ভয়ঙ্কর। নিষিদ্ধ মাদকের নেশায় বাড়িটিতে বিশ্ববিদ্যালয় ছাত্রদের এমন আবাধ আনাগোনা। ভুয়া অধ্যাপক পরিচয় দিয়ে আমেরিকান উচ্চারণে অনর্গল ইংরেজিতে কথা বলা বাড়ির গৃহকর্তা শহিদুজ্জামান ওরফে নাভিদই মাদক ব্যবসার মূল হোতা। ৬০ বছরের নাভিদ প্রথমে ক্ষিপ্ত হয়ে নারকোটিক্স বিভাগের কর্মকর্তাদের ব্যাপক গালাগালি করেন-তবে শেষ রক্ষা হয় নি। বিশেষ কৌশলে তার বিছানার নিচে রাখা প্রায় ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং নাভিদকে গ্রেফতার করা হয়। নাভিদকে জিজ্ঞাসাবাদ চলাকালেই সেখানে ফেনসিডিল কিনতে এসে একে একে আটক হন বিশ্ববিদ্যালয় পড়ুয়া অন্তত ২৫ জন শিক্ষার্থী। পরে তাদের শিক্ষাজীবনের কথা চিন্তা করে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়। নারকোটিক্সের কর্মকর্তারা জানান, নাভিদ সাধারণ কোনো মাদক ব্যবসায়ী নন। তিনি নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতেও মাদকের বিশবাষ্প ঢুকিয়ে দিচ্ছেন। নিজের ফ্ল্যাটে মাদক ব্যবসা ছাড়াও প্রগতি সরণিতে তিনি নিজস্ব এজেন্টের মাধ্যমে অভিনব উপায়ে ভ্রাম্যমাণ ফেনসিডিল বিক্রি করেন। অভিযান দলের নেতৃত্বদানকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ইন্সপেক্টর একেএম কামরুল ইসলাম জানান, নাভিদ বেশ কয়েক বছর আগেও মাদক ব্যবসা করতেন। মাঝখানে এ ব্যবসা ছেড়ে জীবিকার উদ্দেশে কানাডায় পাড়ি জমান। কিন্তু বিদেশে সুবিধা করতে না পেরে দেশে ফিরে আসেন। এরপর ফের নেমে পড়েন পুরনো মাদক ব্যবসায়।
এ প্রসঙ্গে জানতে চাইলে ডিআইজি সৈয়দ তৌফিক উদ্দীন আহমেদ রোববার যুগান্তরকে বলেন, শহিদুজ্জামান ওরফে নাভিদের নেতৃত্বে একটি শক্তিশালী মাদক ব্যবসায়ী চক্র দীর্ঘদিন ধরেই রাজধানীতে ফেনসিডিলের ব্যবসা করে আসছিল। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই চক্রের অনেকের সঙ্গে সমাজের বিভিন্ন প্রভাবশালীর যোগাযোগ ছিল। তবে মাদক ব্যবসায়ী যত প্রভাবশালীই হোক না কেন তাকে ছাড় দেয়া বা সমীহ করার কোনো সুযোগ নেই।
অল্প সময়ে এত নিখোঁজের ঘটনায় মানুষ ভীত -রিয়াজুল হক-দৈনিক ইনকিলাব
বাংলাদেশে গত আগস্ট থেকে এ পর্যন্ত অন্তত ১৪ জন নিখোঁজ হয়েছেন। এদের মধ্যে ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও শিক্ষক রয়েছেন। নিখোঁজদের মধ্যে চারজন ফিরে এলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বার হাসানসহ বাকীরা এখনো নিখোঁজ। মানবাধিকার সংস্থাগুলো বলছে, বাংলাদেশে তৈরি হয়েছে একটি ভীতির পরিবেশ। এ প্রসঙ্গে বিসিকে দেয়া এক সাক্ষাতকারে বাংলাদেশের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলছেন, এতগুলো মানুষ এত অল্প সময়ের মধ্য নিখোঁজ হয়ে গেলো। তাদেরকে যেই নিক না কেনো, এতে মানুষের মধ্যে খুব ভীতির সঞ্চার হওয়াটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু সে বিষয়ে কি করছে মানবাধিকার কমিশন? এমন প্রশ্নের জবাবে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, আমরা যখনই খবর পাই যে কেউ গুম হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে সরকারকে জানাই। যারা তাদের গুম করেছে, সে যেই হোক না কেন তাদেরকেও চিহ্নিত করে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর আহবান জানাই। বাংলাদেশে বেশিরভাগ সময়ে নিখোঁজদের পরিবার থেকে অভিযোগ করা হয় যে তাদের আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর লোকজন তুলে নিয়ে গেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে কমিশন কোন ভূমিকা রাখতে পারছে না বলে অভিযোগ রয়েছে।
এবার কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত
গোপন’বৈঠক নিয়ে মোদিকে পালটা জবাব কংগ্রেস ও পাকিস্তানের-দৈনিক সংবাদ প্রতিদিন
মণিশঙ্কর আইয়ারের নীচ মন্তব্য, তারপর পাকিস্তানের সঙ্গে কংগ্রেস গোপন বৈঠক। গুজরাটে কংগ্রেসকে ধরাশায়ী করতে এই কার্ডগুলোই খেলে চলেছেন নরেন্দ্র মোদি। সাময়িক জড়তা কাটিয়ে প্রধানমন্ত্রীর তিরের পালটা দিল হাত শিবির। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর তোপ প্রধানমন্ত্রী উন্নয়ন ভুলে এখন চিন, পাকিস্তান নিয়ে ব্যস্ত। গুজরাটের ভোটে তাদের নাম জড়ায় পাকিস্তানও জবাব দিয়েছে। প্রতিবেশী দেশের বক্তব্য, নিজেদের গণ্ডগোলের মধ্যে তাদের খামোকা টানা হচ্ছে।
সোমবার পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফৈজল সোমবার টুইট প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেন। তিনি লেখেন, নির্বাচনী বিতর্কে পাকিস্তানকে টেনে আনা বন্ধ করা উচিত ভারতের। আর এমন মনগড়া ও ভিত্তিহীন ষড়যন্ত্রের গল্প ব্যবহার না করে নিজের শক্তিতে নির্বাচনে লড়ে জেতা উচিত।
অগ্নিপরীক্ষার মুখে কংগ্রেসের সভাপতি রাহুল-দৈনিক আজকাল
সম্ভাবনা, জল্পনা সবই ছিল নিছক শব্দ। একাই মনোনয়ন দিয়েছিলেন। লড়াইয়ের ময়দান একেবারেই ছিল সাফ। হিসেব মেনেই রাহুলই বসলেন সভাপতি পদে। সোমবার বিকেলে সাংবাদিক বৈঠক করে রাহুলকে সভাপতি পদে বসানোর কথা ঘোষণা করলেন কংগ্রেস নেতা এম রামচন্দ্রন। ১৩২ বছরের পুরনো এই রাজনৈতিক দলের হাল এবার তাঁর হাতেই। গুজরাট নির্বাচনের আগেই রাহুলকে সভাপতি নির্বাচন করা হবে বলে জানিয়েছিল কংগ্রেস। সেই দিনক্ষণের একটু হেরফের হল বটে। তবে নির্বাচনের মধ্যেই দলের দায়িত্ব নিলেন রাহুল গান্ধী। পরিবারের ষষ্ঠতম ব্যক্তি রাহুল যিনি এই পদের দায়িত্ব সামলাবেন। গত ১৯ বছর ধরে দলের এই পদের দায়িত্ব সামলেছেন তাঁর মা সোনিয়া গান্ধী। কতটা দক্ষতা কতটা ব্যর্থতা ছিল তার হিসেব নিকেশ পরের কথা। এবার পরীক্ষা রাহুলের। কংগ্রেসের ডুবন্ত তরীর হালে কতটা বল যোগাবেন তিনি, সেটা নির্ভর করবে এই যুব নেতার নেতৃত্বের উপর।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১১