ডিসেম্বর ১২, ২০১৭ ১৩:০৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১২ ডিসেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • ১ মণ আলুর দামে ১ কেজি পেঁয়াজ-দৈনিক ইত্তেফাক
  • দেখুন, কীভাবে আপনার শিশুকে মেরে ফেলছেন!-দৈনিক প্রথম আলো
  • বিএনপিকে আগামী নির্বাচনে আসতেই হবে: ওবায়দুল কাদের-দৈনিক প্রথম আলো
  • স্বাস্থ্যসেবা বঞ্চিত ৫০ ভাগ মানুষ-সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবস আজ-দৈনিক ইনকিলাব
  • বিচার বিভাগের স্বাধীনতা প্রশাসনের হাতেই পড়ল : মির্জা ফখরুল-দৈনিক নয়া দিগন্ত
  • বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট-সরকারের হাতেই থাকছে নিয়ন্ত্রণ!-দৈনিক যুগান্তর

ভারতের শিরোনাম:

  • ‘ব্লু হোয়েল-এ আটকে কংগ্রেস, ১৮ তারিখই তার শেষ পর্ব’-আনন্দবাজার
  • মিলছে না! আধার–ব্যাঙ্ক নতুন বিপত্তি-দৈনিক আজকাল
  • জয় শাহর কীর্তি সামনে আসতেই দুর্নীতি নিয়ে নীরব মোদি’-দৈনিক সংবাদ প্রতিদিন

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট-সরকারের হাতেই থাকছে নিয়ন্ত্রণ-দৈনিক যুগান্তর

অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশ

সরকারের হাতে নিয়ন্ত্রণ রেখেই নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধিমালার প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। সোমবার বিকালে এ প্রজ্ঞাপন জারি করে তা গেজেট আকারে প্রকাশের জন্য সরকারি প্রেসে (বিজি প্রেস) পাঠানো হয়েছে। রাতেই গেজেট প্রকাশ হয়েছে।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক সোমবার সাংবাদিকদের বলেন, শৃঙ্খলাবিধির গেজেট হয়ে গেছে। তিনি বলেন, এসকে সিনহার কারণেই বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশ করতে বিলম্ব হল।

এ বিধিমালা অনুযায়ী অধস্তন বিচার বিভাগের কর্মকর্তাদের শৃঙ্খলা সংক্রান্ত বিষয়গুলো উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক নিয়ন্ত্রিত হবে। গেজেটে ‘উপযুক্ত কর্তৃপক্ষ’ অর্থ রাষ্ট্রপতি বা তৎকর্তৃক সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদ অনুসারে প্রণীত রুলস অব বিজনেস-এর আওতায় সার্ভিস প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় বা বিভাগকে বোঝানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আইন বিশেষজ্ঞরা বলেন, অধস্তন আদালতের শৃঙ্খলাবিধির ওপর কার্যত সরকারেরই নিয়ন্ত্রণ থাকছে। কারণ সার্ভিস সদস্যদের প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় বলতে আইন মন্ত্রণালয়কেই বোঝানো হয়েছে।

বিচার বিভাগের স্বাধীনতা প্রশাসনের হাতেই পড়ল : মির্জা ফখরুল-দৈনিক নয়া দিগন্ত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতা আবারো প্রশাসনের হাতে গিয়েই পড়লো। আজ জাতীয় প্রেসক্লাবে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপিকে আগামী নির্বাচনে আসতেই হবে: ওবায়দুল কাদের-দৈনিক প্রথম আলো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘রাজনৈতিক অস্তিত্ব ঝুঁকির মধ্যে ফেলতে না চাইলে বিএনপিকে আগামী নির্বাচনে আসতেই হবে।’ আজ সকালে যশোর শহরের রাজারহাট এলাকার সড়ক পরিদর্শনের সময় এক ব্রিফিংয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘গণতন্ত্র গেল, গণতন্ত্র গেল বলে বিএনপি ওই এক ভাঙা রেকর্ড বাজিয়েই যাচ্ছে। আগে তারা ভারতবিদ্বেষী কথা বলত। এখন গণতন্ত্র নিয়ে বলে। শাক দিয়ে মাছ ঢাকা যায় না। মিথ্যাচার করে দুর্নীতির গন্ধও ঢাকা যায় না। বিএনপি দুর্নীতিগ্রস্ত দল—এটা কানাডার আদালতে প্রমাণিত হয়েছে।

১ মণ আলুর দামে ১ কেজি পেঁয়াজ-দৈনিক ইত্তেফাক

একমন আলুর দামে এককেজি পেঁয়াজ

পেঁয়াজের দামে মুরগি পাওয়ার খবর নিয়ে গত কয়েকদিন ধরে মিডিয়াতে চলছে নানান আলোচনা-সমালোচনা। এরইমধ্যে দেশের বাজার ব্যবস্থায় চরম অস্থিরতার খবর পাওয়া গেছে জয়পুরহাটের কালাই উপজেলায়। এখানে এক কেজি পেঁয়াজের দামে পাওয়া যাচ্ছে এক মণ আলু।

 বৈরী আবহাওয়া, অতিবৃষ্টি ও অসময়ে বন্যা কাটিয়ে পরবর্তী শীতের জয়পুরহাটের কালাই উপজেলাতে গত বছরের চেয়ে এবার চাল ও সবজির উত্পাদন বেশি হয়েছে। উপজেলার বিভিন্ন হাট-বাজারে সব ধরনের সবজির দাম সাধারণ মানুষের হাতের নাগালে থাকলেও ভরা মৌসুমে পেঁয়াজ ও চালের দাম আকাশছোঁয়া। প্রকার ভেদে চালের মূল্য দফায় দফায় বৃদ্ধি পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে উপজেলার সকল পর্যায়ের মানুষেরা।

প্রতি কেজি চাল ৬০ থেকে ৬২ টাকা দরে এবং প্রতি কেজি বিদেশি পেঁয়াজ ৭৮ থেকে ৮০ টাকা দরে আর প্রতি কেজি দেশি পেঁয়াজ ৯২ থেকে ৯৫ টাকা দরে। অন্যদিকে, আলুর বাজারে চরম ধস নেমেছে। হিমাগারে আলু রেখে লোকসানের মুখে পড়েছেন প্রান্তিক কৃষক ও ব্যবসায়ীরা। বর্তমান উপজেলা বিভিন্ন হাট-বাজারে প্রতি মণ আলু ৫০ থেকে ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে করে লোকসান গুনতে হচ্ছে কৃষক ও ব্যবসায়ীদের।

দেখুন, কীভাবে আপনার শিশুকে মেরে ফেলছেন!-দৈনিক প্রথম আলো

ধূমপানের বিষক্রিয়া শিশুদের ওপর

দোষ করে বুড়োধাড়িরা, মাশুল গোনে শিশু। নইলে ৯৫ শতাংশ শিশুর শরীরে নিকোটিন ঢুকবে কেন? হ্যাঁ, ধূমপানের বিষক্রিয়ায় আক্রান্ত শিশুদের কথাই বলা হচ্ছে। গতকাল সোমবার পত্রিকান্তরে প্রকাশিত খবরটি ভয়াবহ—রীতিমতো আতঙ্কজনক! ঢাকা বিশ্ববিদ্যালয়সহ যুক্তরাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, ঢাকা সিটি করপোরেশনের আশপাশের ৯৫ শতাংশ শিশুর দেহে নিকোটিন রয়েছে, যা ফুসফুসের ক্যানসারে মারাত্মক ইন্ধন জোগায়। শুধু ফুসফুসই নয়, নিকোটিনের কুপ্রভাবে যকৃৎ-কিডনি-মস্তিষ্ক কোনোটাই সুস্থ থাকে না। বড়রাই নিকোটিনের মরণ ছোবল থেকে রেহাই পান না, আর কচিপ্রাণ শিশুদের বেলায় এটি যে কেমন মারাত্মক হতে পারে, তা বলার অপেক্ষা রাখে না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, তামাক থেকে আসা নিকোটিনের ক্ষতিকর প্রভাবে বিশ্বে প্রতিবছর প্রায় ৬০ লাখ লোক মারা যায়, যা বিশ্বে প্রতিবছরের গড় মৃত্যুর ১০ শতাংশ। এর মধ্যে ছয় লাখ মানুষ মারা যায় ধূমপানের পরোক্ষ প্রভাবে। অর্থাৎ, ধূমপায়ী তামাক সেবন করে আর তার ধোঁয়ায় আক্রান্ত হয় আশপাশের মানুষ। আমাদের দেশে ধূমপায়ীর অন্ত নেই। গ্রামই বলুন আর শহরই বলুন, ছেলেপুলেরা অনেকে গোঁফের রেখা ফোটার আগেই তলে তলে ধূমপানে অভ্যস্ত হয়ে পড়ে। আর তা বড়দের দেখে দেখেই শেখে। কেবল পুরুষই নয়, আমাদের দেশে নারী ধূমপায়ীর সংখ্যাও কম নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ চ্যাপ্টারের প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, দেশে মোট নারীর দুই কোটিরও কিছু বেশি তামাক সেবন ও ধূমপানে আসক্ত (বাংলাদেশ প্রতিদিন)।

স্বাস্থ্যসেবা বঞ্চিত ৫০ ভাগ মানুষ-সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবস আজ-দৈনিক ইনকিলাব

দেশের উন্নয়ন স্থায়িত্বের জন্য প্রয়োজন জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করা। এজন্য সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (ইউএইচসি) বাস্তবায়নের বিকল্প নেই। কিন্তু সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি কেমন হবে, এর আওতায় সেবার পরিধি কতটা থাকবে, জনঅংশগ্রহণ কিভাবে নিশ্চিত করা যাবে, আর্থিক নিশ্চয়তা ইত্যাদি নীতি-নির্ধারণেই কেটে গেছে পাঁচ বছর। এতে এটি বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আর এসব দুর্বলতায় মানুষের স্বাস্থ্য ব্যয় বেড়ে গেছে। বর্তমানে স্বাস্থ্য সেবা পেতে দেশের মানুষের মোট স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭০ ভাগ পকেট থেকেই করতে হয়। কয়েক বছর আগেও যা ছিল ৬৩ ভাগ। নির্ধারিত সময়ে ইউএইচসি বাস্তবায়ন করতে না পারলে এ খাতে ব্যক্তিগত ব্যয় বাড়তে থাকবে। আর তাই স্বাস্থ্য ব্যয় মেটাতে দেশের মানুষের একটি বড় অংশ সর্বশান্ত হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে, গবেষণায় দেখা গেছে- দেশে ৪০ ভাগ মানুষের স্বাভাবিক স্বাস্থ্য সুরক্ষা হলেও ৫০ ভাগ মানুষ গুণগত সেবা পাচ্ছে না। অথচ আগামী ২০৩০ সালের মধ্যে সবার জন্য স্বাস্থ্য সুরক্ষা অর্জনের মাত্রা নির্ধারণ করা হয়েছে।

এবার কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত

মিলছে না! আধার–ব্যাঙ্ক নতুন বিপত্তি-দৈনিক আজকাল

আধার কার্ড বিভ্রাট

আধার কার্ড নতুন করে আঁধার ঘনিয়ে এনেছে দেশের সরকারি ব্যাঙ্কের গ্রাহকদের জীবনে। গত সপ্তাহ থেকে ওই গ্রাহকদের মোবাইল ফোনে ইংরেজিতে একটা মেসেজ আসছে। ‘‌অথেনটিকেশন অফ আধার.‌.‌.‌ ‌(‌এখানে আধার কার্ড নম্বর)‌ সিডেড ইন ইয়োর অ্যাকাউন্ট... ‌(‌এখানে অ্যাকাউন্ট নম্বর)‌ হ্যাজ ফেইল্‌ড। কাইন্ডলি কন্ট্যাক্ট ইয়োর ব্রাঞ্চ/ব্যাঙ্ক মিত্র ফর ই–‌কেওয়াইসি বেস্‌ড আধার অথেনটিকেশন। ‌সাদা বাংলায়:‌ গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে ওই গ্রাহকের আধার কার্ডের নম্বরের ‘‌মিস ম্যাচ’‌ হচ্ছে।

সোমবার এ ব্যাপারে ইউনাইটেড ব্যাঙ্কের কালী বিভিন্ন শাখায় খোয়জ নেয়া হলে ব্যাঙ্কের ম্যানেজার এবং সিনিয়র অফিসাররা বলেন, ‘‌আমরাও ঠিক জানি না কী হয়েছে।

জয় শাহর কীর্তি সামনে আসতেই দুর্নীতি নিয়ে নীরব মোদি’-দৈনিক সংবাদ প্রতিদিন

Image Caption

 

সর্বসম্মতিক্রমে দলের সভাপতি নির্বাচিত হয়েছেন। কংগ্রেসে শুরু হয়েছে রাহুল জমানা। সে যুগ যে কেমন আক্রমণাত্মক হতে চলেছে প্রথম সাংবাদিক সম্মেলনেই তা বুঝিয়ে দিলেন রাহুল গান্ধী। যে দুর্নীতি ইস্যু শাসকদলের তুরুপের তাস, সেই তাসকেই নিজের ট্রাম্প কার্ড করে নিলেন রাহুল।

গত তিন চার-মাসের নির্বাচনী প্রচারে একটা কথা বুঝিয়ে দিয়েছেন রাহুল। মোদির প্রবল দাপটের মধ্যেও যে তিনি চোখে চোখ রেখে কথা বলতে পারেন, তা স্পষ্ট। আকারে ইঙ্গিতে সে কথা স্বীকারও করে নিয়েছে শাসকদল। নজিরবিহীনভাবে তাই রাহুলের প্রতি মন্তব্যকে ধরে ধরে জবাব দিতে হচ্ছে তাদের। এদিন মোদিকে তোপ দেগে রাহুল বলেন, “দুর্নীতি নিয়ে আগে মোদি অনেক কথা বলতেন। কিন্তু জয় শাহের কীর্তি সামনে আসার পর আর তাঁর মুখে ‘দুর্নীতি’ শব্দটিই শোনা যায় না।” রাফালে চুক্তি নিয়েও এদিন রাহুল তীব্র সমালোচনায় বেঁধেন শাসকদলকে। তাঁর প্রশ্ন, “গত ২২ বছরে বিজেপি কী করেছে? সেই ব্যাখ্যা দিতে পারে না।”  তাঁর অভিযোগ, “মোদির উন্নয়ন পুরোটাই একতরফা। পাঁচ থেকে ছয়জন ব্যক্তি তাতে লাভবান হয়েছেন। কিন্তু বঞ্চিত হয়েছেন ৯০ শতাংশ মানুষ।”

‘ব্লু হোয়েল-এ আটকে কংগ্রেস, ১৮ তারিখই তার শেষ পর্ব’-আনন্দবাজার

নরেন্দ্র মোদি

কংগ্রেসকে আক্রমণ করতে এ বার ‘ব্লু-হোয়েল’ গেমকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, ‘‘কংগ্রেস ব্লু হোয়েল গেমে আটকে পড়ছে, ১৮ ডিসেম্বরই তাদের পর্ব শেষ।’’

সোমবার পাটানে নির্বাচনী জনসভা করছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই কংগ্রেস এবং দলের নবনিযুক্ত সভাপতি রাহুল গাঁধীকে আক্রমণ করতে ব্লু হোয়েল প্রসঙ্গ তুলে আনেন মোদী। প্রধানমন্ত্রীর কথায়, ‘‘মোবাইল গেম ব্লু হোয়েলে ধাপে ধাপে মৃত্যুর দিকে এগিয়ে যান খেলোয়াড়। ঠিক তেমন ভাবেই পতনের দিকে ধাপে ধাপে এগিয়ে চলেছে কংগ্রেস।’’ গুজরাত নির্বাচনের শেষ ধাপ ১৮ ডিসেম্বর। অর্থাৎ, ফল প্রকাশের দিন। মোদীর দাবি, সে দিনই গুজরাত থেকে পুরোপুরি মুছে যাবে কংগ্রেস। গত ৯ ডিসেম্বর গুজরাতে প্রথম পর্বের নির্বাচনের পর ইভিএম-এ কারচুপির অভিযোগ তুলেছিল কংগ্রেস।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১২