নির্বাচনে জিততে নেতা-কর্মীদের ঐক্য জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর
সুপ্রিয় পাঠক! ১৩ ডিসেম্বর বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- বাংলাদেশ ব্যাংক তাদের অবহেলা আড়াল করতে চাচ্ছে: রিজাল ব্যাংক-দৈনিক ইত্তেফাক
- শিশুদের সর্বনাশ করবেন না-দৈনিক প্রথম আলো
- ভুয়া চিকিৎসক ও ক্লিনিককে দিতে হবে ৯ লাখ টাকা ক্ষতিপূরণ-দৈনিক মানবজমিন
- এসএসসি-এইচএসসির অতিরিক্ত ফি অবৈধ : হাইকোর্ট-দৈনিক ইনকিলাব
- জরুরি সেবা ‘৯৯৯’র উদ্বোধন-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- মাদক-জালে কলেজের পড়ুয়ারাও-আনন্দবাজার
- কয়লা কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী-দৈনিক আজকাল
- মুসলিম স্বাস্থ্যকর্মীদের গুনতির নির্দেশ, বিতর্কে রাজস্থানের বিজেপি সরকার-দৈনিক সংবাদ প্রতিদিন
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
নির্বাচনে জিততে নেতা-কর্মীদের ঐক্য জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর-দৈনিক যুগান্তর
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী সাধারণ নির্বাচনে বিজয় নিশ্চিত করার লক্ষ্যে দলের সকল স্তরের নেতা-কর্মীদের প্রতি ঐক্য জোরদার করার আহবান জানিয়েছেন। তিনি মঙ্গলবার রাতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল প্যারিস লা গ্র্যান্ডে আওয়ামী লীগের ফ্রান্স শাখা আয়োজিত প্রবাসী বাংলাদেশীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে এ আহ্বান জানান।
শেখ হাসিনা আরো বলেন, আমরা আগামী নির্বাচনে জয়লাভ করবো কারণ, জনগণ আমাদের পক্ষে রয়েছে। জনগণ আমাদের ভোট প্রদানের জন্য প্রস্তুত। তাই আমাদের সাবধান থাকতে হবে, যাতে কেউ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করতে না পারে।
প্রধানমন্ত্রী ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো’র আমন্ত্রণে ওয়ান প্লানেট শীর্ষ সম্মেলনে যোগ দিতে গত সোমবার তিনদিনের সরকারি সফরে এখানে এসেছেন।
বাংলাদেশ ব্যাংক তাদের অবহেলা আড়াল করতে চাচ্ছে: রিজাল ব্যাংক-দৈনিক ইত্তেফাক
রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছে ফিলিপাইনের ব্যাংক রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন (আরসিবিসি)। তাদের অভিযোগ, নিজেদের অবহেলা আড়াল করে ব্যাংকটিকে বিপাকে ফেলতে চাচ্ছে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, শনিবার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মন্তব্যের জবাবে এই বিবৃতি দেয় (আরসিবিসি)। অর্থমন্ত্রী বলেছিলেন, ম্যানিলার ব্যাংকটিকে তিনি ‘মুছে ফেলবেন।’
কিছুদিন আগেই ওই সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছিলো, আরবিসির বিরুদ্ধে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভের কাছে অভিযোগ দায়ের করতে বলেছে বাংলাদেশ ব্যাংক।
আরসিবিসির লিগাল অ্যাফেয়ার্সের প্রধান জর্জ দেলা কস্টা বলেন, ফিলিপাইন সিনেট ও নীতিনির্ধারকের কাছে আইনত যা করা প্রয়োজন করেছে আরবিসি; কিন্তু বাংলাদেশ ব্যাংক সবকিছু লুকানোর চেষ্টা করেছে।
ভুয়া চিকিৎসক ও ক্লিনিককে দিতে হবে ৯ লাখ টাকা ক্ষতিপূরণ-দৈনিক মানবজমিন
সন্তান প্রসবের সময় রোগীর পেটে গজ রেখেই অপারেশন শেষ করার দায়ে পটুয়াখালীর বাউফলের কথিত চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষকে নয় লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন আদালত।
বাদীপক্ষের আবেদনের শুনানি শেষে আজ বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী ইমরান সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, আদালত আজকে আবেদনের শুনানি শেষে কথিত চিকিৎসককে পাঁচ লাখ টাকা এবং নিরাময় ক্লিনিক কর্তৃপক্ষকে চার লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন। আগামী ১৫ জানুয়ারির মধ্যে রোগীকে এই ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ দেয়ার পর ২৮শে জানুয়ারি এ ব্যাপারে আদালতে প্রতিবেদন দাখিল করারও নির্দেশ দেয়া হয়েছে।
শিশুদের সর্বনাশ করবেন না-দৈনিক প্রথম আলো
১১ ডিসেম্বর প্রথম আলোয় প্রকাশিত একটি খবরের শিরোনাম হচ্ছে ‘৯৫ শতাংশ শিশুর শরীরের নিকোটিন’। খবরটিতে যা বলা হয়েছে, তাতে আতঙ্কে শরীর হিম হয়ে গেছে। একটি যৌথ গবেষণার তথ্য, ঢাকা সিটি করপোরেশন ও আশপাশের এলাকার ৯৫ শতাংশ শিশুর শরীরে নাকি ক্ষতিকর নিকোটিনের উপস্থিতি রয়েছে আর এর পেছনের কারণ হচ্ছে পরোক্ষ ধূমপান। এর মানে হচ্ছে এই শিশুরা ধূমপান করে না। কিন্তু তার আশপাশে থাকা লোকজন ধূমপান করে আর সিগারেটের ধোঁয়ায় থাকে ক্ষতিকর নিকোটিন।
এ যৌথ গবেষণায় ৪৩ শতাংশ শিশু বলেছে, তার পরিবারে কমপক্ষে একজন ধূমপান করে। ২১ শতাংশ শিশু বলেছে, তার পরিবারে সদস্য ও অতিথিদের ধূমপান নিষেধ। ৮৭ শতাংশ শিশু বলেছে, তারা সম্প্রতি জনসমাগমের স্থানে পরোক্ষ ধূমপানের শিকার হয়েছে। এর মধ্যে আছে দোকানে, রাস্তায় পরোক্ষ ধূমপান করা।
ভাবুন তো একবার, ধূমপান না করেও এই শিশুরা কী মারাত্মক স্বাস্থ্য-সমস্যায় পড়েছে। শরীরে নিকোটিন যাওয়ায় এই শিশুরা এখন হৃদ্রোগের ঝুঁকিতে পড়বে। তাদের ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, হাঁপানিসহ অন্যান্য শ্বাসকষ্টজনিত রোগ দেখা দিতে পারে। নিকোটিনের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। তাদের প্রজনন অঙ্গের ক্ষতি হবে, দেখা দেবে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, বধিরতা, মাথাব্যথা, মাথা ঘোরা, ঝিমুনি। ব্যাহত হতে পারে তাদের স্বাভাবিক বেড়ে ওঠা ও মানসিক বৃদ্ধি। আর সবার ওপরে ক্যানসার তো রয়েছেই। মোট কথা, নিকোটিন হচ্ছে বিষ। বিষ খেলে যেমন মানুষের মৃত্যু হয়, তেমনি নিকোটিন গ্রহণ করলেও মানুষ মারা যায়। কী ভয়ংকর কথা! যাঁরা ধূমপান করেন, তাঁরা কি বুঝতে পারছেন এর বিপদটা কোথায়? উপলব্ধি করতে কি পারছেন এই ৯৫ শতাংশ শিশু কতটা ঝুঁকির মুখে রয়েছে?
পরোক্ষ ধূমপানে গর্ভস্থ সন্তানেরও মারাত্মক ক্ষতি হয়। কারণ, গর্ভস্থ সন্তানের শরীরে যে রক্ত বাহিত হয়, তার অক্সিজেনের ধারণক্ষমতা কমিয়ে দেয় তামাকের কার্বন মনোক্সাইড। নিকোটিন গর্ভফুলের রক্ত সরবরাহ হ্রাস করে। ফলে মায়ের শরীর থেকে পর্যাপ্ত পুষ্টি গর্ভস্থ সন্তানের শরীরে যেতে পারে না, তাই শিশুর বৃদ্ধিও ব্যাহত হয়। এ ছাড়া ধূমপানের কারণে গর্ভপাত কিংবা অপরিণত শিশু জন্মাতে পারে। এই অপরিণত শিশুরা আবার সংক্রমণ বা অন্য কোনো কারণে মৃত্যুর ঝুঁকির মধ্যে থাকে।
ধূমপানের এসব কুফল সম্পর্কে আমাদের দেশের মানুষ যে একেবারেই কিছু জানে না, তা তো নয়। সবাই কমবেশি জানি। তারপরও আশ্চর্য হয়ে লক্ষ করি, জেনেবুঝেও অনেকে দেদার ধূমপান করে যাচ্ছেন।
জরুরি সেবা ‘৯৯৯’র উদ্বোধন-দৈনিক নয়া দিগন্ত
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ উদ্বোধন করেছেন। দেশজুড়ে মানুষকে জরুরি সেবা প্রদানের লক্ষ্য নিয়ে এই কর্মসূচি চালু করা হয়েছে।
মঙ্গলবার রাজধানীর আবদুল গনি রোডে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ হিসেবে পরিচিত পুলিশের কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯ উদ্বোধনকালে আইসিটি উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগ সরকার সর্বদা দেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে চিন্তা-ভাবনা করে, যাতে মানুষকে কোন প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে না হয়।’
এই সেবাটি উদ্বোধনের মধ্যদিয়ে দেশের প্রত্যেক স্থানের মানুষ দিনের ২৪ ঘন্টাই পুলিশ, দমকল বাহিনী ও অ্যাম্বুলেন্সের জরুরি সেবা গ্রহণ করতে পারবে। মোবাইল ফোন ও টেলিফোন উভয় মাধ্যমে শুধুমাত্র ৯৯৯ নম্বরে ফোন করলে এই সেবা পাওয়া যাবে।
এসএসসি-এইচএসসির অতিরিক্ত ফি অবৈধ : হাইকোর্ট-দৈনিক ইনকিলাব
এসএসসি, এইচএসসি এবং সমমানের পরীক্ষায় অতিরিক্ত ফি নেয়াকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে বর্ধিত ফি ফেরত না দিলে প্রতিষ্ঠানগুলোর গভর্নিং বডির কার্যক্রম স্থগিত করা হবে বলে আদেশ দিয়েছেন।
বুধবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গত ২৮ নভেম্বর এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণ বাবদ সরকারি ফির বাইরে অতিরিক্ত ফি আদায় কেন বে আইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
রুলে শিক্ষা সচিব, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, হবিগঞ্জের জেলা প্রশাসক, শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট নয়জনকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
এবার কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত
মুসলিম স্বাস্থ্যকর্মীদের গুনতির নির্দেশ, বিতর্কে রাজস্থানের বিজেপি সরকার-দৈনিক সংবাদ প্রতিদিন
গুজরাটে বিধানসভা ভোটে বিজেপির বিরুদ্ধে মেরুকরণের অভিযোগ তুলেছে বিরোধীরা। আর এবার বিজেপিশাসিত রাজস্থানেও মুসলিম স্বাস্থ্যকর্মীদের গুনতির নির্দেশ জারি করল বসুন্ধরা রাজে সরকার। সরকারের এই সিদ্ধান্তে মরুরাজ্যে মেরুকরণ আরও স্পষ্ট হবে বলেই আশঙ্কা করা হচ্ছে।
বিজেপির বিরুদ্ধে মেরুকরণের অভিযোগ নতুন নয়। বিধানসভা ভোটে গুজরাটে রাজনৈতিক জমি শক্ত করতে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেও মেরুকরণের অভিযোগ উঠেছে। বিরোধীদের বক্তব্য, নোট বাতিল, জিএসটির মতো ইস্যুতে মোদির রাজ্যে বিপাকে পড়েছে বিজেপি। পরিস্থিতি সামলাতে পুরানো অস্ত্রেই বাজিমাত করতে আসরে নেমেছেন প্রধানমন্ত্রী স্বয়ং। বস্তুত, গুজরাটে নির্বাচনী জনসভায় মোদির মুখে রাম মন্দির নির্মাণের কথাও শোনা গিয়েছে। আর সেই মেরুকরণ বিতর্কেই নয়া মাত্রা যোগ করল রাজস্থানের বিজেপি সরকার।
মাদক-জালে কলেজের পড়ুয়ারাও-দৈনিক আনন্দবাজার
নার্কোটিক কন্ট্রোল ব্যুরো বা এনসিবি অভিযানে ৬ শিক্ষার্থী ধরা পড়েছে যারা মাদক গ্রহণ করেন এবং বিক্রিও করেন। শহরের বিভিন্ন নামী দামি কলেজে পড়ুয়া এমন ৪ জন ছাত্র এবং ২ জন ছাত্রীকে তুলে নিয়ে সারা রাত ধরে রাজারহাটের অফিসে বসিয়ে কাউন্সেলিং করলেন নার্কোটিক কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র অফিসারেরা। সেই সময়ে পাশে মাথা নিচু করে বসেছিলেন সেই যুবক-যুবতীদের বাবা-মায়েরাও।শহরজুড়ে মাদকচক্রের জালে স্কুল কলেজের এসব পড়ুয়ারা। এনসিবির তথ্যে উঠে এসেছে এমন ভয়াবহ চিত্র।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৩