প্রেস কর্মচারী ফাঁস করত প্রশ্নপত্র: প্রথম আলো
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৪ ডিসেম্বর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- চলতি বছর দেশে চাল উৎপাদন কমবে-এফএও এর পূর্বাভাস-দৈনিক ইত্তেফাক
- প্রেস কর্মচারী ফাঁস করত প্রশ্নপত্র-দৈনিক প্রথম আলো
- বুদ্ধিজীবী হত্যায় দণ্ডপ্রাপ্তদের দেশে ফেরানোর কাজ চলছে’-দৈনিক মানবজমিন
- লড়াই করছি, বিজয়ী হবই -ফখরুল -দৈনিক ইনকিলাব
- ভারত ছাড়া অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানির ঘোষণা শুধু ফাঁপা বুলি! -দৈনিক নয়া দিগন্ত
- শর্ত দিয়ে দুই দলের মীমাংসা হবে না-রনো-বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- দেশের ভিতরেই ‘বর্ডার’! এক দিকে হিন্দু, অন্য দিকে মুসলমান-আনন্দবাজার
- কাটোয়ায় উদ্ধার ২৩ কিলো গাঁজা-দৈনিক আজকাল
- বিজেপির পুতুলে পরিনত কমিশন, মোদির বিরুদ্ধে বেনজির তোপ কংগ্রেসের-দৈনিক সংবাদ প্রতিদিন
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। এ সম্পর্কিত খবর আজকের সব জাতীয় দৈনিক এবং অনলাইন পোর্টালগুলোতে ছাপা হয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে মিরপুর স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নামে। এই দিনে পাকহানাদার বাহিনী নির্বিচারে গুলি করে হত্যা করে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের। মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দল ,বুদ্ধিজীবী এবং সর্বস্তরের মানুষ।
চলতি বছর দেশে চাল উৎপাদন কমবে-এফএও এর পূর্বাভাস-দৈনিক ইত্তেফাক
চলতি বছর দেশে বন্যার কারণে চালের উৎপাদন কমবে বলে পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। সংস্থাটি বলেছে, ২০১৬ সালে বাংলাদেশে যেখানে ৩ কোটি ৪৭ লাখ টন চাল উৎপাদিত হয়েছিল সেখানে ২০১৭ সালে তা ৩ কোটি ৪১ লাখ টনে নেমে আসবে। এ হিসেবে দেশে এবছর চালের উৎপাদন আগের বছরের তুলনায় ১ দশমিক ৭২ শতাংশ কমবে। তবে এফএও মনে করছে আগামী বছর এই ক্ষতি পুষিয়ে যাবে। এফএও বলছে গত বছর সারা বিশ্বে ৫০ কোটি ১৮ লাখ টন চাল উৎপাদিত হলেও এবছর তা ৫০ কোটি ৮ লাখে নেমে আসতে পারে। উল্লেখ্য, চীন, ভারত ও ইন্দোনেশিয়ার পরে বিশ্বে বাংলাদেশ এখন চতুর্থ সর্বোচ্চ চাল উৎপাদনকারী দেশ।
লড়াই করছি, বিজয়ী হবই -ফখরুল -দৈনিক ইনকিলাব
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র পুন:রুদ্ধার করতে আমরা লড়াই করছি, এই লড়াইয়ে আমরা বিজয়ী হবই।বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত ৪৭ বছরে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। যে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য আমরা স্বপ্ন দেখেছি, সেই গণতন্ত্র আজ হারিয়ে গিয়েছে। গণতন্ত্র আজ অনুপস্থিত। তাই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে আমরা গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছি- বলেন তিনি।
তিনি আরও বলেন, এই দিনে পাকিস্তানীরা অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদের মেধাবী সন্তানদের হত্যা করেছে। তাদের এই আত্মত্যাগ পূরণ হওয়ার নয়।
বুদ্ধিজীবী হত্যায় দণ্ডপ্রাপ্তদের দেশে ফেরানোর কাজ চলছে’-দৈনিক মানবজমিন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বুদ্ধিজীবী হত্যাকান্ডের সঙ্গে জড়িত অনেকের বিচার হয়েছে, অনেকে পালিয়ে আছে। কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনার কাজ চলছে। আজ বৃহস্পতিবার সকালে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
শর্ত দিয়ে দুই দলের মীমাংসা হবে না-রনো-বাংলাদেশ প্রতিদিন
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে যে বিরোধ চলছে তা রাজনীতির জন্য অশনি সংকেত। তাদের মধ্যে সমঝোতার লক্ষণ দেখছি না। গণতন্ত্র সমুন্নত রাখা এবং সুশাসন প্রতিষ্ঠায় দুই দলের মধ্যে সমঝোতার ভিত্তিতে সংলাপ প্রয়োজন। তবে উভয় দলের সদিচ্ছা থাকলে এটি সম্ভব। শর্ত জুড়ে দিয়ে মীমাংসার কথা বললে হবে না। এতে তর্ক সৃষ্টি হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রেস কর্মচারী ফাঁস করত প্রশ্নপত্র-দৈনিক প্রথম আলো
ঢাকার ইন্দিরা রোডের একটি প্রেসের এক কর্মচারীর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ'ইউনিটের প্রশ্নপত্র ফাঁস হয়ে আসছিল। এই চক্রকে চিহ্নিত করে গ্রেপ্তার করেছে সিআইডি। এই প্রেসে ছাপা হতো ভর্তির প্রশ্ন।
প্রশ্ন ফাঁসের ঘটনায় এ পর্যন্ত ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যার মধ্যে গত ৭ ডিসেম্বর থেকে এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজন কারাগারে, তিনজন রিমান্ডে এবং দুজন গ্রেপ্তার আছেন।
আজ রাজধানীর মালিবাগে এক সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম এসব তথ্য জানান। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী ২০১৫ ও ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের প্রশ্ন ফাঁস হয়েছে। আর চলতি বছর এই পরীক্ষা নিয়ে ডিজিটাল জালিয়াতি করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা বলেন, এই প্রশ্নপত্রের মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ২ থেকে ৭ লাখ টাকার লেনদেন হতো।
৯ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে মিয়ানমার সেনাবাহিনী-দৈনিক ইত্তেফাক
গত আগস্ট মাস থেকে এ পর্যন্ত অন্তত ৯ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে মিয়ানমারের সেনাবাহিনী। বাংলাদেশে অবস্থানরত শরণার্থীদের ওপরে করা এক জরিপ শেষে এই তথ্য জানাচ্ছে আন্তর্জাতিক দাতা সংস্থা মেডেসিনস স্যান্স ফ্রন্টিয়েরস (এমএসএফ)। এমএসএফ বলছে, মিয়ানমারের কর্তৃপক্ষ পরিচালিত ‘ব্যাপক সহিংসতার স্পষ্ট ইঙ্গিত এটি। মিয়ানমার সেনাবাহিনী ‘সন্ত্রাসবাদী’দের ওপর সহিংসতার দায় দিয়ে নিজেদের নির্দোষ দাবী করছে। এমএসএফ এর তথ্য অনুযায়ী, আগস্ট থেকে ৬ লক্ষ ৪৭ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
হত্যা এবং আত্মহত্যা সম্পর্কিত দৈনিক নয়া দিগন্তের দুটো খবর এরকম
গাজীপুরে একটি মসজিদের ভেতর থেকে এক নৈশপ্রহরীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ভোগড়া সরকারপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম আবদুল মোতালেব।
রাজশাহীতে ঘরের বারান্দা থেকে স্ত্রী ও গাছ থেকে স্বামীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের মালিথাপাড়া থেকে ওই দুইজনের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মাহত্যা করেছেন বলে মনে হয়েছে।
এবার কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত
বিজেপির পুতুলে পরিনত কমিশন, মোদির বিরুদ্ধে বেনজির তোপ কংগ্রেসের
গুজরাট বিধানসভা নির্বাচনের শেষ দফায় বিতর্কে প্রধানমন্ত্রী। ভোট দেওয়ার পর নরেন্দ্র মোদির রোড শো ঘিরে জাতীয় রাজনীতি উত্তাল। মোদিকে বেকায়দায় ফেলতে আসরে নেমেছে কংগ্রেস। বিধিভঙ্গের অভিযোগ তুলেই রাহুল গান্ধীর দল ক্ষান্ত হয়নি। তাদের নিশানায় নির্বাচন কমিশনও। কংগ্রেসের অভিযোগ কমিশন বিজেপির হাতের পুতুলে পরিনত হয়েছে।
দ্বিতীয় দফার নির্বাচনে সি-প্লেনে নেমে চমকে দিয়েছেলিন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার ভোট দেওয়ার পর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উচ্ছ্বাস দেখাচ্ছিলেন নরেন্দ্র মোদি। নিজের খাসতালুকে তাঁকে এই মেজাজে দেখতে পেয়ে চাঙ্গা হন বিজেপির কর্মী, সমর্থকরা। মোদিকে ঘিরে এই উৎসাহ জনজোয়ারে পরিনত হয়। বিপুল কর্মী, সমর্থককে সঙ্গে নিয়ে মোদি রোড শো করেন। যেখানে দলীয় পতাকা নিয়ে শামিল ছিলেন নেতা, কর্মীরা।ভোট দেওয়ার পর মোদির এই কর্মসূচি নির্বাচনী বিধিভঙ্গের শামিল। এই অভিযোগ তুলে হল্লা বাঁধায় কংগ্রেস। এমনকী তাদের তোপ থেকে বাদ যায়নি নির্বাচনী কমিশন। মোদি ও কমিশনকে একযোগ আক্রমণ করে দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা অভিযোগ করেন, নির্বাচনী বিধি ভেঙেছেন প্রধানমন্ত্রী। রোড শোয়ে বিজেপির পতাকা উড়ছে। পতাকা হাতে শামিল হয়েছেন কর্মী, সমর্থকরা। কমিশন বিজেপির হাতের পুতুলে পরিনত হয়েছে। এটা লজ্জার।
দেশের ভিতরেই ‘বর্ডার’! এক দিকে হিন্দু, অন্য দিকে মুসলমান-আনন্দবাজার
ভোটের সকাল। আপনি হাঁটছেন রাস্তা দিয়ে। তবে, সাবধানে হাঁটুন। এখানে রাস্তা নেই। শুধু খানা আর খন্দ! নাকে হাত চাপা দিন। দুর্গন্ধে টিকতে পারবেন না! মশা-মাছি ভনভনিয়ে উড়ছে, আপনার গা ঘেঁষেই। গায়েও এসে বসছে! দোষটা ওদের নয়। তাকিয়ে দেখুন, ময়লা আর আবর্জনার স্তূপে ভরে আছে গলি, মহল্লার চারপাশ। কারণ, সেই ব্যবস্থায় আর যা-ই হোক বর্জ্যের নিকাশ যে হয় না, সেটা নিশ্চয়ই ঘোর মালুম হচ্ছে আপনার!
পানি চেয়ে বসবেন না কোনও বাড়িতে। এখানে পানির বড় আকাল। গত কয়েক বছর ধরে গুজরাটের মুসলমানরা এভাবেই বেঁচে আচেন! উন্নয়নের যাবতীয় স্রোত থেকে কয়েক সহস্র ক্রোশ দূরে রয়েছে মুসলমানরা।
কাটোয়ায় উদ্ধার ২৩ কিলো গাঁজা-দৈনিক আজকাল
শহরের স্কুল–কলেজের পড়ুয়াড়া পড়ছে মাদকের ফাঁদে। কর্তৃপক্ষগুলিকে পড়ুয়াদের মধ্যে মাদকাশক্তির বিষয়ে সতর্ক করা হচ্ছে। এরই মধ্যে গতকাল রাতে কাটোয়ায় উদ্ধার হয়েছে ২৩ কিলো গাঁজা। ৩ পাচারকারীকে গ্রেপ্তার করেছে কাটোয়া থানার পুলিস। নদীয়ায় ওই গাঁজা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে। এর বাজারমূল্য দেড়লক্ষ টাকা। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে গতকাল কাটোয়ার বেশ কয়েকটি এলাকায় অভিযান চালায় পুলিস। আজ ধৃতদের বর্ধমান নারকোটিক আদালতে পেশ করা হবে। কোথায় ওই গাঁজা পাচার করা হচ্ছিল, কার কাছ থেকে গাঁজা এল ধৃতদের কাছে, সে সব ব্যাপারেই জিজ্ঞাসা করা হবে তাদের। সূত্রে জানা গেছে, বহুদিন ধরেই কাটোয়ায় একটি মাদক পাচারের চক্র সক্রিয় হয়ে উঠেছে। মাদক পৌঁছে যাচ্ছে স্কুলের পড়ুয়াদের কাছেও। গাঁজার পাশাপাশি অপ্রচলিত নিষিদ্ধ ড্রাগও ঢুকছে শহরে।
রাষ্ট্রপতি কোবিন্দের হাত থেকে স্বর্ণপদক নিতে অস্বীকার দলিত ছাত্রের-সংবাদ প্রতিদিন
তিনি দেশের রাষ্ট্রপতি। উপরন্তু তিনি একজন দলিত সম্প্রদায়ের মানুষও বটে। নিজের সে পরিচয় কোনওদিন গোপন করেননি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এবার তাঁর হাত থেকেই স্বর্ণপদক নিতে অস্বীকার করলেন এক মেধাবী দলিত ছাত্র।
প্রতিবাদী এই ছাত্রের নাম রামেন্দ্র নরেশ। বাবাসাহেব ভীমরাও আম্বেদকর বিশ্ববিদ্যালয়ে এমসিএ-তে টপার ছিলেন তিনি। ২০১৬ সালেই নিজের কোর্স শেষ করেন। বিশ্ববিদ্যালয়ের টপার হওয়ায় রাষ্ট্রপতি স্বর্ণপদকের জন্য বিবেচিত হন তিনি। লখনউয়ে বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে তাঁকে পুরস্কার গ্রহণের আমন্ত্রণ জানানো হয়। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। প্রসঙ্গত এমসিএ শেষ করার পর ওই বিশ্ববিদ্যালয়েই বিএড পড়াশোনার জন্য ভরতি হয়েছিলেন তিনি। কিন্তু ছাত্র সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে তাঁকে বরখাস্ত করা হয়। তার জেরেই কি এই সিদ্ধান্ত নিলেন মেধাবি ছাত্র? তিনি জানাচ্ছেন, তা নয়। তাঁর বক্তব্য, আজও বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে দলিতরা বৈষম্যের শিকার হচ্ছেন। দলিত ছাত্রদের যেন সর্বদা অপরাধী হয়ে থাকতে হচ্ছে। তাঁদের নিচু নজরে দেখাও বন্ধ হয়নি। চারিদিকে দলিত ছাত্ররা আক্রমণের মুখে পড়ছেন। এই পরিস্থিতিতে একজন দলিত ছাত্র হয়ে তিনি পুরস্কার নিতে পারেন না। তাঁর দাবি, প্রধানমন্ত্রী–রাষ্ট্রপতি যেদিন দলিত ছাত্রদের উপর আক্রমণের ঘটনা রদ করতে পারবেন, সেদিন তিনি পুরস্কার গ্রহণ করবেন। দেশে যেভাবে দলিত নিগ্রহ চলছে তার প্রতিবাদেই পুরস্কার প্রত্যাখান বলে জানিয়েছেন তিনি।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৪