শিক্ষাখাতে অনিয়ম-দুর্নীতি: দুদকের সঙ্গে মাঠে নামছে মন্ত্রণালয়
পাঠক/শ্রোতা, ১৫ ডিসেম্বর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান এবং আমি বাবুল আকতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকার বাংলা দৈনিকগুলোর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কয়েকটি গুরুত্বপূর্ণ শিরোনাম তুলে ধরছি:
- চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর মৃত্যু: প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর শোক
- গণতন্ত্রকে বিপদমুক্ত করতে আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে: খালেদা জিয়া : কালেরকণ্ঠ
- বিদেশীদের ঠেকাতে নেয়া হয়েছে বিশেষ প্রকল্প এসইআইপি: দুই লাখ বিদেশী প্রতি বছর নিয়ে যাচ্ছে ৪০ হাজার কোটি টাকা: দৈনিক নয়াদিগন্ত
- বিজয়ের ৪৬ বছর: রাজনৈতিক কারণেই চূড়ান্ত হচ্ছে না মুক্তিযোদ্ধার তালিকা: যুগান্তর
-
শিক্ষাখাতে অনিয়ম-দুর্নীতি: দুদকের সঙ্গে মাঠে নামছে মন্ত্রণালয় : মানবজমিন
- এবং মাহমুদুর রহমানের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা: ইত্তেফাক
এবারের ভারতের বাংলা দৈনিকগুলোর কয়েকটি শিরোনাম:
- বুথ ফেরত সব সমীক্ষায় গেরুয়া রাজ: আনন্দবাজার
- ‘তিন তালাক’ প্রথাকে ‘অপরাধ’ বলে গণ্য করল মোদীর মন্ত্রিসভা: কোলকাতা টুয়েন্টিফোর অনলাইন
- আধার সংযুক্তিকরণ সময়সীমা বেড়ে ৩১ মার্চ: আজকাল
- বিজেপির সঙ্গ ছাড়ছে শিব সেনা, স্পষ্ট বার্তা উদ্ধব পুত্রের: সংবাদ প্রতিদিন
এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
'গণতন্ত্রকে বিপদমুক্ত করতে আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে: খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ক্ষমতা দখলকারীরা জনগণের ওপর নৃশংস আক্রমণ চালিয়ে হত্যা করছে। এই অশুভ শক্তির নীল নক্শা বাস্তবায়নে রক্তপাতের ওপরই নির্ভর করা হচ্ছে। ওদের হাত থেকে প্রিয় মাতৃভূমির স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে বিপদমুক্ত করতে স্বাধীনতা যুদ্ধের চেতনায় বলীয়ান হয়ে আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। মহান বিজয় দিবস উপলক্ষে আজ গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন। খবরটি কালেরকণ্ঠে প্রকাশিত হয়েছে।
দুই লাখ বিদেশী প্রতি বছর নিয়ে যাচ্ছে ৪০ হাজার কোটি টাকা: নয়াদিগন্ত
দেশে বর্তমানে দুই লাখেরও বেশি বিদেশী নাগরিক কর্মরত রয়েছেন। প্রতি বছর এসব বিদেশী দেশ থেকে নিয়ে যাচ্ছে ৫০০ কোটি মার্কিন ডলার, বাংলাদেশী মুদ্রায় যা ৪০ হাজার কোটি টাকারও বেশি। এ বিদেশীদের বেশির ভাগ কাজ করছেন তৈরী পোশাক খাতে। বাকিরা চামড়া শিল্প, ফার্মাসিউটিক্যাল ও বিদেশী কয়েকটি সংস্থায় কাজ করছেন। এসব বিদেশীর এখানে কাজ করার প্রধান কারণ হচ্ছে- তারা যেসব কাজ করছেন তা করার জন্য স্থানীয়ভাবে দক্ষ লোক পাওয়া যায় না। ফলে অনেকটা বাধ্য হয়েই দেশের উদ্যোক্তরা বিদেশ থেকে সংশ্লিষ্ট খাতে দক্ষ লোক এনে এখানে নিয়োগ দিচ্ছেন। আর এতে করে দেশ থেকে বেরিয়ে যাচ্ছে প্রচুর বৈদেশিক মুদ্রা। এ প্রবণতা ঠেকানোর জন্য দেশে দক্ষ লোক তৈরি করার জন্য একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রকল্পটির নামকরণ করা হয়েছে ‘স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি)।
'শিক্ষাখাতে অনিয়ম-দুর্নীতি: দুদকের সঙ্গে মাঠে নামছে মন্ত্রণালয়: মানবজমিন
শিক্ষাখাতে অনিয়ম-দুর্নীতি বন্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে এবার মাঠে নামছে শিক্ষা মন্ত্রণালয়। করণীয় ঠিক করতে আগামী রোববার দুদকের সঙ্গে বৈঠকে বসছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। গতকাল এ সংক্রান্ত হোম ওয়ার্ক সেরেছে সংশ্লিষ্ট দপ্তরগুলো। শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি), শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা এ সংক্রান্ত তথ্য-উপাত্ত সংগ্রহ করার কাজে ব্যস্ত থাকতে দেখা যায়। বুধবার শিক্ষাখাতে নৈরাজ্য, প্রশ্নপত্র ফাঁস, নোট বা গাইড ও কোচিং বাণিজ্য, জাল সনদে চাকরি, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণে অনিয়ম, এমপিওভুক্তি, প্রকল্পে টাকা হরিলুট, নিয়োগ ও বদলি বন্ধে দুর্নীতি দমন কমিশন ৩৯ দফা সুপারিশ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠিয়েছে। এ সুপারিশের ওপর ভিত্তি করেই আলোচনা হবে বলে দুদক ও মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
মাহমুদুর রহমানের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা: ইত্তেফাক
মৌলভীবাজারে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার একটি মানহানি মামলা করেছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক খয়েজ আহমেদ। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার জুডিসিয়াল ১নং আমল আদালতে তিনি এ মামলা দায়ের করেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত একটি সেমিনারে মাহমুদুর রহমান বাংলাদেশ, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার কন্যা শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ এর প্রতি চরম অবজ্ঞাসূচক বক্তব্য রেখেছেন। গণমাধ্যমে এমন বক্তব্য প্রদান করায় ও প্রকাশের ফলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাহার পরিবারের সদস্য তথা বাংলাদেশ আওয়ামী লীগের আনুমানিক ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
এবার কোলকাতার বাংলা দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি:
বুথ ফেরত সব সমীক্ষায় গেরুয়া রাজ: আনন্দবাজার
রাহুল গাঁধী গত কাল দাবি করেছিলেন, গুজরাতের ফল দেখে চমকে যাবেন সবাই। হইহই করে জিতবে কংগ্রেস। ২৪ ঘণ্টা পরে সর্বভারতীয় সংবাদমাধ্যমের সব ক’টা বুথ-ফেরত সমীক্ষাই কিন্তু বলছে, গুজরাতে চমক কিছু নেই। অনায়াসেই নিজের গড় ধরে রাখছেন নরেন্দ্র মোদী। শুধু তা-ই নয়, রাহুলের হাত থেকে ছিনিয়ে নিচ্ছেন হিমাচলপ্রদেশ। এটা ঠিক যে, বিজেপি সভাপতি অমিত শাহের ঘোষণামাফিক ১৮২ আসনের গুজরাত বিধানসভায় বিজেপি দেড়শো আসন পাবে এমন ভবিষ্যদ্বাণী কোনও সমীক্ষাই করছে না। কিন্তু লড়াইটা খুব তুল্যমূল্য, এমন ইঙ্গিতও নেই। এবিপি নিউজ-সিএসডিএস বলছে, বিজেপি পাবে ১১৭টি আসন, কংগ্রেস ৬৪টি। যার অর্থ ২০১২-র ভোটের তুলনায় ২টি আসন বেশি পাচ্ছে বিজেপি। কংগ্রেসের আসনও ৩টি বেড়েছে বটে, কিন্তু তারা লড়াইয়েই নেই। বাকি সমীক্ষাগুলির হিসেবে বিজেপি এ বার সব চেয়ে বেশি ১৪৬টি এবং সব চেয়ে কম ৯৯টি আসন পেতে পারে।
গুজরাতি সংবাদমাধ্যমগুলি অবশ্য অন্য কথা বলছে। তাদের মতে, বিজেপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কংগ্রেস। একটি চ্যানেল তো আবার কংগ্রেসকে জিতিয়েই দিয়েছে।
‘তিন তালাক’ প্রথাকে ‘অপরাধ’ বলে গণ্য করল মোদীর মন্ত্রিসভা
তাৎক্ষণিক তিন তালাককে অপরাধ জানিয়ে একটি বিল পাস করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। মুসলিম ইউমেন (প্রোটেকশন অব রাইটস অন ম্যারেজ) বিল, ২০১৭–র খসড়ায় বলা হয়েছে, তিন তালাক আদালতের বিচার্য এবং জামিন অযোগ্য অপরাধ। দোষী প্রমাণিত হলে তিন বছর কারাদণ্ডের সংস্থান রাখা হয়েছে। এই বিলকে আইনে পরিণত করতে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে৷ এই বিল অনুযায়ী, বিতর্কিত তিন তালাক প্রথাকে ‘অপরাধ' হিসেবে গণ্য করা হল।
আধার সংযুক্তিকরণ সময়সীমা বেড়ে ৩১ মার্চ: আজকাল
সুপ্রিম কোর্টের রায়ে আধার কার্ড সংযুক্তিকরণের সময়সীমা বেড়ে হল ২০১৮-র ৩১ মার্চ পর্যন্ত। আজ এই নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। তবে কেন্দ্র সরকারের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে, আধার সংযুক্তিকরণের পূর্বনির্ধারিত ৩১ ডিসেম্বরের সময়সীমা বাড়াতে চলেছে তারা। আধার আইনের আদৌ সাংবিধানিক বৈধতা আছে কিনা সে ব্যাপারে একগুচ্ছ অভিযোগ জমা পড়েছে সুপ্রিম কোর্টে। ইতিমধ্যে শুনানিও শুরু হয়েছে। আধার সাধারণ মানুষের গোপনীয়তারক্ষার অধিকারে হস্তক্ষেপ করছে, এই অভিযোগও জমা পড়েছে সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ আগামী ১৭ জানু্য়ারি এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের চূড়ান্ত শুনানি শুরু করবে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৫