ডিসেম্বর ১৬, ২০১৭ ১৫:০৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৬ ডিসেম্বর শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • স্মৃতিসৌধে লাখো মানুষের ঢল-দৈনিক ইত্তেফাক
  • ইউএনওর কাছে মুক্তিযোদ্ধার চিঠি-মৃত্যুর পর আমাকে রাষ্ট্রীয় মর্যাদা দেবেন না-দৈনিক প্রথম আলো
  • বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী‌দের ম‌ধ্যে উগ্রবা‌দের প্রভাব প্রকট-প্রথম আলো
  • গার্মেন্টে যৌন নির্যাতনের অভিযোগ তদন্ত করছে এইচ অ্যান্ড এম-দৈনিক মানবজমিন
  • চলতি বছর দেশে ধান উৎপাদন পাঁচ বছরে সর্বনিম্ন হবে-দৈনিক যুগান্তর
  • নিখোঁজ ব্যক্তিরা ফিরে চুপ থাকেন কেন!-দৈনিক ইনকিলাব
  • সবজির দাম কমলেও অস্বস্তি চাল-পেঁয়াজে-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • কয়লা কেলেঙ্কারি: তিন বছরের জেল মধু কোড়া-সহ চার জনের-আনন্দবাজার
  • চেক বাউন্স হলেই ক্ষতিপূরণ পাবেন গ্রাহক-দৈনিক আজকাল
  • কংগ্রেস হারলেও মোছা যাবে না, নয়া সভাপতি রাহুলের চ্যালেঞ্জ-দৈনিক সংবাদ প্রতিদিন

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী

দৈনিক ইত্তেফাকসহ প্রায় সব জাতীয় দৈনিক এবং অনলাইন পোর্টালগুলোতে বিজয় দিবস সম্পর্কিত খবর ছাপা হয়েছে। খবরে বলা হয়েছে,

আজ ১৬ ডিসেম্বর-মহান বিজয় দিবস। যথাযথ মর্যাদায় সারা দেশে পালিত হয়েছে ৪৬তম বিজয় উৎসব। সাভার জাতীয় স্মৃতিসৌধে লাখো মানুষের ঢল নামে। 

স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, স্পিকার, ডেপুটি স্পিকার, তিন বাহিনীর প্রধান, সাত বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যগণ, মুক্তিযোদ্ধা, কুটনৈতিক ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতা, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কৃষক-শ্রমিক, সামাজিক সংগঠন, এনজিও কর্মী, ব্যবসায়ী, হকার, টোকাই, বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণ। অসংখ্য মানুষের আত্মত্যাগ, সমগ্র জাতির একতা এবং দীর্ঘ ৯মাস মরণ-পণ যুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছিল চুড়ান্ত বিজয়।

এদিকে দৈনিক মানবজমিনের খবরে লেখা হয়েছে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ স্মৃতিসৌধে ফুল  দিয়ে শ্রদ্ধা জানানোর পর  বলেছেন, স্বাধীনতার ৪৬ বছরে জাতির প্রত্যাশা অনেকটাই পূরণ হয়েছে। তবে বিজয়কে পুরোপুরি সংহত করা যায়নি। এখনো এ দেশে সবচেয়ে বড় বাধা সাম্প্রদায়িকতা।

আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিলে সেই নির্বাচনে জনগণ যে রায় দেবে, তা বিএনপি মেনে নেবে। এদিকে আইন মন্ত্রী আনিসুল হক বলেছেন, সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে।

ইউএনওর কাছে মুক্তিযোদ্ধার চিঠি-মৃত্যুর পর আমাকে রাষ্ট্রীয় মর্যাদা দেবেন না দৈনিক প্রথম আলো

মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন

দেশমাতৃকার টানে সম্মুখযুদ্ধে লড়েছেন। পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা উপাধি। তবে সেই ‘বীর’ উপাধি এখন আর চান না। মৃত্যুর পর দাফনের সময় রাষ্ট্রীয় মর্যাদাও চান না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) চিঠি দিয়েছেন মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন। সারা দেশে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই নিয়ে অনিয়মের প্রতিবাদ এভাবেই করেছেন তিনি। একাত্তরে রণাঙ্গনের এই বীর সেনানীর বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলছেন্না গ্রামে।তাঁর ক্ষোভের কারণ, ভুয়া মুক্তিযোদ্ধারা বীর উপাধি পেয়ে যাচ্ছেন। এর প্রতিবাদস্বরূপ “বীর” উপাধি বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। যত দিন বেঁচে থাকব, একজন সাধারণ মুক্তিযোদ্ধা হিসেবে থাকতে চাই। আর দাফনের সময় রাষ্ট্রীয় মর্যাদা নেব না। কারণ, ভুয়া মুক্তিযোদ্ধারাও তো দাফনের সময় একই মর্যাদা পাবেন।’

গার্মেন্টে যৌন নির্যাতনের অভিযোগ তদন্ত করছে এইচ অ্যান্ড এম-দৈনিক মানবজমিন

পোশাকের জায়ান্ট হিসেবে পরিচিত ক্রেতা সংস্থা এইচ অ্যান্ড এম

ঢাকার গার্মেন্টে কমপক্ষে একজন নারীর ওপর যৌন হয়রানির তদন্ত করছে তৈরি পোশাকের জায়ান্ট হিসেবে পরিচিত ক্রেতা সংস্থা এইচ অ্যান্ড এম। তারা বলেছে, যেকোনো প্রকারই হোক যৌন হয়রানি এইচ অ্যান্ড এম-এর কাছে গ্রহণযোগ্য নয়। সম্প্রতি বাংলাদেশে গার্মেন্ট শ্রমিকদের ওপর যৌন নির্যাতনের রিপোর্ট প্রকাশ হয়। হিউম্যান রাইটস ওয়াচ এমন রিপোর্ট প্রকাশ করে। তাতে একজন নারী শ্রমিক অভিযোগ করেন তাকে হোটেলের কক্ষে পর্যন্ত ব্যবহার করেছেন তার বস। ম্যানেজার ও সুপারভাইজারদের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ আনা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী‌দের ম‌ধ্যে উগ্রবা‌দের প্রভাব প্রকট-প্রথম আলো

বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা বলা, পোশাক ও দিবস উদ্‌যাপনের মধ্যে উগ্রবাদের প্রভাব প্রকট হয়ে উঠ‌ছে ব‌লে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, তরুণদের মধ্যে রাষ্ট্রব্যবস্থা নিয়েও ক্ষোভ আছে। তাঁরা মনে করেন, দেশে কোনো নিয়মকানুন, ব্যবস্থা কাজ করে না। কেউ লেখাপড়া শেষ করে সঠিক উপায়ে চেষ্টা করে চাকরি পাবে, সে ভরসা নেই। এমন নানা বিষয় তাঁদের উগ্রবা‌দের প্রতি আকর্ষণ বাড়াচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইম‌তিয়াজ আহমেদ, অধ্যাপক আমেনা মহ‌সিন ও অধ্যাপক দে‌লোয়ার হোসেন যৌথভাবে গবেষণাটি করেছেন। দুই দিনব্যাপী গণহত্যা ও গণসংঘাত-বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের একটি অধিবেশনে এই গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়।

গবেষকেরা জানান, তাঁরা গবেষণার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কু‌য়েট), সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকার নর্থ সাউথ ও মানারাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছেন।

চলতি বছর দেশে ধান উৎপাদন পাঁচ বছরে সর্বনিম্ন হবে-দৈনিক যুগান্তর

বাংলাদেশের ধানের উৎপাদন আশঙ্কাজনক হারে কমবে বলে পূর্বাভাস এফএও'র

চলতি বছর দেশে তিন দফা বন্যার কারণে ধানের উৎপাদন আশঙ্কাজনক হারে কমবে বলে পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। এ বিষয়ে উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। এফএও প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালে বাংলাদেশে যেখানে ৫ কোটি ৮০ লাখ টন ধান উৎপাদিত হয়েছিল সেখানে ২০১৭ সালে তা ৫ কোটি ২১ লাখ টনে নেমে আসবে। এ হিসেবে দেশে এ বছর ধানের উৎপাদন আগের বছরের তুলনায় ৩ শতাংশ কমবে। চালের আমদানি উল্লেখযোগ্য হারে বাড়ছে। এছাড়া আটা ও অন্যান্য খাদ্যশস্যের দামও বাড়ছে বলে জানিয়েছে সংস্থাটি।

পিঁয়াজ ও চালের মূল্য বৃদ্ধিতে জনমনে অস্বস্থি

এদিকে দৈনিক নয়া দিগন্তের খবরে লেখা হয়েছে, সবজির দাম কমলেও মানুষের অস্বস্তি চাল-পেঁয়াজে। 

নিখোঁজ ব্যক্তিরা ফিরে চুপ থাকেন কেন!-দৈনিক নয়া দিগন্ত

নিখোঁজ ব্যক্তিরা ফিরে চুপ থাকেন কেন!-বিবিসির প্রতিবেদন

বাংলাদেশে রাজনৈতিক দলের নেতা-কর্মী, সাংবাদিক, শিক্ষক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিখোঁজ হচ্ছেন, যারা গুমের শিকার বলে পরিচিত। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে ২০১৭ সালে এ পর্যন্ত ৫৫ জন ব্যক্তি গুমের শিকার হয়েছেন যাদের মধ্যে মাত্র ৯ জন ফিরে এসেছেন। এছাড়া দুই জনের মৃতদেহ পাওয়া গেছে আর তিনজনকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার দেখিয়েছে। গুম বা নিরুদ্দেশ হয়ে যাওয়া ব্যক্তিরা যখন পরিবারে ফিরে আসেন তখন ওই ব্যক্তি কিংবা তার পরিবার কেউই মুখ খুলতে চান না। তাদের সঙ্গে কী ঘটেছিল, কারা ধরেছিল বা কোথায় রাখা হয়েছিল সে সম্পর্কে কোনো তথ্যই পাওয়া যায় না। পুলিশও এসব ঘটনার রহস্য উদ্ঘাটন করতে কার্যত ব্যর্থ হচ্ছে বলেই অনেকে মনে করেন।

বিবিসির পক্ষ থেকে বিভিন্ন সময়ে ফিরে আসা ব্যক্তিদের সঙ্গে কথা বলতে চাইলেও তারা এ প্রসঙ্গে কোনো কথাই বলতে রাজি হননি। এমনকি কোনো প্রকার তথ্য চাইলে তাদের পরিবারের পক্ষ থেকেও সাড়া পাওয়া যায় না। বাংলাদেশে নিখোঁজ ব্যক্তিদের প্রকাশ্যে কিংবা গণমাধ্যমের মুখোমুখি হওয়ার ঘটনা বিরল। স¤প্রতি নিখোঁজ থাকার পর ফিরে আসা প্রথম কোনো ব্যক্তি হিসেবে লেখক ফরহাদ মজহার গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন। অপহরণ এবং উদ্ধার হওয়ার ৫ মাসের মাথায় এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেছেন, উদ্ধার হওয়ার পর আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে চেয়েছে সেভাবেই তিনি বক্তব্য দিয়েছেন।

অবশ্য এমন একটি সময়ে ফরহাদ মজহার গণমাধ্যমের মুখোমুখি হলেন যখন তার অপহরণের কাহিনী সাজানো বলে বর্ণনা করে পুলিশ মামলা করতে যাচ্ছে। এদিকে যারা নিঁখোজ হয়েছেন তাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ধরে নিয়ে গিয়ে প্রথমে স্বীকার করেনি কিন্তু পরে তেমনটাই প্রকাশ হয়েছে, এরকম নজির বাংলাদেশে আছে।

মানবাধিকার কর্মীরা বলছেন, সরকারি বাহিনীর সদস্যদের সংশ্লিষ্টতার প্রমাণ থাকায় বাংলাদেশে নিখোঁজ বা গুম পরিস্থিতি মারাত্মক আতঙ্ক এবং উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এবার কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত

কংগ্রেস সভাপতি পদে রাহুল গান্ধীর আনুষ্ঠানিক অভিষেক, কংগ্রেস হারলেও মোছা যাবে না -দৈনিক সংবাদ প্রতিদিন

রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী ও মনমোহন সিং

ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি পদে শনিবার আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত হয়েছেন রাহুল গান্ধী। মা সোনিয়া গান্ধীর হাত থেকে কংগ্রেসের দায়িত্বভার তুলে নিয়েছেন তিনি। নেহরু-গান্ধী পরিবারের পঞ্চম  উত্তরাধিকারী হিসেবে কংগ্রেসের সভাপতি হয়েছেন রাহুল। এর আগে ১৯ বছর কংগ্রেসের দায়িত্ব সামলেছেন তার মা সোনিয়া গান্ধী। শনিবার দলের ২৪ আকবর রোডের সদর দপ্তরে এক অনুষ্ঠানে নতুন প্রজন্মের হাতে ক্ষমতা বদল হয়েছে সোনিয়া গান্ধী, মনমোহন সিং ও কংগ্রেসের বিশিষ্ট নেতাদের উপস্থিতিতে।

কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধী

 ৪৭ বছর বয়সী রাহুল আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের দায়িত্বভার গ্রহণ করে তার প্রথম ভাষণে বলেছেন, শতাব্দীপ্রাচীন এই দলকে তরুণ করে তুলবেন তিনি। একইসঙ্গে বিজেপিকে আক্রমণ করে তার মন্তব্য, বিজেপি দেশজুড়ে আগুন লাগায়, সেই আগুন নেভায় কংগ্রেস। কংগ্রেস দেশকে ২১ শতক দেখিয়েছে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার আমাদের মধ্যযুগে নিয়ে যাচ্ছেন।

কয়লা কেলেঙ্কারি: তিন বছরের জেল মধু কোড়া-সহ চার জনের-আনন্দবাজার

ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়া

কয়লা ব্লক বন্টন কেলেঙ্কারিতে অভিযুক্ত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়াকে তিন বছরের জেলের সাজা শোনাল সিবিআই-এর বিশেষ আদালত। সঙ্গে জরিমানাও। শনিবার সিবিআইয়ের বিশেষ আদালতে বিচারক ভরত পরাশর এই রায় দেন।

পাশাপাশি প্রাক্তন কয়লাসচিব এইচ সি গুপ্ত, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যসচিব অশোককুমার বসু এবং কোড়া-ঘনিষ্ঠ বিজয় জোশীরও তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।

তিন বছরের জেলের পাশাপাশি কোড়াকে ২৫ লক্ষ টাকা এবং প্রাক্তন কয়লাসচিব এইস সি গুপ্তকে ১ লক্ষ টাকা জরিমানাও দিতে হবে। যে বেসরকারি সংস্থাকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল কোড়াদের বিরুদ্ধে, কলকাতার সেই সংস্থা ভিনি আয়রন অ্যান্ড স্টিল উদ্যোগ (ভিসুল)-কেও ৫০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক।

চেক বাউন্স হলেই ক্ষতিপূরণ পাবেন গ্রাহক-দৈনিক আজকাল

চেক বাউন্স হলে আদালতে আবেদন করলে অন্তর্বর্তী ক্ষতিপূরণ পাবেন আবেদনকারী। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভা এবিষয়ে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট ১৮৮১–এ সংশোধনী খসড়ায় অনুমোদন দিয়েছে। আবেদনের সময় এবং শুনানি চলাকালীনই ওই ক্ষতিপূরণ পেয়ে যাবেন আবেদনকারী। নতুন সংশোধনী অনুযায়ী, আপিল দাখিলের সময়ই অন্তর্বর্তী ক্ষতিপূরণ হিসেবে বাউন্স হওয়া চেকের একাংশ গ্রহীতাকে দিতে নির্দেশ দিতে পারে আদালত। মামলার পর যদি দাতা নির্দোষ প্রমাণিত হন তাহলে ওই টাকা গ্রহীতা ফিরিয়ে দেবেন দাতাকে।

সনিয়া দাঁড়াবেন, এবং রায়বরেলীতেই, ঘোষণা প্রিয়ঙ্কার-দৈনিক আনন্দবাজার

সোনিয়া গান্ধী ও প্রিয়ঙ্কা (মা -মেয়ে)

তা হলে কি মায়ের জায়গায় মেয়ে? সেই জল্পনায় জল ঢেলে দিলেন সনিয়া গাঁধীর কন্যা প্রিয়ঙ্কা বঢরাই। জানিয়ে দিলেন, ‘‘আমি নই, মা-ই আবার লড়বেন রায়বরেলী থেকে।’’জল্পনার সূত্রপাত হয়েছিল শুক্রবার। যখন বিদায়ী কংগ্রেস সভাপতি সনিয়া গাঁধী নিজেই বলেন, ‘‘এ বার আমার এবসর নেওয়ার পালা।’’

সনিয়ার ওই মন্তব্যের পরপরই কানাঘুষো শুরু হয়, ছেলে রাহুল গাঁধীর জন্য যেমন তিনি ছেড়ে দিলেন কংগ্রেস সভানেত্রীর চেয়ার, এ বার কি সেই ভাবেই তাঁর সংসদীয় নির্বাচন কেন্দ্র রায়বরেলী সনিয়া ছেড়ে দেবেন তাঁর মেয়ে প্রিয়ঙ্কাকে? মায়ের রায়বরেলী আসনে জিতেই কি ২০১৯ সালের সাধারণ নির্বাচন থেকে রাজনীতিতে পদার্পণ করবেন রাজীব-তনয়া? সেই জল্পনায় জল ঢেলে দিয়ে প্রিয়ঙ্কাই বলেছেন, ‘‘রায়বরেলী থেকে আমার ভোটে দাঁড়ানোর কোনও প্রশ্নই নেই। মা-ই লড়বেন ওই আসনে।’’#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৬