আসল প্রশ্নফাঁসকারী তো শিক্ষক-নাহিদ, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত সরকারি কর্মকর্তারা-দুদক
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৭ ডিসেম্বর রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে সরকারি কর্মকর্তারা জড়িত : দুদক কমিশনার-দৈনিক ইত্তেফাক
- আসল প্রশ্নফাঁসকারী তো শিক্ষক: নাহিদ-প্রথম আলো
- মালয়েশিয়ায় বাংলাদেশী শ্রমিক পাচার চক্র, কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ৬০০ কর্মকর্তা বদলি-দৈনিক মানবজমিন
- ফেব্রুয়ারির শেষ সপ্তাহে উত্তরের নির্বাচন-দৈনিক যুগান্তর
- খালেদাসহ ১৪ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২২ জানুয়ারি-দৈনিক ইনকিলাব
- দ্বিতীয় শ্রেণীর প্রশ্নও ফাঁস: বহু স্কুলের পরীক্ষা বাতিল-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- প্রতিশ্রুতিই সার, আজও নিরাপদ নয় মেয়েরা: নির্ভয়ার মা-দৈনিক আনন্দবাজার-আনন্দবাজার
- ব্যাঙ্ক বিল নিয়ে জেটলিকে চিঠি দিলেন মমতা-দৈনিক আজকাল
- ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের তিন কর্মীকে ‘হ্যানিট্র্যাপ’-এর চেষ্টা বানচাল-দৈনিক সংবাদ প্রতিদিন
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
আমিরাতের ব্যবসায়ীদের বাংলাদেশে আরো বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর-দৈনিক ইত্তেফাক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের বাংলাদেশে আরো বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার দেশের বিভিন্ন স্থানে একশ’টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে। এসব অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য পর্যাপ্ত জায়গা ও শিল্প গড়ে তোলার অবকাঠামোও প্রস্তুত করা হয়েছে। আরব আমিরাতের ব্যবসায়ীরা এখানে যে কোন ধরনের শিল্প স্থাপনের সুযোগ গ্রহণ করতে পারে।’
আজ সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংযুক্ত আরব আমিরাতের বিদায়ী রাষ্ট্রদূত সাঈদ বিন হাজার আল সেহি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকারের লক্ষ্য ২০২১ সাল নাগাদ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত করে দেশের প্রত্যেক ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দেয়া।
আসল প্রশ্নফাঁসকারী তো শিক্ষক: নাহিদ-প্রথম আলো
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষকেরাই আসল প্রশ্নফাঁসকারী। আজ সচিবালয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ সভায় মন্ত্রী এ কথা বলেন। শিক্ষাসংক্রান্ত নানা অনিয়ম ও দুর্নীতি বন্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে সচিবালয়ে এই যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে সরকারি কর্মকর্তারা জড়িত : দুদক কমিশনার-দৈনিক ইত্তেফাক
সারাদেশে অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষায় যত জায়গায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে তার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সরকারী কর্মকর্তা ও কর্মচারীরা জড়িত বলে জানিয়েছেন (দুর্নীতি দমন কমিশন) দুদক কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ।
আজ সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে দুদক কর্মকর্তাদের বৈঠকে তিনি একথা বলেন। শিক্ষা মন্ত্রণালয়ের অনিয়ম ও দুর্নীতি বন্ধে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি স্বীকার করে শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁসে বিজিপ্রেসের কিছু অসাধু কর্মচারী জড়িত। প্রশ্নপত্র ফাঁসসহ শিক্ষাখাতে দুর্নীতি রোধে কাজ করছে সরকার।
তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে আমাদের হাতে অনেক সাজেশন এসেছে। এর এক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিই, পরীক্ষার ৩০ মিনিট আগে প্রশ্নপত্র ছাপা হবে। কিন্তু আমরা জানতে পারলাম প্রশ্নপত্র ফাঁস করে শিক্ষকরা পরে ওই সিদ্ধান্ত থেকে আমরা সরে আসি।
দ্বিতীয় শ্রেণীর প্রশ্নও ফাঁস: বহু স্কুলের পরীক্ষা বাতিল-দৈনিক নয়া দিগন্ত
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় প্রশ্নফাঁস, ভুলে ভরা প্রশ্ন নিয়ে সমালোচনা-প্রতিবাদের ঝড় থামতে না থামতেই এবার প্রশ্নফাঁসের কারণে বাতিল করতে হয়েছে বরগুনার শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শনিবার রাতে ফাঁস হয় প্রশ্নপত্র। এরপর বাতিল করা হয় বেতাগীর ১৪০টি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণী থেকে শুরু করে প্রাথমিক পর্যায়ের সকল শ্রেণীর আজকের গণিত পরীক্ষা।
মালয়েশিয়ায় বাংলাদেশী শ্রমিক পাচার চক্র, কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ৬০০ কর্মকর্তা বদলি
বাংলাদেশ থেকে পাচার করে মালয়েশিয়ায় নেয়া হয় শ্রমিক। এ জন্য গড়ে উঠেছে একটি সিন্ডিকেট। এর সঙ্গে জড়িত মালয়েশিয়ার বিপুল সংখ্যক কর্মকর্তা। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনের কর্মকর্তাদের যোগসাজসে গড়ে উঠেছে এ চক্র। ওই বিমানবন্দর দিয়ে বাংলাদেশী শ্রমিক পাচারের রয়েছে কমপক্ষে চারটি সিন্ডিকেট। এ জন্য ইমিগ্রেশন বিভাগের সন্দেহজনক প্রায় ৬০০ কর্মকর্তাকে ওই বিমানবন্দর থেকে স্থানান্তর করা হয়েছে। উল্লেখ্য, প্রতিদিন কুয়ালালামপুর ও ঢাকার মধ্যে চলাচল করে ৩৮টি ফ্লাইট। ধারণা করা হয়, প্রতিজন শ্রমিককে পাচার করে নিতে সিন্ডিকেট হাতিয়ে নেয় ১৫ হাজার থেকে ২০ হাজার রিঙ্গিত।
ফেব্রুয়ারির শেষে ঢাকা উত্তরের মেয়র নির্বাচন-দৈনিক প্রথম আলো/ইত্তেফাকসহ প্রায় সব জাতীয় দৈনিকের অনলাইন সংস্কররে খবর
আগামী ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ড ও ছয়টি সংরক্ষিত ওয়ার্ডে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) যুক্ত হওয়া নতুন ১৮টি ওয়ার্ড ও ছয়টি সংরক্ষিত ওয়ার্ডেও নির্বাচন হবে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
আজ নির্বাচন কমিশনের সভায় এসব সিদ্ধান্ত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দিন আহমদ এ কথা জানান। তবে আজকের দৈনিক যুগান্তরের একটি প্রতিবেদনের লেখা হয়েছে, আইনি জটিলতায় ঢাকা উত্তরের সিটি কর্পোরেশনের মেয়ার পদের উপ নির্বাচন এবং ঢাকার দুই সিটিতে যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ড কাউন্সিলর পদে বিদ্যমান আইন ও বিধিমালার কারণে নির্বাচন পেছানোর শঙ্কা রয়েছে।
টাঙ্গাইল মহাসড়কে ৭০ কি.মি. যানজট-দৈনিক ইত্তেফাক
টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে ৭০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে। এতে যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে বলে জানা গেছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন অংশে চার লেন প্রকল্পের কাজ চলমান ও সেইসঙ্গে গতকাল শনিবার সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশা থাকার কারণে যানজট আরও প্রকট আকার ধারণ করেছে।
আজ মহাসড়কের বিভিন্ন স্থানে গিয়ে দেখা গেছে, ভাঙা রাস্তায় যানবাহন আটকে এবং ঘন কুয়াশার কারণে যানজটে স্থবির হয়ে পড়েছে মহাসড়ক। ঘন কুয়াশা, তীব্র শীত ও তীব্র যানজটের ফলে নারী, শিশু ও অসুস্থ রোগী এবং বৃদ্ধাদের দুর্ভোগের শেষ নেই।
এবার কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত
প্রতিশ্রুতিই সার, আজও নিরাপদ নয় মেয়েরা: নির্ভয়ার মা-দৈনিক আনন্দবাজার
নির্ভয়া কাণ্ডের পর পাঁচ বছর কেটে গিয়েছে। কিন্তু এই পাঁচ বছরেও মেয়েদের নিরাপত্তার ছবিটা যে বিন্দুমাত্র বদলায়নি সে বিষয়ে ক্ষোভ উগরে দিলেন নির্ভয়ার মা আশা দেবী। একই সঙ্গে হতাশা ঝরে পড়ল তাঁর গলায়।
নির্ভয়া কাণ্ডের পর সরকার ও রাজনীতিবিদরা অনেক রকম প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতি শুধু মুখের কথা হিসাবেই থেকে গিয়েছে। তা পূরণ করা হয়নি বলে দাবি করেন তিনি।
আশা দেবী বলেন, “দিল্লির প্রতিটি বাসে সিসিটিভি ক্যামেরা লাগানোর প্রতিশ্রুতি দিয়েছিল সরকার। কিন্তু এখনও পর্যন্ত সেটা হয়নি। ২০১২-য় যে অবস্থায় ছিলাম আজও সেখানেই দাঁড়িয়ে আছি।”
দেশের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়তই কোনও না কোনও মেয়ে অত্যাচারের শিকার হচ্ছে। ধর্ষণ, গণধর্ষণ করে খুনের মতো ঘটনা ঘটেই চলেছে। অথচ অনেক ক্ষেত্রেই দেখা যায় পুলিশ সে সব ঘটনার কোনও মামলাই রুজু করেনি। ২০১২-র ১৬ ডিসেম্বর চলন্ত বাসে প্যারা-মেডিক্যালের ছাত্রী নির্ভয়াকে চলন্ত বাসে গণধর্ষণ করে ৬ জন। ১৩ দিন পর মৃত্যু হয় তাঁর। এই ঘটনার পর দেশজুড়ে আন্দোলন, প্রতিবাদের ঝড় বয়ে যায়।
ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের তিন কর্মীকে ‘হ্যানিট্র্যাপ’-এর চেষ্টা বানচাল-দৈনিক সংবাদ প্রতিদিন
কর্মীদের সাহায্যে শক্রদেশের মহিলা কর্মকর্তাদের প্রেমের ফাঁদে ফেলে গোপন তথ্য জেনে নেওয়ার ছককে বলে হানিট্র্যাপ। এই কৌশলেই ভারতীয় হাই কমিশনের তিনজন কর্মীর কাছ থেকে গোপন তথ্য হাতিয়ে নেয়ার পরিকল্পনা করেছিল পাক গোয়েন্দা সংস্থা আইএসআই। কিন্তু, ওই তিন কর্মী আগেভাগে বিষয়টি টের পেয়ে পাওয়ায়, সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। চলতি সপ্তাহে গোড়ায় ওই তিন কর্মীকে দেশে ফিরে এনেছে বিদেশমন্ত্রক। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এর আগে বছর সাতেক আগে আইএসআইয়ের এক তরুণ কর্মকর্তার প্রেমে পড়ে তথ্য দেয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ভারতীয় হাই কমিশনের কর্মকর্তা মাধুরী গুপ্তকে।
ব্যাঙ্ক বিল নিয়ে জেটলিকে চিঠি দিলেন মমতা-দৈনিক আজকাল
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আমানত নিয়ে কেন্দ্রীয় সরকারের খসড়া বিল দেখে আতঙ্কিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল এফআরডিআই( ফিনান্সিয়াল রেজোলিউশন অ্যান্ড ডিপোজিট ইনস্যুরেন্স বিল) ২০১৭ নামে বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার দাবি, দেশের গরিব ও মধ্যবিত্ত শ্রেণির ব্যাঙ্কে জমা টাকা সুরক্ষিত রাখতে এই ‘সর্বনাশা’ বিলটি যেন প্রত্যাহার করে নেয়া হয়।
তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, ব্যর্থতা ঢাকতে এবং এক শ্রেণির মানুষের স্বার্থসিদ্ধির জন্য ভারত সরকার এফআরডিআই বিল আনার সিদ্ধান্ত নিয়েছে। চিঠিতে তিনি লিখেছেন, শীতকালীন অধিবেশনে লোকসভায় এই বিলটি আনার ব্যাপারে ভারত সরকার যে পরিকল্পনা করছে সেটি হবে গরিব ও মধ্যবিত্ত শ্রেণির আর্থিক নিরাপত্তার ওপর সবচেয়ে বড় আঘাত।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৭