ডিসেম্বর ১৯, ২০১৭ ১২:৫১ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ ১৯ ডিসেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের অনলাইন শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • সাংবিধানিক জটিলতায় ডিএনসিসির নির্বাচন-প্রার্থী হতে পারছেন না নতুন ভোটাররা-দৈনিক ইত্তেফাক
  • রোহিঙ্গাদের ফেরাতে-বাংলাদেশ-মিয়ানমার ৩০ সদস্যের ওয়ার্কিং কমিটি গঠন-দৈনিক যুগান্তর
  • প্রবাসী পরিবারের ৪ নারীকে ধর্ষণের পর মালামাল লুট, আটক ৪- দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম
  •  সড়ক দুর্ঘটনায় আহত এমপি মোস্তফা আহমেদের মৃত্যু- দৈনিক নয়াদিগন্ত/ইত্তেফাক
  •  রসিক নির্বাচনের সকল প্রস্তুুতি সম্পন্নঃ আজ মধ্য রাত থেকে প্রচার-প্রচারণা বন্ধ- দৈনিক ইনকিলাব
  • বড়দের চেয়ে শিশুরা বড়- দৈনিক প্রথম আলো

ভারতের শিরোনাম:

  •  শিশুর কিডনি ‘চুরি’, তুলকালাম হাসপাতালে- দৈনিক সংবাদ প্রতিদিন
  •  সামনে বড় লড়াই, আশীর্বাদ মায়ের- দৈনিক আনন্দবাজার
  • জানেন কী, এবার পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসেও বসবে জিএসটি- দৈনিক আজকাল

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

রোহিঙ্গাদের ফেরাতে-বাংলাদেশ-মিয়ানমার ৩০ সদস্যের ওয়ার্কিং কমিটি গঠন-দৈনিক যুগান্তর

রোহিঙ্গা

রোহিঙ্গাদের ফেরাতে ৩০ সদস্যের যৌথ ওয়ার্কিং কমিটি গঠন করেছে বাংলাদেশ ও মিয়ানমার। এ কমিটি গঠনের পর বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর কাজ শুরু করতে দুই মাস সময় লাগবে। মঙ্গলবার বাংলাদেশ-মিয়ানমার পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে যৌথ ওয়ার্কিং কমিটি গঠন করা হয়। বৈঠকে প্রত্যাবাসনের যাবতীয় শর্তাবলি চূড়ান্ত হয়েছে। পরে উভয় দেশের সচিব পর্যায়ে এ সংক্রান্ত দলিল হস্তান্তর করা হয়। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় সকাল ৮টায় শুরু হওয়া দুই দিনব্যাপী ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। আর মিয়ানমারের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির স্থায়ী সচিব মিন্ট থিউ। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে ২৩ নভেম্বর মিয়ানমারের প্রশাসনিক রাজধানী নেপিদোতে একটি অ্যারেঞ্জমেন্ট সই হয়।

তার আলোকে তিন সপ্তাহের মধ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন এবং দুই মাসের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানো শুরু হওয়ার কথা। যৌথ ওয়ার্কিং গ্রুপ রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া তদারকি করবে।

বড়দের চেয়ে শিশুরা বড়-দৈনিক প্রথম আলো

পৃথিবীর সব শিশুই সুন্দর। কিন্তু এ কথা বলা যাবে না যে সব বড় (বয়স্ক অর্থে) মানুষই সুন্দর। সব বয়স্ক মানুষ যদি সুন্দর হতো, তাহলে পৃথিবীতে কোনো হানাহানি-কাটাকাটি থাকত না। মানুষের হাতে মানুষ মারা যেত না। গতকাল প্রথম আলোতে প্রকাশিত একটি খবরের প্রসঙ্গ তুলে ধরে বিশিষ্ট সাংবাদিক সোহরাব হোসেন একটি বিশ্লেষণ করেছেন। খবরটি হচ্ছে- রাজশাহীর বাঘারের ঝিনা গ্রামের ছয়-সাত বছরের দুই শিশু শিহাবুর রহমান ও টিটোন আলী। রেললাইনের পাশেই বাড়ি। গত সোমবার সকাল আটটার দিকে একটি ট্রেন যেতেই ঝিনা রেলগেটের কাছে তারা বিকট শব্দ শুনতে পায়। সেখানে গিয়ে শিশু দুটি দেখতে পায়, রেললাইনের কিছু অংশ ভাঙা। এর কিছুক্ষণ পর একই দিক দিয়ে আরেকটি ট্রেন আসছিল। তখনই তারা বুদ্ধি করে গলায় থাকা মাফলার নাড়িয়ে ট্রেনটিকে থামানোর চেষ্টা করে। প্রথমে ট্রেনচালক ভ্রুক্ষেপ না করলেও পরে ট্রেনের গতি কমিয়ে দেন। ট্রেনটি পুরোপুরি থামালে দুর্ঘটনা থেকে রেহাই পায়। সেটি ছিল একটি মালবাহী ট্রেন। ট্রেনটি যখন আসে, তখন লাইনম্যান গরহাজির থাকেন। কেননা, তিনি ছিলেন বড়।

শিশু দুটির উপস্থিত বুদ্ধিতে ট্রেনটি রক্ষা পায়। স্থানীয় সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দুই শিশুকে পড়াশোনার জন্য প্রতি মাসে এক হাজার টাকা করে বৃত্তি দেওয়ার ঘোষণা দেন। বলেছেন, স্কুলের পাঠ শেষে তারা যদি উচ্চশিক্ষা নিতে চায়, সেই দায়িত্বও তিনি নেবেন।

এই ঘটনা থেকে আমরা কী শিক্ষা পেলাম? শিক্ষা পেলাম যে বড়দের অনেকেই দায়িত্বশীল নয়। ছোটরাই দায়িত্বশীল। তারা যখন মনে করেছে দুর্ঘটনা ঘটতে পারে, সেটি বন্ধ করতে নিজেদের উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়েছে। আর শিক্ষা পেলাম, যাঁর দায়িত্ব ছিল দুর্ঘটনা রোধে ট্রেনচালককে সংকেত দেবেন, তিনি সেখানে উপস্থিতই ছিলেন না। শিশু দুটি চালককে সংকেত না দিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। ট্রেনটি যাত্রীবাহী না হলেও দুর্ঘটনা ঘটলে চালকের প্রাণহানির আশঙ্কা ছিল। শিশু দুটি আমাদের শিক্ষা দিল যে কারও অপেক্ষায় না থেকে মানুষের বিপদে এগিয়ে আসতে হয়।

সাংবিধানিক জটিলতায় ডিএনসিসির নির্বাচন-প্রার্থী হতে পারছেন না নতুন ভোটাররা-দৈনিক ইত্তেফাক

ইসি ভবন

ঢাকা উত্তর সিটির (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনসহ দুই সিটির ৩৬টি ওয়ার্ডের নির্বাচন নিয়ে আইনি ও সাংবিধানিক জটিলতার সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশন বলছে, আগামী ৩১ জানুয়ারির চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ফলে নতুন ভোটাররা ভোট দিতে পারলেও নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। সিটি করপোরেশন আইনে ভোটাররাই নির্বাচনে প্রার্থী হতে পারেন। কিন্তু নির্বাচন কমিশনের এই নির্দেশনার কারণে ভোটারদের সাংবিধানিক ও আইনগত অধিকার ক্ষণ্ন হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেও প্রার্থী হওয়ার সুযোগ রয়েছে। কেননা কেবল মনোনয়নপত্র দাখিলের সময়ই প্রার্থীকে ভোটার ক্রমিক নম্বর ও ভোটার এলাকার নাম উল্লেখ করতে হয়।

 আইনানুযায়ী ২৮ ফেব্রুয়ারির মধ্যে এ নির্বাচন করতে হবে। প্রার্থীদের প্রচারণার জন্য সর্বোচ্চ ২১ দিনের বেশি সময় রাখা হয় না। এই হিসাবে জানুয়ারির শেষ সপ্তাহে তফসিল ঘোষণা করলেও নতুন ভোটাররা নির্বাচনে প্রার্থী হতে পারবেন। কিন্তু আইনগত কোনো ক্ষমতা না থাকা সত্ত্বেও কমিশন থেকে ঘোষণা দেওয়া হয়েছে, নতুন ভোটাররা প্রার্থী হতে পারবেন না। ফলে সাড়ে চার লাখ নতুন ভোটারের সবাই প্রার্থী হওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। বিষয়টি আদালত গড়ালে সিটি নির্বাচন অনিশ্চয়তায় পড়তে পারে। 

সংশ্লিষ্টদের মতে, বিদ্যমান পরিস্থিতিতে নির্বাচন হলে আইনি জটিলতা হবে। সংক্ষুব্ধরা আদালতের শরণাপন্ন হতে পারেন। কেননা বিগত কাজী রকিবউদ্দীন আহমদ কমিশনের আমলে ৫ লাখ নতুন ভোটারকে বাদ রেখে দুই ডিসিসির তফসিল ঘোষণা করলে আদালত নির্বাচন স্থগিত করে দেয়। নতুন ভোটারকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে নির্বাচন আয়োজনের নির্দেশনা দেয়। আদালতের নির্দেশনা মেনে সর্বশেষ ২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়।

চট্টগ্রামে কুলখানিতে পদদলন: অপমৃত্যু মামলা দায়ের-দৈনিক যুগান্তর

চট্টগ্রামে পদদলিত হয়ে ১০ জনের মৃত্যু নিয়ে মামলা ও তদন্ত কমিটি গঠিত

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে-১০ জন নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়। হতাহতের ওই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটিও গঠিত হয়েছে। সোমবার রাতে নিহত ঝন্টু দাসের ভাই অরুণ দাস বাদী হয়ে চকবাজার থানায় মামলাটি করেন। খবরটি খুবই মর্মান্তিক। অনেকগুলো প্রশ্ন এখানে স্বাভাবিকভাবেই উঠতে পারে-ব্যবস্থাপনা, শৃঙ্খলা, আমাদের সংস্কৃতি-আরো অনেক বিষয়ে। এর আগেও জাকাত নিতে গিয়ে হুড়োহুড়িতে নিহত হওয়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে-তারপরও বদলায় নি –ব্যবস্থাপনা, শৃঙ্খলা বা সংস্কৃতির কোনো কিছুই।

আরো একটি দুঃখজনক ও কষ্টদায়ক খবর- ছাপা হয়েছে- দৈনিক বাংলাদেশ প্রতিদিনে। খবরটি হচ্ছে- চট্টগ্রামের কর্ণফুলীতে প্রবাসী পরিবারের তিন গৃহবধূ ও বেড়াতে আসা এক বোনকে ধর্ষণের পর মালামাল লুট করেছে দুর্বৃত্তরা।এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে। এখানেও প্রশ্ন উঠতেই পারে-মানুষের ভেতরে মানবিকতা কোথায়, নিরাপত্তা কোথায়?

দেশের বিভিন্ন অঞ্চলের সড়কের বেহাল দশা এবং দুর্ঘটনায় নিহত হওয়ার খবর নিয়ে প্রায়ই মিডিয়াতে খবর দেখা। আজও তার ব্যত্যয় ঘটেনি। দুটি দুর্ঘটনার খবর ছাপা হয়েছে বিভিন্ন দৈনিকে। দৈনিক নয়া দিগন্ত ও ইত্তেফাকের খবর টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আহত এমপি মোস্তফা আহমেদ একমাস চিকিৎসাধীন থাকার পর রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে আজ সকালে মারা যান তিনি।  

আর সড়ক দুর্ঘটনার দ্বিতীয় খবরটি ছাপা হয়েছে- দৈনিক যুগান্তর পত্রিকায়। খবরটিতে বলা হয়েছে-মগবাজার ফ্লাইওভারে ২ বাসের পাল্লায় প্রাণ গেল শফিকুলের।এভাবে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল প্রতিদিনই দীর্ঘ হচ্ছে। করণীয় প্রসঙ্গে বিভিন্নমহল থেকে কথা হচ্ছে কিন্তু কমছে না দুর্ঘটনা এবং মৃত্যু মিছিল।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর:

 সামনে বড় লড়াই, আশীর্বাদ মায়ের-দৈনিক আনন্দবাজার

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও তার মা সোনিয়া গান্ধী

প্রতিপক্ষ কঠিন। তার বিরুদ্ধে লড়াইটাও কঠিনতর। হারজিত যা-ই হোক, ভাল লড়াই দেয়া গিয়েছে গুজরাতে। এবার প্রস্তুত হও ২০১৯-এর জন্য।–বর্তমান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে এভাবেই উৎসাহ দিলেন রাহুল গান্ধীর মা ও দলটির সাবেক সভাপতি। আনন্দবাজারের অন্য একটি খবরে লেখা হয়েছে- গুজরাতে শেষ হাসি হাসলেন মোদী, তবে অক্সিজেন পেলেন রাহুল। বিজেপি-র অশ্বমেধের ঘোড়ার লাগামটা যে টেনে ধরা সম্ভব, সেই বিশ্বাস তাঁকে উপহার দিল এই গুজরাতই। দৈনিকটির আরেকটি খবরে লেখা হয়েছে-মোহনদাস করম চাঁদ গান্ধীর গুজরাটই আজ গেরুয়া ভারতের রাজধানী।

জানেন কী, এবার পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসেও বসবে জিএসটি-দৈনিক আজকাল

জিসটি

এবার পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের উপরেও চাপবে জিএসটি। মঙ্গলবার এমনই ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। রাজ্যসভায় জিএসটি নিয়ে আলোচনা চলার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসকেও জিএসটির আওতায় আনার ভাবনাচিন্তা করা হচ্ছে। জেটলির এই মন্তব্যের বিরোধিতা করে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম বলেন, যেহেতু ১৯টি রাজ্যে বিজেপির শাসন হয়ে গিয়েছে সেকারণে একরোখা নীতি নিচ্ছে সরকার। কোনও রাজ্যের সঙ্গে আলোচনা না করেই নিজেদের সিদ্ধান্তের কথা শোনাচ্ছে। যদিও জেটলি চিদম্বরমের মন্তব্যের বিরোধিতা করে বলেন। সব রাজ্যের মতামত নিতেই জিএসটি কাউন্সিলে বিষয়টি উত্থাপন করা হবে।

শিশুর কিডনি ‘চুরি’, তুলকালাম হাসপাতালে-দৈনিক সংবাদ প্রতিদিন

দু’বছরের শিশুর কিডনি কেটে নেয়া হয়েছে। এমন অভিযোগই উঠল মহারাষ্ট্রের একটি সরকারি হাসপাতালের বিরুদ্ধে। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে হাসপাতাল কতৃপক্ষ।

জানা গেছে, পুণের সাসুন হাসপাতালে চিকিৎসার জন্য ফয়জল তাম্বোলি নামের শিশুটিকে ভর্তি করেন বাবা-মা। চিকিৎসা চলাকালীন সনোগ্রাফিতে শিশুটির মাত্র একটি কিডনি দেখা যায়। তারপরই শুরু হয় তুলকালাম। হাসপাতালের বিরুদ্ধে কিডনি চুরির অভিযোগ আনেন শিশুটির পরিবার। মানবাধিকার কমিশনে এ ব্যাপারে অভিযোগ দায়ের করেন তাঁরা। এই ঘটনায় নড়েচড়ে বসে হাসপাতাল কতৃপক্ষ। তদন্তে নামে ডাক্তারদের একটি বিশেষ দল। তারপরই প্রকাশ্যে আসে বিষয়টি।তবে কিডনি চুরির অভিযোগ খারিজ করেছে তদন্ত কমিটি।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৯