ডিসেম্বর ২১, ২০১৭ ১২:৪২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২১ ডিসেম্বর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • চতুর্থ শ্রেণি পর্যন্ত প্রশ্ন ফাঁসের দায় সরকারের নয়: সংসদীয় কমিটি-দৈনিক ইত্তেফাক
  • খালেদা জিয়ার নোটিশ আইনগতভাবে মোকাবিলা করবে আওয়ামী লীগ-দৈনিক ইত্তেফাক
  • কিছু বিশ্ববিদ্যালয়কে সঠিক ধারায় আনা কঠিন-প্রথম আলো
  • গণহত্যার দায়ে অভিযুক্ত হতে পারেন সু চি?-দৈনিক মানবজমিন
  • নদী ড্রেজিংয়ে ব্যয় নিয়ে প্রশ্ন-দৈনিক নয়া দিগন্ত
  • দেশকে উন্নত-সমৃদ্ধ করার প্রত্যয় প্রধানমন্ত্রীর-দৈনিক ইনকিলাব
  • চুরিতন্ত্রই আওয়ামী লীগের মূলমন্ত্র-দৈনিক যুগান্তর

ভারতের শিরোনাম:

  • টু-জি: ক্লিনচিট পেলেন রাজা-কানিমোঝি, স্বস্তিতে মনমোহন-দৈনিক আনন্দবাজার
  • একজোটে বিজেপি–কে ধাক্কা দিতে হবে: নির্দেশ তৃণমূলের-দৈনিক আজকাল‌
  • বেলেল্লাপনায় ছাড় নেই মহিলাদেরও, বড়দিন-বর্ষবরণে সক্রিয় পুলিশ-দৈনিক সংবাদ  প্রতিদিন
  • পারমাণবিক হামলার হুমকির পরেই ভোলবদল, ভারতের বন্ধুত্ব চাইল পাকিস্তান-সংবাদ প্রতিদিন

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার একেএম নুরুল হুদা

আজ রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচন সম্পর্কিত নানা খবর ছাপা হয়েছে আজকের জাতীয় দৈনিক এবং অনলাইন নিউজ পোর্টালগুলোতে। ইত্তেফাক ভিন্ন ভিন্ন খবরে লিখেছে, এ নির্বাচন নিয়ে-জাতীয় পার্টির প্রেসিডেন্ট এইচ এম এরশাদ বলেছেন, ইসির জন্য এ নির্বাচন পরীক্ষা। ভোট সুষ্ঠু,নিরপেক্ষ এবং নিয়মতান্ত্রিক হয়েছে। ইভিএম পদ্ধতিতে ভোটাররা খুশি বলে খবর লেখা হয়েছে দৈনিক যুগান্তরে। তবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন- কেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দেয়া হয়েছে। তবে প্রথম আলোর খবরে লেখা হয়েছে- প্রধান নির্বাচন কমিশনার একেএম নুরুল হুদা বলেছেন, বিএনপির অভিযোগ ঠিক না। রংপুরের নির্বাচনের সার্বিক পরিস্থিতিতে ইসি সন্তুষ্ট বলে জানান তিনি।

দেশকে উন্নত-সমৃদ্ধ করার প্রত্যয় প্রধানমন্ত্রীর-দৈনিক ইনকিলাব

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজয়ী জাতি হিসেবে দেশকে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠা করার প্রত্যয় জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে রাজধানীর শাহবাগে সিভিল সার্ভিস প্রশাসন একাডেমীতে আয়োজিত অনুষ্ঠানে এ প্রত্যয় জানান তিনি।এ সময় শেখ হাসিনা বলেন, বাঙালি জাতি হিসেবে আমরা মাথা উঁচু করে বলতে চাই- আজকে স্বাধীন এ দেশ আন্তর্জাতিক পর্যায়ে স্থান পেয়েছে।তিনি বলেন, কারো সাথে বিভেদ করে নয় সমঝোতার মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধান করা হবে।

চুরিতন্ত্রই আওয়ামী লীগের মূলমন্ত্র-ফখরুল: দৈনিক যুগান্তর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও দলের অন্যান্য নেতারা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগে আওয়ামী লীগের মূলমন্ত্র বলা হতো গণতন্ত্র। ওটা একটি ভুল মন্ত্র। ওটা হচ্ছে চুরিতন্ত্র। প্রতিটি ব্যাংকে চুরি করে এমন একটি অবস্থা তৈরি হয়েছে যে ব্যাংক আমানতকারীরা বলছেন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। 

বুধবার রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ মিলনায়তনে বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, সরকার অন্তঃসারশূন্য। এতগুলো ব্যাংক দিয়েছে, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সবাইকে ব্যাংক দিয়েছে। ফারমার্স ব্যাংকের মালিক মহীউদ্দীন খান আলমগীরকে পদত্যাগ করতে হয়েছে, তার ব্যবস্থাপনা পরিচালককেও বরখাস্ত করা হয়েছে। এত চুরি সেখানে হয়েছে। 

তিনি অভিযোগ করেন, ইসলামী ব্যাংক গিলে ফেলেছে, বেসিক ব্যাংক গিলে ফেলেছে। এমনকি সরকার বাংলাদেশ ব্যাংক গিলে ফেলার চেষ্টা করেছিল। সরকার দেশের অর্থনীতি, বিশেষ করে ব্যাংকিং খাতকে ধ্বংস করে দিয়েছে। বৈদেশিক আয় কমতে শুরু করেছে। তৈরি পোশাক কারখানাগুলোও লোকসানের সম্মুখীন। শিক্ষা ব্যবস্থা, প্রতিদিন খবরের কাগজে প্রশ্নপত্র ফাঁসের খবর।

তিনি বলেন, সংবাদপত্রে এসেছে- পদ্মাসেতুর তলানি খুঁজে পাওয়া যাচ্ছে না। মাত্র দুটো পিলার দাঁড় করে রেখেছে, এর ওপর স্লাভ দিয়ে রেখেছে। ওইটা নাকি স্বপ্ন? পত্রিকায় ইঞ্জিনিয়াররা বলেছে, আমরা তলানি খুঁজে পাচ্ছি না। ইতোমধ্যে এই সেতু নির্মাণে ১০ হাজার থেকে ৩০ হাজার কোটি চলে গেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে ফখরুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী নতুন একটি থিওরি দিয়েছেন। কোনো একটি দেশের, কোনো একটি পত্রিকায় তাকে নাকি তিন নম্বর সৎ নেতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাহলে এ দেশের মানুষ কোথায় যাবে?’

খালেদা জিয়ার বিরুদ্ধে সৌদি আরবে সম্পদের বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘আবার কোথায় থেকে ভুয়া কাগজ, ভুয়া টেলিভিশন-অনলাইন দিয়ে আমাদের নেত্রীর বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রের কথা বলে। আমরা বলেছি, প্রমাণ করেন। পারেননি বলে উকিল নোটিশ দেয়া হয়েছে। ৩০ দিনের মধ্যে প্রমাণ করতে না পারলে, আইনি ব্যবস্থা নেয়া হবে। এত সোজা না। সবাইকে শুধু বোকা বানিয়ে যাবেন না। সবাই কিছু বোঝে না? বাংলাদেশের মানুষকে এত বোকা ভেবে লাভ নেই।

কিছু বিশ্ববিদ্যালয়কে সঠিক ধারায় আনা কঠিন-শিক্ষামন্ত্রী-দৈনিক প্রথম আলো

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শর্ত পূরণে ব্যর্থ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে অব্যাহত চাপ রেখেও সঠিক ধারায় আনা কঠিন হয়ে পড়েছে। এ জন্য তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া তারা আর কোনো পথ খোলা রাখেনি।আজ বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

আর শিক্ষা সম্পর্কিত দৈনিক ইত্তেফাকের একটি খবরে লেখা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে প্রথম থেকে চতুর্থ শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে সরকারের কোনো দায় নেই বলে মনে করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

গণহত্যার দায়ে অভিযুক্ত হতে পারেন সু চি?-দৈনিক মানবজমিন

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সর্বোচ্চ কর্মকর্তা জায়েদ রা’দ আল হোসেন এ বিষয়ে সংকল্পবদ্ধ যে, রোহিঙ্গাদের ওপর নিষ্ঠুরতা সংঘটনের জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে। তার মতামতের মূল্য আছে। ভবিষ্যতে কোনো এক সময় মিয়ানমারের সর্বোচ্চ বেসামরিক নেতা অং সান সু চি ও দেশটির সামরিক বাহিনীর প্রধানকে গণহত্যার দায়ে কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে, এমন সম্ভাবনা উড়িয়ে দিতে রাজি নন তিনি। এ মাসের শুরুতে জাতিসংঘের মানবাধিকার পরিষদকে জায়েদ বলেন, রোহিঙ্গাদের ওপর ব্যাপক হারে যে নির্যাতন চালানো হয়েছে, তার প্রকৃতিটাই এমন ছিল যে, গণহত্যা সংঘটিত হয় নি, এ কথা বলা যায় না।

খালেদা জিয়ার নোটিশ আইনগতভাবে মোকাবিলা করবে আওয়ামী লীগ-দৈনিক ইত্তেফাক

আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো খালেদা জিয়া উকিল নোটিশ আইনগতভাবে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। একই সঙ্গে নোটিশ প্রত্যাহার না করলে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করা হয়েছে।বুধবার বিকালে ধানমন্ডিস্থ নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়। সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এবং দলের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ বক্তব্য রাখেন।

 সংবাদ সম্মেলনে মতিয়া চৌধুরী বলেন, ‘খালেদা জিয়া আইনি নোটিশ দিয়েছেন। আমরা আইনিভাবেই বিষয়টি মোকাবিলা করব।’

 হাছান মাহমুদ বলেন, ‘যে সময় খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি দেশে-বিদেশে ফলাও করে প্রচার হচ্ছে, দুর্নীতির মামলায় তাদের শুনানি চলছে, ঠিক এই সময়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতেই খালেদা জিয়া আইনি নোটিশ পাঠিয়েছেন। তিনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। খালেদা জিয়াকে আমরা বলতে চাই, অবিলম্বে এই আইনি নোটিশ প্রত্যাহার করতে হবে। তা না হলে, এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’ 

হাছান মাহমুদ জানান, ১২টি দেশে খালেদা জিয়া ও তার পরিবারের এক হাজার দুইশ কোটি মার্কিন ডলার পাচারের অভিযোগ এসেছে। এ সময় তিনি ২০০১ সাল পরবর্তী বিভিন্ন সময়ে খালেদা জিয়া ও তার পরিবারের ‘দুর্নীতি ও অর্থ পাচারে’র বিভিন্ন তথ্য তুলে ধরেন। খালেদা জিয়া জরিমানা দিয়ে কালো টাকা সাদা করেছেন বলেও তিনি উল্লেখ করেন। দুর্নীতি ও অর্থপাচারের জন্য খালেদা জিয়াকে জনগণের ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।

নদী ড্রেজিংয়ে ব্যয় নিয়ে প্রশ্ন-দৈনিক নয়া দিগন্ত

নদী ড্রেজিংয়ে ব্যয় বেশি নিয়ে প্রশ্ন উঠছে

দেশের নদীগুলোতে ড্রেজিংয়ে মাত্রাতিরিক্ত ব্যয় হচ্ছে। নদীভেদে ব্যয় পার্থক্য অনেক বেশি। কোনো কোনো ক্ষেত্রে বড় নদীর চেয়ে ছোট নদীর ড্রেজিং ব্যয় বেশি ধরা হচ্ছে। বছর বছর নদী ড্রেজিং কার্যক্রমের খরচ বাড়ছে। ক্যাপিটাল ড্রেজিংয়ে যমুনা নদীতে প্রতি কিলোমিটারে ব্যয় পড়ছে ১০ কোটি চার লাখ ৪৪ হাজার টাকা, অথচ ফরিদপুরের আড়িয়াল খাঁয় ড্রেজিং খাতে প্রতি কিলোমিটারে ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি ২৫ লাখ টাকা। অ্যাপ্রেইজাল সভায় এ তথ্য প্রকাশ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতি বছরই দেশের বিভিন্ন নদীর পেছনে ড্রেজিং কাজে অনেক অর্থ ব্যয় হচ্ছে। এমনকি ড্রেজিং কাজের জন্য বিদেশী উন্নয়ন সংস্থা বা উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ঋণসহায়তা নেয়া হয়ে থাকে। বাংলাদেশে ছোট-বড় ও মাঝারি আকারের প্রায় সাড়ে ৭০০টি নদী রয়েছে। কিন্তু ড্রেজিং ও অপরিকল্পিত ইন্টারভেনশনের কারণে দেশের প্রায় ২৩০টি নদী এখন মৃত। বর্তমানে নদীগুলো পলিউশন, সিলটেশন, তীর দখল, ব্লকেজ ইত্যাদির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার বেশির ভাগ শিল্প নদীর তীর ঘেঁষে স্থাপন করায় প্রতিদিন ১০০ টন শিল্পবর্জ্য নদীতে পড়ছে বলে নদী রক্ষা কমিশনের এক তথ্যে জানা গেছে।

পরিকল্পনা কমিশনে দেয়া প্রস্তাবনা থেকে জানা গেছে, ফরিদপুর জেলার আড়িয়াল খাঁর তীর সংরক্ষণ ও ড্রেজিং প্রকল্প ২৯৭ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়ন করবে পানি উন্নয়ন বোর্ড। সম্পূর্ণ সরকারি ব্যয়ে এ প্রকল্পটি বাস্তবায়ন করার প্রস্তাব দেয়া হয়েছে। এখানে ৫ দশমিক ৩৮০ কিলোমিটার নদীতীর সংরক্ষণ কাজ এবং ৬.৩০ কিলোমিটার নদী ড্রেজিংয়ের কাজ করা হবে। পাশাপাশি ঘাট নির্মাণ করা হবে ১০টি।

এবার কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত

টু-জি: ক্লিনচিট পেলেন রাজা-কানিমোঝি, স্বস্তিতে মনমোহন-দৈনিক আনন্দবাজার

রাজা-কানিমোঝি

ভরা আদালতে বিচারক যখন রায় শোনাচ্ছেন, তখন রাজার চোখে জল। যে মামলায় অভিযুক্ত হয়ে প্রাক্তন টেলি যোগাযোগ মন্ত্রী রাজাকে তিহাড়ে ১৫ মাসেরও বেশি জেল খাটতে হয়েছে, সেই ‘টু-জি কেলেঙ্কারি’তেই বৃহস্পতিবার তিনি বেকসুর রেহাই পেয়েছেন। একা রাজা নন, ওই মামলায় অভিযুক্ত ১৭ জনকেই রেহাই দিয়েছে সিবিআইয়ের বিশেষ আদালত। তাঁর মধ্যে ডিএমকে কর্ণধার এম করুণানিধির মেয়ে এম কানিমোঝিও রয়েছেন।

আর গোটা ঘটনায় যেন স্বস্তির বাতাস বইছে কংগ্রেসে। দিন কয়েক আগেই দলের নতুন সভিপতি হিসাবে দায়িত্ব নিয়েছেন রাহুল গাঁধী। গুজরাত নির্বাচনেও দলের ফল যথেষ্ট ভাল হয়েছে। সেই আবহে এ দিন প্রথম ইউপিএ সরকারের আমল নিয়ে ওঠা প্রায় ১ লাখ ৭৬ হাজার কোটি টাকার ‘টু-জি কেলেঙ্কারি’তে রেহাই মিলল। এ দিন সিবিআইয়ের বিশেষ আদালত উপযুক্ত তথ্যপ্রমাণের অভাবে ওই ১৭ জনের প্রত্যেককে বেকসুর রেহাই দিয়েছে।

একজোটে বিজেপি–কে ধাক্কা দিতে হবে: নির্দেশ তৃণমূলের-দৈনিক আজকাল

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল জোর প্রস্তুতি শুরু করে দিচ্ছে। অঞ্চলভিত্তিক সম্মেলন হবে। রাজ্যের নেতারা সম্মেলনে উপস্থিত থাকবেন। ইতিমধ্যে দলের যাঁরা বিধায়ক রয়েছেন, তাঁদের বলা হয়েছে অঞ্চলভিত্তিক সম্মেলন করতে হবে। দলের নির্দেশ পেয়ে বিধায়কেরা কাজ শুরু করে দিয়েছেন। গ্রামে গ্রামে বিধায়কেরা পৌঁছে যাচ্ছেন। নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের সঙ্গে কথা বলছেন। মূলত মমতার উন্নয়ন নিয়েই আলোচনা হচ্ছে। এছাড়া, কথা হচ্ছে বিজেপি–কে নিয়ে। অধিকাংশ জেলার নেতারা কর্মীদের বলছেন, পঞ্চায়েত নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে বিজেপি–কে জোর ধাক্কা দিতে হবে। আত্মতুষ্টির কোনও জায়গা নেই। গুজরাটে বিজেপি–র ফল ভাল হয়নি। ফল ভাল হলে বাংলায় এরা লাফালাফি শুরু করে দিত।

পারমাণবিক হামলার হুমকির পরেই ভোলবদল, ভারতের বন্ধুত্ব চাইল পাকিস্তান-সংবাদ প্রতিদিন

পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া

চুলচেরা বিশ্লেষণ। নয়া সমীকরণ। বিশেষজ্ঞদের মতামত। সব পালটে ফের ইউ-টার্ন পাকিস্তানের। পরমাণু হামলার হুমকি থেকে সরাসরি বন্ধুত্বের হাতছানি। এভাবেই দিল্লির নীতিনির্ধারকদের কিছুটা হলেও চমকে দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া। নজিরবিহীনভাবে দেশের শীর্ষ নেতাদের ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার আবেদন জানিয়েছেন তিনি।

মঙ্গলবার পাক সেনেট কমিটিতে বয়ান রাখেন বাজওয়া। তাৎপর্যপূর্ণভাবে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আইএসআই প্রধান নাভিদ মুখতার। সেখানে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ করে তোলার পক্ষে সওয়াল করেন তিনি।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২১