ডিসেম্বর ২৩, ২০১৭ ১২:২৬ Asia/Dhaka

সুপ্রিয়/শ্রোতা! ২৩ ডিসেম্বর শনিবারের কথাবার্তার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশাকরি সবাই ভালো আছেন। তো আসরের শুরুতেই ঢাকা কোলাকাতার বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • চালের দাম বাড়ায় নতুন দরিদ্র ৫ লাখের বেশি মানুষ'-সানেম গবেষণা প্রতিবেদন-দৈনিক ইত্তেফাক
  • গুম-দুর্নীতি থেকে বাঁচতে মানুষ সরকার পরিবর্তন চায়: এরশাদ-দৈনিক যুগান্তর
  • বেতন বৈষম্যের কারণে আমরণ অনশনে প্রাথমিকের শিক্ষকরা- দৈনিক মানবজমিন
  • সব গুমে সরকার দায়ী : রিজভী-দৈনিক নয়াদিগন্ত
  • ষোড়শ সংশোধনী বাতিল রিভিউ আবেদন চূড়ান্ত- দৈনিক ইনকিলাব
  • প্রধানমন্ত্রীকে নোটিশ দেওয়া ঠিক হয় নি খালেদার- অর্থমন্ত্রী দৈনিক প্রথম আলো

ভারতের শিরোনাম:

  • নিহত হিজবুল কমান্ডার বুরহান ‘শহিদ’, বিধায়কের মন্তব্যে উপত্যকায় শোরগোল-দৈনিক সংবাদ প্রতিদিন- দৈনিক সংবাদ প্রতিদিন
  • নদীতে বাস, রাজস্থানে মৃত অন্তত ৩২, চালকের বয়স ১৬ বছর- দৈনিক আনন্দবাজার
  • কন্ডোম নিয়ে কী বললেন পি চিদাম্বরম?- দৈনিক আজকাল

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

প্রধানমন্ত্রীকে নোটিশ দেয়া ঠিক হয় নি খালেদার- অর্থমন্ত্রী দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণের খবর

বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উকিল নোটিশ পাঠানো ঠিক হয় নি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ সিলেটে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘সৌদিতে খালেদা জিয়ার অবৈধ সম্পদ প্রসঙ্গে প্রধানমন্ত্রী যে অভিযোগ করেছেন, নিশ্চয়ই তার পেছনে যথেষ্ট তথ্য আছে এবং সেটা প্রমাণ করা যাবে।’ জবাব যথাযথ আইনগতভাবেই দেয়া হবে।’ আর দৈনিক মানজমিনের অনলাইন সংস্করণের খবরে বলা হয়েছে, উকিল নোটিশের জবাবের অপেক্ষায় রয়েছে বিএনপি।

কল্যাণ পার্টির মহাসচিবের খোঁজ মিলেছে-দৈনিক প্রথম আলোর খবর। 

বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান

খবরটিতে বলা হয়েছে তিনি ঢাকার গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে আছেন। তবে দৈনিক যুগান্তরের খবরে লেখা হয়েছে, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানকে গুলশান থানা এলাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গত ৩০ আগস্ট কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম দাবি করেছিলেন,

২৭ আগস্ট থেকে আমিনুর রহমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর আগে গতকাল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ শিক্ষক মোবাশ্বের হোসেন সিজার ঘরে ফিরে এসেছেন। তার আগের দিন পূর্ব-পশ্চিম পত্রিকার সাংবাদিক উৎপলকে পাওয়া গেছে। মাত্র ৩ দিনের ব্যবধানে ফিরলেন ৩ জন নিখোঁজ ব্যক্তি। আরও নিখোঁজ আছেন বহু ব্যক্তি। খালেদা জিয়াও সম্প্রতি গুমের ব্যাপারে কথা বলেছেন, এরশাদ বললেন-গুম-দুর্নীতি থেকে বাঁচতে মানুষ সরকার পরিবর্তন চায়। আর মানবজমিনের খবরে লেখা হয়েছে, বিএনপি নেতা রিজভী আজ বলেছৈন, দেশে চলমান সব গুমের জন্য দায়ী বর্তমান সরকার। বিচার বহির্ভূত হত্যা আর গুমের কর্মসূচি হচ্ছে অবৈধ ক্ষমতা ধরে রাখার গ্যারান্টি। তো গুম নিয়ে বিভিন্নমহল থেকে প্রশ্ন উঠেছে-তারা বলছেন মানুষ নিখোঁজ হচ্ছেন-আবার ফিরেও আসছেন কেউ কেউ, কেউ কেউ ফিরছেন না। কিন্তু কারা এরসাথে জড়িত, নেপথ্যে কারা তা অজানা থেকে যাচ্ছে। তো আসলে বিষয়টি কী?

চালের দাম বাড়ায় নতুন দরিদ্র ৫ লাখের বেশি মানুষ'-সানেম গবেষণা প্রতিবেদন-দৈনিক ইত্তেফাক

চালের মূল্য বৃদ্ধির কারণে ৫ লাখ ২০ হাজার মানুষ নতুন করে দরিদ্র হয়েছে

চলতি বছরে চালের দাম বৃদ্ধির কারণে ৫ লাখ ২০ হাজার মানুষ নতুন করে দরিদ্র হয়েছে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সানেম। আগামীতে চাল উৎপাদন, আমদানি ও সরবরাহ ঠিক রাখতে একটি কার্যকর চাল নীতিরও প্রস্তাব করছে ওই প্রতিষ্ঠানটি। আজ ব্রাক সেন্টারে  এক সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। ব্যাংকিং খাতে কেলেঙ্কারি এবং খেলাপি ঋণ বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশেরও কথা জানানো হয় প্রতিবেদনটিতে। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ব্যক্তি খাতে বিনিয়োগ কমে যাওয়ার আশঙ্কা করা হয়েছে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

প্রশ্ন ফাঁসের উৎস ‘বাণিজ্যিক কোচিং’ বন্ধ চান শিক্ষকরা-দৈনিক ইত্তেফাক

প্রশ্ন ফাঁসের উৎস ‘বাণিজ্যিক কোচিং’ -বললেন শিক্ষক নেতারা

বাণিজ্যিক কোচিং সেন্টারগুলোকে প্রশ্নপত্র ফাঁসের অন্যতম উৎস্যের জন্য দায়ী করে তা বন্ধের দাবি জানিয়েছে দেশের শিক্ষক সংগঠনগুলো। শিক্ষক সংগঠনগুলোর মতে, কোচিং সেন্টারগুলো শিক্ষার্থী টানতে সংক্ষিপ্ত সাজেশন আকারে প্রশ্ন ফাঁস করছে। প্রশ্ন ফাঁসে শুধু শিক্ষকদের দায়ী না করে বাণিজ্যিক কোচিং সেন্টারগুলোকে বন্ধ করলে প্রশ্ন ফাঁস অনেকাংশে বন্ধ হবে। বাণিজ্যিক কোচিং সেন্টারগুলোকে প্রশ্নপত্র ফাঁসের জন্য দায়ী করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশও (টিআইবি)। স্কুল কোচিং বন্ধে নীতিমালা হলেও বাণিজ্য কোচিং বন্ধে নীতিমালা হয় নি।

শিক্ষকরা বলছেন, দেশব্যাপী বাণিজ্যিক কোচিং রমরমা। ট্রেড লাইসেন্স দিয়ে পরিচালিত সারাদেশে এ ধরনের কত কোচিং সেন্টার আছে সে হিসাব কারো কাছে নেই। রাজধানীর অলিগলি থেকে শুরু করে উপজেলা সদর পর্যন্ত এ ধরনের কোচিং সেন্টার গড়ে উঠেছে। শিক্ষার্থীদের লোভনীয় অফার দিয়ে কোচিং সেন্টারে টানছে তারা। এসব প্রতিষ্ঠানের শিক্ষকদের বেশিরভাগই স্কুল-কলেজের শিক্ষার্থী। একটি অসাদু চক্র এদের সাথে যুক্ত থাকে যার মাধ্যমেই প্রশ্ন ফাঁস হয়।

ছাত্রলীগের স্কুল কমিটিকে কাদেরের ‘না-দৈনিক প্রথম আলো

বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রলীগের স্কুল কমিটি ধারণাটি ঠিক না। এই মুহূর্তে সমালোচনা ডেকে আনার দরকার নেই। আজ শনিবার দুপুরে তিনি বাংলা একাডেমির এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, এমনিতেই ছেলেমেয়দের পিঠে বই-পুস্তকের বোঝা, তার ওপর রাজনীতির বোঝা চাপানোর দরকার নেই। কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্র রাজনীতি থাকতে পারে। এসব জায়গায় ছাত্রলীগের কমিটি আরও পরিশীলিত করতে হবে। সেখানে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, সে বিষয়ে ছাত্রলীগকে সতর্ক থাকতে হবে। সামনে নির্বাচন, তাই ছাত্রলীগের কাজের জন্য দলের যেন কোনো ক্ষতি না হয়। তিনি বলেন, ‘ছাত্রলীগের গুণগত গভীরতা নিয়ে কিছু কিছু জায়গায় আমার প্রশ্ন আছে।’

গভীর রাতে প্রজ্ঞাপন-যুগ্ম সচিব পদে ১৯৬ কর্মকর্তার পদোন্নতি-দৈনিক যুগান্তর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

প্রশাসনের উপসচিব পদের ১৯৬ কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার গভীর রাতে পদোন্নতিসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ১৮৯ জনের নামের তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাকি ৬ কর্মকর্তার নামে পরে প্রজ্ঞাপন জারি করা হবে। এ কর্মকর্তারা বর্তমানে লিয়েন ও প্রেষণে আছেন। এদিকে মানবজমিনের অনলাইন সংস্করণের খবরে লেখা হয়েছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গভীর রাতে পদোন্নতির প্রজ্ঞাপন রহস্যজনক’। এসএসবির ফিটলিস্ট অনুযায়ী অনেক যোগ্য ও উপযুক্ত কর্মকর্তাকেও পদোন্নতি দেওয়া হয়নি। এছাড়া আরও বেশকিছু কর্মকর্তার নাম ফিটলিস্টভুক্ত করা হয়নি বলেও অভিযোগ উঠেছে।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর:

নদীতে বাস, রাজস্থানে মৃত অন্তত ৩২, চালকের বয়স ১৬ বছর

রাজস্থানে বাস দুর্ঘটনায় নিহত ৩২

নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর দেয়াল ভেঙে নদীতে পড়ে গেল একটি যাত্রিবোঝাই বাস। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩২ জনের। আহত কমপক্ষে ১৫ জন। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের সাওয়াই মাধোপুর দুবি অঞ্চলে। বনস নদীতে পড়ে যায় বাসটি। পুলিশ সূত্রে খবর, ১৬ বছরের এক বাস কন্ডাক্টর বাস চালাচ্ছিল। বাসটির গতিও খুব বেশি ছিল। নাবালক চালক অন্য একটি গাড়িকে ওভারটেক করতে যায়, তখনই ঘটে এই দুর্ঘটনা।

ভারতে সড়ক দুর্ঘটনার হার অনেক বেশি। পাশাপাশি প্রতিবেশী দেশ বাংলাদেশেও সড়ক দুর্ঘটনার হার বেড়েছে বলে বিভিন্ন মিডিয়ার খবরে দেখা যাচ্ছে। এরমধ্যে অদক্ষ চালক, প্রতিযোগিতা,ফিটনেসবিহীন গাড়িসহ আরো নানা কারণ রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়।

কন্ডোম নিয়ে কী বললেন পি চিদাম্বরম?-দৈনিক আজকাল

পি চিদাম্বরাম

একজন যুবক যদি দোকানে কন্ডোম কিনতে যায়, তবে ‌কেন তিনি নিজের আধার কার্ড দেখাবেন? আধার কার্ড সংযোগ নিয়ে আগেই কম বিতর্ক ছিল না। তাতে ঘি ঢেলে তা আরও উস্কে দিলেন আইনজীবী তথা রাজনীতিবিদ পি চিদাম্বরম। শুক্রবার মুম্বইয়ের একটি অনুষ্ঠানে এসে আধার নিয়ে প্রাক্তন অর্থমন্ত্রী চিদাম্বরম ও ইনফোসিসের প্রতিষ্ঠাতা এনআর নারায়ণা মূর্তির সঙ্গে আধার সংযোগ নিয়ে বিবাদের সৃষ্টি হয়।, এটা গণতন্ত্র বিরুদ্ধ কাজ বলেই মনে করছেন পি চিদম্বরাম।  চিদাম্বরম শুক্রবার জানান, তিনি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগ করেননি।

সবকিছুর সঙ্গে আধার সংযোগের প্রসঙ্গ টেনে মোদি সরকারের নিন্দা করে চিদাম্বরম বলেন, ‘সরকার একেবারে বধির হয়ে গিয়েছে। কোনও কারণ ছাড়াই সবকিছুর সঙ্গে আধার সংযোগ করার কোনও অর্থ হয় না।

নিহত হিজবুল কমান্ডার বুরহান ‘শহিদ’, বিধায়কের মন্তব্যে কাশ্মিরে শোরগোল-দৈনিক সংবাদ প্রতিদিন

হিজবুল মুজাহিদিন গেরিলা বুরহান ওয়ানিকে ‘শহিদ’ বললেন ন্যাশনাল কনফারেন্স বা এনসি-র বিধায়ক আবদুল মজিদ লর্মি। ‘কাশ্মীরে যারা সেনার গুলিতে মারা গেছে, বুরহান ওয়ানি-সহ প্রত্যেকেই শহিদ হয়েছেন বলে আজ তিনি মন্তব্য করেন। গতবছরের ৮ জুলাই সেনার গুলিতে নিহত হন ওয়ানি। তার মৃত্যুর পর থেকেই উত্তাল হয়ে ওঠে কাশ্মীর। একটানা ৫৩ দিন কারফিউ জারি করতে হয় ভূস্বর্গে। আবদুলের এ মন্তব্যের তীব্র নিন্দা করেছে রাজনৈতিক মহল।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৩