ডিসেম্বর ২৫, ২০১৭ ১২:৫৬ Asia/Dhaka

সুপ্রিয়/শ্রোতা! ২৫ ডিসেম্বর সোমবারের কথাবার্তার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশাকরি সবাই ভালো আছেন। তো আসরের শুরুতেই ঢাকা কোলাকাতার বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • অনুপ্রবেশের অভিযোগে বিএসএফের তিন সদস্য আটক-দৈনিক প্রথম আলো
  • মেয়েদের ন্যূনতম স্নাতক পর্যন্ত পড়াতে হবে: আইনমন্ত্রী-দৈনিক যুগান্তর
  • খালি অফিসাররা চোর না মন্ত্রীরাও চোর, আমিও চোর-শিক্ষামন্ত্রী-দৈনিক মানবজিমন
  • শিক্ষামন্ত্রীর বক্তব্যে প্রমাণ হয়েছে সরকার দুর্নীতিবাজ : রিজভী-বাংলাদেশ প্রতিদিন
  • রোহিঙ্গাদের ফেরাতে জাতিসঙ্ঘে প্রস্তাব পাস, বিরোধিতায় চীন, রাশিয়াসহ ১০ দেশ-দৈনিক নয়াদিগন্ত
  • স্বস্তি নেই চালের দামে-ভরা মৌসুমে হাট-বাজারে ধানের প্রচুর আমদানি- দৈনিক ইনকিলাব

ভারতের শিরোনাম:

  • মদ-মাংসের ‘টোপে’ ভোট দেয় গরিব মানুষ, বিতর্কিত মন্তব্য মন্ত্রীর- দৈনিক সংবাদ প্রতিদিন
  • বিজেপিকে এক অঙ্কে নামানোই লক্ষ্য রাহুলের- দৈনিক আনন্দবাজার

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও উৎসব আর প্রার্থনার মধ্য দিয়ে বড় দিন পালনের খবরটি আজকের প্রায় সব জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণ এবং অনলাইন পোর্টালে পরিবেশিত হয়েছে। এছাড়া অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের ৩ সদস্যের আটকের খবরটিও বেশ গুরুত্ব পেয়েছে। শিক্ষামন্ত্রীর বক্তব্য নিয়ে চলছে ব্যাপক আলোচনা।খবরটি ভাইরাল হয়েছে মিডিয়া ও স্যোশাল মিডিয়ায়। আর সরকারি প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষকদের তৃতীয় দিনের মতো আমরণ অনশনের খবরটি সর্বত্র প্রকাশিত হয়েছে।

অনুপ্রবেশের অভিযোগে বিএসএফের তিন সদস্য আটক-দৈনিক প্রথম আলো

অনুপ্রবেশের দায়ে ৩ বিএসএফকে আটক করেছে বিজিবি

বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন সদস্যকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ ভোররাতে রাজশাহী শহরের পার্শ্ববর্তী হাজির বাথান এলাকা থেকে চরমাঝারদিয়াড় সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা তাঁদের আটক করেন। বিএসএফের আটক করা সদস্যরা হলেন এসআই হরনাথ সিং, কনস্টেবল রাকেশ কুমার ও সন্তোষ কুমার। তাঁরা ভারতের হাড়ডাঙা ক্যাম্পে কর্মরত। তাঁদের দাবি, ঘন কুয়াশার কারণে তাঁরা পথ ভুলে বাংলাদেশে ঢুকে পড়েছেন।

চরমাঝারদিয়াড় সীমান্ত ফাঁড়ির সুবেদার আবু তালেব বলেন, হাজির বাথান সীমান্ত এলাকায় ভারতের কাঁটাতারের বেড়া নেই। আজ ভোরে ওই পথে বিএসএফের সদস্যরা গরু ব্যবসায়ীদের ধাওয়া দিতে দিতে শূন্যরেখা থেকে বাংলাদেশের ভেতরে প্রায় এক কিলোমিটার এলাকায় ঢুকে পড়েন। এ সময় স্থানীয় লোকজন খবর দিলে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটক করেন। বিএসএফের আরও কয়েকজন সদস্য পালিয়ে ভারতে ফিরে গেছেন। আটক তিনজনকে চরমাঝাড়দিয়াড় সীমান্ত ফাঁড়িতে রাখা হয়েছে। তাঁদের কাছে থেকে অস্ত্র, গুলি, হাতবোমা, লাইট ও সিগন্যাল সেট জব্দ করা হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের ফেরত পাঠানো হবে।

খালি অফিসাররা চোর না মন্ত্রীরাও চোর, আমিও চোর-দৈনিক মানবজমিন

বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শুধু কর্মকর্তারাই ঘুষ খান না। মন্ত্রীরাও দুর্নীতি করেন। মন্ত্রীরা চোর, আমিও চোর। কর্মকর্তারা যাতে সহনশীল হয়ে ঘুষ খান এ কথাও বলেন তিনি। রাজধানীর শিক্ষা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল তিনি এসব কথা বলেন। মন্ত্রীর এ বক্তব্য শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে সরাসরি প্রচার করা হয়। পরে তার এ বক্তব্য অনলাইনে ভাইরাল হয়ে যায়। 

ঘুষ-দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, খালি যে অফিসাররা চোর তা না, মন্ত্রীরাও চোর। আমিও চোর। এ জগতে এমনই চলে আসছে। এ অবস্থার পরিবর্তন করতে হবে। তাই আপনাদের অনুরোধ করেছি, আপনারা ঘুষ খান, কিন্তু সহনশীল হয়ে খান। কেননা, আমার সাহসই নেই বলার যে, ঘুষ খাবেন না। তা অর্থহীন হবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

দৈনিকটির অন্য এক খবরে লেখা হয়েছে, মন্ত্রীদের ‘চোর’ বলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের করা মন্তব্য নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের শিক্ষামন্ত্রীর বক্তব্য যদি এই হয়, তাহলে কোমলমতি শিক্ষার্থীরা সততা, নৈতিকতার পাঠ কোথায় নেবে? শিক্ষামন্ত্রী এক ভয়ঙ্কর বার্তা পাঠালেন শিক্ষাঙ্গনে। শিক্ষামন্ত্রীর বক্তব্য জাতির হৃদয়ের স্পন্দনকে থামিয়ে দেয়ার সামিল। দেশে বিদ্যমান নৈরাজ্যকর অমানিষার মধ্যে তার এ বক্তব্য দেশের জন্য আরও ভয়াবহ উদ্বেগ, ভয় ও বিপদের কারণ হতে পারে

মেয়েদের ন্যূনতম স্নাতক পর্যন্ত পড়াতে হবে: আইনমন্ত্রী-দৈনিক যুগান্তর

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, আমাদের মেয়ে সন্তানকে ন্যূনতম স্নাতক পর্যন্ত শিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে। 

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ১৮ বছরের আগে বিয়ে দিয়ে কন্যা সন্তানদের ভবিষ্যত নষ্ট করবেন না। তিনি বলেন, সবার জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করা আমাদের জাতীয় কর্তব্য। 

আইনমন্ত্রী বলেন, সরকারের একার পক্ষে এই বিশাল দায়িত্ব পালন করা কঠিন। সেজন্য সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান এমনকি ব্যক্তি বিশেষকে এগিয়ে আসতে হবে। তাহলে সরকারের হাত বেশি শক্তিশালী হবে।   ২০৪১ সালের আগেই বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে।

রোহিঙ্গাদের ফেরাতে জাতিসঙ্ঘে প্রস্তাব পাস, বিরোধিতায় চীন, রাশিয়াসহ ১০ দেশ-দৈনিক নয়া দিগন্ত

রোহিঙ্গা

বাংলাদেশে আশ্রয় নেয়া উদ্বাস্তুদের প্রত্যাবাসন নিশ্চিত করা, রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিকত্ব দেয়া এবং রাখাইন রাজ্যে মানবিক সহায়তা কর্মীদের প্রবেশাধিকার দেয়ার আহ্বান জানিয়ে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের প্রস্তাব পাস হয়েছে।

প্রস্তাবে রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে সামরিক অভিযান অবিলম্বে বন্ধ এবং রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় জাতিসঙ্ঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক একজন বিশেষ দূত নিয়োগের আহ্বান জানানো হয়েছে।

নিউ ইয়র্কে জাতিসঙ্ঘ সাধারণ অধিবেশনে ইসলামি সহযোগিতা সংস্থা(ওআইসি) উত্থাপিত প্রস্তাবটি ভোটাভুটির মাধ্যমে পাস হয়েছে।

স্বস্তি নেই চালের দামে-ভরা মৌসুমে হাট-বাজারে ধানের প্রচুর আমদানি- দৈনিক ইনকিলাব

গরীবদের জন্য ভরা মৌসুমে চালের দাম অসহনীয় 

দেশের খাদ্য ভান্ডার খ্যাত উত্তরাঞ্চলে এবার আমন উৎপাদন মোটামুটি হলেও প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে ফারাক রয়ে গেছে। কোথাও লক্ষ্যমাত্রার চেয়ে আবাদ বেশী হয়েছে। ফলনও হয়েছে ভাল। আবার বন্যা-ঝড়ো হাওয়া পোকা মাকড়ের আক্রমন ধানের ফলনে বিপর্যয়ও ঘটেছে। এতকিছুর পরও মোট আবাদ খুব একটা মন্দ নয়। কিন্তু আমনের ভর মওসুমেও চালের বাজার চড়া। সাধারনত এসময় বাজার থাকে সহনীয়। চারিদিকে এত ধান তারপরও চালের দাম বাড়তির দিকে। এনিয়ে অস্বস্তিতে মানুষ।

আর মানবজমিনের খবরে লেখা হয়েছে-  চালের দাম বাড়ার কারণে সাধারণ মানুষের অনেক অসুবিধা হয়েছে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি গতকাল বলেন, কৃষকদের সুবিধার্থে সরকারই চেয়েছিল চালের দাম বাড়ুক। তবে যে পরিমাণ বেড়েছে এটা অসহনীয়।  আগামীতে উৎপাদন বাড়লে চালের দাম কমে আসবে বলে মনে করেন তিনি। এক বছরের ব্যবধানে চালের দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ। এর প্রভাব পড়েছে দেশের মানুষের আর্থসামাজিক অবস্থার ওপর। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং’ (সানেম) বলেছে, চালের দাম বাড়ায় নতুন করে কমপক্ষে সোয়া ৫ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে।

সিন্ডিকেটের পোয়াবারো-মালয়েশিয়ায় জি টু জি প্লাস-দৈনিক ইনকিলfব

অবশেষে ঢাকায় বায়রা কার্যালয়ে নববর্ষের পহেলা জানায়ারী থেকে মালয়েশিয়ায় জি টু জি প্লাসে কর্মী প্রেরণের ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু হচ্ছে। এ ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের মাধ্যমে অনলাইন প্রক্রিয়ায় সকল বৈধ রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ পাবে। এতে দশ সিন্ডিকেটের পোয়াবারো হবে। বৈধ রিক্রুটিং এজেন্সিগুলো সিন্ডিকেটের বেড়াজাল থেকে মুক্তি পাচ্ছে না। ভাগ্যের চাকা ঘোরাতে দেশের গ্রামাঞ্চলের দক্ষ-আধাদক্ষ হাজার হাজার কর্মী আকাশচুম্বি অভিবাসন ব্যয় করে জি টু জি প্লাসে গত ১০ এপ্রিল থেকে দশ সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়ায় যাচ্ছে। অভিবাসনের চড়া ব্যয়ের অর্থ যোগাতে মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের নাভিশ্বাস উঠছে। চড়া সুদে ঋণ নিয়ে এবং গৃহপালিত গবাদিপশু বিক্রি করে অভিবাসনের অর্থ যোগাতে হিমসিম খাচ্ছে বিদেশ গমনেচ্ছু কর্মীরা। গত ১০ মার্চ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত দশ সিন্ডিকেটের মাধ্যমে ৮১ হাজার ৪ শ’ ৪৪ জন কর্মী জিটুজি প্লাস প্রক্রিয়ায় মালয়েশিয়ায় কর্মসংস্থান লাভ করেছে। দালাল চক্রের একাধিক হাত বদল হয়ে মালয়েশিয়ায় যেতে এসব কর্মী জনপ্রতি তিন লাখ টাকা থেকে সাড়ে তিন লাখ টাকা ব্যয় হচ্ছে। মালয়েশিয়া গমনেচ্ছু একাধিক কর্মী ইনকিলাবকে এতথ্য জানিয়েছেন।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর:

বিজেপিকে এক অঙ্কে নামানোই লক্ষ্য রাহুলের- দৈনিক আনন্দবাজার

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী

মাত্র তিন মাসের লড়াইয়ে নরেন্দ্র মোদীর রাজ্যে বিধানসভায় বিজেপিকে দুই অঙ্কে নামিয়ে এনেছেন রাহুল গাঁধী। দেড় বছর পরে লোকসভার লড়াই। তাতে গুজরাত থেকে বিজেপির লোকসভা সদস্যের সংখ্যা এক অঙ্কে নামিয়ে আনার লক্ষ্যে ঝাঁপাবে তাঁর দল।

কংগ্রেসের সূত্রের বক্তব্য, গুজরাতের বিধানসভা নির্বাচনে স্পষ্ট হয়ে গিয়েছে, মোদীর রাজ্যে বিজেপিকে ধরাশায়ী করা সম্ভব। গত কালই গুজরাতে গিয়ে রাহুল কংগ্রেস নেতা-কর্মীদের খোলাখুলি জানিয়েছেন, আসল বিষয়টি হল, এটা ভাবতে শেখা যে, মোদীকে হারানো সম্ভব। পরের বিধানসভায় ১৩৫টি আসন জেতার লক্ষ্য রেখে সরকার গড়ার কথাও প্রকাশ্যে জানিয়ে এসেছেন রাহুল।

মদ-মাংসের ‘টোপে’ ভোট দেয় গরিব মানুষ, বিতর্কিত মন্তব্য মন্ত্রীর-সংবাদ প্রতিদিন

ভোট কেনাবেচা থেকে শুরু করে পেশিশক্তির ব্যবহার। নির্বাচনে জনমত নিজের দিকে টানতে কোনও কিছুতেই অনীহা নেই রাজনীতিবিদদের। এই অভিযোগ নতুন নয়। তবে এবার নিজেই কৃতকর্মের কথা একপ্রকার স্বীকার করে নিয়েছেন উত্তরপ্রদেশের মন্ত্রী ওমপ্রকাশ রাজভর।

 ‘মদ ও মাংসের লোভে ভোট বিক্রি করে গরিব মানুষ।’ রবিবার, বলরামপুরের একটি জনসভায় এমনই মন্তব্য করেন যোগী সরকারের মন্ত্রী রাজভর। তাঁর বক্তব্য, “বাটি-চোখা কাচ্চা ভোট, দারু-মুর্গা পাক্কা ভোট। আলুভাতে দিলে কেউ ভোট দেবে না। মদ ও মাংস দিলেই গরিব জনতার ভোট পাওয়া যায়। তাই খেয়ে সাধারণ জনতা ভোট দেয় এবং পাঁচ বছরের জন্য তাদের মূর্খ বানায় নেতারা।” রাজনীতিবিদদের একাংশের স্বরূপ খুলে দিয়ে ওই মন্ত্রী আরও দাবি করেন, নেতারা জনসাধারণকে বোকা বানিয়ে লখনউ-দিল্লি ঘুরে বেড়ান। উন্নয়ন ও সমস্যা সমাধানের পথে না গিয়ে প্রলোভন দেখিয়ে গরিব মানুষের ভোট আদায় করে নেন তাঁরা।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৫