খালেদা জিয়ার মামলায় সরকারের কোনো হাত নেই: ওবায়দুল কাদের
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৮ ডিসেম্বর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- প্রতিবছর ৭০ হাজার কোটি টাকা পাচার হচ্ছে-দৈনিক যুগান্তর
- ছয় নারীকে ধর্ষণের কথা স্বীকার করলেন সেই ছাত্রলীগ নেতা-দৈনিক ইত্তেফাক
- এবার নোট–গাইড ব্যবসায়ীদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান -প্রথম আলো
- পদ্মা সেতু নির্মাণ কাজের অগ্রগতি ৫০ শতাংশের বেশি : কাদের-দৈনিক নয়াদিগন্ত
- জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা'রাজনৈতিক গন্ধযুক্ত ও কালিমাযুক্ত মামলা খন্দকার মাহবুব-দৈনিক মানবজমিন
- খালেদা জিয়ার মামলায় সরকারের কোনো হাত নেই-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- বদলির পর চাকরি থেকেই ইস্তফা দিলেন ভারতী ঘোষ-দৈনিক আনন্দবাজার
- চার বছরে ৩,২৬০ জনের দোষ প্রমাণ করতে পারেনি সিবিআই-দৈনিক আজকাল
- কেন ফেরত দেওয়া হয়নি কুলভূষণের স্ত্রীর জুতো, জানাল পাকিস্তান-দৈনিক সংবাদ প্রতিদিন
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা-একই যাত্রায় কেন দুই রকম ফল?’-প্রথম আলো
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন তাঁর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। জিয়া অরফানেজের টাকা তছরুপ হওয়ার কোনো তথ্য–প্রমাণ নেই বলে তিনি আদালতকে জানান।
আজ বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতে পঞ্চম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন চলে।
জিয়া অরফানেজের টাকা কুয়েতের আমির পাঠিয়েছিলেন বলে আদালতকে জানান খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। শুনানির সময় খালেদা জিয়ার আইনজীবী আরও বলেন, ‘এই মামলায় রাজনৈতিক গন্ধ আছে। মামলা রাজনৈতিক কালিমালিপ্ত।’ খন্দকার মাহবুব হোসেন আরও বলেন, ‘ঘষামাজা স্বাক্ষরবিহীন কাগজ দিয়ে মামলা তৈরি করা হয়েছে। সব সাক্ষ্য–প্রমাণে দেখা যায়, এই মামলায় কোনো পয়সার তছরুপ হয়নি। খালেদা জিয়া কোনো অ্যাকাউন্ট খোলেননি। তাহলে সাজা দিতে হবে কেন?’
দেশের সর্বোচ্চ জনপ্রিয় নেত্রীর বিরুদ্ধে ঘটনার ১৭ বছর পর কেন মামলা করা হলো—এই প্রশ্ন তোলেন আইনজীবী খন্দকার মাহবুব। তিনি জানতে চান, ‘কেন প্রদীপ জ্বলে উঠল?’ ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আসামি হলেন খালেদা জিয়া, তাঁর বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ছয়জন। তারেক রহমানের বিরুদ্ধে এর মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আসামি হলেন খালেদা জিয়াসহ চারজন।
খালেদা জিয়ার মামলায় সরকারের কোনো হাত নেই-দৈনিক মানবজমিন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার মামলায় সরকারের কোনো হাত নেই। বিএনপি নেতারা বলছেন, খালেদা জিয়া নির্দোষ প্রমাণিত হবেন। খুব ভালো কথা। আদালতের বিচারে তিনি যদি নির্দোষ প্রমাণিত হন অবশ্যই খালাস পাবেন।
কমিউনিটি ক্লিনিকের জন্য ট্রাস্ট গঠন করা হবে: প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কমিউনিটি ক্লিনিকের জন্য ট্রাস্ট গঠন করা হবে। তা হলে কেউ ইচ্ছে করলেই এটি আর বন্ধ করতে পারবে না। এতে করে ভবিষ্যতেও জনগণ উন্নত স্বাস্থ্যসেবা পাবে। বৃহস্পতিবার গণভবনে বিভিন্ন হাসপাতালে অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, এখন ডাক্তাররা নিয়োগ পাওয়ার পর মফস্বলে পোস্টিং হলেই ঢাকায় চলে আসেন। এভাবে চলে আসার ইচ্ছা থাকলে তাদের চাকরি ছেড়ে ঢাকার প্রাইভেট ক্লিনিকে চাকরি নেয়ার পরামর্শ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের অনেক শিক্ষার্থী এখন পড়াশোনা করছেন। প্রয়োজনে তাদের নিয়োগ নেওয়া হবে। তারা এসে প্রত্যন্ত এলাকায় চিকিৎসা দেবে। আমরা তাদের নিয়োগ দেব।’
আর মানবজমিনের একটি খবরে লেখা হয়েছে- এক সপ্তাহ আগে রাজধানীর বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে কর্মরত ১১০ জন চিকিৎসককে ঢাকার বাইরে বদলি করা হয়েছে। সেইসব বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকার বাইরে বদলি ঠেকাতে মরিয়া?
পদ্মা সেতু নির্মাণ কাজের অগ্রগতি ৫০ শতাংশের বেশি : কাদের-দৈনিক নয়া দিগন্ত
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি ৫০ শতাংশের বেশি। মূল সেতুর কাজ অনেক এগিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ২য় স্প্যান বসতে আরো একটু সময় লাগবে, যা মধ্য জানুয়ারি পর্যন্ত গড়াতে পারে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পদ্মার নিচে এতো বেশি অনিশ্চিত পরিস্থিতি যে সেখানে গভীরতা মিলিয়ে টেকনিক্যাল কিছু সমস্যা আছে। তবে আমাদের টার্গেট আমরা যথা সময়েই শেষ করবো।’
প্রতিবছর ৭০ হাজার কোটি টাকা পাচার হচ্ছে-দৈনিক যুগান্তর
সরকার আর্থিক খাতকে চরম হুমকিতে ফেলেছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাস উদ্দীন হিসেবে করে দেখিয়েছেন প্রতিবছর দেশ থেকে ৭০ হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাম দলগুলোর এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
ব্যাংক সেক্টর এবং আর্থিক খাতে অরাজকতা ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় ব্যাংকের সদর দফতর অভিমুখে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।
সমাবেশে বক্তারা বলেন, ব্যাংক লুট, শেয়ার বাজারে লুটপাট-ডাকাতি ও আর্থিক খাতে অরাজকতার মধ্য দিয়ে এই টাকা পাচার করা হচ্ছে। অথচ সরকার লুটপাটকারীদের প্রশ্রয় দিচ্ছে। অর্থমন্ত্রী লুটপাটকারীদের বিরুদ্ধে কোনো কথা বলছেন না। সরকার যাদের মন্ত্রী বানাতে পারেনি তাদের খুশি করতে একটি করে ব্যাংক উপঢৌকন দিচ্ছে বলে অভিযোগ করেন তারা।
এবার নোট–গাইড ব্যবসায়ীদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান-দৈনিক প্রথম আলো
কোচিং-বাণিজ্যে জড়িত শিক্ষকদের পর এবার নোট-গাইড প্রস্তুতকারক প্রতিষ্ঠান ও এর ব্যবসায়ীদের বিরুদ্ধে অনুসন্ধানের ঘোষণা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক সূত্র জানায়, সম্প্রতি এক ব্যক্তি দুদকে এ বিষয়ে অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, দেশে ‘নোট বই (নিষিদ্ধকরণ আইন) ১৯৮০’ থাকা সত্ত্বেও দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন সরকারি সংস্থার কিছু কর্মকর্তা নিয়মিত মাসোহারা নিয়ে এসব ব্যবসায় সাহায্য করে আসছেন। বেশ কয়েকটি নোট বা গাইড বই প্রকাশনা সংস্থার কর্ণধারকে অবৈধ সম্পদ অর্জনের বিষয়েও তাঁর অভিযোগে উল্লেখ রয়েছে।
ছয় নারীকে ধর্ষণের কথা স্বীকার করলেন সেই ছাত্রলীগ নেতা-দৈনিক ইত্তেফাক
শরীয়তপুরে ছয় নারীকে ফাঁদে ফেলে ধর্ষণ ও সেসব দৃশ্য গোপনে ভিডিও করে ছড়িয়ে দেয়ার অভিযোগ ছিল ছাত্রলীগের বহিষ্কৃত নেতা আরিফ হোসেন হাওলাদারের বিরুদ্ধে। তিনি আদালতে তার দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। শরীয়তপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মুজাহিদুল ইসলামের আদালতে বুধবার বিকালে আরিফের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নথিভুক্ত করা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে তিন দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করেন।
এবার কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত
চার বছরে ৩,২৬০ জনের দোষ প্রমাণ করতে পারেনি সিবিআই-দৈনিক আজকাল
দেশের সেরা গোয়েন্দা সংস্থা সিবিআই। নানা বিষয়ে তাদের ওপরেই ভরসা আদালত থেকে আম আদমির। তথ্য বলছে, গত চার বছরে দুর্নীতি বিরোধী মামলার তদন্তে মুখ থুবড়ে পড়েছে সিবিআই–য়ের ভাবমূর্তি। চার বছরে তিন হাজার ২৬০ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করে সিবিআই। প্রত্যেককেই ছেড়ে দিয়েছে আদালত। লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী জীতেন্দর সিং জানিয়েছেন, ২০১৭ সালের নভেম্বর পর্যন্ত
১৮৪ দুর্নীতি মামলায় ৭৫৫ জনকে রেহাই দিয়েছে আদালত। তাছাড়া, ২০১৬ সালে ৯৪৪ জনকে এবং ২০১৪ সালে ৭৪৮ জনকে রেহাই দিয়েছে আদালত। এঁদের প্রত্যেকের বিরুদ্ধে দুর্নীতি মামলার তদন্ত করছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তবে সিবিআইয়ের দায়ের করা ১৮০০ দুর্নীতি মামলায় তিন হাজার ৬১৭ জনকে দোষী সাব্যস্ত করেছে আদালত। মন্ত্রী জোর দিয়ে জানিয়েছেন, সিবিআয়ের তদন্তে হস্তক্ষেপ করে না কেন্দ্রীয় সরকার। নির্দিষ্ট পথ মেনেই দুর্নীতি মামলায় তদন্ত করে তারা।
কেন ফেরত দেওয়া হয়নি কুলভূষণের স্ত্রীর জুতো, জানাল পাকিস্তান-দৈনিক সংবাদ প্রতিদিন
ভারতের প্রবল আপত্তির পর অবশেষে চাপের মুখে সাফাই পাকিস্তানের। কেন কুলভূষণ যাদবের স্ত্রীর জুতো ফেরত দেওয়া হয়নি, সে ব্যাপারে মুখ খুলল সে দেশের বিদেশমন্ত্রক। জানানো হল, আপত্তিকর ধাতব জিনিস খুঁজে পাওয়ার পরই জুতোটি সরিয়ে নেওয়া হয়।
মানবিকতার খাতিরে স্ত্রী ও মায়ের সঙ্গে তাঁকে দেখা করার অনুমতি দেওয়া হয়। কিন্তু তার আগে চরম অমানবিকতার নজির রাখে পাকিস্তান। প্রথমে দুজনেরই পোশাক বদল করতে নির্দেশ দেওয়া হয়। এরপর কুলভূষণের স্ত্রী চেতনকুলের কপালের টিপ মুছিয়ে গলার মঙ্গলসূত্র খুলে রাখা হয়। এমনকী তাঁর জুতোও নিয়ে নেওয়া হয়। সাক্ষাতের পর বারবার ফেরত চেয়েও সে জুতো আর ফিরে পাওয়া যায়নি। দেশে ফিরে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে দেখা করেন তাঁরা। জানানো হয় পুরো বিষয়। তারপরই চূড়ান্ত আপত্তি জানিয়ে বিবৃতি প্রকাশ করে ভারত। দেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র রভিশ কুমার জানান, নিরাপত্তার নাম করে একজনের পরিবারের সংস্কৃতির উপরই হস্তক্ষেপ করেছে পাকিস্তান। পাক মিডিয়ার বিরুদ্ধে কুলভূষণের স্ত্রীও মাকে হেনস্তারও অভিযোগ ওঠে। আপত্তিকর প্রশ্ন করা হয় তাঁদের। এ নিয়ে ক্রমাগত পাকিস্তানের উপর কূটনৈতিক চাপ বাড়াচ্ছিল ভারত। পাকিস্তানের অমানবিক মুখটিই আন্তর্জাতিক ক্ষেত্রে বারবার তুলে ধরা হচ্ছিল।
চাপে পড়ে শেষমেশ সাফাই দিতে বাধ্য হল পাকিস্তান। সে দেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জল দ্য ডন-কে জানিয়েছেন, ভারতের সংস্কৃতিতে হস্তক্ষেপের অভিযোগ ভিত্তিহীন। পাকিস্তানের দাবি, কুলভূষণের স্ত্রীর জুতোতে দাতব একপ্রকার বস্তু ছিল। যা দেখে সন্দেহ হয়। নিরাপত্তার কারণেই সেটি নিয়ে নেওয়া হয়। তবে তাঁর সমস্ত অলঙ্কার ফিরিয়ে দেওয়া হয়েছে। তাঁকে অন্য জুতো দেওয়া হয়েছিল বলেও দাবি করেন ফয়জল। ভারতের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে এদিন বিবৃতি প্রকাশ করে পাকিস্তান। সেখানে জানানো হয়েছে, কুলভূষণ সন্ত্রাসে অভিযুক্ত। এবং তিনি তাঁর দোষ স্বীকারও করেছেন। সাক্ষাতের ২৪ ঘণ্টা পরে ভারত নানারকম ভিত্তিহীন অভিযোগ তুলছে। কিন্তু এরকম কথার লড়াইয়ে যোগ দেওয়ার কোনও ইচ্ছে পাকিস্তানের নেই। পাকিস্তানের দাবি, যদি আপত্তিকর কিছু হয়েই থাকে তাহলে ভারতের ডেপুটি হাইকমিশনার সঙ্গে সঙ্গেই সে কতা বলতে পারতেন। মিডিয়া তো সামনেই ছিল। কিন্তু তাঁরা তা করেননি। নিরাপদ দূরত্বে বসে পাকিস্তানের ভাবমূর্তি খারাপ করতে ব্যস্ত ভারত বলেই অভিযোগ পাক মুলুকের।
বদলির পর চাকরি থেকেই ইস্তফা দিলেন ভারতী ঘোষ-দৈনিক আনন্দবাজার
পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপারের পদ থেকে তাঁকে বদলি করা হয়েছিল ব্যারাকপুরে রাজ্য সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটেলিয়নের কম্যান্ডিং অফিসারের পদে। কিন্তু নয়া পদে যোগ দিলেন না আইপিএস অফিসার ভারতী ঘোষ। বরং নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিলেন রাজ্য পুলিশের ডিজি সুরজিত্ কর পুরকায়স্থকে, রাজ্য পুলিশ সূত্রে তেমনটাই খবর।
গত সোমবার রাতে নবান্ন পাঁচ আইপিএস অফিসারের বদলির নির্দেশ জারি করে। সেখানে ভারতীর নাম ছিল। তাঁর জায়গায় পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পদে পাঠানো হয় অলোক রাজোরিয়াকে। তিনি পূর্ব মেদিনীপুরের এসপি ছিলেন।
বদলির নির্দেশ পাওয়ার পর ভারতীর সঙ্গে কোনও ভাবেই যোগাযোগ করা যায়নি। শোনা যায়, মঙ্গলবার রাতেই তিনি মেদিনীপুর জেলা ছেড়ে বেরিয়ে আসেন।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৮