সংবিধান সংশোধনের ম্যান্ডেট সরকারের নেই: ড.কামাল হোসেন
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৩০ ডিসেম্বর শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- পুলিশকে অবগত করে চার দেয়ালের ভেতর থার্টিফার্স্টের অনুষ্ঠান-দৈনিক যুগান্তর
- বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
- সাক্ষাৎকারে ড. কামাল হোসেন-সংবিধান সংশোধনের ম্যান্ডেট সরকারের নেই-দৈনিক প্রথম আলো
- নিরপেক্ষ নির্বাচনে ফেল করবেন প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল-দৈনিক নয়া দিগন্ত
- নজরদারির কারণে পাসের হার কমেছে’-দৈনিক মানবজমিন
- বছরজুড়ে গুম আতঙ্ক-গুম থেকে যারা ফিরছেন তারা মুখ খুলছেন না-দৈনিক ইনকিলাব
ভারতের শিরোনাম:
- আধার নেই, চিকিত্সা করল না হাসপাতাল, মৃত্যুই হল রোগীর-দৈনিক আনন্দবাজার
- ভিখারী ধরতে পারলেই মিলবে ৫০০ টাকা পুরস্কার -দৈনিক আজকাল
- ধর্মের নামে অশান্তি রুখতে পদক্ষেপ, কলকাতায় নিষিদ্ধ অস্ত্র মিছিল-দৈনিক সংবাদ প্রতিদিন
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
বাংলাদেশের সব জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণ এবং অনলাইন পোর্টালগুরোতে বিশেষ গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে এসইসি, ইবতেদায়ি, জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশের খবরটি।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার পাসের হার ৯৫ দশমিক ১৮ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৬২ হাজার ৬০৯ শিক্ষার্থী। ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৯২ দশমিক ৯৪ শতাংশ।
এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় ৮৩.৬৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৯১ হাজার ৬২৮ জন। শনিবার সকালে গণভবনে ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল
নজরদারির কারণে পাসের হার কমেছে’-দৈনিক মানবজমিন
নজরদারির কারণে জেএসসি ও জেডিসি পরীক্ষায় পাসের হার কমেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার গণভবনে বেলা ১২টার দিকে ফলাফলের অনুলিপি হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। একইসঙ্গে তিনি ভবিষ্যতে পাসের হার বাড়বে বলে আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘নজরদারির কারণে এবার পাসের হার কম হয়েছে। আশা করি ভবিষ্যতে হার বাড়বে।’ প্রধানমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নজরদারি বাড়াতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘ঠিকমতো পড়ালেখা হয় কিনা এটা দেখতে হবে। এটা দেখা খুব জরুরি। শিক্ষার্থীদের মান-উন্নয়নে যত্নশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
২০১৮ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১ জানুয়ারি দেশব্যাপী ‘জাতীয় পাঠ্যপুস্তক উত্সব’ অনুষ্ঠিত হবে।
শনিবার সকালে গণভবনে এক অনুষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের কাছে বই হস্তান্তরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন তিনি।
দৈনিক প্রথম আলোকে দেয়া সাক্ষাৎকারে ড. কামাল হোসেন বলেছেন, সংবিধান সংশোধনের ম্যান্ডেট সরকারের নেই
ড. কামাল হোসেন বলেছেন, এর আগে যখন তারা সংবিধানে হাত দিয়েছিল, তখনো সেটা করার অধিকার তাদের ছিল না। ষোড়শ সংশোধনীতেও ছিল না। কারণ, জনগণ তাদের সেই সব পরিবর্তন আনার ম্যান্ডেট দেয় নি। যদিও ২০১১ সালে তারা নির্বাচিত-অনির্বাচিত বিষয়ে কথা তুলেছিল। এরপর একতরফা নির্বাচনের মাধ্যমে যখন তারা সম্পূর্ণরূপে অনির্বাচিত সরকারে পরিণত হলো, তখন তারা পাস করল সংবিধানের ষোড়শ সংশোধনী।
ষোড়শ সংশোধনী নিয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের রায়ের পুনর্বিবেচনা চেয়ে আবেদন দাখিল করেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, রিভিউ কী করে হতে পারে? আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এবং নয়জন অ্যামিকাস কিউরি সর্বসম্মতভাবে যে সিদ্ধান্তে এসেছেন, তা বদলে দেওয়াটা আশা করা সংগত বলে বিবেচ্য হতে পারে কী করে?
পুলিশকে অবগত করে চার দেয়ালের ভেতর থার্টিফার্স্টের অনুষ্ঠান-দৈনিক যুগান্তর
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, বাড়ির ছাদেও থার্টিফার্স্ট উদযাপন আয়োজন করা যাবে না। এবার চার দেয়ালের ভেতর থার্টিফার্স্টের অনুষ্ঠান উদযাপন করতে হবে। এ জন্য ঢাকা মহানগর পুলিশকে অবগত করতে হবে। আছাদুজ্জামান বলেন, শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের বোম্ব ডিস্পোজাল ইউনিট ও সোয়াত টিমের সদস্যদের মোতায়েন করা হবে।
থার্টিফার্স্টে মাদক ব্যবহারের প্রবণতা দেখা যায় উল্লেখ করে তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে আমাদের গোয়েন্দারা তৎপর থাকবে। ৩১ তারিখ সন্ধ্যা থেকে পরদিন ভোর পর্যন্ত নগরীর সব বার বন্ধ থাকবে। রাত ৮টা থেকে হোটেল ও রেস্তোরাঁগুলোতে আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ থাকবে।
সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, গুলশান, বারিধারা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাত আটটার পর বহিরাগত ব্যক্তিরা প্রবেশ করতে পারবে না।
বছরজুড়ে গুম আতঙ্ক-গুম থেকে যারা ফিরছেন তারা মুখ খুলছেন না-দৈনিক ইনকিলাব
বছরজুড়েই আলোচনায় ছিল গুম বা নিখোঁজের ঘটনা। এ নিয়ে দেশবাসীর উদ্বেগ-উৎকন্ঠার মধ্যে কেটেছে সারা বছর। মানবাধিকার সংস্থাগুলোর হিসাবে এ বছরের জানুয়ারি থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত গুম বা নিখোঁজের শিকার হয়েছেন কমপক্ষে ৭৬ জন। তাদের মধ্যে পরে ৩৫ জন বিভিন্ন সময় ফিরে আসেন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার দেখায়। উদ্ধার হয় ৭ জনের লাশ। এখনো নিখোঁজ ৩৪ জন। যে ৩৫ জনের হদিস পাওয়া গেছে তাদের মধ্যে আবার কমপক্ষে ১৬ জনকে পরে আদালতে উপস্থাপন করেছে পুলিশ বা র্যাব। তাদের পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে, এক দিন আগে তাদের গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বার হাসান সিজার এবং সাংবাদিক উৎপলকে ছেড়ে দেয়া হয়েছে রাতের আঁধারে। আর সর্বশেষ নিখোঁজ হন ব্র্যাক ব্যাংকের শ্যামলী শাখার সিনিয়র অফিসার নাইমুল ইসলাম সৈকত শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
নিরপেক্ষ নির্বাচনে ফেল করবেন প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল-দৈনিক নয়া দিগন্ত
আসন্ন ২০১৮ সালে নিরপক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবারো প্রধানমন্ত্রী হবেন এমন প্রত্যাশা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা নিরপেক্ষ নির্বাচন দিবেন না। কারণ নির্বাচন দিলে তো তিনি ফেল করবেন। তাই আমাদের দাবি নয়, অধিকার আদায় করে নিতে হবে। নির্বাচন তো দিতেই হবে এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবারো প্রধানমন্ত্রী হবেন।
আজ শনিবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনায় সভায় প্রধান অতিথিরি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চীন থেকে ভেজাল ওষুধ আমদানি, গ্রেপ্তার-৩-দৈনিক মানবজমিন
বৈদ্যুতিক সরঞ্জামের নামে চীন থেকে আমদানি করা হচ্ছে ভেজাল ওষুধ। বিভিন্ন সময়ে দেশে ভেজাল ওষুধ তৈরির সন্ধান পাওয়া গেলেও এবারই প্রথম বিদেশে তৈরি ভেজাল ওষুধ দেশে আমদানির তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পুরান ঢাকার তাঁতীবাজার এলাকা থেকে ভেজাল ওষুধ আমদানি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি। তারা হচ্ছে, রুহুল আমিন ওরফে দুলাল চৌধুরী, নিখিল রাজ বংশী ও সাঈদ। এ বিষয়ে গতকাল নিজেদের সদর দপ্তরে সংবাদ সম্মেলন করেছে সিআইডি।
এবার কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত
আধার নেই, চিকিত্সা করল না হাসপাতাল, মৃত্যুই হল রোগীর-দৈনিক আনন্দবাজার
আধার কার্ড দেখাতে না পারায় চিকিত্সাই করল না হাসপাতাল। আর তার জেরে মৃত্যু হল এক মহিলার। এমনই অভিযোগ উঠেছে হরিয়ানার সোনিপতের একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে।
গুরুতর অসুস্থ অবস্থায় ওই হাসপাতালে মাকে নিয়ে গিয়েছিলেন হরিয়ানার সোনিপতের বাসিন্দা পবন কুমার। পবনের বাবা প্রাক্তন সেনাকর্নী বিনয় কুমার কার্গিলের যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন। পবনের অভিযোগ, হাসপাতাল থেকে তাঁকে সরাসরি বলে দেওয়া হয়, আধার কার্ড না দেখালে ভর্তি নেওয়া হবে না।
পবনের দাবি, তিনি মোবাইলে আধারের ছবি দেখান হাসপাতাল কর্তৃপক্ষকে। কিন্তু সেটা দিয়ে কাজ হবে না বলে জানিয়ে দেওয়া হয় তাঁকে। অগত্যা বাড়ি থেকে আধার কার্ড নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে মায়ের চিকিত্সা শুরু করার আর্জি জানিয়েছিলেন তিনি। কিন্তু তার পরেও মায়ের চিকিত্সা করতে অস্বীকার করেন তাঁরা। বেশ কিছুক্ষণ এ ভাবেই হাসপাতালেই পড়ে থেকে মৃত্যু হয় ওই মহিলার।
ধর্মের নামে অশান্তি রুখতে পদক্ষেপ, কলকাতায় নিষিদ্ধ অস্ত্র মিছিল-দৈনিক সংবাদ প্রতিদিন
অস্ত্র মিছিলের বাড়বাড়ন্ত রুখতে কঠোর পদক্ষেপ কলকাতা পুলিশের। আগামী বছরের ২ জানুয়ারি থেকে কলকাতায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরা নিষিদ্ধ। এক বছরের জন্য এই নিয়ম চালু থাকবে। বিজ্ঞপ্তি দিয়ে তা জানালেন পুলিশ কমিশনার রাজীব কুমার।
নগরপালের দেওয়া নোটিসে স্পষ্ট জানানো হয়েছে এক বছরের জন্য এই নিষেধাজ্ঞা জারি থাকবে। সেই সব অস্ত্রের তালিকায় রয়েছে তলোয়ার, তির-ধনুক, মুগুর, রিভলবার, গদা এবং বল্লম। এসব অস্ত্র নিয়ে কোনওভাবে ঘোরা যাবে না। কলকাতা-সহ কলকাতা পুলিশ এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তায় এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। নগরপালের নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে ২০১৮ সালের ২ জানুয়ারি থেকে ১ বছরের জন্য কলকাতা ও কলকাতা পুলিশ এলাকায় অস্ত্র নিয়ে কোনওরকম আস্ফালন দেখানো যাবে না।
ভিখারী ধরতে পারলেই মিলবে ৫০০ টাকা পুরস্কার-দৈনিক আজকাল
ভিখারী ধরতে পারলেই মিলবে নগদ ৫০০ টাকা পুরস্কার। হায়দরাবাদকে ভিখারীমুক্ত করতে এমনই অভিনব উপায় বার করেছে তেলেঙ্গানা কারা দপ্তর। শুধু ভিখারীকে চিনে নিয়ে কর্তৃপক্ষকে খবর দিলেই হবে। হাতে চলে আসবে ৫০০ টাকা। তেলেঙ্গানা কারা দপ্তরের ডিজি ভিকে সিং জানিয়েছেন, ‘রাস্তায় ভিখারীর সন্ধান পেলেই আমাদের খবর দিন। পরেরদিনই পেয়ে যাবেন ৫০০ টাকা। আমরা ভিখারীদের শিক্ষা ও কাজের ব্যবস্থা করব। শহরে ৬টি নতুন পেট্রল পাম্প ও আয়ুর্বেদ চিকিৎসালয় তৈরি হচ্ছে। আমরা সেখানে ভিখারীদের কাজের ব্যবস্থা করব। যারা অশিক্ষিত তাদের আনন্দ আশ্রমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।’#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩০