বাংলাদেশের মন্ত্রিসভায় ব্যাপক রদবদল
-
পত্রপত্রিকার পাতা
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৩ জানুয়ারি বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- বাংলাদেশের মন্ত্রিসভায় ব্যাপক রদবদল-দৈনিক যুগান্তর
- মুন্সীগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭-দৈনিক ইত্তেফাক
- ‘জাল দলিল তৈরি করেছেন তদন্ত কর্মকর্তা হারুন’-প্রথম আলো
- ছাত্রলীগে ক্ষমতার লড়াই-দৈনিক প্রথম আলো
- নির্বাচন করবো, বাইরে রাখা যাবে না: খালেদা-দৈনিক মানবজমিন
- ৫ জানুয়ারি ঘিরে উত্তেজনাবিএনপি-আ’লীগের পাল্টাপাল্টি কর্মসূচি-দৈনিক নয়া দিগন্ত
- কে হচ্ছেন বাংলাদেশের ২১তম প্রেসিডেন্ট-দৈনিক ইনকিলাব
ভারতের শিরোনাম:
- দলিত বিক্ষোভে উত্তাল মহারাষ্ট্রে বন্ধ, উত্তেজনা চরমে-দৈনিক আনন্দবাজার
- ছেলে কোলে ভিক্ষার ছলে ছিনতাই, শহরে সক্রিয় মহিলা পকেটমাররা-দৈনিক সংবাদ প্রতিদিন
- ত্রিপুরার পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে তলব রাজ্যপালের -দৈনিক আজকাল
- অবৈধ বাংলাদেশী’ অভিবাসীদের কোনো সাংবিধানিক অধিকার থাকবে না -টাইমস অব ইন্ডিয়া
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
মন্ত্রিসভায় রদবদলের চমক-দৈনিক প্রথম আলো
মন্ত্রিসভায় নতুন সদস্য সংযোজনের পর দপ্তরেও ব্যাপক রদবদল হয়েছে। এর মধ্যে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননকে সমাজকল্যাণমন্ত্রী করা হয়েছে। আর বিমানমন্ত্রী করা হয়েছে এ কে এম শাহজাহান কামালকে।
পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদকে পরিবেশ ও বনমন্ত্রী করা হয়েছে। আর এই মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা আনোয়ার হোসেন মঞ্জুকে করা হয়েছে পানিসম্পদমন্ত্রী।
নতুন মন্ত্রী হওয়া মোস্তফা জব্বারকে ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। আর প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হওয়া নারায়ণ চন্দ্র চন্দকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে।
নতুন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া কাজী কেরামত আলীকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের প্রতিমন্ত্রী করা হয়েছে। আর ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে তথ্য প্রতিমন্ত্রী করা হয়েছে।
পূর্ণমন্ত্রীর কাজ করে যাওয়া সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এখন থেকে শুধু প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে যাবেন।
দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণসহ প্রায় অনলাইন মিডিয়ার খবর-জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় যুক্তিতর্ক শুনানির ধার্য দিনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী বলেছেন, জাল দলিল তৈরি করেছেন মামলার তদন্ত কর্মকর্তা হারুন-অর-রশিদ। আর এই জাল নথির সপক্ষে আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন হারুন-অর-রশিদসহ পাঁচজন সাক্ষী।
এদিকে দৈনিক মানবজমিনের খবরে লেখা হয়েছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বলেন, নির্বাচন করবো, বাইরে রাখা যাবে না।
আইন আদালত সম্পর্কিত দৈনিক যুগান্তরের ২ টি খবর তুলে ধরছি।
নতুন প্রধান বিচারপতি নিয়োগ না দেয়ায় রিট এ শিরোনামের খবরে দৈনিকটি লিখেছে,
প্রধান বিচারপতির পদ শূন্য থাকা ও নতুন কাউকে নিয়োগ না দেয়া কেন অসাংবিধানিক হবে না, তা জানতে চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী ইউনূস আলী আকন্দ এ রিট দায়ের করেন।
দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ক্ষমতার ব্যবহার উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন আপিল বিভাগ। নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানিকালে এ পর্যবেক্ষণ দেন আপিল বিভাগ।
৫ জানুয়ারি ঘিরে উত্তেজনাবিএনপি-আ’লীগের পাল্টাপাল্টি কর্মসূচি-দৈনিক নয়া দিগন্ত
আগামী ৫ জানুয়ারিকে ঘিরে দেশের বৃহৎ দুই রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে আবারো উত্তেজনা দেখা দিয়েছে। গত তিন বছরের মতো দিনটিতে এবারো কর্মসূচি ঘোষণা করেছে প্রধান দুই রাজনৈতিক প্রতিপক্ষ। দিবসটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যা দিয়ে রাজধানীসহ সারা দেশে কালো পতাকা মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে সরকারবিরোধী দল বিএনপি।
অন্য দিকে একই দিনকে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে পালন করতে সারা দেশে র্যালি ও সমাবেশ ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ফলে নতুন বছরের শুরুতেই উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতি। দুই দলের এমন পাল্টাপাল্টি এমন অবস্থানে যেকোনো ধরনের সঙ্ঘাতের আশঙ্কা করা হচ্ছে।
বিদায়ী বছরে চালের মূল্য বেড়েছে ২০ শতাংশের বেশি-ক্যাবের প্রতিবেদন: দৈনিক ইত্তেফাক
সদ্য বিদায়ী বছরে সব ধরনের চালের মূল্য আগের বছরের চেয়ে গড়ে ২০ দশমিক ৪০ শতাংশ বেড়েছে। আর এক বছরে সবচেয়ে বেশি বেড়েছে পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজের দাম বেড়েছে প্রায় ৪১ শতাংশ এবং আমদানিকৃত পেঁয়াজের দাম বেড়েছে প্রায় ৫৮ শতাংশ। সার্বিকভাবে পণ্য ও সেবার মূল্য বেড়েছে ৭ দশমিক ১৭ শতাংশ। সবমিলিয়ে জীবনযাত্রার ব্যয় বেড়েছে ৮ দশমিক ৪৪ শতাংশ। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয়বিষয়ক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এবার কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত
অবৈধ বাংলাদেশী’ অভিবাসীদের কোনো সাংবিধানিক অধিকার থাকবে না -টাইমস অব ইন্ডিয়া
এবার কথিত ‘অবৈধ বাংলাদেশী অভিবাসীদের’ বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করলেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। তিনি বলেছেন, ‘অবৈধ বাংলাদেশী’ অভিবাসীদের কিছুতেই কোনো সাংবিধানিক অধিকার থাকবে না। তার সরকার এমন কোনো অধিকার দেবে না তাদের। এমন ‘বাংলাদেশীদের’ আসাম থেকে বের করে দেয়ার ক্ষেত্রে তিনি বা তার সাকার মানবিক কারণে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়, রোববার দিবাগত মধ্যরাতে নাগরিকত্ব বিষয়ক ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন (এনআরসি)-এর প্রথম খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
দলিত বিক্ষোভে উত্তাল মহারাষ্ট্রে বন্ধ, উত্তেজনা চরমে-দৈনিক আনন্দবাজার
জাতি হিংসায় জ্বলছে গোটা মহারাষ্ট্র। মঙ্গলবার থেকেই পুণে-মহারাষ্ট্র কার্যত অবরুদ্ধ। বুধবারও একই পরিস্থিতি। কোনও কোনও অঞ্চলে জারি হয়েছে ১৪৪ ধারা। বন্ধ ইন্টারনেট পরিষেবা। তার আঁচ গিয়ে পড়ল সংসদেও। এদিনের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতাকে কটাক্ষ করে মৌনী বাবা বলে অভিহিত করলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে।
বুধবার সকাল থেকেই ভারিপ বহুজন মহাসঙ্ঘের ডাকা এই বন্ধে উত্তেজনা চরমে পৌঁছেছে মুম্বই, পুণে-সহ রাজ্যের বিভিন্ন ব্যস্ত শহরে। বন্ধ রয়েছে বেশির ভাগ স্কুল, কলেজ। কোনও কোনও জায়গায় বাস ভাঙচুরের অভিযোগও উঠেছে।
ছেলে কোলে ভিক্ষার ছলে ছিনতাই, শহরে সক্রিয় মহিলা পকেটমাররা-দৈনিক সংবাদ প্রতিদিন
উৎসবের মরশুমে শহরে ভিখারির ছদ্মবেশে ছিনতাইয়ের ফাঁদ পেতেছে এক দল মহিলা। কলকাতা পুলিশের দাবি, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, নিউ মার্কেটের মতো জনবহুল জায়গায় কোলে বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এরা। তাই সাবধান! কোলে বাচ্চা দেখে কোনও মহিলাকে সাহায্য করতে গেলেন আপনি, আর সেই ফাঁকেই হয়ত দেখলেন, আপনার পকেট থেকে গায়েব হয়ে গিয়েছে মানিব্যাগ কিংবা দামি মোবাইল!
সদ্য নতুন বছর পড়েছে। বর্ষবরণের আনন্দে মাতোয়ারা শহরবাসী। ভিক্টোরিয়া, চিড়িয়াখানার মতো দর্শনীয় স্থানগুলিতে উপচে পড়ছে ভিড়। আর বছরের এই সময়টাতেই শহর জুড়ে বাড়ে পকেটমারদের উপদ্রব। ভিড়ের মাঝে নিঃশব্দে কাজ হাসিল করে তারা। তাই এবার পকেটমারদের জব্দ করতে গোড়া থেকেই সতর্ক ছিল কলকাতা পুলিশ।
ত্রিপুরার পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে তলব রাজ্যপালের-দৈনিক্ আজকাল
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে রাজ্যপাল তথাগত রায়ের ঠান্ডা লড়াই অব্যাহত। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রীকে বৈঠকে ডেকেছিলেন ত্রিপুরার রাজ্যপাল। রাজভবনের সেই বৈঠকে বেশ কিছু ধোঁয়াশা রয়ে গেছে রাজ্যপালের মনে। তাই আবার তিনি মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠিয়েছেন। ডাকা হয়েছে মুখ্য সচিব ও রাজ্য পুলিসের ডিজিকেও।
রাজ্যে বিজেপি সমর্থকদের উপর হামলা ও হত্যার ঘটনায় চিন্তিত রাজ্যপাল। বিশালগড়ে বিজেপি–সিপিএম সংঘর্ষ নিয়েও বিস্তারিত রিপোর্ট চান রাজ্যপাল। তাই মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব ও ডিজিকে তলব করা হয়েছে। রাজ্য বিজেপির আশঙ্কা বৈঠকে মুখ্যসচিব ও ডিজিকে নাও আনতে পারেন মুখ্যমন্ত্রী।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩