খালেদার টুইট: ‘জনগণের অধিকার পদদলিত করছে সরকার
সুপ্রিয় পাঠক/শ্রোতা! কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ৮ জানুয়ারি সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- ‘পাচার ঠেকাতে’ ইলিশ রফতানির সুযোগ দেবে সরকার-দৈনিক যুগান্তর
- নিজেদেরকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে: পুলিশের প্রতি প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
- দ্বিতীয় বিয়ে লুকাতে ডিআইজির কাণ্ড!-প্রথম আলো
- নির্বাচনে যাব -মির্জা ফখরুল-দৈনিক ইনকিলাব
- কমছে কর্মসংস্থান ও রপ্তানি আয় দেড় হাজার পোশাক কারখানা বন্ধ-দৈনিক মানবজমিন
- ৫০ বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা-২.৬-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- গান্ধীর খুনি গডসেই, দ্বিতীয় কেউ নেই, মানল সুপ্রিম কোর্ট -দৈনিক আনন্দবাজার
- প্রধানমন্ত্রীকে নিয়ে অশ্লীল পোস্ট, ‘ডিজিটাল তারকাটা’র নামে এফআইআর-দৈনিক সংবাদ প্রতিদিন
- সমকাম অপরাধ, আগের রায় খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট -দৈনিক আজকাল
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
নিজেদেরকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে: পুলিশের প্রতি প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক পত্রিকার অনলাইন সংস্করণের শিরোনাম
খবরটিতে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পুলিশের সদস্যদের নিজেদেরকে জনবান্ধব হিসেবে গড়ে তুলে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। সোমবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইন্স রাজারবাগে পুলিশ সপ্তাহ ২০১৮ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, ‘আমি আশা করি প্রতিটি পুলিশ সদস্য অসহায় ও বিপন্ন মানুষের প্রতি দায়িত্ব পালন করবেন এবং সাহায্যের হাত বাড়াবেন। জাতির পিতা আপনাদের বলেছেন, আপনারা স্বাধীন দেশের পুলিশ। জনগণের প্রতি আপনাদের কর্তব্য অপরিসীম। তাই আপনাদের নিজেদেরকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে।’
সরকার প্রধান বলেন, ‘পুলিশকে আমি সব সময় আইনের রক্ষকের ভূমিকায় দেখতে চাই। দেশের প্রচলিত আইন, সততা এবং নৈতিক মূল্যবোধই হবে পেশাগত দায়িত্ব পালনের পথ নির্দেশক।’
খালেদার টুইট‘জনগণের অধিকার পদদলিত করছে সরকার’-দৈনিক মানবজমিন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, জনগণের অধিকারকে পদদলিত করছে সরকার। আজ এক টুইটে, ২০১৭ সালে ধর্ষণের শিকার নারীদের পরিসংখ্যান তুলে ধরে এ কথা বলেন তিনি। খালেদা তার টুইটে লিখেছেন, ‘মহিলা পরিষদ বলছে, ২০১৭-এ ১২৫১জন মা-বোন-শিশু ধর্ষিত হয়েছে, গ্যাংরেপ হয়েছে ২২৪জন, ধর্ষণের পর হত্যার শিকার ৫৮জন! আইনশৃঙ্খলার এমন ভয়াবহ বিপর্যয় ও নারী সম্ভ্রম লুন্ঠনের ঘটনায় আমি নির্বাক । জনগণের রক্তের টাকায় অনির্বাচিত মাথাভারী সরকার বাস্তবে অনবরত তাদের অধিকারকে পদদলিত করছে।’
রাষ্ট্রপতি আওয়ামী লীগের লক্ষ্য বাস্তবায়ন করছেন: ফখরুল-দৈনিক যুগান্তর
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, রাষ্ট্রপতি আওয়ামী লীগের লক্ষ্য বাস্তবায়ন করছেন। গণতন্ত্র সুরক্ষায় তার ভূমিকা দুঃখজনক।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সম্পূর্ণ দখলদারিত্ব কায়েম করে গায়ের জোরে ক্ষমতায় টিকে আছেন প্রধানমন্ত্রী। বিনা ভোটের সরকার গঠন করে আবারও অনৈতিক পথে হাঁটছেন। গত কয়েক দিনে আবারও আমাদের নেতাকর্মীদের গ্রেফতার শুরু করেছে। এমতাবস্থায় সুষ্ঠু নির্বাচনের কোনো আলামত দেখছি না আমরা।প্রধানমন্ত্রীর সমালোচনা করে ফখরুল বলেন, 'এ কয়েকদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে যে অশালীন বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ রাজনৈতিক শিষ্টাচারবর্জিত। ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এ অভিযোগ করেন।
মির্জা ফখরুলের বক্তব্যের অন্য একটি তুলে ধরে দৈনিক ইনকিলাব লিখেছে, বিএনপির মহাসচিব বলেছেন, তার দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাবে। এ জন্য প্রস্তুতি নিলেও এখনো দলীয় প্রার্থী চূড়ান্ত করেনি।সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এমন মন্তব্য করেন।
‘পাচার ঠেকাতে’ ইলিশ রফতানির সুযোগ দেবে সরকার-দৈনিক যুগান্তর
‘পাচার ঠেকাতে’ ইলিশ রফতানির সুযোগ দেয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। তিনি বলেন, আমরা রফতানির দিকে যেতে চাচ্ছি এই কারণেও যে আমাদের ইলিশ উৎপাদন বেড়েছে, আন্তর্জাতিক বাজারেও চাহিদা রয়েছে। সে জন্য আমরা কিছুটা রফতানি করতে চাই। সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। মন্ত্রীর এমন ঘোষণায় সাড়ে পাঁচ বছর পর ইলিশ রফতানির বাধা কাটল। ২০১২ সালের ১ আগস্ট থেকে ইলিশসহ সব মাছ রফতানিতে নিষেধাজ্ঞা দেয় সরকার। পরে ওই বছরের ২৩ সেপ্টেম্বর ইলিশ ছাড়া অন্য সব মাছ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
দ্বিতীয় বিয়ে লুকাতে ডিআইজির কাণ্ড!-প্রথম আলো
দ্বিতীয় বিয়ে গোপন করতে নিজের ক্ষমতার অপব্যবহার করে স্ত্রী মরিয়ম আক্তারকে গ্রেপ্তার করানোর অভিযোগ উঠেছে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মিজানুর রহমানের বিরুদ্ধে। তিন সপ্তাহ কারাভোগের পর সপ্তাহখানেক আগে মরিয়ম জামিনে মুক্তি পেয়েছেন। নতুন করে তাঁকে মামলায় জড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে মরিয়মের পরিবার।
মরিয়মের মা কুইন তালুকদার প্রথম আলোকে বলেন, মিজানুর রহমান একাধারে বগুড়া, রমনা ও মোহাম্মদপুর থানা-পুলিশকে ব্যবহার করেছেন তাঁদের শায়েস্তা করার কাজে। তা ছাড়া লালমাটিয়ার যে বাসায় মরিয়ম, তাঁর মা ও ভাইকে নিয়ে গত সেপ্টেম্বরে উঠেছিলেন, সেখানে পুলিশ অভিযান চালিয়েছে।
প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শকের কাছে সবকিছু জানিয়ে বিস্তারিত চিঠি দিয়েছেন কুইন তালুকদার। খোঁজ নিয়ে জানা গেছে, পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত ব্যক্তিদের অনেকেই বিষয়টি সম্পর্কে জানেন। তবে ব্যক্তিগত প্রয়োজনে পুলিশকে কাজে লাগানোর ব্যাপারে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া কিছু জানেন না বলে জানিয়েছেন প্রথম আলোকে। তিনি বলেন, ‘আইনের হাত অনেক লম্বা। কেউ অপরাধ করলে পার পাবে না।’
তবে মিজানুর রহমান এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, মরিয়ম আক্তার একজন প্রতারক। তাঁর মা, নানিও একই রকম।
আর দৈনিক যুগান্তরে এ সম্পর্কিত একটি খবরের শিরোনাম এরকম যে, এক সংবাদপাঠিকার জীবনও বিষিয়ে তুলেছেন ডিআইজি মিজান
খবরটিতে লেখা হয়েছে, শুধু মরিয়ম আক্তার ইকোই নয়, সমাজের বেশ কয়েকজন উচ্চশিক্ষিত হাইপ্রোফাইল মেয়ের জীবন ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিআইজি মিজানুর রহমান। তার ফাঁদে পড়ে একাধিক মেয়ের সাজানো সংসারও ভেঙে গেছে।
পুলিশের এই পদস্থ কর্মকর্তা মিজানুর রহমানের বিরুদ্ধে রোববার যুগান্তরে তথ্যপ্রমাণসহ বিস্তারিত রিপোর্ট প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। অনেকে যুগান্তরে এবং প্রতিবেদককে ফোন করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? এ রকম একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার চরিত্র ও ক্ষমতা অপব্যবহারের চিত্র যদি এই পর্যায়ে চলে আসে তাহলে ধরে নিতে হবে তার নিয়ন্ত্রণকারী কেউ নেই। এদিকে গতকাল এ সংবাদ প্রকাশিত হওয়ার পর তা দুপুরের মধ্যে টক অব দ্য কান্ট্রিতে রূপ নেয় প্রতিবেদনটি। পরিচয় গোপন রাখার শর্তে ভুক্তভোগীদের কয়েকজন আরও চাঞ্চল্যকর তথ্য দেন। পাওয়া যায় বেসরকারি একটি টিভি চ্যানেলের একজন সংবাদপাঠিকার সঙ্গে ডিএমপির অতিরিক্ত কমিশনার মিজানুর রহমানের উত্ত্যক্ত বাক্যবিনিময়ের ফোনালাপের রেকর্ড।জানা যায়, অন্যান্য সেক্টর ছাড়াও তিনি গণমাধ্যমে কর্মরত বেশ কয়েকজন মেয়ের জীবনকেও কিভাবে বিষিয়ে তুলেছিলেন।
কমছে কর্মসংস্থান ও রপ্তানি আয় দেড় হাজার পোশাক কারখানা বন্ধ-দৈনিক মানবজমিন
রানা প্লাজা ধসের পর নানা কারণে প্রায় দেড় হাজারের অধিক পোশাক কারখানা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। রপ্তানি আদেশ না পাওয়া, উৎপাদন ব্যয় বাড়াসহ নানা কারণে মালিকরাও নিজ থেকেই বন্ধ করে দিয়েছে অনেক কারখানা। ফলে পোশাক শিল্পের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো খাত। সবচেয়ে বেকায়দায় পড়েছেন শ্রমিকরা। কর্মসংস্থান হারিয়ে অনেকেই বেকার হয়ে পড়েছেন। অনেকে আবার পেশা বদল করেছেন। অন্যদিকে বন্ধ কারখানাগুলো উৎপাদনে না থাকায় সামগ্রিকভাবে পোশাক খাতে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি কমেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
৫০ বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা-২.৬-দৈনিক নয়া দিগন্ত
দেশে কয়েক দিন ধরে বয়ে চলা তীব্র শৈত্যপ্রবাহ আজ সর্বনিম্ন তাপমাত্রায় নেমে এসেছে। ৫০ বছরের রেকর্ড ভেঙে উত্তরের পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। এর আগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এত দিন পর্যন্ত এটাই ছিল দেশের সবচেয়ে কম তাপমাত্রার রেকর্ড। আজ সোমবার আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে। রাজধানী ঢাকায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। এখানে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আরও দু-এক দিন এই শৈত্যপ্রবাহ থাকবে।
আর দৈনিক যুগান্তরের খবরে লেখা হয়েছে, কুড়িগ্রামে প্রচণ্ড শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের কারণে বাড়ছে রোগ-ব্যাধি। গত এক সপ্তাহে কুড়িগ্রাম সদর হাসপাতালে বিভিন্ন রোগে ভর্তি হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।
সোমবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঠাণ্ডায় জবুথবু হয়ে পড়েছেন এ জনপদের মানুষ। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে লোকজন ঘর থেকে কাজে বের হতে পারছেন না।
এবার কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত
প্রধানমন্ত্রীকে নিয়ে অশ্লীল পোস্ট, ‘ডিজিটাল তারকাটা’র নামে এফআইআর-দৈনিক সংবাদ প্রতিদিন
নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র তাচ্ছিল্য, অশ্লীল পোস্ট। শনিবার যা ঘিরে ইন্টারনেট তোলপাড় হয়। অভিযুক্তর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছে বিজেপি।
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে অশ্লীল পোস্টটি দিয়েছে ‘ডিজিটাল তারকাটা। পোস্টটির ছবিতে দেখা যায় প্রধানমন্ত্রী একটি যৌন পল্লি থেকে বেরচ্ছেন। পোস্টটির নিচে লেখা, ‘আচ্ছে রাত। এখন বুঝতে পারছেন তো আচ্ছে দিন কেন আসেনি?
বিতর্কিত ওই পোস্ট ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া। পোস্টটি দেখে অনেকেই তীব্র নিন্দা করেন। এ নিয়ে হেস্তনেস্ত করতে রোববার অশোকনগর থানায় এফআইআর করেন স্থানীয় বিজেপি কর্মী অনিকেত দে। তিনি থানায় অভিযোগ দায়ের করে বলেন, এটা কি ধরনের নমুনা? অত্যন্ত কুরুচিকর, বিকৃত মানসিকতার এটি নিদর্শন। এই ঘটনা প্রধানমন্ত্রী পদের পক্ষে সম্মানহানি এবং ব্যক্তি আক্রমণের শামিল। পাশাপাশি তাঁর অভিযোগ, এই বিষয়ে রাজ্য প্রশাসন দ্বিচারিতা করছে। আইনের প্রয়োগ নিয়ে প্রশ্ন তোলেন ওই বিজেপি নেতা
গান্ধীর খুনি গডসেই, দ্বিতীয় কেউ নেই, মানল সুপ্রিম কোর্ট -দৈনিক আনন্দবাজার
কোনও বিদেশি গুপ্তচর সংস্থা নয়। কোনও ‘রহস্যজনক ব্যক্তি’ নয়। মহাত্মা গাঁধীকে গুলি করে খুন করেছিলেন নাথুরাম গডসেই।
সোমবার সুপ্রিম কোর্টে এ কথা জানিয়েছেন প্রবীণ আইনজীবী অমরেন্দ্র শ্যারন। ‘জাতির জনক’-এর হত্যাকাণ্ডে গডসে ছাড়াও অন্য কারও জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছেন শ্যারন।
প্রবীণ আইনজীবী শ্যারনের বক্তব্যের ভিত্তিতে গাঁধীর হত্যাকাণ্ডের পুনর্তদন্তের আর্জিও খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।
মহাত্মা গাঁধীকে নাথুরাম গডসে খুন করেননি, ওই হত্যাকাণ্ডে কোনও বিদেশি গুপ্তচর সংস্থার হাত ছিল, এই দাবি করে সুপ্রিম কোর্টে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন ‘অভিনব ভারত’ নামে একটি সংগঠনের প্রতিষ্ঠাতা পঙ্কজ ফড়নীশ।
ভারতকে দেশীয় অস্ত্রে লড়তে হবে, ‘মেক ইন ইন্ডিয়া’র সওয়াল সেনাপ্রধানের-সংবাদ প্রতিদিন
শুধু বিদেশ থেকে অস্ত্র আমদানি করলেই হবে না। ভারতেই তৈরি করতে হবে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। সেই অস্ত্রে বলিয়ান হয়েই আসন্ন যুদ্ধে এগোতে হবে ভারতকে। সোমবার কার্যত ‘মেক ইন ইন্ডিয়া’র হয়ে সওয়াল করে এমনটাই বললেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। স্পষ্ট জানালেন, আধুনিক যুদ্ধ ক্রমশই নিজের চরিত্র পরিবর্তন করছে। সেই পরিবর্তিত চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে প্রতিদিনই নিত্যনতুন চ্যালেঞ্জ নিতে হবে সেনাকে।
এদিন আর্মি টেকনোলজি সেমিনারে যোগ দিতে এসে জেনারেল রাওয়াত বলেন, ‘প্রযুক্তি প্রতিদিনই পালটাচ্ছে। ভবিষ্যতে যে কোনও যুদ্ধে এই প্রযুক্তি একটা বড় ভূমিকা নেবে।’ ভারতীয় সেনাতেও এই মুহূর্তে আধুনিকীরণের প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি। এবং সেটা সব ক্ষেত্রে। পদাতিক, নৌসেনা ও বায়ুসেনা- তিনটি বাহিনীকেই ভবিষ্যতে আরও আধুনিক করে তুলতে হবে বলে মতপ্রকাশ করেন জেনারেল রাওয়াত। তাঁর আশঙ্কা, আন্তর্জাতিক পরিস্থিতি যে দিকে যাচ্ছে, দ্রুতই ভারতকে যুদ্ধে জড়াতে হতে পারে। মুখে বলছেন, ‘ভবিষ্যত আমাদের সামনে কড়া চ্যালেঞ্জ নিয়ে আসতে চলেছে। আমাদের প্রস্তুত থাকতে হবে যে কোনও পরিস্থিতির জন্য।’#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৮