ধ্বংসাত্মক রাজনীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার
সুপ্রিয় পাঠক/শ্রোতা! কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ৯ জানুয়ারি মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- ঢাকার নির্বাচনকে আলাদা গুরুত্ব দিয়ে দেখবে ইসি-দৈনিক প্রথম আলো
- সেই ডিআইজি মিজানকে প্রত্যাহার-দৈনিক যুগান্তর
- ধ্বংসাত্মক রাজনীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর -দৈনিক নয়া দিগন্ত
- খালেদা জিয়া ছাড়া নির্বাচনে যাবেনা ২০ দল-দৈনিক ইত্তেফাক
- মরার আগে জাতীয় পার্টিকে ক্ষমতায় রেখে যেতে চাই -এরশাদ-দৈনিক ইনকিলাব
- দুর্নীতি মামলায় খন্দকার মোশাররফের আবেদন খারিজ-দৈনিক মানবজমিন
- দেশের অবস্থা ভালো না, মানুষ সরকারের পরিবর্তন চায়-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- জীবনের ভার বড্ড বেশি, রাষ্ট্রপতির দরবারে স্বেচ্ছামৃত্যুর আবেদন দম্পতির-দৈনিক সংবাদ প্রতিদিন
- রাজ্যে শুরু হচ্ছে সাড়ে সাত হাজার রাস্তার কাজ-দৈনিক আজকাল
-
বদলের বার্তা নিয়ে বাহরাইনে রাহুল-দৈনিক আনন্দবাজার
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
ধ্বংসাত্মক রাজনীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর -দৈনিক নয়া দিগন্ত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে কঠোরহস্তে দমন করা হবে। তিনি বলেন, ‘আগুনে পুড়িয়ে মানুষ হত্যা, সন্ত্রাস, ভাংচুর কোন রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। আমরা কখনোই এ ধরনের কাজ বরদাশত করবো না।’
এ সময় এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে সদা সতর্ক থাকতে পুলিশ সদস্যদের প্রতি নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী দৃঢ় কন্ঠে বলেন, ‘রাজনীতির নামে এ ধরনের জঘন্য নৃশংস কাজ যারা করবে তাদের কঠোরহস্তে দমন করতে হবে। মানুষের জান-মালের নিরাপত্তা দিতে হবে।’
শেখ হাসিনা আজ মঙ্গলবার সকালে জাতীয় পুলিশ সপ্তাহ ২০১৮ উপলক্ষে তার তেজগাঁওস্থ কার্যালয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দেয়া ভাষণে এ কথা বলেন।
সরকার প্রধান বলেন, ‘রাজনৈতিক দলের মানুষ পুড়িয়ে মারা কোনন ধরনের রাজনীতি আমি জানি না।’
ঢাকা উত্তরের মেয়র উপনির্বাচন ও নতুন ওয়ার্ডের তফিসিল ঘোষণা
আজকের দৈনিক প্রথম আলো, যুগান্তর ও ইত্তেফাকসহ বেশ কয়েকটি পত্রিকার অনলাইন সংস্করণসহ প্রায় সবগুলো অনলাইন পোর্টালে নির্বাচন সম্পর্কিত বেশ কিছু খবর পরিবেশিত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা আজ বলেছেন, ঢাকার নির্বাচনকে আলাদা গুরুত্ব দিয়ে দেখবে ইসি। ঢাকা উত্তরের মেয়র উপনির্বাচন ও নতুন ওয়ার্ডের নির্বাচনের তফসিল ঘোষণা করে তিনি এ কথা বলেন।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৮ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই ২১ ও ২২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ জানুয়ারি। আর ভোট হবে ২৬ ফেব্রুয়ারি।
দৈনিক প্রথম আলো- আ.লীগ প্রার্থী মাঠে, অপেক্ষায় বিএনপির প্রার্থী এ শিরোনামের খবরে লিখেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর মধ্যে। এই দুই দল অবশ্য এখনো তাদের প্রার্থী চূড়ান্ত করেনি। অন্যদিকে, ক্ষমতাসীনদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির সম্ভাব্য প্রার্থী এখনো দলের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। এই সিটিতে গতবারের মেয়র প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নেতা তাবিথ আউয়াল মনোনয়ন পাওয়ার দৌড়ে এবারও এগিয়ে আছেন। যদিও তাঁর সঙ্গে এবার ২০-দলীয় জোটের শরিক বিজেপির সভাপতি আন্দালিব রহমান পার্থর নামও উঠে আসছে।
আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী মেয়র প্রার্থী আতিকুল ইসলাম এর মধ্যে মাঠে নেমে পড়েছেন।
এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামীতে রংপুরের মতো নিরপেক্ষ, স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ নির্বাচন হবে। সরকার কোনো হস্তক্ষেপ করবে না। রংপুরে সরকার হেরেছে, ফলাফল মেনে নিয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে এ মন্তব্য করেছেন।
নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত এ শিরোনামের খবরে দৈনিক প্রথম আলো লিখেছে,
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রস্তুত বিএনপি। এরই মধ্যে দলীয় প্রার্থী বাছাই, ইশতেহার তৈরি ও নির্বাচনকেন্দ্রিক সাংগঠনিক প্রস্তুতির কাজ শুরু করেছে দলটি। তবে নির্বাচনের মাঠ সবার জন্য সমান থাকবে কি না, তা নিয়ে দলটির নীতিনির্ধারকদের শঙ্কা রয়েছে।
দলটির উচ্চপর্যায়ের একজন নেতা প্রথম আলোকে বলেন, ‘মাঠে সমান সুযোগ পেলে ক্ষমতাসীনেরা যত কৌশলই নিক, খেলার জন্য প্রস্তুত আছে বিএনপি।’
দৈনিক ইত্তেফাক লিখেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছাড়া নির্বাচনে যাবেনা ২০ দল।গতরাতে খালেদা জিয়ার সভাপতিত্বে জোটের শীর্ষ নেতাদের সাথে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে আরো বলা হয়, সরকার নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামবে তারা।
ডিআইজি মিজানের আপডেট খবরে দৈনিক যুগান্তর পত্রিকার অনলাইন সংস্করণের শিরোনাম করা হয়েছে,সেই ডিআইজি মিজানকে প্রত্যাহার।খবরটিতে লেখা হয়েছে, অস্ত্রের মুখে টিভি উপস্থাপিকাকে তুলে নিয়ে বিয়ে করার জন্য অভিযুক্ত ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিআইজি মিজানুর রহমানকে প্রত্যাহার করেছে পুলিশ প্রসাশন। আর বাংলাদেশ প্রতিদিনের খবরে লেখা হয়েছে,ডিআইজি মিজানকে নিয়ে সারাদেশে তোলপাড়, বিব্রত পুলিশ।
শৈত্যপ্রবাহ সম্পর্কে তেমন ভালো খবর নেই। দৈনিক যুগান্তর শিরোনাম করেছে,
শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে, আর দৈনিক বাংলাদেশ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, টানা কয়েকদিনের কনকনে ঠাণ্ডায় চাঁপাইনবাবগঞ্জের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। তবে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। প্রথম আলোর খবর উত্তরবঙ্গে কম্বল ও ত্রাণসামগ্রী বিতরণ করেছে আওয়ামী লীগ। অন্যদিকে যুগান্তরের খবর, শীতার্তদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এরইমধ্যে দলীয়ভাবে কম্বলসহ শীতবস্ত্র সংগ্রহ করা হচ্ছে।
শীত নিয়ে ইত্তেফাকে একটি মর্মান্তিক খবর ছাপা হয়েছে, প্রচণ্ড শীতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় খড়কুটো জ্বেলে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে ডাবলু সেখ (৩২) নামে এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।
দেশের অবস্থা ভালো না, মানুষ সরকারের পরিবর্তন চায়-দৈনিক বাংলাদেশ প্রতিদিন/যুগান্তর
দেশের অবস্থা ভালো না মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বিএনপি ও আওয়ামী লীগকে দেশের মানুষ আর চায় না। দেশের মানুষ সরকার পরিবর্তন চায়। এ থেকে উত্তরণ পেতে আগামীতে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে।গতকাল গাইবান্ধায় এক জনসভায় সাবেক এ প্রেসিডেন্ট বলেন, জাতীয় পার্টি উন্নয়ন আর অগ্রগতির রাজনীতিতে বিশ্বাস করে। আর জাতীয় পার্টির হাতে সবাই নিরাপদে থাকবে।
এবার কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত
জীবনের ভার বড্ড বেশি, রাষ্ট্রপতির দরবারে স্বেচ্ছামৃত্যুর আবেদন দম্পতির-দৈনিক সংবাদ প্রতিদিন
বয়স গড়িয়েছে। সন্তান-সন্ততি নেই। এই বয়সে এসে নিজেদের জীবনের ভার অন্য কারও কাঁধে দিতে চান না তাঁরা। বৃদ্ধাশ্রম বা এরকম কোনওকিছুর আশ্রয়ও পছন্দ নয়। তাই রাষ্ট্রপতিরকাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন করে চিঠি লিখলেন মুম্বইয়ের এক দম্পতি।
একজনের বয়স ৮৬। অন্যজনের ৭৯। বিয়ের কয়েক বছরের মধ্যেই সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। জীবন তারপর গড়গড়িয়েই চলেছে। এখন একেবারে প্রান্তে এসে উপস্থিত। জরা গ্রাস করেছে। শরীর অশক্ত। মৃত্যুর অপেক্ষায় এখন দিনগোনা। যদিও তেমন কোনও অসুখবিসুখে আক্রান্ত নন তাঁরা। কিন্তু একদিন না একদিন সে সমস্যায় পড়তেই হবে। কিন্তু আজীবন নিজেদের ইচ্ছেতেই মাথা তুলে জীবনযাপন করেছেন। এখন তাই কারও কাঁধে ভর দিয়ে চলা তাঁদের না-পসন্দ। তাঁদের জন্য অন্য কেউ বিব্রত হোক, এমনটাও পছন্দ নয় তাঁদের। তাই কোনও বৃদ্ধাশ্রমের খোঁজ করেননি। বরং খোদ রাষ্ট্রপতির দরবারে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়েছেন। সেই মর্মে চিঠিও দিয়েছেন তাঁরা।
দম্পতির নাম নারায়ণ ও ইরাবতী লাভাতে। মুম্বইয়ের ঠাকুরদ্বারের বাসিন্দা তাঁরা। কিন্তু এই ইচ্ছে কি তাঁদের পূরণ হওয়া সম্ভব? বিশেষজ্ঞরা বলছেন, না হওয়ার সম্ভাবনাই বেশি। আমাদের দেশে স্বেচ্ছামৃত্যুর অধিকার নেই। যে দেশে তা আইনসঙ্গত, সেখানেও কোনও কঠিন অসুখে আক্রান্ত না হলে সে অনুমতি দেওয়া হয় না। এই দম্পতি সেরকম কোনও মারণরোগে আক্রান্ত নন। ফলে তাঁদের এই আবেদন যে রাষ্ট্রপতি বিবেচনা করবেন, এমনটা কেউই মনে করছেন না। কিন্তু সেক্ষেত্রে আরও বৃদ্ধ অবস্থায় তাঁদের দেখভাল কে করবেন? কীভাবেই বা নিজেদের স্বনির্ভরতার রেওয়াজ বজায় রাখবেন? দু’জনেই ছিলেন সুচাকুরে। ফলে অর্থনৈতিক অস্বচ্ছলতা তাঁদের নেই। কিন্তু জীবনের এক অদ্ভুত সমস্যায় দাঁড়িয়ে তাঁরা।
২০১১ সাল থেকেই স্বেচ্ছামৃত্যু নিয়ে বিতর্ক ঘনিয়ে ওঠে দেশে। ধর্ষিতা অরুণা শানবাগের স্বেচ্ছামৃত্যুর আবেদন করা হয় আদালতে। যদিও তিনি তা নিজে করতে পারেননি। ধর্ষিতা ও নির্যাতিতা হওয়ার পর প্রায় তিরিশ বছর অসাড়-অক্ষম অবস্থাতেই বেঁচে ছিলেন শানবাগ। সে তর্কের মধ্যেই প্রয়াত হন অরুণা। কিন্তু এই বিতর্কের আজও অবসান হয়নি। সর্বোচ্চ আদালতেও স্বীকৃতি মেলেনি। ফলে এই দম্পতির আবেদন গৃহীত হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। তবে এই আবেদন নতুন করে স্বেচ্ছামৃত্যুর আবেদন জাগিয়ে তুলল।
রাজ্যে শুরু হচ্ছে সাড়ে সাত হাজার রাস্তার কাজ-দৈনিক আজকাল
চলতি বছরের ২ ফেব্রুয়ারি একসঙ্গে রাজ্যের সাড়ে সাত হাজার রাস্তার কাজ শুরু করবে রাজ্য সরকার। যার উদ্বোধন হবে নদীয়া থেকে। মঙ্গলবার আলিপুরদুয়ারের সভা থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এছাড়াও আলিপুরদুয়ারে ২৮ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে বাস টার্মিনাস। যার কাজ শীঘ্রই শুরু করে দেওযা হবে।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারের সভা থেকে নাম না করে বিজেপিকে আক্রমণ করেন। তিনি বলেন, ‘জিএসটি ও নোটবন্দী মানুষের সর্বনাশ ডেকে এনেছে। এতে মানু্ষের বিপদ আরও বেড়েছে। দেশের অর্থনীতিকে একপ্রকার ভেঙেই দিয়েছে কেন্দ্র সরকার। অন্যদিকে, বিজেপি ইচ্ছাকৃতভাবে রাজ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। যা মোটেও ভাল নয়।
বদলের বার্তা নিয়ে বাহরাইনে রাহুল-দৈনিক আনন্দবাজার
দেশে দেশে এক ‘অচ্ছে দিন’-এর স্বপ্ন ফেরি করেছিলেন নরেন্দ্র মোদী। এ বার বিদেশের মঞ্চে রাহুল গাঁধী বোঝাতে শুরু করেছেন, সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। বরং ধর্মনিরপেক্ষ ভারতের ভাবনাই আক্রমণের মুখে। পরিস্থিতি বদলাতে অনাবাসী ভারতীয়দেরও উদ্যোগী হতে হবে।
সম্প্রতি আমেরিকায় বার্কলে ও প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে দেশের অবস্থা নিয়ে সরব হয়েছিলেন। কংগ্রেস সভাপতি হওয়ার পরে এই প্রথম বিদেশ সফরে গিয়েছেন তিনি। রাহুল জানান, তিনি কংগ্রেসের প্রতিনিধি। কংগ্রেস গোড়া থেকেই দেশের সব ধর্ম, বর্ণ, অঞ্চলের মানুষকে সঙ্গে নিয়ে চলার পক্ষপাতী। তাঁর অভিযোগ, দেশের বর্তমান সরকার কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারছে না। ফলে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। পরিস্থিতি সামলাতে সেই ক্ষোভকে সাম্প্রদায়িক উত্তেজনায় পরিণত করার চেষ্টা করছে সরকার। কে কী খাচ্ছে, কে কী দেখবে তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। ব্যক্তিগত বিশ্বাসের জন্য খুন হচ্ছেন মানুষ। এমনকী স্পর্শকাতর মামলার বিচার করার পরে বিচারকের রহস্য মৃত্যু হচ্ছে। কিন্তু সরকার নীরব। ’#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৯