খালেদা জিয়া হবেন আগামী প্রধানমন্ত্রী: মওদুদ
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৬ জানুয়ারি মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- খালেদা জিয়া হবেন আগামী প্রধানমন্ত্রী: মওদুদ-দৈনিক প্রথম আলো
- মোবাইল কোর্ট নিয়ে সরকারকে আপিলের অনুমতি-দৈনিক যুগান্তর
- বাংলাদেশ বিনিয়োগের একটি আকর্ষণীয় স্থান-দৈনিক ইনকিলাব
- ঢাকা উত্তর সিটি নির্বাচন স্থগিত চেয়ে রিট-দৈনিক নয়া দিগন্ত
- সড়কপথে শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠার চ্যালেঞ্জ-দৈনিক ইত্তেফাক
- অনশন ভাঙলেন ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- কলকাতাই কি ‘দূষণ রাজধানী'-দৈনিক আনন্দবাজার
- তাঁকে খুনের চেষ্টা হচ্ছে, বিস্ফোরক অভিযোগ তোগাড়িয়ার -দৈনিক আজকাল
- মিছিলে গণ্ডগোল হলে দায় বিজেপির, সাফ কথা কলকাতা হাই কোর্টের-দৈনিক সংবাদ প্রতিদিন
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
আট ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল ঘোষণার খবরটি আজকের প্রায় সব জাতীয় দৈনিকের অনললাইন সংস্করণ এবং নিউজ পোর্টালগুলো
রাষ্ট্রায়ত্ত আট ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। একই সঙ্গে নিয়োগ পরীক্ষায় অব্যবস্থাপনার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে আজ দুপুরে এক জরুরিসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
গত ১২ই জানুয়ারি বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত আট ব্যাংকের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রমালিকানাধীন আট ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে গত রোববার প্রার্থীরা বিক্ষোভ করেন। তারা নয় দফা দাবি জানিয়েছেন।
ঝুঁকিতে সউদী শ্রমবাজার-দৈনিক ইনকিলাব
ভুয়া স্বাস্থ্য পরীক্ষার সার্টিফিকেট দেখিয়ে সউদী আরব গমনেচ্ছু কর্মীদের ভিসা ইস্যু হচ্ছে দেদার। ঢাকাস্থ সউদী দূতাবাসে দফায় দফায় লিখিত অভিযোগ দেয়ার পরও জিসিসির সিস্টেমে স্বাস্থ্য পরীক্ষার ইউজার আইডি যাচাই-বাছাই ছাড়াই ওয়ার্ক ভিসা ইস্যু করা হচ্ছে। এতে সউদী গমনেচ্ছু অধিকাংশ কর্মীকেই গামকার মেডিক্যাল পরীক্ষা ছাড়াই বিদেশে পাঠানো প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এ সুযোগে জটিল রোগে আক্রান্ত ব্যক্তিরাও স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই সউদী আরবে চলে যাচ্ছে। এতে করে দেশটিতে নানা রোগের প্রার্দুভাব ছড়াতে পারে। এ নিয়ে পরিস্থিতি অবনতির দিকে গড়ালে জনশক্তি রফতানির সবচেয়ে বড় বাজারে (সউদী আরবে) ধস নেমে আসতে পারে। অভিজ্ঞ মহল এ অভিমত ব্যক্ত করেছেন। অনেক রিক্রুটিং এজেন্সি গামকার অনুমোদিত মেডিক্যাল সেন্টারগুলোতে সউদী গমনেচ্ছু কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা না করেই দূতাবাসের সাথে যোগসাজস করে ভিসা সংগ্রহ করে তাদেরকে বিদেশে পাঠাচ্ছে। গামকার অনুমোদিত রাজধানীসহ চট্টগ্রাম ও সিলেটের ২৭টি মেডিক্যাল সেন্টার এখন বিদেশ গমনেচ্ছু কর্মীর অভাবে স্বাস্থ্য পরীক্ষার সংখ্যা সর্বনিন্ম পর্যায়ে চলে এসেছে। ফলে মেডিক্যাল সেন্টারগুলো আর্থিকভাবেও মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে।
খালেদা জিয়া হবেন আগামী প্রধানমন্ত্রী: মওদুদ-দৈনিক প্রথম আলো
‘এটা আসলে কোনো মামলাই না। এ রকম মামলা বিভিন্ন দেশে রাজনৈতিক নেতাদের ঘায়েল করার জন্য করা হয়ে থাকে। এখানেও তা-ই হয়েছে। এতে আমাদের নেত্রীর কোনো ক্ষতি হবে না; বরং তাঁর জনপ্রিয়তা বাড়বে। তিনিই হবেন বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী।’ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে আজ মঙ্গলবার যুক্তিতর্ক উপস্থাপনের সময় এ কথা বলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ।
বকশীবাজারে বিশেষ জজ আদালত-৫-এ মামলার দশম দিনের মতো যুক্তিতর্কের ওপর শুনানি চলছে। এখন মধ্যাহ্ন বিরতি শুরু হয়েছে। এরপর আবার শুনানি শুরু হবে।
অনশন ভাঙলেন ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা-দৈনিক মানবজমিন
সরকারের দেয়া আশ্বাসের ভিত্তিতে অনশন ভাঙলেন ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা। আজ দুপুরে প্রেসক্লাবে শিক্ষা সচিব আলমগীর হোসেন জাতীয়করণের আশ্বাস নিয়ে গেলে তারা অনশন ভাঙেন। ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব কাজী মোখলেছুর রহমান জানান, সরকারের পক্ষ থেকে আমরা আশ্বস্ত হয়ে অনশন ভেঙেছি। তবে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা পাইনি।
শিক্ষকদের এ নেতা আরো জানান, জাতীয় বাজেটে যদি ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ বিষয়ে কোনো বিষয় চূড়ান্ত না থাকে তাহলে আবারো অনশনে যবেন তারা।
উল্লেখ্য, গত আটদিন ধরে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করে আসছেন শিক্ষকরা। অনশনে এ পর্যন্ত ১৮৬ শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন।
সড়কপথে শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠার চ্যালেঞ্জ-দৈনিক ইত্তেফাক
দেশের সড়ক-মহাসড়কগুলিতে দুর্ঘটনার মাত্রা এমন পর্যায়ে পৌঁছিয়াছে যে, এখন আর কেহ কোন মায়ের কোল খালি হইয়াছে কিংবা কোন শিশু চিরতরে মাতৃ ও পিতৃস্নেহ হইতে বঞ্চিত হইল তাহা লইয়া মাথা ঘামান না। মৃতরা এখন মানুষ নয়, কতগুলি সংখ্যা মাত্র!
সেই সংখ্যাও আতঙ্কজনক পর্যায়ে পৌঁছিয়াছে ইতোমধ্যে। গত শনিবার প্রকাশিত যাত্রী কল্যাণ সমিতির বার্ষিক প্রতিবেদনে যেই তথ্য উঠিয়া আসিয়াছে তাহা উদ্বেগজনক বলিলে কমই বলা হয়। প্রতিবেদনমতে, ২০১৭ সালে সড়ক দুর্ঘটনার সংখ্যা ও দুর্ঘটনাজনিত মৃত্যুর হার দুই-ই বাড়িয়াছে। সর্বমোট ৪ হাজার ৯শ’ ৭৯টি সড়ক দুর্ঘটনা ঘটে। ইহাতে নিহত হন ৭ হাজার ৩শ’ ৯৭ জন। আহতের সংখ্যা ১৬ হাজারের বেশি। এই হিসাবে এই সময়ে দুর্ঘটনা বাড়িয়াছে সাড়ে ১৫ শতাংশ। আর মৃত্যুর হার বৃদ্ধি পাইয়াছে সাড়ে ২২ শতাংশ।সমিতির নেতৃবৃন্দ জানাইয়াছেন যে, প্রতিবেদনটি প্রণীত হইয়াছে গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে। ফলে সড়ক দুর্ঘটনা এবং দুর্ঘটনাজনিত হতাহতের প্রকৃত সংখ্যা আরো বেশি হওয়াটাই স্বাভাবিক। কারণ সড়ক দুর্ঘটনার সব খবর গণমাধ্যমে আসে না। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা সড়ক দুর্ঘটনাকে ‘অন্যতম মহামারি’ হিসাবে অভিহিত করিয়া ইহার নিরসনকল্পে সমন্বিত পরিকল্পনা এবং মানসম্মত যুগোপযোগী আইনের মাধ্যমে সড়কপথে সার্বিক সুশাসন প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করিয়াছেন।সড়ক পরিবহন দেশের বড় ও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত হওয়া সত্ত্বেও এই ক্ষেত্রে যে দীর্ঘদিন যাবত্ গুরুতর বিশৃঙ্খলা বিরাজমান তাহা লইয়া খুব একটা দ্বিমত নাই। এমনকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষও তাহা স্বীকার করিয়া আসিতেছেন। দুর্ঘটনার কারণ এবং করণীয় বিষয়েও মোটামুটি সকলেই একমত। তাহা সত্ত্বেও কেন সড়কপথে লাগামহীনভাবে জীবন ও সম্পদের অপচয় ঘটিয়া চলিয়াছে তাহা আমাদের বোধগম্য নহে।
ঢাকা উত্তর সিটি নির্বাচন স্থগিত চেয়ে রিট-দৈনিক নয়া দিগন্ত
ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। আদালত বুধবার আদেশের জন্য দিন ধার্য করেছে।
বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার রিট আবেদনের ওপর শুনানি হয়।
দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে এখন পর্যন্ত নির্বাচনী মাঠে সুষ্ঠু পরিবেশের কোনো আলামত নেই বলে অভিযোগ করেছে বিএনপি। সেইসাথে অবিলম্বে সেনাবাহিনী মোতায়েন করে ভয় ভীতিমুক্ত নির্বাচনী পরিবেশ তৈরির করার আহ্বান জানিয়েছে দলটি।
এবার কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত
তাঁকে খুনের চেষ্টা হচ্ছে, বিস্ফোরক অভিযোগ তোগাড়িয়ার -দৈনিক আজকাল
১২ ঘণ্টা নিখোঁজ থাকার পর সোমবার রাতে অচৈতন্য অবস্থায় হদিশ মিলল বিশ্ব হিন্দু পরিষদের কার্যনির্বাহী আন্তর্জাতিক সভাপতি প্রবীণ তোগাড়িয়ার। গুজরাটে এসে রাজস্থান পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছেন বলে সন্দেহ করা হচ্ছিল। কীভাবে তিনি ভিএইচপির সদর দপ্তর থেকে কোনও রক্ষী ছাড়াই বেরিয়ে গেলেন এবং বিমানবন্দরে পৌঁছলেন তা জানা যায়নি। যদিও মঙ্গলবার সকালেই সাংবাদিক বৈঠক ডেকে রাজস্থান পুলিশের বিরুদ্ধে তোপ দেগে প্রবীণ বলেন, “আইবি’কে দিয়ে আমাকে ভয় দেখাচ্ছে রাজস্থান পুলিশ। বলা হচ্ছে, আমার এনকাউন্টার করা হবে। সোমবার এক ব্যক্তি আমার অফিসে ঢুকে এ কথা বলেই চলে যান। এরপর কেউ যাতে আমার লোকেশন জানতে না পারে তার জন্য মোবাইল ফোনের সুইচ অফ করে দিই। একটি অটোয় চড়ে একাই বাড়ির দিকে রওনা হই।” উল্লেখ্য, রাজস্থানের শ্রীগঙ্গাপুরে প্রবীণের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।মঙ্গলবার তিনি বলেন, ‘এক দশকের পুরনো মামলায় আমাকে নিশানা করা হচ্ছে।
মিছিলে গণ্ডগোল হলে দায় বিজেপির, সাফ কথা কলকাতা হাই কোর্টের-দৈনিক সংবাদ প্রতিদিন
বাইক ব়্যালি নিয়ে আদালতে মুখ পুড়ল বিজেপির। মিছিল নিয়ে কোনওরকম অপ্রীতিকর ঘটনা ঘটলে বিজেপিকেই তার দায় নিতে হবে।সোমবার কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ একথাই জানিয়ে দিল। পাশাপাশি আদালত মিছিল নিয়ে বেশ কিছু শর্তও দিয়েছে।
এদিন মিছিল নিয়ে যেমন বিশ কিছু এলাকায় উত্তেজনা ছড়ায়, তেমন এই ইস্যুতে আদালতে ছিল টানটান উত্তেজনা। সোমবার রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন এই ব়্যালিতে উত্তরপ্রদেশ থেকে ২৯০টি মোটরবাইক এসেছে।এমনকী ভিন রাজ্য থেকে লোক আনা হয়ছে বলেও তিনি আদালতে জানান। পাশাপাশি রাজ্যের তরফে অভিযোগ করা হয়, কর্মসূচির আয়োজক যুব মোর্চা। তবুও মিছিল বিজেপির পতাকা দেখা যাচ্ছে। তাহলে আসলে ব়্যালির আয়োজক কে? এই নিয়ে প্রশ্ন তোলা হয়। এমনকী যুব মোর্চার সভাপতি দেবজিৎ সরকারের অস্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেন অ্যাডভোকেট জেনারেল। এর জবাবে বিজেপির পক্ষ থেকে আইনজীবী সপ্তাংশু বসু ও ব্রজেশ গুপ্তা ওই নেতার নিয়োগপত্র আদালতে দেখান। সওয়াল জবাব শেষে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানায়, মিছিল নিয়ে কোনওরকম অশান্তি হলে যুব মোর্চা তথা বিজেপি দায়ী থাক ব়্যালি নিয়ে বেশ কিছু শর্ত চাপায় আদালত। সেখানে জানানো হয়, সময়মতো মিছিল শুরু করতে হবে। কারণ এদিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দেরিতে যাওয়ায় ব়্যালি করতে দেরি হয়। এক জেলা থেকে আর এক জেলায় গেলে ১৫ মিনিট বাড়তি সময় দেওয়া হবে। বাইক ব়্যালিতে অংশগ্রহণকারীদের আদালত নিযুক্ত স্পেশাল অফিসারের কথা মেনে চলতে হবে।
কলকাতাই কি ‘দূষণ রাজধানী'-দৈনিক আনন্দবাজার
১৯১১ সালে কলকাতার কাছ থেকে রাজধানীর তকমা কেড়ে নিয়েছিল দিল্লি। এ বার কি প্রতিশোধ হিসেবে দিল্লির কাছ থেকে ‘দূষণ রাজধানী’র তকমা কাড়তে চায় কলকাতা?
সম্প্রতি বায়ুদূষণের তথ্য বিশ্লেষণ করে এমনই প্রশ্ন তুলেছেন শহরের পরিবেশকর্মীদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, বায়ুদূষণের নিরিখে এত দিন দিল্লিই ছিল বড় শহরগুলির মধ্যে প্রথম। কিন্তু চলতি বছরের শুরু থেকেই দেখা যাচ্ছে, প্রায় রোজই দিল্লিকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলছে কলকাতা। মাঝেমধ্যেই টপকে যাচ্ছে। পরিস্থিতি এমনই যে, কলকাতার রাস্তায় শ্বাসকষ্ট হওয়া নিয়ে এজলাসে উদ্বেগ প্রকাশ করেছিলেন জাতীয় পরিবেশ আদালতের বিচারপতি এস পি ওয়াংদি-ও। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ইদানীং কলকাতার হাওয়ায় বিষের মাত্রা মাপছে না। যন্ত্র সারানোর দোহাই দিয়ে রাজ্য সরকারও বহু জায়গায় মাপা বন্ধ রেখেছে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৬