''বিচারবহির্ভূত হত্যা, গুমের অভিযোগ মোকাবিলায় বাংলাদেশ ব্যর্থ হয়েছে''
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২০ জানুয়ারি শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- বিচারবহির্ভূত হত্যা, গুমের অভিযোগ মোকাবিলায় বাংলাদেশ ব্যর্থ হয়েছে-দৈনিক ইত্তেফাক
- অদক্ষতায় বছরে ক্ষতি ১১৯৫ কোটি টাকা-দৈনিক প্রথম আলো
- নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা দেবে বিএনপি-দৈনিক যুগান্তর
- ‘পুঁজিবাজারকে যারা ফটকা বাজার বলে তারা শত্রু’-দৈনিক মানবজমিন
- বিএনপিতে এবার নো খালেদা নো ইলেকশন বিতর্ক-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
- যশোরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪-দৈনিক নয়া দিগন্ত
- আওয়ামী লীগে ভোটের প্রস্তুতি-দৈনিক ইনকিলাব
ভারতের শিরোনাম:
- জিএসটি আদায় কম, ভাঁড়ার খালি, বিপন্ন উন্নয়ন-আনন্দবাজার
- আরএসএস করে সময় নষ্ট হয়েছে, বলছেন হিন্দুত্ববাদী নেতা-দৈনিক আজকাল
- নিয়ন্ত্রণরেখায় রেঞ্জার্সের গুলিবর্ষণের যোগ্য জবাব বিএসএফ-এর, নিহত ৪ পাক নাগরিক-দৈনিক সংবাদ প্রতিদিন
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা দেবে বিএনপি-দৈনিক যুগান্তর
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে বিএনপি যথাসময়ে নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা ঘোষণা করবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেব। আমরা মনে করি যে, প্রত্যেকটি বিষয়ের একটি সময় আছে। সেই সঠিক সময়েই অর্থাৎ যথাসময়ে অবশ্যই নির্বাচকালীন সহায়ক সরকারের রূপরেখা জাতির কাছে তুলে ধরা হবে’। শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিযেশন অব বাংলাদেশ-ড্যাবের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগে ভোটের প্রস্তুতি-দৈনিক ইনকিলাব
২শ’ আসনে বিজয় টার্গেট করে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার লক্ষ্য নিয়ে আগেভাগেই আটঘাট বেঁধে নির্বাচনী মাঠে প্রচারণায় নামছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সরকারের ৯ বছরের উন্নয়ন কর্মকাÐ তুলে ধরে দেশব্যাপী ব্যাপক প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপশি প্রধান প্রতিপক্ষ বিএনপির বিরুদ্ধে ‘আগুন সন্ত্রাস’ চিত্র তুলে ধরে জনগণকে সজাগ করতে ডিজিটাল প্রচারণার মহাপরিকল্পনা করা হচ্ছে। এবারের নির্বাচনে জোটের শরীকদের জন্য শতাধিক আসনে ছেড়ে দেয়ার চিন্তাভাবনা মাথায় রেখেই নির্বাচনী মাঠ সাজানোর পরিকল্পনা করা হয়েছে।
হিউম্যান রাইটস ওয়াচের বৈশ্বিক প্রতিবেদনে বলা হয়েছে, বিচারবহির্ভূত হত্যা, গুমের অভিযোগ মোকাবিলায় বাংলাদেশ ব্যর্থ হয়েছে। দৈনিক ইত্তেফাকে প্রকাশিত ওই প্রতিবেদনে লেখা হয়েছে,
মানুষকে গোপনে আটকে রাখা, গুম ও বিচারবহির্ভূত হত্যার মতো গুরুতর অভিযোগগুলো মোকাবিলায় বাংলাদেশ কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
বৃহস্পতিবার প্রকাশিত সংস্থার ‘ওয়ার্ল্ড রিপোর্ট ২০১৮’তে এ কথা বলা হয়েছে। দোষীদের বিচারের মুখোমুখি না করে উল্টো অভিযোগগুলো অস্বীকার করা হয়েছে বলেও দাবি করেছে এইচআরডব্লিউ। তবে প্রতিবেদনে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকারের প্রশংসা করা হয়েছে।
পুঁজিবাজারকে যারা ফটকা বাজার বলে তারা শত্রু’-দৈনিক মানবজমিন
পুঁজিবাজারকে যারা ফটকা বাজার বলে তারা পুঁজি বাজারের শত্রু বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ শনিবার দুপুরে সিলেটে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আয়োজিত সিলেটে বিনিয়োগ শিক্ষা মেলা ও কফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন- পুঁজিবাজারে কারসাজির ঘটনায় যথেষ্ট মামলা হয়েছে। সুতরাং কোনো অ্যাকশন হয় না এটা ঠিক না। কিন্তু পুঁজিবাজারের অ্যাকশন খুব দ্রুত হয় না।
অদক্ষতায় বছরে ক্ষতি ১১৯৫ কোটি টাকা-দৈনিক প্রথম আলো
অদক্ষতা ও অব্যবস্থাপনায় এক বছরেই ব্যবসায়ীদের ক্ষতি ১ হাজার ১৯৫ কোটি টাকা। চট্টগ্রাম সমুদ্রবন্দরে লাইটার জাহাজ-সংকট এবং পর্যাপ্ত জেটির অভাবে আমদানি পণ্য সময়মতো খালাস করতে না পারায় এই ক্ষতি হয়েছে। বিদেশি জাহাজ কোম্পানিগুলোকে এই অর্থ এখন মার্কিন ডলারে পরিশোধ করতে হচ্ছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের দূরদর্শিতার অভাব এবং নীতি বাস্তবায়নে সক্ষমতার ঘাটতিকে এই অবস্থার জন্য দায়ী করছেন ব্যবসায়ীরা। পণ্য আমদানি করতে গিয়েই মূলত ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। এর ফলে আমদানি করা পণ্যের দামও বেড়ে যাচ্ছে।
আর্সেনিকের তথ্য চেপে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর!-দৈনিক প্রথম আলো
স্বাস্থ্য অধিদপ্তরের ‘হেলথ বুলেটিন ২০১৭ ’-এ আর্সেনিকের তথ্য নেই। গত মাসের শেষ সপ্তাহে বার্ষিক এই প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ করেছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস)। ২৫০ পৃষ্ঠার এই প্রতিবেদনে আর্সেনিকে বিষক্রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বা তাদের চিকিৎসা-পরিস্থিতি নিয়ে তথ্য নেই। স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ এই দলিলে আর্সেনিকের তথ্য চেপে যাওয়াকে দুঃখজনক বলেছেন অধ্যাপক আইনুন নিশাত। এক দশকের বেশি সময় ধরে দেশের সার্বিক স্বাস্থ্য পরিস্থিতি ও স্বাস্থ্যসংক্রান্ত মৌলিক তথ্যসংবলিত বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে আসছে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস। মআইএসের পরিচালক ও বুলেটিনের প্রধান সম্পাদক ডা. আশিস কুমার সাহা প্রথম আলোকে বলেন, ‘আর্সেনিক-সংশ্লিষ্ট দপ্তরে ও কর্মকর্তার কাছে বারবার তাগাদা দিয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।’
আর্সেনিক বিষয়ে নীতিনির্ধারণ পর্যায়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আইনুন নিশাত। তিনি প্রথম আলোকে বলেন, ‘আর্সেনিক হচ্ছে নীরব ঘাতক। দেশ থেকে আর্সেনিক সমস্যা দূর হয়নি। হেলথ বুলেটিনে আর্সেনিকের তথ্য না থাকা দুঃখজনক। আর্সেনিকোসিস রোগীদের সংখ্যা, পরিস্থিতি, চিকিৎসার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগ জানার অধিকার সবার আছে।’
দুই বছর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যকে উদ্ধৃত করে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠান হিউম্যান রাইটস ওয়াচ বলেছিল, বাংলাদেশে প্রতিবছর আর্সেনিকের বিষক্রিয়ার কারণে ৪৩ হাজার মানুষ মারা যায়। এই তথ্যের প্রতিবাদ করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু আর্সেনিকের কারণে কত মানুষের মৃত্যু হয়, তার কোনো পরিসংখ্যান স্বাস্থ্য অধিদপ্তর দিতে পারেনি।
যশোরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪-দৈনিক নয়া দিগন্ত
যশোরে ডাকাতদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ চার ডাকাত নিহত হয়েছেন বলে দাবী করেছে পুলিশ। সদর ও ঝিকরগাছা উপজেলায় গতরাতে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি নিহতরা ডাকাত। নিজেদের মধ্যে বন্দুকযুদ্ধে তারা মারা যান। দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহতদের পরিচয় জানাতে পারেন নি।
এবার কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত
আরএসএস করে সময় নষ্ট হয়েছে, বলছেন হিন্দুত্ববাদী নেতা-দৈনিক আজকাল
প্রথমে প্রবীণ তোগাড়িয়া। তারপরে এবার প্রমোদ মুথালিক! হিন্দুত্ববাদী সংগঠনগুলির মধ্যে বিবাদ ক্রমশ চরমে উঠছে। এর আগে আরএসএস–এর দিকে আঙুল তুলেছিলেন বিশ্ব হিন্দু পরিষদের নেতা প্রবীণ তোগাড়িয়া। তিনি বলেছিলেন, আরএসএস ও বিজেপি তাঁকে হত্যা করার চেষ্টা করছে। এবার আরএসএস–এর বিরুদ্ধে মুখ খুললেন কর্নাটকের শ্রীরাম সেনার প্রধান প্রমোদ মুথালিক। তাঁর অভিযোগ, আরএসএস হত্যা করার চেষ্টা করছে। প্রমোদ আগে আরএসএস–এর সদস্য ছিলেন। তাঁর দাবি, ‘আমার জনপ্রিয়তা দেখে ভয় পেয়েছে আরএসএস। তাই ওরা আমাকে খুন করতে চায়।
নিয়ন্ত্রণরেখায় রেঞ্জার্সের গুলিবর্ষণের যোগ্য জবাব বিএসএফ-এর, হত ৪ পাক নাগরিক-সংবাদ প্রতিদিন
২৪ ঘণ্টা পরও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলিবর্ষণ অব্যাহত রাখল পাকিস্তানি সেনা। তবে পালটা জবাব দেয় বিএসএফও। এই ঘটনায় ভারতীয় জওয়ানদের গুলিতে শিয়ালকোটের চার পাক নাগরিকের মৃত্যু হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দ্য নেশন’-এর খবর অনুযায়ী, গতকাল সকাল ৬.৪০ মিনিট নাগাদ সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে নিয়ন্ত্রণরেখা বরাবর ফের গোলাগুলি বর্ষণ শুরু করে পাক সেনা। কিছুক্ষণের মধ্যেই পালটা জবাব দেয় বিএসএফ। এই হামলায় দুই বিএসএফ জওয়ান শহিদ হয়েছেন। পাক সেনার গুলিতে নিহত হয়েছেন দুই উপত্যকাবাসী।
উল্লেখ্য, ভারত-পাক সীমান্ত লাগোয়া উপত্যকার আরএস পুরা, রামগড়-সহ প্রায় ৩০টি জায়গায় গুলিবর্ষণ অব্যাহত রেখেছে পাকিস্তান।
জিএসটি আদায় কম, ভাঁড়ার খালি, বিপন্ন উন্নয়ন-দৈনিক আনন্দবাজার
জিএসটির কাঁটা এ বার উন্নয়নেও। চালু হওয়ার পর থেকে প্রতি মাসেই কমছে জিএসটি আদায়। ভাঁড়ার খালি থাকায় কেন্দ্রীয় সরকারও রাজ্যের জন্য বরাদ্দ অনুদানের টাকায় কোপ মারতে বাধ্য হয়েছে। চলতি আর্থিক বছরের ন’মাস কেটে গেলেও অধিকাংশ রাজ্যই প্রাপ্য অনুদানের অর্ধেকও পায়নি। কেন্দ্রের ঘরে যাওয়া করের থেকে প্রাপ্য টাকাও এই ক’মাসে এসেছে অনেক কম। কেন্দ্রীয় করের প্রাপ্য অংশ ও অনুদানের টাকা না মেলায় রাজ্যগুলিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ধাক্কা খাচ্ছে।
নবান্নের এক শীর্ষ কর্তার কথায়, ‘‘এত দিন জিএসটি আদায় কম হওয়ায় সবার নজর ছিল সার্বিক অর্থনীতির শ্লথ গতির উপর। কিন্তু এর পরিণামে চলতি বছরেই সামাজিক উন্নয়নের প্রকল্পগুলি মার খেতে শুরু করেছে। এর জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন গ্রামের গরিব মানুষ।’’
নোটবন্দির পরেই তাড়াহুড়ো করে জিএসটি চালু হয়েছে। নানা জটিলতায় আদায়ও প্রতি মাসেই কমছে। জুলাই মাসে যেখানে দেশে ৯৫ হাজার কোটি টাকা আয় হয়েছিল, নভেম্বরে তা নেমে এসেছে ৮০ হাজার ৮০৮ কোটিতে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২০