জিয়া অরফানেজ মামলার রায় ৮ ফেব্রুয়ারি, রায় পূর্বনির্ধারিত-ফখরুল
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৫ জানুয়ারি বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- আবদুল হামিদই রাষ্ট্রপতি থাকছেন-দৈনিক ইত্তেফাক
- আ’লীগ আরেকবার ক্ষমতায় এলে দারিদ্র্য দূর করা সম্ভব: অর্থমন্ত্রী-দৈনিক যুগান্তর
- জিয়া অরফানেজ মামলার রায় ৮ ফেব্রুয়ারি-দৈনিক প্রথম আলো
- খালেদা জিয়ার মামলার রায় কি পূর্বেই নির্ধারিত? প্রশ্ন ফখরুলের-দৈনিক ইনকিলাব
- বিলবোর্ডে ছবি দিলে নেতা হওয়া যায় না: সেতুমন্ত্রী-দৈনিক কালের কণ্ঠ
- আইনের শাসনের শেষ চিহ্নটুকু মুছে ফেলা হয়েছে: খালেদা জিয়া-দৈনিক মানবজমিন
- কাল থেকে সব কোচিং সেন্টার বন্ধ-দৈনিক নয়া দিগন্ত
- ভারতের শিরোনাম:
- মোদী ফিরলেন দাভোস থেকে, কালো টাকা কই? প্রশ্ন রাহুলের-আনন্দবাজার
- মাওবাদী হামলায় ফের রক্তাক্ত ছত্তিশগড়, শহিদ চার পুলিশকর্মী-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় সম্পর্কে আজকের জাতীয় দৈনিকগুলোর অনলাইন সংস্করণ এবং অনলাইন পোর্টালগুলোতে খবর পরিবেশিত হয়েছে। দৈনিক প্রথম আলো এ সম্পর্কিত খবরে লিখেছে,
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ছয় জনের বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ৮ ফেব্রুয়ারি। আজ মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষ হলে ঢাকার বিশেষ জজ-৫-এর বিচারক আখতারুজ্জামান রায়ের এ দিন ঠিক করেন।
এদিকে মামলা সম্পর্কে প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার মামলার রায় পূর্ব নির্ধারিত। এই অবৈধ সরকার আগেই রায় লিখে রেখেছে। বিচার হবে প্রধানমন্ত্রী যা চাইবেন, তাই।’
আ’লীগ আরেকবার ক্ষমতায় এলে দারিদ্র্য দূর করা সম্ভব: অর্থমন্ত্রী-দৈনিক যুগান্তর
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আওয়ামী লীগ আরও একবার ক্ষমতায় এলে দারিদ্র্য দূর করা সম্ভব। তবে দারিদ্র্য দূর করা একটি বড় চ্যালেঞ্জ। বৃহস্পতিবার সচিবালয়ে নিজের ৮৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মুহিত এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, আওয়ামী লীগ আরও একবার ক্ষমতায় এলে দারিদ্র্য দূর করা সম্ভব। তবে তার মন্তব্য, দারিদ্র্য দূর করা একটি বড় চ্যালেঞ্জ। কারণ এখনও দেশে দুই কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে অবস্থান করছে।
আইনের শাসনের শেষ চিহ্নটুকু মুছে ফেলা হয়েছে: খালেদা জিয়া-দৈনিক মানবজমিন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নদীকে কাজে লাগাতে হবে। বৃহস্পতিবার সকালে নিজ কার্যালয়ে যমুনা-পদ্মা নদীর তীর স্থিরকরণ, ভূমি পুনরুদ্ধার ও সংরক্ষণ উন্নয়নে প্রস্তাবিত পাইলট প্রকল্পের রূপরেখা উপস্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, নদীভিত্তিক পরিবহনব্যবস্থা আরও উন্নত করতে হবে। এ সময় নদী সংরক্ষণ ও নাব্য রক্ষায় প্রতি বছর যথাসময়ে ড্রেজিং করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
দেশের জনসংখ্যা দিন দিন বাড়ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নদীতীরবর্তী ভূমি পুনরুদ্ধার করে শিল্পকারখানা স্থাপন করতে পারলে দেশে যেমন কর্মসংস্থান বাড়বে, তেমনি দারিদ্র্যও দূর হবে।
আবদুল হামিদই রাষ্ট্রপতি থাকছেন-দৈনিক ইত্তেফাক
বর্তমান রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদই এ পদে আরেক মেয়াদে দায়িত্ব পেতে যাচ্ছেন। শিগগিরই আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের বৈঠকে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত গৃহীত হবে। আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানান, বর্তমান রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিতি। এ কারণে তাকে আরেক মেয়াদে রাখার চিন্তা-ভাবনা চলছে। যদিও এ বিষয়ে মনোনয়ন বোর্ডের সদস্যদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
খেলাপি ঋণ ৬৫ হাজার ৬০২ কোটি টাকা-দৈনিক মানবজমিন
শেষ ১০ বছরে ১০ কোটি টাকার বেশি ঋণ নিয়েছেন ৮ হাজার ৭শ’ ৯১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান। এর মধ্যে খেলাপি হয়েছেন এক হাজার ৯শ’ ৫৬ জন। তাদের কাছে অনাদায়ী টাকার পরিমাণ ৬৫ হাজার ৬০২ কোটি টাকা। এছাড়া ১০ বছরে ৯১টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে মোট বকেয়া ঋণের পরিমাণ ৬ লাখ ৬ হাজার ৫০৩ কোটি টাকা। গতকাল সংসদে প্রশ্নোত্তরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য তুলে ধরেন। এসময় তিনি ঋণ খেলাপি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিস্তারিত তালিকা উপস্থাপন করেন।
অর্থমন্ত্রী বলেন, দেশে এখন করদাতার সংখ্যা ৩১ লাখ। একই সঙ্গে বলেন, এটা দেশের জন্য লজ্জাজনক। কারণ ১৬ কোটি মানুষের দেশে করদাতার সংখ্যা হওয়া উচিত ১ কোটি ৬০ লাখ। ২০২১ সালের মধ্যে করদাতার সংখ্যা ৫০ লাখে উন্নীত করার লক্ষ্যের কথাও জানান অর্থমন্ত্রী।
কাল থেকে সব কোচিং সেন্টার বন্ধ-দৈনিক নয়া দিগন্ত
আগামীকাল শুক্রবার থেকে আসন্ন এসএসসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। আজ শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে পরীক্ষা সংক্রান্ত আইন-শৃঙ্খলা কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে শিক্ষাসচিব মো: সোহরাব হোসাইন জানান, কোনো পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে গেলে সে পরীক্ষা বাতিল করা হবে। যতবার এমন ঘটবে ততবারই পরীক্ষা বাতিল হবে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই পাবলিক পরীক্ষায় ১৭ লাখ শিক্ষার্থী অংশ নেবে।
এবার কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত
মোদী ফিরলেন দাভোস থেকে, কালো টাকা কই? প্রশ্ন রাহুলের-আনন্দবাজার
ভোর রাতে দাভোস থেকে ফিরেছেন প্রধানমন্ত্রী। আর রাহুল গাঁধী প্রশ্ন ছুড়লেন, সঙ্গে কালো টাকা এনেছেন তো?
লোকসভা ভোটের আগে বিদেশে গচ্ছিত কালো টাকা এনেই প্রত্যেক দেশবাসীর অ্যাকাউন্টে ১৫ লক্ষ করে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী। দাভোস থেকে ফিরতেই রাহুল তাই টুইটে প্রশ্ন করলেন, ‘‘প্রিয় প্রধানমন্ত্রী, সুইৎজারল্যান্ড থেকে ফিরে আসায় স্বাগত। মনে করিয়ে দিই কালো টাকা নিয়ে আপনার প্রতিশ্রুতির কথা। ভারতের যুবকদের মনে প্রশ্ন, সঙ্গে করে বিমানে কিছু নিয়ে এলেন কি?’’
প্রধানমন্ত্রীর মুখ ফস্কে ‘৬০০ কোটি ভোটার’ বেরিয়ে যাওয়া নিয়েও আজ কটাক্ষ করে কংগ্রেস। দাভোসে কাল লিখে আনা বক্তৃতা পড়ার সময় মোদী অনেক সময়ে আটকে গিয়েছিলেন। দ্রুত শুধরেও নেন। শোধরাননি যেটি, সেটি হল সওয়াশো কোটির দেশে ‘তিরিশ বছর পর ৬০০ কোটি ভোটারের সমর্থনে’ জিতে আসার কথা হলে ফেলার বিষয়টি।
মাওবাদী হামলায় ফের রক্তাক্ত ছত্তিশগড়, নিহত চার পুলিশকর্মী-দৈনিক সংবাদ প্রতিদিন
প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে জোড়া মাওবাদী হানায় রক্তাক্ত ছত্তিশগড়। রাজধানী রায়পুর থেকে ২৫০ কিলোমিটারের দূরে ঘন জঙ্গলে ঢাকা নারায়ণপুরে মাওবাদীদের গুলিতে প্রাণ হারালেন চার পুলিশকর্মী। এই ঘটনায় আরও সাত জওয়ানের জখম হয়েছে। অপর মাও হামলার ঘটনাটি ঘটেছে বিজাপুর জেলার বস্তার জঙ্গলে। সেখানে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। ওই ঘটনায় আরও দুই জওয়ান গুরুতর আহত হয়েছে।
মুখ্যমন্ত্রীর ডি লিট ইস্যুতে জনস্বার্থ মামলা খারিজ কলকাতা হাই কোর্টের-সংবাদ প্রতিদিন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডি লিট দেওয়ার বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য বলেছেন, ‘মুখ্যমন্ত্রীকে সাম্মানিক ডি লিট দেওয়ায় জনগণের কোনও ক্ষতি হয়নি। এই মামলার সঙ্গে জনস্বার্থের কোনও যোগ নেই। বিষয়টি আদালতের বিচার্যও নয়।’ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির আরও বক্তব্য, মুখ্যমন্ত্রীকে ডি লিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় সেনেট ও সিন্ডিকেট। অথচ মামলায তাদেরকেই যুক্ত করা হয়নি। সবপক্ষের বক্তব্য না শুনে আদালতের পক্ষে কোনও সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব নয়।
প্রতিবছর বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে সমাজে বিভিন্ন ক্ষেত্রে কৃতী মানুষদের সাম্মানিক ডি লিট উপাধি দেয় কলকাতা বিশ্ববিদ্যালয়। এবার সাহিত্য ও সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য এই উপাধি পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৫