জানুয়ারি ৩১, ২০১৮ ১৩:০৭ Asia/Dhaka
  • পত্রপত্রিকার পাতা
    পত্রপত্রিকার পাতা

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৩১ জানুয়ারি বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম: 

  • ‘দুর্নীতি বরদাশত করা হবে না, নজরদারি বাড়ান’প্রধানমন্ত্রী-দৈনিক নয়া দিগন্ত
  • আমরা নিজেরাই জড়িত, ইয়াবা পাচার রোধ কিভাবে সম্ভব’-দৈনিক ইত্তেফাক
  • পুলিশের ওপর হামলা অনুপ্রবেশকারীদের: ফখরুল-দৈনিক প্রথম আলো
  • এক নেত্রী ভোট চাইলেন, আরেক নেত্রী কাঠগড়ায়’ বলা নিয়ে আপত্তি-দৈনিক যুগান্তর
  • লাগামহীন মুদ্রা বাজার-দৈনিক ইনকিলাব

ভারতের শিরোনাম:

  • তিনি চাওয়ালা, কিন্তু আঘাত তাঁর আমলেই-দৈনিক আনন্দবাজার
  • অমানবিক! শিশপুত্রকে দড়িতে বেঁধে, মেয়েকে মেঝেতে ফেলে নির্দয় মার বাবার-দৈনিক সংবাদ প্রতিদিন
  • দৌলতাবাদে চলছে তল্লাশি, মৃত্যু বেড়ে ৪৩-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

এক নেত্রী ভোট চাইলেন, আরেক নেত্রী কাঠগড়ায়’ বলা নিয়ে আপত্তি-দৈনিক যুগান্তর

এক দলের নেত্রী প্রধানমন্ত্রী হিসেবে ভোট চাইলেন, আরেক নেত্রী কোর্টের কাঠগড়ায়’- এমন কথা বলা নিয়ে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানিতে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। ফলে কিছুক্ষণের জন্য আদালতের কার্যক্রম মুলতবি ছিল। বুধবার বকশীবাজারে আলিয়া মাদ্রাসায় স্থাপিত ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতে এ ঘটনা ঘটে। আদালতে আসামিপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম বলেন, এক দলের নেত্রী প্রধানমন্ত্রী হিসেবে ভোট চাইলেন। আরেক নেত্রী কোর্টের কাঠগড়ায়।

দুর্নীতি বরদাশত করা হবে না, নজরদারি বাড়ান’প্রধানমন্ত্রী-দৈনিক নয়া দিগন্ত/ ইত্তেফাক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি এবং জনগণের অর্থ অপব্যবহারের বিরুদ্ধে তাঁর সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, জনগণের অর্থের সঙ্গে কোনো অনিয়ম বা অসততা বরদাশত করা হবে না। বুধবার সকালে রাজধানীর কাকরাইলের অডিট ভবনে আন্তর্জাতিক সুপ্রিম অডিট ইনস্টিটিউট (আইএসএআই)-এর নতুন ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে একথা বলেন প্রধানমন্ত্রী।

পুলিশের ওপর হামলা অনুপ্রবেশকারীদের: ফখরুল-দৈনিক প্রথম আলো

হাইকোর্টের সামনে গতকাল মঙ্গলবার বিকেলে যে হামলা হয়েছে, তা অনুপ্রবেশকারীরা করেছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই হামলাকারীদের চিনতে পারছেন না বলেও জানিয়েছেন মির্জা ফখরুল।

আজ সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ দাবি করেন। ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়সহ বিপুলসংখ্যক বিএনপি নেতা-কর্মীকে গ্রেপ্তার, পুলিশি হয়রানির প্রতিবাদে’ এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছি, শান্তিপূর্ণভাবে রাজনীতি করার চেষ্টা করছি। সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটাকে নস্যাৎ করার চেষ্টা করছে।’

গতকাল রাত সোয়া ১০টায় গুলশান থেকে গয়েশ্বর চন্দ্র রায়কে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে বলে বিএনপি অভিযোগ করে।

গয়েশ্বর রায়কে গ্রেপ্তারের প্রসঙ্গ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এটা হঠাৎ করে একটা অশনিসংকেত। আরও উদ্বেগজনক বিষয় হলো, দীর্ঘ রাত ধরে গয়েশ্বর রায়কে গ্রেপ্তারের বিষয়টি স্বীকারই করা হয়নি। 

মির্জা ফখরুল বলেন, যখন দেশের মানুষ একটি শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অপেক্ষা করছে, তখনই সরকারপক্ষ থেকে এসব কার্যক্রম শুরু হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো বিরোধী দলকে নির্বাচন থেকে দূরে রাখা। বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখা। এদিকে দৈনিক নয়া দিগন্তের খবরে লেখা হযেছে, রাজধানীতে পুলিশের ওপর বিএনপি কর্মীদের আক্রমণের ঘটনায় রমনা ও শাহবাগ থানায় তিনটি মামলা হয়েছে।

আমরা নিজেরাই জড়িত, ইয়াবা পাচার রোধ কিভাবে সম্ভব’-দৈনিক ইত্তেফাক

মিয়ানমারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বাংলাদেশে সীমান্তবর্তী এলাকায় দায়িত্বে থাকা আইন-শৃঙ্খলা বাহিনীর একশ্রেণির সদস্য সরাসরি ইয়াবা পাচারে জড়িত। শুধু তাই নয়, তারা ইয়াবায় আসক্তও। এমন তথ্য পুলিশের হাইকমান্ডের কাছে এসেছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, আমরা নিজেরা খাই, নিজেরা পাচারে জড়িত, তাহলে ইয়াবা পাচার রোধ কিভাবে সম্ভব? আইন-শৃঙ্খলা বাহিনী ঠিক থাকলে ইয়াবাসহ ৮০ ভাগ মাদক পাচার রোধ সম্ভব বলেও পুলিশের ওই শীর্ষ কর্মকর্তা অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, ইয়াবা পাচারে জড়িত আইন-শৃঙ্খলা বাহিনীর একজন সদস্যকে ইতোমধ্যে আমি গ্রেফতার করেছি। তার কাছ থেকে পাওয়া তথ্যগুলো ওই আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় তুলে ধরেন তিনি। 

 জানা গেছে, বৈঠকে ইয়াবা পাচার রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হলেও বাস্তবে চিত্র সম্পূর্ণ ভিন্ন। কোনো সিদ্ধান্তই কাজে আসছে না। দেশের সীমান্তবর্তী এলাকায় যেসব আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করেন তার সবগুলোতে একটি শ্রেণি তৈরি হয়েছে, যারা সরাসরি ইয়াবা পাচারে জড়িত।

ঢাবির কলাভবনে ছিনতাইকালে ২ ছাত্রলীগকর্মী আটক-দৈনিক যুগান্তর

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে প্রাণ কোম্পানির দুই কর্মকর্তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়ার সময় হাতেনাতে ধরা পড়লো বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। তারা দুজনই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

আটক দুজন হলেন- ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মারুফ হোসেন ও উর্দু বিভাগের বিল্লাহ হোসেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ঢাবির কলাভবনের সামনে এই ঘটনা ঘটে।

লাগামহীন মুদ্রা বাজার-দৈনিক ইনকিলাব

বাড়ছে বাণিজ্য ঘাটতি, আমদানির আড়ালে অর্থ পাচারের অভিযোগ, চলতি হিসাবের ব্যালেন্স ঘাটতি গত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ ,আমদানি চাহিদা নিয়ন্ত্রণের পাশাপাশি রপ্তানি বহুমখীকরণে গুরুত্বারোপ বিশেষজ্ঞদের নিয়ন্ত্রণে আসছে না ডলারসহ অন্যান্য মুদ্রা বাজার। সিন্ডিকেটের কারসাজিতে প্রতিনিয়তই বাড়ছে দাম। অপরদিকে আমদানি যে হারে বাড়ছে রফতানি সে তুলনায় না হওয়ায় বাড়ছে বাণিজ্য ঘাটতি। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে যা ৭ দশমিক ৬০ বিলিয়ন ডলারে পৌছেছে। অর্থবছর শেষে এই ঘাটতি ১৩ বিলিয়ন ডলারে উন্নীত হওয়ার আশঙ্কা করছে বাংলাদেশ ব্যাংক।

এবার কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত

তিনি চাওয়ালা, কিন্তু আঘাত তাঁর আমলেই-দৈনিক আনন্দবাজার

গর্ব করে পরিচয় দেন তিনি চাওয়ালা। ছোট ব্যবসা আর ছোট-মাঝারি শিল্পের তাই ভরসা ছিল, তাদের সুবিধা-অসুবিধা তিনি নিশ্চয় বুঝবেন। কিন্তু এখন শিল্পমহলের বড় অংশের অভিযোগ, ওই আশায় জল ঢেলে বড় আঘাত এসেছে সেই নরেন্দ্র মোদীর জমানাতেই। প্রথমে নোটবন্দি। তার পরে তড়িঘড়ি জিএসটি চালু। এই জোড়া ধাক্কায় এখনও ছোট-মাঝারি শিল্প বেসামাল। বাজেটে সেই ক্ষতে মলম চায় তারা। একই সঙ্গে তাদের প্রশ্ন, মোদী তো রোজ কর্মসংস্থানের কথা বলেন। যা বেশি হয় ছোট শিল্পেই। তা হলে সরকারি সুবিধা তারা বাজেটে আশা করবে না কেন?

আগামী বাজেট বরাদ্দ নিয়ে দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে,শিক্ষা ও স্বাস্থ্যখাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ জরুরি হলেও এ দুটি খাতে প্রতিবারই অর্থ বরাদ্দ কমে যায়। আরেকটি শিরোনাম এরকম যে,কমবে কি আয়কর? বাড়বে কি জীবনযাত্রার মান? প্রশ্ন সারা দেশের।

৭০ হাজারি জ্যাকেট পরেছেন রাহুল, হইচই জুড়ে দিল বিজেপি-সংবাদ প্রতিদিন

ফের একবার পোশাকের দাম নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। ২০১৫-তে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে একটি বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১১ লাখ টাকা স্যুট পরেন বলে সরব হয় কংগ্রেস। ওই ঘটনাকে কটাক্ষ করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকারকে ‘স্যুট-বুটের সরকার’ বলে একাধিক জনসভা থেকে আক্রমণ করেন। আর এবার সেই রাহুল গান্ধীই মেঘালয়ে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ৭০ হাজার টাকা দামি জ্যাকেট পরেছেন বলে অভিযোগ তুলল বিজেপি।

অমানবিক! শিশপুত্রকে দড়িতে বেঁধে, মেয়েকে মেঝেতে ফেলে নির্দয় মার বাবার-দৈনিক সংবাদ প্রতিদিন

ফের নির্দয়ভাবে শিশুদের পেটালেন বাবা। বাচ্চা ছেলেকে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দিয়ে চলল মারধর। সপাসপ কঞ্চি পড়তে লাগল পায়ে ও পিঠে। একইভাবে কঞ্চি এসে পড়ল মেঝেয় পড়ে থাকা শিশুকন্যার পিঠে, পায়ে। অভিযুক্ত বাবাকে গ্রেপ্তারের নির্দেশ জারি হয়েছে। অভিযুক্তের নাম চেন সিং রাওয়াত। এদিকে বাচ্চা পেটানোর ভিডিও ভাইরাল হতেই  পলাতক অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে রাজস্থানের রাজসামন্দ জেলার দেওগড় এলাকায়।

অভিযোগ, দীর্ঘদিন ধরে দুই সন্তানকে নির্দয়ভাবে মারধর করতেন চেন সিং। বিষয়টিতে অত্যন্ত বিরক্ত প্রতিবেশীরা। বারবার তাঁকে সতর্ক করেও কোনও লাভ হয়নি। উপায়ান্তর না দেখে প্রতিবেশীরাই মারধরের দৃশ্য লেন্সবন্দি করেন। তারপর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতেই বিষয়টি জানাজানি হয়।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩১