ফেব্রুয়ারি ০২, ২০১৮ ১৪:২৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২ ফেব্রুয়ারি শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

 

বাংলাদেশের শিরোনাম:

  • বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়: সিইসি
  • আদিম মনোবৃত্তি নিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী: রুহুল কবির রিজভী,পত্রিকাটির আরেকটি খবর
  • দেশের ২২তম প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন:ইত্তেফাক
  • রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র গ্রহণ করলেন আবদুল হামিদ:ইত্তেফাকের আরেকটি শিরোনাম
  • দুই শিবিরেই প্রস্তুতি,হার্ডলাইনে সরকার,কড়াকড়ি,সংঘাতময় রাজনীতির ফেরা:মানব জমিন
  • আমরা সিঙ্গাপুর,মালয়েশিয়াকে ফেলে আরও এগিয়ে যেতে চাই:ওবায়দুল কাদের / বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • চন্দ্রবাবু ‘যুদ্ধ ঘোষণার পথে,দক্ষিণে সঙ্কট বাড়ছে বিজেপির:আনন্দবাজার পত্রিকা
  • জামিন পেলেন তৃণমূল সাংসদ তাপস পাল: আজকালের শিরোনাম

পাঠক/শ্রোতা! এবারে চলুন,বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়: সিইসি

কে এম নুরুল হুদা (সিইসি)

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়। আজ শুক্রবার সকালে নির্বাচন ভবনে এ কথা বলেন সিইসি।

আজ সকালে রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। জাতীয় সংসদে সরকারি দলের চিফ হুইপ আ স ম ফিরোজ আবদুল হামিদের পক্ষে এ মনোনয়নপত্র নেন। এ সময় সিইসি নির্বাচন ভবনে উপস্থিত ছিলেন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

কে এম নুরুল হুদা বলেন, বিএনপি একটা বড় দল। তাদের ছাড়া সব দলের অংশগ্রহণ হয় কী করে? বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না।

সিইসি আশা প্রকাশ করেন, বছরের শেষে অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে।

আদিম মনোবৃত্তি নিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী: রুহুল কবির রিজভী

রুহুল কবির রিজভী

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপির নেতা-কর্মীদের শারীরিক অসুস্থতাসহ কোনো কিছুই বিবেচনা করছে না। তারা আদিম প্রতিশোধপরায়ণ মনোবৃত্তি নিয়ে নির্লজ্জ বেপরোয়াভাবে কাজ করছে। এ অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ‍রুহুল কবির রিজভী।

আজ (শুক্রবার) রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন।‍

রুহুল কবির রিজভী বলেন, একতরফা ভোট প্রধানমন্ত্রীর অভিপ্রায়। তাই তিনি নির্বাচনী ঘর অগোছালো রেখে আবারও ৫ জানুয়ারির মতো নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জাল নথির ওপর ভিত্তি করে ভুয়া ও মিথ্যা মামলায় হয়রানির মাধ্যমে জুলুম করা হচ্ছে। এ ছাড়া বিএনপির নেতা-কর্মীদের ওপর চলছে অত্যুগ্র মাত্রায় জেল,জুলুম,নির্যাতন,গ্রেপ্তার ও গণগ্রেপ্তার। গত ৪ দিনেই গ্রেপ্তার করা হয়েছে ২৭৫ জনের অধিক নেতা-কর্মীকে।

দেশের ২২তম প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন: ইত্তেফাক

সৈয়দ মাহমুদ হোসেন

দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে এ পদে নিয়োগ দেয়ার পর শুক্রবার আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। আগামীকাল সন্ধ্যায় সাতটায় প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

গত ১০ নভেম্বর প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করেন বিচারপতি এস কে সিনহা। ওই পদত্যাগের ৮৫ দিন পর প্রধান বিচারপতি নিয়োগ দেয়া হলো। এই দীর্ঘসময় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বপালন করেছে আপিল বিভাগের জেষ্ঠ্য বিচারক বিচারপতি মো. আবদুল ওয়াহাব মিঞা।

রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র গ্রহণ করলেন আবদুল হামিদ:ইত্তেফাক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তার পক্ষে জাতীয় সংসদে সরকারি দলের চিফ হুইপ আ স ম ফিরোজ এ ফরম সংগ্রহ করেন।

আজ সকালে নির্বাচন কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দিন আহমদের কাছে থেকে এ ফরম নেন আ স ম ফিরোজ। পরে সাংবাদিকদের বলেন, আমরা আশা করছি রাষ্ট্রপতি পদে মো. আবদুল হামিদ আবারো নির্বাচিত হবেন। আগামী ৫ ফেব্রুয়ারি আবদুল হামিদের মনোনয়নপত্র জমা দেয়া হবে বলে জানান তিনি।

দুই শিবিরেই প্রস্তুতি,হার্ডলাইনে সরকার,কড়াকড়ি,সংঘাতময় রাজনীতির ফেরা: মানব জমিন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

টানটান উত্তেজনা। কী হচ্ছে,কী হবে?ডেডলাইন ৮ই ফেব্রুয়ারি। মুখোমুখি রাজনীতির ময়দানের দুই পুরনো প্রতিপক্ষ। প্রিজনভ্যানে হামলাকাণ্ডে আগেভাগেই উত্তপ্ত পরিস্থিতি। দীর্ঘ বিরতির পর ফের সংঘাতময় রাজনীতি ফিরে এসেছে। দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হবে নাকি তিনি খালাস পাবেন? সাজা হলে কেমন হবে পরিস্থিতি? এমন নানা প্রশ্ন এখন মানুষের মুখে মুখে।

উদ্বেগ আর উৎকণ্ঠা চারদিকে। পাল্টাপাল্টি প্রস্তুতি চলছে দুই পক্ষেই। রায় নেতিবাচক হলে প্রতিবাদ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলের পক্ষ থেকে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক কর্মসূচি না দিলেও দলীয় সূত্র বলছে, চেয়ারপারসনের বিরুদ্ধে নেতিবাচক কোনো রায় এলে দলের নেতাকর্মীরা বসে থাকবেন না। অন্যদিকে সরকার ও আওয়ামী লীগও নানা প্রস্তুতি নিচ্ছে রায়কে ঘিরে। সরকার সংশ্লিষ্ট সূত্র বলছে, খালেদা জিয়ার রায়কে ঘিরে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি দলের নেতাকর্মীরাও সতর্ক অবস্থানে থাকবেন। প্রয়োজনে তারাও পাল্টা মাঠ দখলে নেবেন।

আমরা সিঙ্গাপুর,মালয়েশিয়াকে ফেলে আরও এগিয়ে যেতে চাই:ওবায়দুল কাদের/বাংলাদেশ প্রতিদিন

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা সিঙ্গাপুর হবো কেনো। আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়াকে ফেলে আরও এগিয়ে যেতে চাই। কথায় কথায় সিঙ্গাপুর বানাবো, হংকং বানাবো, মালয়েশিয়া বানাবো এটা এক ধরনের হীনমন্যতা।

বৃহস্পতিবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য রহিম উল্লাহ’র সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, আমাদের  মাথাপিছু আয় ১ হাজার ৬১০ মার্কিন ডলার, জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ২৮ শতাংশ। আমাদের বৈদেশিক রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলারের বেশি। পাকিস্তানের রিজার্ভ ২৩ বিলিয়ন ডলার। পাকিস্তান আমাদের অনেক পেছনে।

মন্ত্রী বলেন, আমরা আমাদের দেশকে নিয়ে গর্ব করবো। আমরা পদ্মা সেতু করছি নিজস্ব অর্থায়নে। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের সোনালি ফসল। আমাদের ৩০ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা আছে। বাংলাদেশ কেন সিঙ্গাপুর হবে? কেনো বলবো মালয়েশিয়া হবে। আমরা বাংলাদেশ হবো, সমৃদ্ধ বাংলাদেশ।

এবার কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত

চন্দ্রবাবু ‘যুদ্ধ ঘোষণার পথে,দক্ষিণে সঙ্কট বাড়ছে বিজেপির-

মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু

আনন্দবাজার পত্রিকা এই শিরোনামে জানিয়েছে,সঙ্কট আরও বাড়ল এনডিএ-তে। দক্ষিণ ভারতে বিজেপি-র বৃহত্তম সঙ্গী তেলুগু দেশম পার্টি (টিডিপি) জোট ভাঙার ইঙ্গিত দিতে শুরু করল। প্রয়োজন পড়লে বিজেপি-র হাত ছাড়তে দ্বিধা করবেন না বলে দলের প্রধান তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু গত সপ্তাহেই হুঁশিয়ারি দিয়েছিলেন। এ বার জোট নিয়ে ভাবনাচিন্তা করার জন্য তিনি দলের জরুরি বৈঠক ডাকলেন।

"আমরা যুদ্ধ ঘোষণা করতে চলেছি। আমাদের সামনে তিনটি রাস্তা রয়েছে। প্রথম রাস্তা হল, জোট বহাল রাখার চেষ্টা চালিয়ে যাওয়া। দ্বিতীয় রাস্তা হল, আমাদের সব সাংসদের পদত্যাগ। আর তৃতীয় রাস্তা হল, জোট ভেঙে দেওয়া। রবিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে আমরা সিদ্ধান্ত নেব।"দিল্লিতে শুক্রবার সংবাদমাধ্যমকে এমনই বলেছেন টিডিপি সাংসদ টি জি বেঙ্কটেশ।

জামিন পেলেন তৃণমূল সাংসদ তাপস পাল: আজকালের শিরোনাম

তৃণমূল সাংসদ তাপস পাল

অবশেষে মুক্তি পেলেন তৃণমূল সাংসদ–অভিনেতা তাপস পাল। ২০১৬ সালে রোজভ্যালি কাণ্ডে সিবিআই গ্রেপ্তার করে তাপস পালকে। প্রায় দু’‌বছর জেলে থাকার পর তিনি মুক্তি পেলেন। বৃহস্পতিবারই কটক আদালত ব্যক্তিগত ১ কোটি টাকার বন্ডে তৃণমূল সাংসদের জামিন মঞ্জুর করেছে।

২০১৬ সালের ৩০ ডিসেম্বর রোজভ্যালি কাণ্ডে তাপস পালকে গ্রেফতার করেছিল সিবিআই। প্রথমে তাপস পালকে সল্টলেকের সিবিআই দপ্তরে ডেকে দীর্ঘক্ষণ জেরা করেন সিবিআইয়ের গোয়েন্দারা। সঙ্গে ছিলেন স্ত্রী নন্দিনী পাল। কিন্তু জেরায় নথির সঙ্গে বক্তব্যের অসঙ্গতি মেলায় তাপস পালকে গ্রেফতার করে সিবিআই।

তো শ্রোতাবন্ধুরা! কথাবার্তার আসর আজ এখানেই গুটিয়ে নিচ্ছি। কথা হবে আবারও পরবর্তী আসরে। সবাই ভালো থাকুন।

পার্সটুডে/নাসির মাহমুদ/২