মে ০৯, ২০১৮ ১১:০৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৯ মে বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • কোটা বাতিলে কালকের মধ্যে প্রজ্ঞাপন না হলে রোববার থেকে আন্দোলন-দৈনিক প্রথম আলো
  • বঙ্গবন্ধু স্যাটেলাইটের উৎক্ষেপণে উৎসবমুখর ফ্লোরিডা-দৈনিক ইত্তেফাক
  • খালেদা জিয়ার জামিন শুনানি শেষ, মঙ্গলবার আদেশ-দৈনিক যুগান্তর
  • খুলনা সিটি নির্বাচন নিয়ে শঙ্কা-দৈনিক মানবজমিন
  • সারাদেশে মহাসড়কের বেহাল দশা-বর্ষায় বাড়বে ভোগান্তি-দৈনিক ইনকিলাব
  • গাজীপুর সিটি নির্বাচন নিয়ে আপিলের শুনানি কাল-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • মাওবাদী নেতাদের কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পেলেন গোয়েন্দারা-দৈনিক আনন্দবাজার
  • বেঙ্গালুরুর ফ্ল্যাট থেকে উদ্ধার প্রায় ৯,৭৪৬টি ভোটার কার্ড, বিজেপি-কংগ্রেস চাপানউতোর শুরু-দৈনিক সংবাদ প্রতিদিন
  • অধ্যাপককে কথাই বলতে দিলেন না বিজেপি মন্ত্রী!‌ কেড়ে নিলেন মাইক্রোফোন -দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

খালেদা জিয়ার জামিন শুনানি শেষ, মঙ্গলবার আদেশ-দৈনিক যুগান্তর

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শেষ হয়েছে। আগামী মঙ্গলবার এ বিষয়ে আদেশ দেয়া হবে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে বুধবার সকাল সোয়া নয়টায় এ শুনানি শুরু হয়। শুরুতেই বক্তব্য উপস্থাপন করেন খালেদা জিয়ার আইনজীবী এজে মোহাম্মদ আলী। এর পর জামিন বহাল রাখার পক্ষে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও জয়নুল আবেদীন।

শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, খালেদা জিয়ার আইনজীবীরা বলছেন- তিনি অসুস্থ। তার হাঁটুতে অপারেশন হয়েছে। এটি যদি সত্য হয়ে থাকে, খালেদা জিয়ার হাঁটার দরকার কি? তার বিশ্রামে থাকা প্রয়োজন। তিনি তো কারাগারে বিশ্রামে রয়েছেন। এ সময় খালেদা জিয়ার আইনজীবী এজে মোহাম্মদ আলী বলেন, এ মামলায় অ্যাটর্নি জেনারেলের শুনানির এখতিয়ারই নেই। আইন অনুযায়ী, দুদকের মামলা শুনানির জন্য নিজস্ব আইনজীবী টিম থাকবে।

কোটা বাতিলে কালকের মধ্যে প্রজ্ঞাপন না হলে রোববার থেকে আন্দোলন-দৈনিক প্রথম আলো

কোটা বাতিল করে কাল বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে আগামী রোববার থেকে আবার আন্দোলন শুরু হবে বলে জানিয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। পূর্বঘোষণা অনুসারে, আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মানববন্ধন শেষে এ ঘোষণা দেওয়া হয়। কোটা বাতিলসংক্রান্ত প্রজ্ঞাপন জারিতে সরকার নাটক শুরু করেছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।

দৈনিকটি অন্য একটি খবরে লিখেছে, সরকারি চাকরিতে অগ্রাধিকার কোটার হিসাব অত্যন্ত জটিল। ফলে প্রার্থী নির্বাচন ও পদ বণ্টনে সমস্যা হয়। সরকারি কর্ম কমিশনও (পিএসসি) এ জটিলতা স্বীকার করে কোটাব্যবস্থা সহজ করার পরামর্শ দিয়ে আসছে।

বঙ্গবন্ধু স্যাটেলাইটের উৎক্ষেপণে উৎসবমুখর ফ্লোরিডা-দৈনিক ইত্তেফাক

উৎক্ষেপণের জন্য আনুষ্ঠানিক প্রস্তুত বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। আবহাওয়া অনুকূলে থাকলে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৪টা ১২ মিনিটে মহাকাশে যাবে বাংলাদেশের প্রথম এই কৃত্রিম উপগ্রহ। এই উৎক্ষেপণ উপলক্ষে বাংলাদেশিদের পদচারণায় উৎসবমুখর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের মিয়ামি, কোকোয়া বিচ ও অরল্যান্ডো এলাকা। সরকারি দল আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দের বন্যা বইছে।  শুধু ফ্লোরিডা নয়, নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, জর্জিয়াসহ বিভিন্ন রাজ্য থেকে শত শত প্রবাসী বাংলাদেশি ফ্লোরিডা যাচ্ছেন। 

এবার ভারতের কয়েকটি  খবর তুলে ধরছি।

মাওবাদী নেতাদের কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পেলেন গোয়েন্দারা-দৈনিক আনন্দবাজার

প্রদ্যুমন শর্মা, সন্দীপ যাদব, সন্তোষ ঝা বা কুন্দন যাদব— এঁরা প্রত্যেকেই বিহার বা ঝাড়খণ্ডের মোস্ট ওয়ান্টেড মাওবাদী নেতা। সামাজিক ও অর্থনৈতিক শোষণের শিকার হয়ে এঁরা এক সময় যোগ দিয়েছিলেন সিপিআই(মাওয়িস্ট)-এ। হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন অর্থনৈতিক শোষণ ও অসাম্যের বিরুদ্ধে। এঁদের দেখেই অনুপ্রাণিত হয়ে মাওবাদী সংগঠনে নাম লিখিয়েছেন বিহার-ঝাড়খণ্ডের অসংখ্য তরুণ-তরুণী।

সম্প্রতি এ রকমই কয়েকজন মাওবাদী নেতার সম্পত্তির পরিমাণ দেখে তাজ্জব হয়ে গিয়েছেন স্বরাষ্ট্র দফতরের কর্তারা। বিহার এবং ঝাড়খণ্ডের প্রায় ২৭ জন বিভিন্ন মাপের মাওবাদী নেতার সম্পত্তির হদিশ পেয়েছেন তাঁরা। যার মূল্য সব মিলিয়ে প্রায় একশ কোটি টাকা! কেউ দিল্লিতে ফ্ল্যাট কিনেছেন, কারও একাধিক এসইউভি, কেউ বা কিনে রেখেছেন একরের পর একর জমি। নগদ টাকাও কম পাওয়া যায়নি এঁদের কাছ থেকে। অথচ এঁরা প্রত্যেকেই খুব নিম্নবিত্ত পরিবার থেকে এসেছেন। এই সম্পদের কোনওটাই তাঁদের পরিবার সূত্রে পাওয়া নয়, দাবি স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের।

বেঙ্গালুরুর ফ্ল্যাট থেকে উদ্ধার প্রায় ৯,৭৪৬টি ভোটার কার্ড, বিজেপি-কংগ্রেস চাপানউতোর শুরু-দৈনিক সংবাদ প্রতিদিন

সামনেই নির্বাচন। তার ঠিক আগেই বেঙ্গালুরুর একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল নয় হাজারেরও বেশি ভোটার কার্ড। যা নিয়েই ইতিমধ্যেই বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে কংগ্রেস। বেঙ্গালুরুর রাজারাজেশ্বরী নগর নির্বাচন কেন্দ্রের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ভোটার কার্ডগুলি। সেই সঙ্গে পাওয়া গিয়েছে বেশ কিছু নির্বাচন সংক্রান্ত কাগজপত্র। নির্বাচনী কারচুপির কোনও কাজ সেখানে হচ্ছিল বলেই প্রাথমিক অনুমান।

অধ্যাপককে কথাই বলতে দিলেন না বিজেপি মন্ত্রী!‌ কেড়ে নিলেন মাইক্রোফোন-দৈনিক আজকাল

আবার বিতর্কে জড়ালেন বিজেপি মন্ত্রী। ঘটনাস্থল এবার আসামের নওগাঁ। স্বচ্ছ ভারত মিশনের অনুষ্ঠান চলাকালীন যে কাণ্ড ঘটালেন রাজেন গোহাইন তাতে ছি ছি পড়ে গেছে। আসামের এক অবসরপ্রাপ্ত অধ্যাপক এলাকার বেহাল রাস্তার কথা বলতে গিয়েছিলেন। কিন্তু যেই না তিনি এলাকার বেহাল রাস্তার কথা বলতে শুরু করলেন। তাঁর হাত থেকে কেড়ে নেওয়া হল মাইক্রোফোন। কথা বলতেই দেওয়া হল না তাঁকে। এলাকার উন্নয়ন নিয়ে কথা বলছিলেন সরকারি আধিকারিকরা। এরপরই মঞ্চের সামনে চলে আসেন ওই অধ্যাপক।

 

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৯