মে ১২, ২০১৮ ১১:৫২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১২ মে শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • পদ্মা সেতুর চতুর্থ স্প্যানটি বসানো হবে শিগগিরই-দৈনিক প্রথম আলো
  • স্যাটেলাইট উৎক্ষেপণ সফল হওয়ায় প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর অভিনন্দন-দৈনিক মানবজমিন
  • বঙ্গবন্ধু স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ-দৈনিক ইত্তেফাক
  • চিকিৎসকদের পরামর্শ পেলে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার ব্যবস্থা-স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক যুগান্তর
  • স্যাটেলাইটের মালিকানা দুই ব্যক্তির হাতে : মির্জা ফখরুল-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • আমি তো ওখানে ছিলামই না, বলব মুখ্যমন্ত্রীকে: আরাবুল-দৈনিক আনন্দবাজার
  • মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে রাতেই গ্রেপ্তার আরাবুল-দৈনিক আজকাল
  • আমাকে খুনের সুপারি দেওয়া হয়েছে, চাঞ্চল্যকর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম আপনাকে স্বাগত জানাচ্ছি কথাবার্তার আসরে। ছাত্রসংসদ নির্বাচন, মালয়েশিয়ার নির্বাচন এবং  ইরানের পরমাণু ইস্যুতে সমঝোতা থেকে ডোনাল্ড ট্রাম্পের বেরিয়ে যাওয়া ও ইউরোপিয় ইউনিয়নের অবস্থান সম্পর্কে কথা বলব।

দৈনিকগুলোর অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের মধ্যে রয়েছে..

স্বপ্ন এখন সত্য, মহাকাশে বাংলাদেশ-দৈনিক প্রথম আলো

বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট মহাকাশে

এছাড়া আজকের  প্রায় সবগুলো জাতীয় ও অনলাইন দৈনিকগুলোতে বঙ্গবন্ধু ১ স্যাটেলাইন উৎক্ষেপণের খবরটি বেশ গুরুত্বের সাথে পরিবেশিত হয়েছে। এ সম্পর্কে দৈনিক ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, স্বপ্ন নয়, সত্যি। অবশেষে মহাকাশে ডানা মেললো বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। স্থানীয় সময় শুক্রবার বিকাল ৪টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের অরল্যান্ডোর কেনেডি স্পেস সেন্টারের কেপ কেনাভেরাল থেকে সম্পূর্ণ নতুন একটি ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে এটি উৎক্ষেপণ করে মহাকাশ অনুসন্ধান ও মহাকাশ যান নির্মাতা প্রতিষ্ঠান স্পেস এক্স।

মাত্র ৩ মিনিটের মধ্যেই বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ রকেট ফ্যালকন-৯ মহাকাশে পৌঁছে যায় এবং তা নির্ধারিত প্যাডে ফেরত আসে। স্পেস এক্স জানিয়েছে, উৎক্ষেপণ সম্পূর্ণ নির্ভুল ছিল। আর দৈনিক মানবজমিনের শিরোনাম-স্যাটেলাইট উৎক্ষেপণ সফল হওয়ায় প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন।

প্রথম আলোর শিরোনাম এরকম-স্বপ্নহলো সত্যি, মহাকাশে বাংলাদেশ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দৈনিক নয়া দিগন্তের এ সম্পর্কে শিরোনাম করা হয়েছে, মহাকাশে সদ্য উৎক্ষেপণ করা ‘বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট’-এর মালিকানা দুই ব্যক্তির কাছে চলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, ওটার মালিকানা চলে গেছে জানেন তো? এই স্যাটেলাইটের মালিকানা চলে গেছে দুজন লোকের হাতে এবং সেখান থেকে আপনাদেরকে কিনে নিতে হবে।

মহাকাশে এই কৃত্রিম উপগ্রহ পাঠানোর বিষয়ে কোনো বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত না করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্যাটেলাইট। ঠিক আছে ঘুরুক। এটা আগে ঘুরুক, ওটা আবর্তন করুক পৃথিবীতে। পরিক্রমা করুক তখন দেখা যাবে।

চিকিৎসকদের পরামর্শ পেলে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার ব্যবস্থা-স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক যুগান্তর

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

চিকিৎসকদের পরামর্শ পেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিএনপির পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যে চিঠি দেয়া হয়েছে সেটি এখনও তার হাতে পৌঁছায়নি বলেও জানান মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসনকে আমাদের সরকারের চিকিৎসকরা দেখছেন। তাদের পরামর্শ অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে তার (খালেদা জিয়ার) স্বাস্থ্য পরীক্ষা করে চিকিৎসা দেয়া হয়েছে। এ চিকিৎসকরা যদি মনে করেন তার আরও উন্নত চিকিৎসা প্রয়োজন, তাহলে আমরা তাদের পরামর্শ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেব।

এবার ভারতের কয়েকটি  খবর তুলে ধরছি।

আমাকে খুনের সুপারি দেওয়া হয়েছে, চাঞ্চল্যকর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের-দৈনিক সংবাদ প্রতিদিন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

ভোটের মুখে এবার খুনের আশঙ্কা প্রকাশ করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কয়েক কোটি টাকার সুপারি দিয়ে একটি রাজনৈতিক দল তাঁকে খুনে চেষ্টা করছে বলে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী৷

আজ বাংলার একটি প্রথম শ্রেণির বৈদ্যুতিন চ্যানেলের অনুষ্ঠানে বসে মুখ্যমন্ত্রী অভিযোগ তুলে বলেন, ‘‘আমাকে খুনের ষড়যন্ত্র চলছে৷ আমি যেহেতু স্বরাষ্ট্র দপ্তরে দায়িত্বে আছি, তাই এই পরিকল্পনার কথা জানতে পেরেছি৷ কয়েক কোটি টাকা খরচ করে আমাকে মারার সুপারি দেওয়া হয়েছে৷ আমার বাড়ির নকশাও ওরা নিয়ে গিয়েছে৷ পুলিশ আমাকে কতবার সতর্ক করেছে৷ কিন্তু আমি মৃত্যুকে ভয় পাই না৷ যারা মৃত্যুকে ভয় পায়, তা কাপুরুষ৷’’

এদিন নাম না করে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন মমতা৷ বলেন, ‘‘একটি রাজনৈতিক দল আমাকে খুন করার চেষ্টা করেছে৷ রাজনৈতিকভাবে পেরে না উঠে আমার বিরুদ্ধে শক্তি প্রয়োগ করছে৷ কিন্তু মনে রাখবেন আমি মৃত্যুকে ভয় পাই না৷ আমি সারাজীবন মানুষের জন্য কাজ করেছি৷ শেষ দিন পর্যন্ত এভাবেই কাজ করে যাব৷’’

কর্ণাটকে শুরু নির্বাচন, মোট ২২২টি আসনে চলছে ভোটগ্রহণ-দৈনিক আজকাল

কার দখলে কর্ণাটক? প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপির ইয়েদুরাপ্পা নাকি বিদায়ী মুখ্যমন্ত্রী কংগ্রেসের সিদ্দারামাইয়া? নাকি মাঝখান দিয়ে লাভবান হবেন ‌জেডি(‌এস)–এর এইচ ডি দেবেগৌড়া? কাকে বাছবে কর্ণাটক? উত্তর দেবে সময়। আপাতত শনিবার সকাল থেকে দক্ষিণের এই রাজ্যে শুরু হয়েছে ভোটগ্রহণ। মোট ২২৪টি আসনের মধ্যে এদিন ভোটগ্রহণ হচ্ছে ২২২ টি আসনে। জয়নগর আসনে বিজেপি প্রার্থী ও বিধায়ক বি এন বিজয়কুমারের আকস্মিক মৃত্যুর জন্য এবং রাজরাজেশ্বরী নগরে একটি ফ্ল্যাট থেকে ১০ হাজার ভুয়ো ভোটার কার্ড বাজেয়াপ্ত হওয়ায় সেখানে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। আগামী ২৮ মে ওই দু’টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। সেখানে ফল প্রকাশ ৩১ মে। তবে বাকি ২২২টি আসনে ভোটদান হচ্ছে শনিবারই। ফল ঘোষণা হবে ১৫ মে। এদিন সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে সন্ধে ৬টা পর্যন্ত। ২৬০০–রও বেশি প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন প্রায় ৪.৯৮ কোটির বেশি ভোটদাতা

মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে রাতেই গ্রেপ্তার আরাবুল-দৈনিক আজকাল

পঞ্চায়েত নির্বাচনের আগে ফের একবার উত্তপ্ত ভাঙড়। নির্দল প্রার্থীর সমর্থক হাফিজুল মোল্লার খুনের ঘটনায় শুক্রবারই উত্তেজনা ছড়ায় দক্ষিণ ২৪ পরগণার এই অঞ্চলে। হাফিজুলকে খুনের ঘটনায় নাম জড়ায় তৃণমূল নেতা আরাবুল ইসলাম এবং তাঁর সাঙ্গপাঙ্গদের। এরপরই খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরাবুলকে গ্রেপ্তারের নির্দেশ দেন। আর মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে রাতেই আরাবুল এবং তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিস।

এদিকে দৈনিক আনন্দবাজারের খবরে লেখা হয়েছে, হাফিজুল মোল্লার খুনের জেরে যেন বারুদের স্তুপ হয়ে রয়েছে ভাঙড়। আর যাঁকে কেন্দ্র করে এই অসন্তোষের আগুন, গ্রেফতার হওয়া সেই আরাবুল ইসলামের দাবি— তিনি এ সবের মধ্যে ছিলেনই না।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১২