মে ১৪, ২০১৮ ১২:০২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৪ মে সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো।

বাংলাদেশের শিরোনাম:

  • তরুণ লীগের নেতাকে বোমা মেরে ও কুপিয়ে হত্যা-দৈনিক প্রথম আলো
  • চট্টগ্রামে ইফতার সামগ্রী নিতে গিয়ে পদদলিত হয়ে নিহত ১০ -দৈনিক মানবজমিন
  • ‘নির্বাচনের আগে ভারত বিরোধিতাই হচ্ছে বিএনপির রাজনীতি’-দৈনিক ইত্তেফাক
  • কোটা নিয়ে শিগগিরই সিদ্ধান্ত : মন্ত্রিপরিষদ সচিব-দৈনিক যুগান্তর
  • বাজেট বাস্তবায়নে ব্যাংক থেকেই ৫৯ হাজার ৫৩০ কোটি টাকা ঋণ-দৈনিক নয়া দিগন্ত
  • সিটি নির্বাচন : ইসি ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন-দৈনিক ইনকিলাব

ভারতের শিরোনাম:

  • পঞ্চায়েত ভোটে রক্তের হোলি, হিংসার বলি অন্তত ১০-দৈনিক আনন্দবাজার
  • মোদির ভাষায় আপত্তি, রাষ্ট্রপতিকে চিঠি মনমোহনের-দৈনিক আজকাল
  • ভোট হোক উৎসবের মেজাজে, শান্তি বজায় রাখার বার্তা মুখ্যমন্ত্রীর-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করেছেন সহকর্মী সিরাজুল ইসলাম। আর বিষয়গুলো হচ্ছে

১. আগামী অর্থ বছরের বাজেট বাস্তবায়নে ব্যাংক থেকেই ৫৯ হাজার ৫৩০ কোটি টাকা ঋণ নিতে চায় সরকার। বাংলাদেশের অর্থনীতিতে এটা কী ভূমিকা রাখবে?

২. কোটা বাতিলের প্রজ্ঞাপন প্রকাশের দাবিতে সব বিশ্ববিদ্যালয় ও কলেজে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট এবং অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। কতটা যৌক্তিক এসব কর্মসূচি?

৩. বায়তুল মুকাদ্দাসে মার্কিন দূতাবাস উদ্বোধন হচ্ছে আজ। বিষয়টি নিয়ে আপনার পর্যবেক্ষণ কী?

বিশ্লেষণের বাইরে ঢাকার জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপুর্ণ খবর:

কোটা পদ্ধতি বাতিলে প্রজ্ঞাপন জারির দাবিতে ধর্মঘট চলছে সারাদেশে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে

কোটা নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ধর্মঘট চলছে

সরকারি চাকরিতে কোটাপ্রথার বিষয়ে প্রজ্ঞাপনের দাবিতে শাহবাগ মোড় অবরোধ, ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল, সারাদেশে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জনের মধ্য দিয়ে  ধর্মঘট চলছে। এখবর আজকের প্রায় সব জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে পরিবেশিত হয়েছে। এ সম্পর্কে দৈনিক যুগান্তরের একটি খবরে লেখা হয়েছে, সোমবার সকালে ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন হাজার হাজার শিক্ষার্থী। এ সময় কালক্ষেপণ না করে অবিলম্বে চাকরিতে কোটাপদ্ধতি সংস্কারে প্রজ্ঞাপন জারির আহ্বান জানিয়ে স্লোগান দেন তারা। প্রজ্ঞাপন জারি না হলে আন্দোলন চলবে বলে হুশিয়ারি দেন তারা। 

দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, সরকারি চাকরিতে কোটার বিষয়ে শিগগিরই একটি সিদ্ধান্ত হবে বলে আশা প্রকাশ করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

চট্টগ্রামে ইফতার সামগ্রী নিতে গিয়ে পিষ্ট হয়ে নিহত ৯-দৈনিক মানবজমিন/যুগান্তর/প্রথম আলো/ইত্তেফাক

বিস্তারিত খবরে লেখা হয়েছে, চট্টগ্রামের সাতকানিয়ায় ইফতার সামগ্রী নিতে গিয়ে পায়ের নিচে পিষ্ট হয়ে মারা গেছেন নয়জন। আজ সোমবার সকালে উপজেলার নলুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাসলিমা আক্তার। তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। ইস্পাত তৈরীর প্রতিষ্ঠান কেএসআরএম এর পক্ষ থেকে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছিল। এ বিষয়ে সাতকনিয়া থানার সেকেন্ড অফিসার সিরাজুল ইসলাম জানান, কেএসআরএম এর পক্ষ থেকে দুস্থ-গরিবদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছিল। সে সময় অধিক ভিড়ের মধ্যে পড়ে হতাহতের ঘটনা ঘটে।

রাজনীতির খবরে দৈনিক ইত্তেফাকের শিরোনাম এরকম যে,

নির্বাচনের আগে ভারত বিরোধিতাই হচ্ছে বিএনপির রাজনীতি-ড.হাছান মাহমুদ-দৈনিক ইত্তেফাক

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জাতীয় নির্বাচনের আগে ভারত বিরোধিতা এবং অন্তরালে তাদের পদলেহন করাই হচ্ছে বিএনপির রাজনীতি। আর খুলনা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে দৈনিক নয়া দিগন্তের দুটি খবরের চুম্বক অংশ তুলে ধরছি।  বিএনপি প্রার্থী মঞ্জু বলেছেন, ভোট ডাকাতির ব্যাপক পরিকল্পনা করা হয়েছে । আর আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেক বলেছেন, বিএনপি প্রাথী অপপ্রচার চালাচ্ছে।  সংবাদ সম্মেলনে রিজভী বলেছেন, খুলনায় বিএনপির জন্য অঘোষিত কারফিউ চলছে। প্রথম আলো শিরোনাম করেছে-খুলনায় নির্ভার আ.লীগ, শঙ্কায় বিএনপি।

তরুণ লীগের নেতাকে বোমা মেরে ও কুপিয়ে হত্যা-দৈনিক প্রথম আলো

যশোর শহরে বোমা মেরে ও কুপিয়ে জেলা তরুণ লীগের এক নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে শহরের পালবাড়ি ভাস্কর্যের মোড়ে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত ব্যক্তির নাম মনিরুল ইসলাম (৩৮)। তিনি যশোর জেলা তরুণ লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

দৈনিক যুগান্তরের একটি খবরে লেখা হয়েছে, সিরাজগঞ্জে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ঘরের সিধ কেটে স্বামী পরিত্যক্ত বিউটি খাতুন নামে এক নারীকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। রোববার মধ্যরাতে এনায়েতপুর উপজেলার ব্রাহ্মণগ্রাম পশ্চিমপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

বাজেট বাস্তবায়নে ব্যাংক থেকেই ৫৯ হাজার ৫৩০ কোটি টাকা ঋণ-দৈনিক নয়া দিগন্ত

Image Caption

ব্যাংক থেকে মোটা অঙ্কের ঋণ নিয়ে বাজেট বাস্তবায়ন করতে চায় সরকার। আগামী অর্থবছরের বাজেটে ব্যাংকঋণের টার্গেট ধরা হচ্ছে ৫৯ হাজার ৫৩০ কোটি টাকা, যা বর্তমান অর্থবছরের বাজেটে এই খাতে ঋণ নেয়ার টার্গেট থেকে দ্বিগুণেরও বেশি। তবে সরকার ব্যাংক থেকে যদি বিশাল পরিমাণ ঋণ নেয় সে ক্ষেত্রে দেশের বেসরকারি খাত ঋণপ্রাপ্তি থেকে বঞ্চিত হতে পারে বলে মতপ্রকাশ করেছে অর্থনীতি বিশ্লেষকেরা। তারা বলেছেন, এতে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস পেতে পারে। ফলে অর্জিত হবে না জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাও।

এবার ভারতের কয়েকটি  খবর তুলে ধরছি।

ভোট হোক উৎসবের মেজাজে, শান্তি বজায় রাখার বার্তা মুখ্যমন্ত্রীর-দৈনিক সংবাদ প্রতিদিন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

প্ররোচনায় পা না দিয়ে পঞ্চায়েত ভোটে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আরজি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ভোটের দিনের অশান্তি এড়াতে প্রশাসনকে আরও কড়া হওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি৷ একই সঙ্গে ভোটারদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখার নির্দেশও দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

পঞ্চায়েত ভোটে রক্তের হোলি, হিংসার বলি অন্তত ১০-দৈনিক আনন্দবাজার

বোমা, গুলি, মারধর, বুথ দখল দিয়েই সোমবার সকালে শুরু হল পঞ্চায়েত ভোট। সন্ত্রাসের অভিযোগ আসতে শুরু করেছিল ভোটের আগের রাত থেকেই। তাতেই আশঙ্কা বাড়ছিল ভোটের দিনের পরিস্থিতি নিয়ে। সকালে ভোট শুরু হতে না হতেই নানা দিক থেকে সন্ত্রাসের অভিযোগ আসতে শুরু করেছে শাসক দলের বিরুদ্ধে। বড় অশান্তির ঘটনা ঘটেছে বাগদা, ভাঙড়, তমলুকে। পাণ্ডুয়া, জামবনি, রঘুনাথগঞ্জ, নওদা-সহ আরও বহু জায়গায় বিরোধীদের মারধর, বুথ দখলের অভিযোগ এসেছে। রাতেই দক্ষিণ ২৪ পরগনার নামখানার বুধাখালি গ্রাম পঞ্চায়েতের সিপিএম কর্মী দেবু দাস এবং তাঁর স্ত্রী উষা দাসকে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

মোদির ভাষায় আপত্তি, রাষ্ট্রপতিকে চিঠি মনমোহনের-দৈনিক আজকাল

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ও বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী ‌নরেন্দ্র মোদির বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়ে অভিযোগ জানালেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সহ অন্যান্য কংগ্রেস নেতারা। চিঠিতে উল্লেখ করা হয়েছে, নরেন্দ্র মোদি মাঝে মাঝেই ‘হুমকি ও উস্কানির ভাষায়’ বক্তব্য প্রকাশ করে থাকেন। ‌এমন ভাষা প্রয়োগে সংযত হওয়া প্রয়োজন। তাঁর এই স্বভাব নিয়ে সতর্ক করতেই কংগ্রেস নেতারা চিঠি দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে।চিঠিতে তাঁরা লিখেছেন, ‘এই গণতান্ত্রিক দেশে প্রধানমন্ত্রীই সরকারের মাথা। আর তিনিই এ ধরনের হুমকি, ভীতি প্রদর্শিত ভাষা প্রয়োগ করছেন প্রধান বিরোধী দল কংগ্রসের বিরুদ্ধে, তাও আবার প্রকাশ্যে‌। এটা একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে মোটেও কাম্য নয়।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৪