খুলনায় আজ ভোট : আওয়ামী লীগের প্রত্যাবর্তন নাকি ফের বিএনপি
সুপ্রিয় পাঠক/শ্রোতা! আজ ১৫ মে মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
প্রথমে বাংলাদেশের শিরোনাম:
- কোটা সংস্কার-দ্বিতীয় দিনের ধর্মঘট চলছে-দৈনিক মানবজমিন
- খুলনায় আজ ভোট : আওয়ামী লীগের প্রত্যাবর্তন নাকি ফের বিএনপি-দৈনিক ইত্তেফাক
- খালেদা জিয়ার জামিন প্রশ্নে রায় বুধবার-দৈনিক যুগান্তর
- জোর করে ব্যালটে সিল,খুলনা সিটি নির্বাচনে দুটি ভোটকেন্দ্র স্থগিত-দৈনিক প্রথম আলো
- ফারাক্কার প্রভাবে বাংলাদেশ মরুভূমি হয়ে যাবে : মির্জা ফখরুল-দৈনিক নয়া দিগন্ত
- দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ এখন রোল মডেল -প্রধানমন্ত্রী-দৈনিক ইনকিলাব
ভারতের শিরোনাম:
- কর্নাটকে সরকার গড়ছে বিজেপি, মুখ্যমন্ত্রী হচ্ছেন ইয়েদুরাপ্পা -আজকাল
- কর্ণাটকে অন্যরকম ফল হতে পারত’, ফের বিরোধী জোটের পক্ষে সওয়াল মমতার-দৈনিক সংবাদ প্রতিদিন
- পঞ্চায়েত ভোট পরবর্তী হিংসা অব্যাহত, নিহত আরও ৪-দৈনিক আনন্দবাজার
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
দুটো খবর আজকের জাতীয় দৈনিকগুলোর অনলাইন সংস্করণে বেশি গুরুত্ব পেয়েছে। খুলনার সিটি করপোরেশন নির্বাচন এবং খালেদা জিয়ার জামিন নিয়ে রায়ের দিন।
নির্বাচন নিয়ে নানামুখী খবর পরিবেশিত হয়েছে দৈনিকগুলোতে,
প্রথম আলোর খবর- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ ৪০ টি কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়া হয়েছে। তিনি আরো বরেন, নির্বাচন কমিশন আত্মসমর্পন করেছে। অন্য একটি খবরে লেখা হয়েছে, জোর করে ব্যালটে সিল কেন্দ্র স্থগিত। কিছু কিছু কেন্দ্রে ছিল না ধানের শীষের পোলিং এজেন্ট। মানবজমিনের খবরে লেখা হয়েছে, অস্ত্রের মুখে জালভোট দেয়ায় ভোটগ্রহণ স্থগিত। প্রথম আলোর অন্য একটি খবরে লেখা হয়েছে, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে নিশ্চিত ভরাডুবি জেনে বিএনপি ধারাবাহিক প্রক্রিয়া অনুযায়ী নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। আজ এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
আর যুগান্তরের খবরে লেখা হয়েছে, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, খুলনায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। কোথাও কোনো দ্বন্দ্ব বা মারামারি হয় নি।
দৈনিক ইত্তেফাকের খবরের শিরোনাম-সুষ্ঠু ভোটের জন্য সকলের সহযোগিতা কামনা খালেকের। দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম- খুলনায় সিটি ভোট : আওয়ামী লীগের প্রত্যাবর্তন নাকি ফের বিএনপি। আর মঞ্জু অভিযোগ করেছেন, ৩০টি কেন্দ্র থেকে বিএনপির এজেন্ট বের করে দেয়া হয়েছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন নিয়ে রায়ের দিন কাল-দৈনিক প্রথম আলো/ইত্তেফাক/যুগান্তর
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়ার জামিন বিষয়ে আজ মঙ্গলবার রায় হয়নি। কাল বুধবার রায়ের জন্য দিন ধার্য করা হয়েছে। আজ রায়ের কথা থাকলেও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আবার যুক্তিতর্ক তুলে ধরার আবেদন জানান। এতে অনুমতি দেন আপিল বিভাগ। দুপুরে তাঁর যুক্তি উপস্থাপন শেষ হলে আদালত রায়ের জন্য কাল দিন ধার্য করেন।
দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ এখন রোল মডেল –প্রধানমন্ত্রী-দৈনিক ইনকিলাব
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের দেশ দুর্যোগ প্রবণ দেশ। এ কারণে দেশের মানুষকে দুর্যোগ বিষয়ে সচেতন করা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের মানুষ পারদর্শিতা অর্জন করেছে। দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকালে প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক তিন দিনব্যাপী ২য় আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগ এলে কী কী করতে হবে সেজন্য ভলান্টিয়ারদের ট্রেনিং দেয়া হয়েছে। এধরনের প্রশিক্ষণ দুর্যোগ মোকাবেলায় বিশেষ ভূমিকা রাখবে। শেখ হাসিনা বলেন, সমুদ্র জয়ের পর এবার আমরা মহাকাশ জয় করেছি। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট থেকে আমরা দুর্যোগের আগাম খবর পাব।
কোটা সংস্কার-দ্বিতীয় দিনের ধর্মঘট চলছে-দৈনিক মানবজমিন
কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারির দাবিতে কেন্দ্রীয় কমিটির ঘোষণা আনুযায়ী আজ দ্বিতীয় দিনের মতো দেশের সকল কলেজ-বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট পালন করেছেন শিক্ষার্থীরা। গত রোববার বিক্ষোভ শেষে কেন্দ্রীয় কমিটি থেকে এ ঘোষণা আসে। ঘোষণা আনুযায়ী আজ সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে এ ধর্মঘট পালন করেছেন। গতকাল সোমবারও ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ সকল বিশ্ববিদ্যায়গুলোতে শিক্ষার্থীরা ক্লাস বর্জনের করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
সাতকানিয়ায় পদপিষ্টের ঘটনায় কেএসআরএমের মালিককের বিরুদ্ধে মামলা-দৈনিক প্রথম আলো
চট্টগ্রামের সাতকানিয়ার পদপিষ্ট হয়ে নয় নারীর মৃত্যুর ঘটনায় শিল্প গ্রুপ কেএসআরএমের মালিক মোহাম্মদ শাহজাহানকে আসামি করে সাতকানিয়া থানায় মামলা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মামলাটি করা হয়। মামলার বাদী সাতকানিয়ার খাগরিয়া এলাকার নিহত হাসিনা আক্তারের স্বামী মো. ইসলাম। অবহেলার কারণে মৃত্যু হয়েছে বলে এজাহারে অভিযোগ করা হয়। মামলায় প্রধান আসামি করা হয়েছে কেএসআরএমের মালিক মোহাম্মদ শাহজাহানকে। ফৌজদারি কার্যবিধির ৩০৪-এর ক ধারায় মামলা করা হয়।
ফারাক্কার প্রভাবে বাংলাদেশ মরুভূমি হয়ে যাবে : মির্জা ফখরুল-দৈনিক নয়া দিগন্ত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জীববৈচিত্র্য ও পরিবেশগত মানকে বিবেচনা না করে এবং প্রাকৃতিক ও মানবিক বিপর্যয়ের সম্ভাবনাকে উপেক্ষা করে তৎকালীন আওয়ামী লীগ সরকার জনগণের মতামতকে অগ্রাহ্য করে ভারতকে কয়েক দিনের জন্য পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেয়। কিন্তু ভারত সেই সুযোগ নিয়ে অব্যাহতভাবে আজ পর্যন্ত তা চালু রেখেছে। তৎকালীন আওয়ামী লীগ সরকার এই অন্যায়ের প্রতিবাদ না করে নির্লজ্জভাবে তা মেনে নিয়েছে, ফলে বাংলাদেশের জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হয়। আগামীকাল ১৬ মে ‘ফারাক্কা দিবস’ উপলক্ষে দেয়া এক বাণীতে মির্জা ফখরুল এসব বলেন।
এবার ভারতের খবর তুলে ধরছি।
কর্ণাটকে সরকার গড়ছে বিজেপি, মুখ্যমন্ত্রী হচ্ছেন ইয়েদুরাপ্পা-দৈনিক আনন্দবাজার
কর্নাটকে গেরুয়া ঝড়ে ধুলিসাৎ কংগ্রেস। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা জয় পেল বিজেপি। ২২৪টি আসনের মধ্যে এখনও পর্যন্ত বিজেপির দখলে ১২১টি আসন পেয়েছে বিজেপি। আরও একটি রাজ্য হাতছাড়া হল কংগ্রেসের। ২১টি রাজ্যে বিজেপি রাজ কায়েম হল। যে আসন পেয়েছে তাতে একাই সরকার গড়তে পারবে বিজেপি। কর্নাটকের বিভিন্ন জায়গায় বিজয়োল্লাস শুরু করেছেন বিজেপি কর্মী সমর্থকরা। এই ফলাফল থেকেই স্পষ্ট ২০১৯–এর লোকসভা নির্বাচনে ফের বিজেপিই সরকার গড়বে বলে আশা প্রকাশ করেছেন প্রকাশ জাভড়েকর। বিজেপির তরফে ইতিমধ্যেই ইয়েদুরাপ্পাকেই মুখ্যমন্ত্রী করার ঘোষণা দেয়া হয়েছে। ফলে তিনিই কর্নাটকের মুখ্যমন্ত্রী হচ্ছেন।
কর্ণাটকে অন্যরকম ফল হতে পারত’, ফের বিরোধী জোটের পক্ষে সওয়াল মমতার-দৈনিক সংবাদ প্রতিদিন
ত্রিপুরা ভোটের ফলপ্রকাশের সময়ও একই কথা জানিয়েছিলেন। কর্ণাটকের ভাগ্যরেখাও স্পষ্ট ঠিক তখন সেই বিরোধী জোটের পক্ষেই সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন জেডিএস-এর সঙ্গে জোট করলে অন্যরকম ফল হতে পারত কর্ণাটকে। দীর্ঘ বাম শাসনের অবসান ঘটিয়ে ত্রিপুরায় ক্ষমতায় এসেছিল গেরুয়া শিবির। ফলপ্রকাশের পরই মমতা জানিয়েছিলেন, কংগ্রেসকে তিনি একসঙ্গে লড়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু কংগ্রেস তা মেনে নেয়নি। ফল যা হওয়ার তাই হয়েছে। কর্ণাটকেও যখন সিদ্দারামাইয়া সরকারের পরাজয় হলো, তখন কংগ্রেসকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল সুপ্রিমো।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৫