মে ১৬, ২০১৮ ১১:৪৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! আজ ১৬ মে বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশের শিরোনাম:

  • দলবল দেখে আদেশ দিই না, খালেদার আইনজীবীকে প্রধান বিচারপতি-দৈনিক প্রথম আলো
  • খালেদা জিয়ার মুক্তিতে অন্যান্য মামলা আর বাধা হবে না : মওদুদ-দৈনিক ইত্তেফাক
  • খুলনা সিটির ফল প্রত্যাখ্যান, সিইসির পদত্যাগ দাবি বিএনপির-দৈনিক যুগান্তর
  • দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম- মাদক নির্মূলেও পুলিশ সফল হবে : প্রধানমন্ত্রী
  • রমজানে সারা দেশে ভেজালবিরোধী অভিযান -দৈনিক মানবজমিন
  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে তীব্র যানজট, যাত্রীদের দুর্ভোগ-দৈনিক নয়া দিগন্ত
  • ৬০ ইয়াবা গডফাদারের তালিকা থেকে এমপি বদির নাম বাদ-দৈনিক ইনকিলাব

ভারতের শিরোনাম:    

  • কর্নাটকে বিজেপি সরকার? ‌নিখোঁজ কংগ্রেস–জেডিএস বিধায়ক, ক্রমেই বাড়ছে রহস্য-দৈনিক আজকাল-আজকাল
  • রাজ্যে ভোট পরবর্তী হিংসায় বলি আরও ১, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪-দৈনিক সংবাদ প্রতিদিন
  • সকালেই পৌঁছে গিয়েছিল রাজ্যপালের রিপোর্ট, তার পরেই হিংসা নিয়ে চড়া স্বর প্রধানমন্ত্রীর-দৈনিক আনন্দবাজার

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

খুলনা সিটি করপোরেশন নির্বাচন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সংবাদ সম্মেলন

আজও জাতীয় দৈনিকগুলোর অনলাইন সংস্করণ ও অনলাইন পোর্টালগুলোতে বেশি গুরুত্ব পেয়েছে খালেদা জিয়ার জামিনের বিষয়ে রায় এবং খুলনা সিটি করপোরেশন নির্বাচন পরবর্তী পরিস্থিতি। 

নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে  ক্রিয়া-প্রতিক্রিয়া সংবলিত নানামুখী খবর পরিবেশিত হয়েছে দৈনিকগুলোতে, খুলনা সিটির ফল প্রত্যাখ্যান, সিইসির পদত্যাগ দাবি বিএনপির-দৈনিক যুগান্তর/প্রথমআলোসহ বেশ কয়েকটি দৈনিকের শিরোনাম

খবরে লেখা হয়েছে, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে প্রধান নির্বাচন কমিশনার-সিইসি কেএম নুরুল হুদার পদত্যাগ দাবি করেছে বিএনপি। বুধবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে এক নজিরবিহীন ভোট ডাকাতি প্রত্যক্ষ করল জনগণ। এদিকে দৈনিক প্রথম আলোর এ সম্পর্কিত একটি খবরের শিরোনাম-বিচ্ছিন্ন ঘটনা ভোটের ফলে কোনো প্রভাব ফেলেনি। 

স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম

আর স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের বিজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে। জনগণের ভোটের অধিকার প্রয়োগের বিজয় হয়েছে।

বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর সংবাদ সম্মেলন

অন্যদিকে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করেছেন, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ১০৫ কেন্দ্রে ভোট-ডাকাতি হয়েছে। তিনি এসব কেন্দ্রের ফল বাতিল করে পুনরায় ভোট নেওয়ার দাবি জানিয়েছেন। নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিএনপি মেয়রপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, এই নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনে সহায়ক না, যোগ্যও না। বিজিবি ও র‍্যাব ঘুমিয়ে ছিল। পুলিশ সক্রিয় থেকে ব্যালটবাক্স চুরিতে সহায়তা করেছে। সকাল থেকে রিটার্নিং অফিসার ফোন রিসিভ করেননি। গতকালের ভোট ডাকাতি প্রমাণ করেছে সেনাবাহিনী ছাড়া নির্বাচন সম্ভব নয়। দৈনিক যুগান্তর পত্রিকায় মঞ্জুর এ বক্তব্য পরিবেশিত হয়েছে। মানবজমিনে লেখা হয়েছে, তিনি বলেছেন, খালেককে সহায়তা করার কোনো মানসিকতা নেই।

দলবল দেখে আদেশ দিই না, খালেদার আইনজীবীকে প্রধান বিচারপতি-দৈনিক প্রথম আলো

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে থাকা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই রায় দেন। তবে খালেদা জিয়ার জামিন বহালের রায়ের সংক্ষিপ্ত আদেশ চেয়ে তাঁর আইনজীবীদের প্রার্থনা নাকচ করেছেন আপিল বিভাগ। শুনানির একপর্যায়ে প্রধান বিচারপতি বলেন, ‘আমরা দলবল দেখে আদেশ দিই না।

দৈনিক ইত্তেফাকের একটি খবরে বলা হয়েছে, খালেদা জিয়ার আইনজীবী মওদুদ আহমদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাইকোর্টের জামিন আপিল বিভাগ বহাল রাখায় নিম্ন আদালতে অন্যান্য মামলায় মুক্তি পেতে আর বাধা হবে না। তবে প্রথম আলো ও মানবজমিন লিখেছে ভিন্ন কথা। এই দুই পত্রিকার খবরে বলা হয়েছে, মওদুদ বলেন, খালেদা জিয়া এখনই মুক্তি পাচ্ছেন না।

মাদক নির্মূলেও পুলিশ সফল হবে : প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সন্ত্রাস-জঙ্গিবাদ দমনের মতোই মাদক নির্মূলে পুলিশ সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুরে সারদা পুলিশ একাডেমিতে ৩৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। যারা মাদক সরবরাহ, ব্যবসা ও উৎপাদনের সঙ্গে তাদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে পুলিশকে কাজ করতে হবে। দায়িত্ব পালনের সময় জনগণের অধিকার, মানবাধিকার ও আইনের শাসনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। সমাজের নারী, শিশু ও প্রবীণদের প্রতি সংবেদনশীল আচরণ করতে হবে।

এবার ভারতের খবর তুলে ধরছি।

সকালেই পৌঁছে গিয়েছিল রাজ্যপালের রিপোর্ট, তার পরেই সহিংসতা নিয়ে চড়া স্বর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

পঞ্চায়েতের ভোটের দিকে দিনভর নজর ছিল রাজভবনের। ভয়াবহ সহিংসতার খবর মিলছিল রাজ্যের প্রায় সব প্রান্ত থেকে। সে ছবি দেখার পর আর কালক্ষেপ করেননি রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। রাত পোহাতেই রিপোর্ট পাঠিয়ে দেন কেন্দ্রে। আর তার কয়েক ঘণ্টা পরেই বিজেপি সদর দফতর থেকে নরেন্দ্র মোদীর তীব্র আক্রমণ, বাংলায় গণতন্ত্রকে খুন করে ফেলা হয়েছে বলে মন্তব্য।

কর্নাটকে বিজেপি সরকার? ‌নিখোঁজ কংগ্রেস–জেডিএস বিধায়ক, ক্রমেই বাড়ছে রহস্য-দৈনিক আজকাল

কর্নাটকে বিজেপি সরকার গড়তে চলেছে। বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন ইয়েদুরাপ্পা। বিশেষ সূত্রের বরাত দিয়ে দৈনিকটি লিখেছে, বিজেপিকে ইতিমধ্যেই ৭ জন কংগ্রেস বিধায়ক সমর্থন করেছে। এমনকী বিজেপির পাশে দাঁড়িয়েছেন ১ নির্দল বিধায়কও। মঙ্গলবারই ১০৪টি আসন পেয়ে কর্নাটকে জয়ী হয় বিজেপি। এর পাশাপাশি, বুধবার পর্যন্ত কংগ্রেসের তিন বিধায়কের সঙ্গে কোনও ধরনের যোগাযোগ করতে পারছিলেন না কংগ্রেস–জেডিএস যৌথ নেতৃত্ব।

জেডিএসের এক বিধায়ক জানান, চার থেকে পাঁচজন তাঁদের দলের বিধায়কের কাছে বিজেপি প্রস্তাব পাঠিয়েছে। যদিও এই অভিযোগ নাকচ করেছেন কংগ্রেসের বিদায়ী মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কংগ্রেসের সব বিধায়করা দলেই আছেন। আমরাই সরকার গড়ব বলে আত্মবিশ্বাসী।’#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৬