মে ১৭, ২০১৮ ১১:৫১ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৭ মে বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো।

বাংলাদেশের শিরোনাম:

  • খুলনা নির্বাচনে নতুন রূপে ভোট ডাকাতির অভিযোগ বিএনপির-দৈনিক প্রথম আলো
  • দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম-খুলনা সিটিতে ‘নিয়ন্ত্রিত’ নির্বাচনের নতুন রূপ
  • ইউনিসেফের তথ্য-আশ্রয় শিবিরে প্রতিদিন ৬০ রোহিঙ্গা শিশুর জন্ম-দৈনিক মানবজমিন
  • জাতীয় নির্বাচন বানচালের পাঁয়তারা করছে বিএনপি: ইনু-দৈনিক ইত্তেফাক
  • গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে : শেখ হাসিনা-দৈনিক যুগান্তর
  • দুই মামলায় খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার নির্দেশ-দৈনিক নয়া দিগন্ত
  • রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈঠকে যৌথ ওয়ার্কিং গ্রুপ-দৈনিক ইনকিলাব

ভারতের শিরোনাম:

  • সব নজির ভেঙে  পঞ্চায়েত নির্বাচনে এবার গণনা কেন্দ্রে ঢুকে অবাধ ছাপ্পা-দৈনিক আনন্দবাজার
  • কর্নাটকের মুখ্যমন্ত্রী হলেন ইয়েদুরাপ্পা, বিক্ষোভ কংগ্রেস–জেডিএসের-দৈনিক আজকাল
  • কুমারস্বামীর স্বপ্নভঙ্গ, কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ ইয়েদুরাপ্পার-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করেছেন সহকর্মী সিরাজুল ইসলাম।

আজকের বিশ্লেষণের বিষয়গুলো:

১. নির্বাচন কমিশন পুনর্গঠন করার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি তো এই কমিশনের অধীনে নির্বাচনে গেছে। তাহলে কেন এই দাবি?

২. তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, গাজায় ইসরাইলি হত্যাযজ্ঞ ও সহিংসতার বিষয়ে জাতিসংঘ কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে এবং এর মধ্যদিয়ে জাতিসংঘ ভেঙে পড়েছে। কীভাবে দেখছেন এরদোগানের এই বক্তব্যকে?

বিশ্লেষণ ছাড়াও জাতীয় দৈনিকগুলোর আরো কয়েকটি গৃরৃত্বপূর্ণ খবর

গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে : শেখ হাসিনা-দৈনিক যুগান্তর

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের উন্নয়ন প্রকল্পের ৯০ শতাংশ আমরা নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করছি। গণতন্ত্র আছে বলেই দেশ এভাবে এগিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের নিজেদের টাকায় পদ্মা সেতু আমরা বানাচ্ছি। মানুষ মনে করত বাংলাদেশ একটি দরিদ্র দেশ, তারা হাত পেতে চলবে। কিন্তু আমরা কেন হাত পেতে চলব? সরকারের সমালোচনা করার মনোভাব পরিহার করা উচিত বলে জানিয়ে তিনি বলেন, আমরা সমুদ্র বিজয় করেছি, আকাশ বিজয় করেছি। স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে আমরা বিশ্বে মর্যাদার আসনে উন্নীত হয়েছি। শেখ হাসিনা বলেন, আমাদের উন্নয়নের পরিকল্পনা একেবারে তৃণমূল থেকে করছি, যাতে সব পর্যায়ে উন্নয়ন ঘটে।

খুলনা নির্বাচনে নতুন রূপে ভোট ডাকাতির অভিযোগ বিএনপির-দৈনিক প্রথম আলো

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নতুন কায়দায়, নতুন রূপে ভোট ডাকাতি শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভোটকেন্দ্র দখলের রাজনীতি শুরু হয়েছে। আজ  দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই যৌথসভা হয়। সভার পর খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল নিয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল অভিযোগ করেন, এই নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার জন্য যোগ্য নয়। ইসির উদ্দেশে তিনি বলেন, যারা একটি সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে না, জনগণের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারে না, তারা জাতীয় সংসদ নির্বাচন কীভাবে পরিচালনা করবে? অবিলম্বে নির্বাচন কমিশন ভেঙে দিয়ে পুনর্গঠনের দাবি জানান বিএনপির এই নেতা।

খুলনা সিটিতে ‘নিয়ন্ত্রিত’ নির্বাচনের নতুন রূপ-দৈনিক প্রথম আলো

খুলনা সিটি নির্বাচনের বিএনপি ও আওয়ামী লীগের দুই প্রার্থী

খুলনা সিটি করপোরেশন নির্বাচন ছিল এই শহরের মানুষের জন্য এক নতুন অভিজ্ঞতা। কোনো দাঙ্গা-হাঙ্গামা না বাধিয়ে কেবল সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিয়ন্ত্রণে রেখে এবং প্রতিপক্ষকে চেপে ধরে ভোট নেওয়ার এমন দৃশ্য এই শহরের মানুষ আগে দেখেনি। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার সব ব্যবস্থাই ছিল-পুলিশ, র‍্যাব, বিজিবি, ম্যাজিস্ট্রেট ও টহল। এর মধ্যেই প্রতিপক্ষের এজেন্ট বের করে দেওয়া, দল বেঁধে বুথে ঢুকে ব্যালটে সিল মারা, বাবার সঙ্গে শিশুর ভোট দেওয়া, দল বেঁধে জাল ভোট দেওয়া, ভোটারদের প্রকাশ্যে ব্যালটে সিল মারতে বাধ্য করা, দুপুরের আগেই ব্যালট শেষ হওয়াসহ নানা ঘটনা ঘটেছে। পুলিশ ছিল নীরব দর্শকের ভূমিকায়। কোথাও কোথাও ছিল আওয়ামী লীগের প্রার্থীর কর্মীদের সহযোগিতার ভূমিকায়।

বিশ্লেষকেরা বলছেন, এই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন কমিশনেরও একটা পরীক্ষা হয়েছে। তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। সচেতন নাগরিক কমিটির খুলনার সভাপতি আনোয়ারুল কাদির নির্বাচন কমিশনের ভিজিল্যান্স টিমের সদস্য। তিনি ভোটের দিন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, খুলনা সিটি নির্বাচনে নির্বাচন কমিশন যে ভূমিকা রেখেছে, তেমনটা যদি জাতীয় নির্বাচনে রাখে, তবে সেই নির্বাচন নিয়ে শঙ্কা আছে। কমিশনের উচিত হবে খুলনার নির্বাচনের ভুলত্রুটি থেকে শিক্ষা নেওয়া। এই নির্বাচন কমিশনের দুর্বলতাও বেশ স্পষ্ট হয়েছে।

জাতীয় নির্বাচন বানচালের পাঁয়তারা করছে বিএনপি: ইনু-দৈনিক ইত্তেফাক

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, খুলনার নির্বাচনে পরাজয় প্রসঙ্গে বিএনপি’র মিথ্যাচার জাতীয় সংসদ নির্বাচন বানচালের অজুহাত তৈরির পাঁয়তারা মাত্র। তবে তাদের এ পাঁয়তারা সফল হবে না। যে কোনো চক্রান্ত মোকাবিলা করে যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি জানান। গতকাল কুষ্টিয়া এক শিক্ষক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার মামলা নিয়েও বিএনপি মিথ্যাচার করছে। সরকার তাকে কারাগারে পাঠায়নি সুতরাং তার জামিন-বিচার নিয়ে কোনো রকম দেন-দরবার চলবে না। আর মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপি টিকে আছে সাংবাদিকদের কল্যাণে।

দুই বাসের বেপরোয়া প্রতিযোগিতায় প্রাণ গেল ঢাকা ট্রিবিউনের কর্মকর্তার-দৈনিক প্রথম আলো

যাত্রাবাড়ী থেকে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন নাজিম উদ্দিন। ৩২ বছরের তরতাজা প্রাণ। গন্তব্য গুলিস্তান। মেয়র হানিফ উড়ালসড়কে উঠতেই তিনি পড়ে গেলেন দুই বাসের প্রতিযোগিতার মুখে। মঞ্জিল ও শ্রাবণ সুপার পরিবহনের দুটি বাস মরিয়া—কে কার আগে যাবে। শ্রাবণ সুপার পরিবহনের বাসটি নাজিমের মোটরসাইকেলটিকে দিল পেছন থেকে ধাক্কা। ছিটকে সেতুর সড়কে পড়ে গেলেন তিনি। নিমেষে বাসটি চলে গেল তাঁর বুকের ওপর দিয়ে। মেয়র হানিফ উড়ালসড়কে আজ এভাবেই জীবনাবসান ঘটে নাজিম উদ্দিনের। নগরের বাসে বাসে বিভীষিকাময় প্রতিযোগিতার আরেক বলি তিনি।

এবার ভারতের কয়েকটি  খবর তুলে ধরছি।

কুমারস্বামীর স্বপ্নভঙ্গ, কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ ইয়েদুরাপ্পার-দৈনিক সংবাদ প্রতিদিন

কংগ্রেস-জেডিএস জোটকে মাত করে নাটকীয়ভাবে কর্ণাটকে সরকার গড়ল বিজেপি। এইচডি কুমারস্বামীর আশাভঙ্গ করে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পদের শপথ নিলেন বিএস ইয়েদুরাপ্পা। বুধবার গভীর রাতে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে একপ্রকার কর্ণাটকের মসনদের ফয়সলা হয়ে যায়। তবে মুখ্যমন্ত্রী শপথের পর ইয়েদুরাপ্পাকে নিজের সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করতে হবে বলে শীর্ষ আদালত রায় দেয়।

কর্নাটকের মুখ্যমন্ত্রী হলেন ইয়েদুরাপ্পা, বিক্ষোভ কংগ্রেস–জেডিএসের-দৈনিক আজকাল

রাজ্যপালের ডাকেই সাড়া দিয়ে কর্নাটকে সরকার গড়ল বিজেপি। কংগ্রেস–জেডিএস একে–অপরের হাত ধরেও খুব একটা সুবিধা করতে পারল না। অপরদিকে বেঙ্গালুরুর বিধান সৌধের কাছে মহাত্মা গান্ধীর মূর্তির নীচে বিক্ষোভে সামিল হন কংগ্রেসের বিধায়ক এবং শীর্ষ নেতারা। একদিকে যখন কংগ্রেস–জেডিএস বিক্ষোভ দেখাচ্ছে, অপরদিকে ইয়েদুরাপ্পা মুখ্যমন্ত্রী হওয়ার খুশিতে রাজভবনের বাইরে বিজেপি সমর্থকরা আন্দন্দে নাচ করছেন।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৭