মে ১৮, ২০১৮ ১০:৫০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! আজ ১৮ মে শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশের শিরোনাম:

  • জালিয়াতি করে ৪০০ জনের চাকরি-দৈনিক প্রথম আলো
  • ইশাকে হেনস্তায় সুফিয়া কামাল হলের ২৫ ছাত্রীকে কারণ দর্শানোর নোটিশ-দৈনিক ইত্তেফাক
  • সরকারের অনিচ্ছায় খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন না : ফখরুল-দৈনিক যুগান্তর
  • মিডিয়াকে নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসার আহ্বান-দৈনিক মানবজমিন
  • মাকে তাড়িয়ে বাড়ি দখলের অভিযোগ তুরিন আফরোজের বিরুদ্ধে-দৈনিক নয়া দিগন্ত
  • রমজানের শুরুতে নিত্যপণ্যের বাজারে আগুন, সাধারণ মানুষ দিশেহারা-দৈনিক ইনকিলাব

ভারতের শিরোনাম:    

  • পঞ্চায়েতে জয় রাজনৈতিক শহিদদের উৎসর্গ মুখ্যমন্ত্রীর, কেন্দ্র ও বিরোধীদের তোপ-দৈনিক আজকাল
  • কর্ণাটকে অসাংবিধানিক কাজ করেছেন রাজ্যপাল’, সুপ্রিম রায়ের পর তোপ রাহুলের -দৈনিক সংবাদ প্রতিদিন
  • নাটক-কর্নাটক, মধ্যরাতে বাসে চাপিয়ে বিধায়কদের ভিনরাজ্যে পাঠাল কং-জেডি(এস)-দৈনিক আনন্দবাজার

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

মিডিয়াকে নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসার আহ্বান-দৈনিক মানবজমিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ ভোট দিলে আছি, না দিলে নাই। আমরা চাই, দেশে একটা সুষ্ঠু গণতান্ত্রিক ধারা ফিরে আসুক। সেটা ফিরে এসেছে। এটা যেন কেউ আর বানচাল করতে না পারে, নষ্ট করতে না পারে। আমাদের সরকারের সময় ছয় হাজারের মতো স্থানীয় সরকার নির্বাচন হয়েছে। একটা নির্বাচন নিয়েও কেউ প্রশ্ন তুলতে পারে নাই। কারণ, আমরা সেখানে হস্তক্ষেপ করি নাই। করবোও না। জনগণের এটা অধিকার।

সরকারের অনিচ্ছায় খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন না : ফখরুল-দৈনিক যুগান্তর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশের সর্বোচ্চ আদালত মুক্তি দিলেও সরকারের অনিচ্ছায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনের ভাসানী ভবনে একটি গানের সিডি উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। খালেদা জিয়া নির্বাচনে এলে আওয়ামী লীগের ভরাডুবি হবে। তাই তাকে জেলে রাখা হয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান

এদিকে দৈনিক ইত্তেফাকের একটি খবরে লেখা হয়েছে, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনেক অপরাধ করেছেন বলেই বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।শাজাহান বলেন, ‘বেগম খালেদা জিয়া একদিকে যেমন এতিমদের টাকা আত্মসাত্ করেছে, অন্যদিকে মানুষ পুড়িয়ে ও পিটিয়ে হত্যা করেছে। এমনকি গাড়িতে পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষকে হত্যা করেছে। তাদের মালামাল ধ্বংস করেছে। এ সকল মামলায় তাকে জামিন নিতে হবে।’

রমজান মাসের বাজার-বিপুল সরবরাহে সওয়ার হয়ে ছুটেছে দামের পাগলা ঘোড়া-দৈনিক প্রথম আলো

বাজারে পণ্যের দাম হু হু করে বেড়েছে

চাহিদার চেয়ে সরবরাহ কম হওয়ায় পণ্যের দাম বেড়েছে—এ যুক্তি এ বছর খাটছে না। সবজির বাজার, মাংসের বাজার, ভোজ্যতেল, চিনি ও পেঁয়াজ-রসুনের বাজারে সরবরাহ বিপুল। তবু দাম বেড়েছে এসব নিত্যপণ্যের। রাজধানী ঢাকার পাশাপাশি অন্যান্য জেলা থেকেও বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধির খবর পাওয়া গেছে। সরকারের বেধে দেয়া দাম কেউ মানছেন না। ক্রেতাদের অস্বস্তিও বেড়েছে। এক সপ্তাহ আগে যে বেগুনের দাম ছিল ৫০ টাকা এখন তা ৮০ থেকে ১০০ টাকা। দাম বেড়েছে শশা, কাচামরিচ, মুরগি, লেবু, মাছসহ আরো বিভিন্ন পণ্যের।

ইশাকে হেনস্তায় সুফিয়া কামাল হলের ২৫ ছাত্রীকে কারণ দর্শানোর নোটিশ-দৈনিক ইত্তেফাক

কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া হল ছাত্রলীগ সভাপতি ইফফাত জাহান ইশাকে হেনস্তা করা হয়েছে, এমন অভিযোগ এনে ওই হলের ২৫ ছাত্রীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার হল অফিসে ডেকে অভিযুক্ত ছাত্রীদের হাতে এই নোটিশ দেয়া হয়। নোটিশ পাওয়ার দুই সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর লিখিত জবাব প্রক্টরের কাছে জমা দিতে বলা হয়েছে।‘ নোটিশে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে সংঘটিত উক্ত অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি ঘটনার সাথে আপনার জড়িত থাকার প্রমাণ পেয়েছে।নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব না দেয়া হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন একতরফাভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে বলে নোটিশে জানানো হয়েছে।

জালিয়াতি করে ৪০০ জনের চাকরি-দৈনিক প্রথম আলো

নিয়োগ পরীক্ষায় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জালিয়াতি করে গত দুই বছরে সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অন্তত ৪০০ ব্যক্তি চাকরি পেয়েছেন। এই তথ্য ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। নিয়োগ জালিয়াতিতে জড়িত বিভিন্ন চক্রের ১৮ সদস্যকে গত এপ্রিল মাসে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করে বিষয়টি জানতে পারেন ডিবির কর্মকর্তারা। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ছয়জন নিয়োগ জালিয়াতিতে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। ডিবির কর্মকর্তারা বলছেন, চাকরি পাওয়া ব্যক্তিদের কাছ থেকে ৮-১০ লাখ টাকা করে আদায় করেছে জালিয়াত চক্র। এখন পর্যন্ত পাঁচটি জালিয়াত চক্রকে শনাক্ত করতে পেরেছেন তাঁরা।একটি চক্রের সঙ্গে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক আবু জাফর। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রতিটি চক্রে সর্বোচ্চ ১০ জন সদস্য থাকে। গত এক বছরে অন্তত ৪০টি নিয়োগ পরীক্ষায় জালিয়াতিতে অংশ নিয়েছে এসব চক্র।

পাসপোর্ট পেতে গলদঘর্ম, ভোগান্তি-দৈনিক মানবজমিন

পাসপোর্ট নিয়ে ভোগান্তি

মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) যেন সোনার হরিণ। অতিরিক্ত জরুরি ফি দিয়ে দুই মাসেও মিলছে না পাসপোর্ট। দেশের বিভিন্ন জেলা শহরের পাসপোর্ট অফিসগুলোয় পাসপোর্ট পেতে রীতিমতো হাহাকার চলছে।গতকাল সরজমিনে আগারগাঁও পাসপোর্ট অফিস ঘুরে দেখা যায়, অতি জরুরি ফি দিয়েও ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। তাদের প্রতিদিনই অপেক্ষায় থাকতে হয় কখন হাতে পাবেন পাসপোর্ট। কিন্তু বেঁধে দেয়া নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরও তা পাচ্ছেন না আবেদনকারীরা। কয়েক জন আবেদনকারী জানান, ৩০ দিনের মধ্যে যে পাসপোর্ট পাওয়ার কথা সেটা হাতে পাচ্ছেন দুই মাসের মাথায়। কারো কারো ক্ষেত্রে সময় এর চেয়েও বেশি লেগে যাচ্ছে।

এবার ভারতের খবর তুলে ধরছি।

নাটক-কর্নাটক, মধ্যরাতে বাসে চাপিয়ে বিধায়কদের ভিনরাজ্যে পাঠাল কং-জেডি(এস)-দৈনিক আনন্দবাজার

বিজেপি সভাপতি রাহুল গান্ধী

কর্নাটকে থাকলেই বিপদ। বিজেপি ঘোড়া কেনাবেচা করতে পারে, এমন আশঙ্কায় নির্বাচিতবিধায়কদের অবিজেপি রাজ্য তেলঙ্গানায় সরিয়ে নিয়ে গেল জেডি(এস) ও কংগ্রেস। এ নিয়ে রাতভর রোমাঞ্চ, গোপনীয়তা ও রহস্য। কংগ্রেস ও জেডি(এস)-এর দাবি, তাঁরা ১১৬ জন বিধায়ককে সরিয়ে নিয়ে গিয়েছেন। কিন্তু তাঁদের  মধ্যে কোন দলের কত জন, তা এখনও স্পষ্ট নয়।

আর সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, ১৫ দিনও সময় পেলেন না। মুখ্যমন্ত্রীত্বের একদিনের মাথাতেই আগামীকাল শনিবার আস্থা ভোটের মুখে পড়লেন ইয়েদুরাপ্পা। শুক্রবার ফের মামলাটি সুপ্রিম কোটে উঠলে কোর্ট ওই রায় দিয়েছে। এতে  বিজেপির মুখের হাসি একটু হলেও মিলিয়েছে। অন্যদিকে হাসি চওড়া হয়েছে কংগ্রেস শিবিরে। শুক্রবার সুপ্রিম কোর্ট আস্থা ভোটের নির্দেশ দেওয়ার পরই কর্ণাটকের রাজ্যপালের বিরুদ্ধে তোপ দাগলেন রাহুল গান্ধী। তাঁর সাফ কথা, বাজুভাই ভালা যে অসাংবিধানিক কাজ করেছিলেন, তা প্রমাণ হয়ে গেল।

পঞ্চায়েতে জয় রাজনৈতিক শহিদদের উৎসর্গ মুখ্যমন্ত্রীর, কেন্দ্র ও বিরোধীদের তোপ-দৈনিক আজকাল

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

পঞ্চায়েত ভোটে বিপুল জয় রাজনৈতিক সহিংসতায় নিহতদের প্রতি উৎসর্গ করলেন মুখ্যমন্ত্রী ও তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল সন্ধ্যায় নবান্নে তিনি বলেন, পঞ্চায়েত ভোটে সিপিএম, বিজেপি ও মাওবাদীরা জোট বেধে প্রতিদ্বন্দ্বিতা করেছে। অসম-ঝাড়খণ্ড থেকে এ রাজ্যে টাকা ঢুকেছে। কিন্তু, তাও নব্বই শতাংশ জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর আরো বলেন, ‘পঞ্চায়েত ভোটে সহিংসতা নিয়ে প্রধানমন্ত্রী যা বলেছেন, তা সংবিধানিক পদে থেকে তা বলা সাজে না। বিজেপির কথা শুনে মন্তব্য করেছেন উনি। তথ্য যাচাই করেননি।’#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৮