মে ১৯, ২০১৮ ১১:৪২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৯ মে শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • মাদকের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক প্রথম আলো
  • প্রথম আলোর অন্য একটি খবরের শিরোনাম-তিন জেলায় তিন ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪, আহত ১০ পুলিশ
  • ভারত সীমান্তে গরু এখন গোপন সুড়ঙ্গে-দৈনিক মানবজমিন
  • খুলনার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে বিএনপি: তোফায়েল-দৈনিক ইত্তেফাক
  • দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম-'হেরে গেলেই বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করে'-ওবায়দুল কাদের
  • ‘আন্দোলনের জন্য প্রস্তুতি নিন- ড. খন্দকার মোশাররফ হোসেন-দৈনিক যুগান্তর
  • ঢাবির ভিসি-প্রক্টরই গুজবের মহানায়ক'-দৈনিক নয়া দিগন্ত
  • কোটা আন্দোলন, রমজান ও সেশনজট বিবেচনায় পরীক্ষা বর্জন স্থগিত, ক্লাস বর্জন চলবে-দৈনিক ইনকিলাব

ভারতের শিরোনাম:

  • আস্থা জিততে ‘ঘুষ’-এর টোপ মুখ্যমন্ত্রীর! ফের অডিও টেপ ‘ফাঁস’ করল কংগ্রেস-দৈনিক আনন্দবাজার
  • আস্থাভোটের আগে শপথ নিলেন কর্নাটকের বিধায়করা-দৈনিক আজকাল
  • দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হারাচ্ছে রাজ্যের নাগরিক সমাজ, বলছে সমীক্ষা-দৈনিক সংবাদ প্রতিদিন
  • সংবাদ প্রতিদিনের অন্য একটি খবরের শিরোনাম-অশান্ত কাশ্মীরে পা রাখলেন মোদি, জোরদার নিরাপত্তা

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণের বিষয়গুলো...

বিশ্লেষণের বাইরে দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

খুলনার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে বিএনপি: তোফায়েল-দৈনিক ইত্তেফাক

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি এমন একটা রাজনৈতিক দল যাদের কোনো নীতি নেই। সদ্য সমাপ্ত খুলানা সিটি নির্বাচন প্রক্রিয়াকে সারা দেশের মানুষ প্রশংসা করেছে। কিন্তু বিএনপি এই অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানান কথা বলছে। আজ দুপুরে জেলেদের মধ্যে চাল বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

হেরে গেলেই বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করে'-ওবায়দুল কাদের-ইত্তেফাক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হেরে গেলেই বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করে। কারচুপি, সুষ্ঠু নির্বাচন এসব ভাঙ্গা রেকর্ড তারা বাজায়। তারা (বিএনপি) না আসলেও নির্বাচন হবে। তিনি বলেন, বিনা-প্রতিদ্বন্দ্বিতার ফাঁদে এবার তারা সরকারকে ফেলতে পারবে না। আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে।

মাদকের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক প্রথম আলো/যুগান্তর

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সরকার মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি (শূন্য সহনশীলতা) অবলম্বন করেছে।’আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে মাদকসেবী ও ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনার বিষয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এসব ঘটনার তদন্ত করা হবে। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।’ 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে বড় ধরনের মাদক ব্যবসায়ী গ্রেপ্তার না হলেও গত চার দিনে ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন ছয়জন। অভিযানে অংশ নেওয়া বাহিনীর একাধিক সদস্য প্রথম আলোকে বলেন, মাদক নির্মূলে এখন বন্দুকযুদ্ধকেই ভরসা বলে মনে করা হচ্ছে।

রমজানেও খালেদা জিয়ার ওপর জুলুম চলছে: রিজভী-দৈনিক যুগান্তর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভী

সর্বোচ্চ আদালত থেকে জামিন দেয়ার পরও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে কষ্ট দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভী।তিনি বলেন, কারাগারে খালেদা জিয়া গুরুতর অসুস্থ। হাত ও পায়ের ব্যথায় হাঁটতে পারছেন না, ঠিকমত ঘুমাতে পারছেন না। পবিত্র মাহে রমজানেও তার ওপর সর্বোচ্চ জুলুম চলছে।বিএনপি চেয়ারপারসনকে তিলে তিলে শেষ করে দিতেই শেখ হাসিনার নির্দেশে জামিনযোগ্য মামলায় তাকে জামিন দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেন রিজভী।শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

‘আন্দোলনের জন্য প্রস্তুতি নিন-ড.খন্দকার মোশাররফ হোসেন

ড. খন্দকার মোশাররফ হোসেন

তরুন সমাজ, ছাত্র ও শ্রমিক সমাজকে বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার আন্দোলনের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরামের আয়োজনে গ্রহণযোগ্য নির্বাচন ও বর্তমান নির্বাচন কমিশনের ভূমিকা শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ আহ্বান জানান। মোশাররফ হোসেন বলেন, গ্রহণযোগ্য নির্বাচন হতে হলে প্রয়োজন খালেদা জিয়ার মুক্তি। কারণ খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র ও আগামী নির্বাচন এক সুতোয় গাঁথা। তাই এর জন্য ছাত্র ও যুবসমাজের যে যে অবস্থানে আছেন সেই অবস্থান থেকে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানাচ্ছি। কারণ গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে আন্দোলন সংগ্রামের বিকল্প নেই।

ঢাবির ভিসি-প্রক্টরই গুজবের মহানায়ক'- নুরুল হক নূর-নয়া দিগন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢা‌বি) ভি‌সি এবং প্রক্টরই গুজবের মহানায়ক বলে মন্তব্য করেছেন কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। প‌রিষ‌দের যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নূর এ মন্তব্য ক‌রেন।শনিবার দুপ‌ু‌রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্দ্রেীয় গ্রন্থাগা‌রের সামনে আ‌য়োজিত সংবাদ সম্মেলনে তি‌নি এ মন্তব্য ক‌রেন।

তিন জেলায় তিন ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪, আহত ১০ পুলিশ-দৈনিক প্রথম আলো

যশোর, ময়মনসিংহ ও ফেনী জেলায় আজ শনিবার মধ্যরাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলাদা তিনটি ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে। এসব ‘বন্দুকযুদ্ধে’ চারজন নিহত হয়েছেন। যশোরে মারা গেছেন আবুল কালাম (৪৭), হাবিবুর রহমান (৩৮) ও মিলন কাঁসারী (৪০) নামের তিনজন। ময়মনসিংহের নান্দাইলে ‘বন্দুকযুদ্ধে’ মো. ইমন মিয়া (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন। অন্যদিকে, ফেনীর সোনাগাজীতে জসিম উদ্দিন (৩৫) নামের এক যুবক আহত হয়েছেন। এ ঘটনায় তিন পুলিশ কর্মকর্তাসহ আরও ১০ জন আহত হন। যশোরের বন্দুকযুদ্ধে হয়েছে র‍্যাবের সঙ্গে এবং নান্দাইল ও সোনাগাজীর ‘বন্দুকযুদ্ধ’ দুটি হয়েছে পুলিশের সঙ্গে। তিনটি ঘটনা আজ মধ্যরাতে এক ঘণ্টার মধ্যে হয়েছে।

এবার ভারতের কয়েকটি  খবর তুলে ধরছি।

দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হারাচ্ছে রাজ্যের নাগরিক সমাজ, বলছে সমীক্ষা-দৈনিক সংবাদ প্রতিদিন

সিভিল সোসাইটি

নারী নির্যাতন হোক বা দুর্নীতি, আমরা আশা রাখি যেকোনও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে আগে আওয়াজ তুলবে নাগরিক সমাজ। রাজনৈতিক প্রেক্ষাপটে নাগরিক সমাজ কতটা কার্যকরী ভূমিকা পালন করতে পারছে তা নিয়ে নানান সময়েই বিতর্ক ওঠে। সেই বিতর্ক আরও বেশি জোরদার করতে পারে সিএমএস-ইন্ডিয়া কোরাপশন স্টাডি ২০১৮-র সমীক্ষা। যেখানে দেখানো হয়েছে যেকোনও রকমের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে বা আওয়াজ তুলতে ততটা বেশি কার্যকরী ভূমিকা পালন করে না রাজ্যের নাগরিক সমাজ। এই সমীক্ষায় দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গ ছাড়াও একই তালিকায় স্থান পেয়েছে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ। এই সমস্ত রাজ্যগুলির নাগরিক সমাজ দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলতে বা প্রতিবাদ করতে রাজি নয়।

আস্থা জিততে ‘ঘুষ’-এর টোপ মুখ্যমন্ত্রীর! ফের অডিও টেপ ‘ফাঁস’ করল কংগ্রেস-দৈনিক আনন্দবাজার

মন্ত্রিত্ব, টাকার লোভ দেখিয়ে কংগ্রেস বিধায়ককে কেনার অভিযোগ উঠল ইয়েদুরাপ্পার বিরুদ্ধে।  আস্থাভোটের আগে এমন বিস্ফোরক  অভিযোগ আনল কংগ্রেস।  দলের তরফ থেকে সেই কথোপকথনের একটি অডিও টেপও প্রকাশ্যে আনা হয়েছে।  আর এই অডিও টেপকে ঘিরেই আলোড়ন পড়ে গিয়েছে।

আর দৈনিক আজকালের খবরে লেখা হয়েছে, আস্থাভোটের আগে শনিবার সকালে শপথ নিলেন কর্নাটক বিধানসভার বিধায়করা। বিধায়কদের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল বিআর ভালা। তবে এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখা মেলেনি তিন কংগ্রেস বিধায়কের।

পাকিস্তানি সেনা হামলায় ১ বিএসএফ জওয়ানসহ নিহত ৬-দৈনিক আজকাল

কাশ্বিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
  • সংঘর্ষবিরতি চুক্তির তোয়াক্কাই করছে না পাকিস্তান। চুক্তি অমান্য করে ফের শুক্রবার রাত থেকে জম্মু ও কাশ্মীর সীমান্তে গোলা বর্ষণ চালায় তারা।  রাতভর জম্মু ও কাশ্মীরের আরএসপুরা সেক্টরে আছড়ে পড়ে পাকিস্তানি গোলা। সংঘর্ষে নিহত হয়েছেন এক বিএসএফ জওয়ানসহ পাঁচ বেসামরিক নাগরিক। পাক সেনারা মূলত জনবসতি এলাকা লক্ষ্য করে হামলা চালানোয় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি সামলাতে সীমান্তবর্তী গ্রামগুলির বাসিন্দাদের বাড়ির বাইরে যেতে নিশেষ করা হয়েছে। সীমান্ত থেকে ৩ কিলোমিটারের মধ্যে সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৯