একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২০ মে রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
প্রথমে বাংলাদেশে:
- খুলনা সিটি নির্বাচন-‘চমৎকার’ নির্বাচন ও পর্যবেক্ষণ! -দৈনিক প্রথম আলো
- বন্দুকযুদ্ধের নামে মানুষ হত্যার হিড়িক চলছে : বিএনপি -দৈনিক যুগান্তর
- আগামী নির্বাচনে বড় বিজয়ে আত্মবিশ্বাসী আওয়ামী লীগ-দৈনিক ইত্তেফাক
- যানজটে বছরে ক্ষতি ৩৭ হাজার কোটি টাকা-দৈনিক মানবজমিন
- ধানের ন্যায্য দাম না পেয়ে হতাশ হাওরাঞ্চলের কৃষকেরা-দৈনিক নয়া দিগন্ত
- ছয় জেলায় 'বন্দুকযুদ্ধে' নিহত ৬-দৈনিক সমকাল
ভারত:
- বিরোধীবিহীন পঞ্চায়েতে ‘আইন’ রক্ষাই মুশকিল-দৈনিক আনন্দবাজার
- বিরোধীবিহীন পঞ্চায়েতে ‘আইন’ রক্ষাই মুশকিলের -দৈনিক আজকাল
- মুখ্যমন্ত্রীর কুর্সির ভাগ হবে না, কংগ্রেসকে সাফ বার্তা কুমারস্বামীর-দৈনিক সংবাদ প্রতিদিন
- পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
বন্দুকযুদ্ধের নামে মানুষ হত্যার হিড়িক চলছে : বিএনপি-দৈনিক যুগান্তর
বিস্তারিত খবরে লেখা হয়েছে, বন্দুকযুদ্ধের নামে দেশে মানুষ হত্যার হিড়িক চলছে বলে মন্তব্য করেছে বিএনপি।
আইনশৃঙ্খলা বাহিনী বিচারবহির্ভূত হত্যার নামে কিলিং প্র্যাকটিস করছে বলেও মন্তব্য করেছে দলটি। রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এমন মন্তব্য করেন। তিনি বলেন, সারা দেশে বন্দুকযুদ্ধের নামে মারণযজ্ঞ চলছে। গত তিন দিনে চার জেলায় বিচারবহির্ভূত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে সাতজন। চলতি মাসে যেন পোকামাকড়ের মতো মানুষ হত্যার হিড়িক চলছে।
তিনি বলেন, খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি দলনিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে। খালেদা জিয়াবিহীন কোনো জাতীয় নির্বাচনে বিএনপি যাবে না, যাওয়ার প্রশ্নই আসে না। রিজভী বলেন, এই মুহূর্তে বিএনপির ইশতেহার হচ্ছে দেশনেত্রীর মুক্তি, জাতীয় সংসদ ভেঙে দেওয়া এবং দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন।
আগামী নির্বাচনে বড় বিজয়ে আত্মবিশ্বাসী আওয়ামী লীগ-দৈনিক ইত্তেফাক
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো বড় বিজয়ে আত্মবিশ্বাসী আওয়ামী লীগ। খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিপুল ভোটের ব্যবধানে নৌকার বিজয় জোটের আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দিয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগ ও তার শরিকদের মধ্যে একটা স্বস্তি বিরাজ করছে। ক্ষমতাসীন দলগুলোর নীতিনির্ধারকরা মনে করছেন, বিজয়ের ধারা শুরু হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত এ ধারা অব্যাহত রেখে টানা তৃতীয় মেয়াদের সরকার গঠন করে রেকর্ড গড়া সম্ভব হবে। এক্ষেত্রে হ্যাটট্রিক বিজয়ের পথে মূল ট্রাম্পকার্ড হবে দেশের ব্যাপক উন্নয়ন ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জনপ্রিয়তা।
খুলনা সিটি নির্বাচন-‘চমৎকার’ নির্বাচন ও পর্যবেক্ষণ! -দৈনিক প্রথম আলো
মন্তব্য এ প্রতিবেদনে লেখা হয়েছে, সাধারণভাবে তাক লাগানো বা বিমোহিত করার মতো ভালো কিছুতে আমরা চমৎকৃত হই। আর স্বাভাবিক প্রতিক্রিয়ায় নয়, কাউকে খুশি করার জন্য অথবা পটানোর উদ্দেশ্যেও ‘চমৎকার’ কথাটির প্রশংসাসূচক ব্যবহার রয়েছে। রাজনীতিতেও এর ব্যবহার ঘটে মিথ্যাচারের প্রয়োজনে। তবে সম্প্রতি তার প্রয়োগ আমলা-পেশাজীবীদের মধ্যেও বেড়েছে। গত সপ্তাহে আমরা দুটো ক্ষেত্রে এই শব্দটি প্রযুক্ত হতে দেখেছি-একটি হলো জাতিসংঘে বাংলাদেশের পরিস্থিতি পর্যালোচনায়, যেখানে বলা হয়েছে মানবাধিকারের ক্ষেত্রে আমাদের অগ্রগতি চমৎকার। আর দ্বিতীয়টি হচ্ছে খুলনা সিটি করপোরেশনের নির্বাচনের মান সম্পর্কে। উভয় ক্ষেত্রে এই বিশেষণ প্রয়োগের যৌক্তিকতা নিয়ে আলোচনার তেমন একটা অবকাশ আছে বলে মনে হয় না। আমাদের বরং খোঁজা উচিত যাঁরা এ কথাটি বলেছেন তাঁদের উদ্দেশ্য আসলে কী?
সাইবার হামলার শিকার বেশি নারীরা, প্রতিকারে দরকার সচেতনতা-দৈনিক যুগান্তর
তথ্য-প্রযুক্তির সহজলভ্যতার কারণে দেশে বিভিন্ন বয়স ও শ্রেণির মানুষের মধ্যে ইন্টারনেট এবং স্মার্টফোনের ব্যবহার যত বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধ। সাইবার অপরাধ এবং প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিয়ে মানুষকে সচেতন করার কাজে নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠান সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন দেশের সাইবার অপরাধ নিয়ে একটি গবেষণার প্রতিবেদন প্রকাশ করেছে।
সেখান থেকে জানা গেছে, শতকরা প্রায় ৫২ ভাগ অভিযোগই আসে নারীদের থেকে৷ সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ১৮ থেকে ৩০ বছর বয়সী মেয়েরা। শতাংশের হিসাবে যা প্রায় ৭৪ শতাংশ। অভিযোগের একটি বড় অংশের অভিযোগ ফেসবুক সংক্রান্ত৷ যার মধ্যে আইডি হ্যাক থেকে শুরু করে সুপার ইম্পোজ ছবি এবং পর্নোগ্রাফির মতো ভয়াবহ অভিযোগও রয়েছে৷
এক্ষেত্রে প্রতিকারের উপায় নিয়ে স্বচ্ছ ধারণার অভাব এবং লোকলজ্জা ও ভয়-ভীতিকে প্রধান কারণ হিসেবে দায়ী করা হয়েছে। এতে একদিকে যেমন নারীরা প্রতারণার শিকার হচ্ছেন, তেমনি ব্ল্যাক-মেইল ও হুমকির কারণে তাদের ব্যক্তিগত জীবন দুর্বিষহ হয়ে পড়ছে৷
যানজটে বছরে ক্ষতি ৩৭ হাজার কোটি টাকা-দৈনিক মানবজমিন
যানজটে বছরে আর্থিক ক্ষতির পরিমাণ ৩৭ হাজার কোটি টাকা বলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের গবেষণায় উঠে এসেছে। ঢাকা মহানগরীতে যানজটে প্রতিদিন ৩৮ লাখ কর্মঘণ্টা নষ্ট হয় বলে ২০১৭ সালে বিশ্বব্যাংক হিসাব দেখিয়েছিল; এক বছর পর বুয়েটের এক গবেষণায় বলা হয়েছে, এই অঙ্কটি ৫০ লাখ কর্ম ঘণ্টা। এই হিসাবে যানজটে বছরে আর্থিক ক্ষতির পরিমাণ ৩৭ হাজার কোটি টাকা। যা জাতীয় বাজেটের ১১ ভাগের এক ভাগ। ইনস্টিটিউটির পরিচালক অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন বলছেন, নগরের যানজট যদি ৬০ শতাংশ কমানো যায় তবে ২২ হাজার কোটি টাকা বাঁচানো সম্ভব।
এবারে ভারতের খবর তুলে ধরছি।
মধ্যপ্রদেশে গরু পাচারকারী সন্দেহে একব্যক্তিকে পিটিয়ে হত্যা-দৈনিক আজকাল
ফের গরু পাচারকারী সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলার ঘটনা ঘটল মধ্যপ্রদেশে। ঘটনাটি ঘটেছে সাতনা জেলায়। জানা গিয়েছে, বুধবার গভীর রাতে গ্রামবাসী গরু পাচারকারী সন্দেহে এক ব্যক্তির ওপর চড়াও হয় এবং তাঁকে লাঠি এবং পাথর দিয়ে বেধড়ক পিটিয়ে মেরে ফেলে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪৫ বছরের রিয়াজের। তাঁকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে গুরুতর আহত হন রিয়াজের বন্ধু ৩৩ বছরের সাকিল। ওই ঘটনার পর গ্রামবাসীরা পালিয়ে যায় বলে জানা গিয়েছে। এই ঘটনায় পুলিস ইতিমধ্যে ৪ জনকে গ্রেপ্তার করেছে এবং তাদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।
বিরোধীবিহীন পঞ্চায়েতে ‘আইন’ রক্ষাই মুশকিল-দৈনিক আনন্দবাজার
কুড়িটি জেলা পরিষদের মধ্যে ন’টিতে এ বার কোনও বিরোধী সদস্য নেই। একই ভাবে কয়েকশো পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতও এ বার বিরোধী শূন্য হয়েছে। অগস্ট-সেপ্টেম্বরে ত্রিস্তর পঞ্চায়েতগুলি গঠনের পর থেকেই তা ‘আইন মেনে’ পরিচালনার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না তো? পঞ্চায়েত পরিচালনার সঙ্গে যুক্ত অনেক আমলা-কর্তাদের মনেই এখন সেই প্রশ্ন দেখা দিয়েছে।
কারণ, এ রাজ্যে তৃণমূলস্তরে সিদ্ধান্তগ্রহণের ক্ষেত্রে বিরোধী মতামতকে গুরুত্ব দেওয়ার কথা পঞ্চায়েত আইনেই লিপিবদ্ধ করা আছে। সেই আইনে সিদ্ধান্তগ্রহণের সমস্ত কমিটিতেই বিরোধীদের রাখা এক প্রকার বাধ্যতামূলক। কিন্তু এ বার যেভাবে কয়েকশো পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত এমনকী জেলা পরিষদও বিরোধীবিহীন হয়েছে, তাতে ‘আইন রক্ষায়’ সমস্যা হয়ে দাঁড়াবে বলে মনে করছেন পঞ্চায়েত কর্তাদের একাংশ।
মুখ্যমন্ত্রীর কুর্সির ভাগ হবে না, কংগ্রেসকে সাফ বার্তা কুমারস্বামীর-দৈনিক সংবাদ প্রতিদিন
ইস্তফা দেওয়ার সময় ইয়েদুরাপ্পার বক্তব্যে সাফ ইঙ্গিত ছিল কংগ্রেস-জেডি(এস) সরকার বেশি দিন টিঁকবে না। খুব শীঘ্রই ফের সরকার গড়ার দাবি নিয়ে ফিরবেন তিনি। রাজনৈতিক মহলের অনেকের ধারণা ছিল জনতা দল এবং কংগ্রেসের এই জোট স্বাভাবিক জোট নয়, ফলে যে কোনও সময় তাতে চিড় ধরতে পারে । সেই চিড় ধরার ইঙ্গিত কি তবে সরকার গড়ার আগেই পাওয়া গেল? কর্ণাটকে জনতা দলের দ্বিগুণেরও বেশি আসন পেয়েছে কংগ্রেস। তবু বিজেপিকে রুখতে জেডিএসকে নিঃস্বার্থ সমর্থনের কথা ঘোষণা করে কংগ্রেস। কিন্তু বিজেপি সরকার পড়ে যেতেই কিছুটা যেন বেসুরো শোনাল বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গেকে। আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, জাতীয় দল হওয়া সত্ত্বেও ছোট আঞ্চলিক দলকে সমর্থন করার পিছনে একটা দেওয়া-নেওয়ার সম্পর্ক অবশ্যই আছে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২০