মে ২৪, ২০১৮ ১১:৫৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৪ মে বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশে:

  • আজওয়া’ খেজুরে এক কেজিতে লাভ ১ হাজার টাকা!-দৈনিক প্রথম আলো
  • এবার রাজধানীতে শুরু মাদকবিরোধী অভিযান-দৈনিক যুগান্তর
  • মাদকবিরোধী অভিযান: ‘বন্দুকযুদ্ধে’ সারাদেশে আরো ৯জন নিহত-দৈনিক ইত্তেফাকবিরোধীদল নিধনই বিচারবহির্ভূত হত্যার মূল এজেন্ডা: রিজভী-দৈনিক মানবজমিন
  • সাত ব্যাংকের এক টাকাও আদায় নেই-দৈনিক নয়া দিগন্ত
  • সমাবেশে না যাওয়ায় ৩৫ শিক্ষার্থীকে ছাত্রলীগের মারধর-দৈনিক সমকাল

ভারত:

  • বেঙ্গালুরুতে বিরোধী ঐক্যেরই ছবি-শপথ নিলেন কুমারস্বামী-দৈনিক গণশক্তি
  • নিপা ভাইরাসের আতঙ্ক হিমাচলেও, স্কুল থেকে উদ্ধার ১৮টি মৃত বাদুড়-দৈনিক আজকাল
  • হাসনাবাদ থেকে গ্রেপ্তার ভাগাড় কাণ্ডের মূল অভিযুক্ত কওসর আলি ঢালি-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

মাদকবিরোধী অভিযান: ‘বন্দুকযুদ্ধে’ সারাদেশে আরো ৯জন নিহত-দৈনিক ইত্তেফাকের শিরোনাম। মাদকবিরোধী অভিযান সম্পর্কিত আরো অনেক খবর ছাপা হয়েছে আজকের প্রায় জাতীয় দৈনিকের অনলাইনে। 

এ সম্পর্কে দৈনিক যুগান্তরের শিরোনাম-এবার রাজধানীতে শুরু মাদকবিরোধী অভিযান

সারা দেশে চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় এবার রাজধানীতে অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ। বৃহস্পতিবার ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে এ অভিযানের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুসারে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। যে কোনো মূল্যে মাদকের আগ্রাসন থেকে জনগণকে মুক্ত করাই এ অভিযানের উদ্দেশ্য। আসাদুজ্জামান খান কামাল বলেন, মাদক নির্মূলে গোয়েন্দা সংস্থা একটি তালিকা তৈরি করেছে। এ তালিকা অনুযায়ী দেশের সব মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনা হবে। মাদকের সঙ্গে যেই যুক্ত হোক, তাকে শাস্তি পেতেই হবে। প্রধানমন্ত্রীর নির্দেশের পর গত ১৪ মে থেকে আইনশৃঙ্খলা বাহিনী সারা দেশে মাদকবিরোধী অভিযান শুরু করেছে। এর পর থেকে পুলিশ ও র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একের পর এক মাদককারবারি নিহত হচ্ছেন। এর মধ্যে গত ছয় দিনেই বিভিন্ন জেলায় অন্তত ৪৪ জন বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

দৈনিক যুগান্তরের অন্য একটি খবরের শিরোনাম-সাংসদ বদি অপরাধী হলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না। এক্ষেত্রে কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি অপরাধী বলে প্রমাণিত হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর পরিষ্কার নির্দেশ- মাদককারবারি বা ড্রাগ ডিলিংসের সঙ্গে যে বা যারাই জড়িত, তারা কেউ ছাড় পাবে না। এ সময় সাংসদ বদির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না কেন জানতে চাইলে মন্ত্রী বলেন, আমি তো বলেছি- আগে প্রমাণ করতে হবে। প্রমাণ ছাড়া একজন এমপিকে চট করে ধরা যায় না।

এদিকে দৈনিক মানবজমিনের একটি খবরের শিরোনামে বলা হয়েছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিরোধীদল নিধনই বিচারবহির্ভূত হত্যার মূল এজেন্ডা।

সিটি নির্বাচনে এমপিদের প্রচারণার সুযোগ দিল ইসি-দৈনিক ইত্তেফাক

সিটি করপোরেশনের নির্বাচনে এমপিদের প্রচারণার সুযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার দুপুরে কমিশন বৈঠকে সিটি নির্বাচনের আচরণ বিধির সংশোধনীতে এ প্রস্তাবনা করা হয়েছে। তবে গাজীপুর সিটি নির্বাচনে এমপিরা প্রচারণায় অংশ নিতে পারবেন না।  বৈঠক শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, যেহেতু গাজীপুর সিটি নির্বাচনের তফসিল হয়েছে, সেহেতু এমপিরা ওই নির্বাচনের প্রচারণায় অংশ নিতে পারবেন না। তিনি বলেন, সিটি নির্বাচনের আচরণ বিধিতে ১১টি সংশোধনী আনা হয়েছে।

অর্থনীতির একটি খবরে দৈনিক নয়া দিগন্তের শিরোনাম-সাত ব্যাংকের এক টাকাও আদায় নেই

বিস্তারিত খবরে লেখা হয়েছে, খেলাপি ঋণের পাশাপাশি ব্যাংকের খাতায় যেসব ঋণ নিয়মিত দেখানো হচ্ছে ওই সব ঋণও এখন আদায় হচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী সাত ব্যাংকের নিয়মিত ঋণ আদায়ে খরা চলছে। ব্যাংকগুলো গত ছয় মাসে এক টাকাও আদায় করতে পারেনি। এর মধ্যে পাঁচটিই নতুন প্রজন্মের ব্যাংক। খেলাপি ঋণের পাশাপাশি নিয়মিত ঋণ আদায় কমে যাওয়াকে উদ্বেগের কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। তাদের মতে, ঋণ নিয়ে পরিশোধ না করার অপসংস্কৃতি চালু হওয়ায় যারা নিয়মিত ঋণ পরিশোধ করছেন তারাও আগ্রহ হারিয়ে ফেলছেন।

আজওয়া’ খেজুরে এক কেজিতে লাভ ১ হাজার টাকা!-দৈনিক প্রথম আলো

পাইকারি ও খুচরা বাজারে এক কেজি পণ্যের দামের পার্থক্য কত হতে পারে? ২০ টাকা, ৫০ টাকা, পণ্যভেদে খুব বেশি হলে ১০০ টাকা। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, দেশের বাজারে বিক্রি হওয়া সৌদি আরবের ‘আজওয়া’ খেজুরের ক্ষেত্রে পাইকারি ও খুচরায় দামের পার্থক্য ১ হাজার ২০০ টাকা! আমদানিকারকেরা বলছেন, এই খেজুর বিক্রি করে খুচরা বাজারের ব্যবসায়ীরা প্রতি কেজিতে ১ হাজার টাকার বেশি লাভ করছেন।খেজুর আমদানিকারক ফারুক ট্রেড ইন্টারন্যাশনালের কর্ণধার ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, খাতুনগঞ্জে এখন যে দামে আজওয়া বা আম্বার খেজুর বিক্রি হচ্ছে, খুচরায় তার চেয়ে প্রতি কেজি ১০০-২০০ টাকার বেশি হওয়ার কথা নয়।

এবারে ভারতের খবর তুলে ধরছি।

বেঙ্গালুরুতে বিরোধী ঐক্যেরই ছবি-শপথ নিলেন কুমারস্বামী-দৈনিক গণশক্তি

গোটা দেশের বিরোধী দলগুলির শীর্ষ নেতাদের উপস্থিতিতে কর্ণাটকে জে ডি (এস)-কংগ্রেস জোট সরকারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন এইচ ডি কুমারস্বামী। তাঁর সঙ্গেই উপ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন কর্ণাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি জি পরমেশ্বর। বুধবার বেঙ্গালুরুতে বিধান সৌধতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল বাজুভাই ভালা। রাজ্যের ২৫তম মুখ্যমন্ত্রী হিসাবে এদিন শপথ গ্রহণ করেন ৫৮বছরের কুমারস্বামী। এই নিয়ে তিনি দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর আসনে বসলেন। এর আগে ২০০৬সালের জানুয়ারি মাস থেকে ১৯মাসের সরকার চালানোর অভিজ্ঞতা ছিল তাঁর। শুক্রবারই তাঁকে বিধানসভায় শক্তিপরীক্ষা দিতে হবে। ওই দিন আস্থাভোটে জয়ী হওয়ার পরই জোট সরকারের মন্ত্রীরা শপথ গ্রহণ করবেন বলে জানা গেছে।

হাসনাবাদ থেকে গ্রেপ্তার ভাগাড় কাণ্ডের মূল অভিযুক্ত কওসর আলি ঢালি-দৈনিক সংবাদ প্রতিদিন

মরা মুরগির মাংস কাণ্ডে অবশেষে গ্রেপ্তার মূল অভিযুক্ত কওসর আলি ঢালি। বুধবার গভীর রাতে হাসনাবাদ থেকে তাকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়েই অভিযান চালিয়েছিল পুলিশ। পচা মাংসকাণ্ডে যখন উত্তাল গোটা রাজ্য তখনই গা-ঢাকা দেয় কওসর। হাসনাবাদ থেকে বাংলাদেশের পালিয়ে যাওয়ার ছক কষেছিল সে। তবে শেষপর্যন্ত সেই অঙ্ক সফল হয়নি। তার আগেই পুলিশের জালে ধরা পড়ল ঢালি চিকেন সেন্টারের মালিক। ইতিমধ্যেই ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। জেরায় কওসর স্বীকার করেছে, এক বছর ধরে সে পচা মাংসের কারবার চালাচ্ছিল রমরমিয়ে।

নিপা ভাইরাসের আতঙ্ক হিমাচলেও, স্কুল থেকে উদ্ধার ১৮টি মৃত বাদুড়-দৈনিক আজকাল

প্রাণঘাতী নিপা ভাইরাসে কেরলে মৃত্যু হয়েছে ১০ জনের। এবার সেই আতঙ্ক ছড়াল হিমাচল প্রদেশেও। এ রাজ্যের নাহান জেলার একটি সরকারি স্কুল থেকে ১৮টি মরা বাদুড় উদ্ধার হওয়ায় নিপা ভাইরাসের আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কারণ বাদুড় থেকেই এই ভাইরালের উৎপত্তি বলে জানা গিয়েছে। স্বাস্থ্য দপ্তর, পশু সংরক্ষণ দপ্তর এবং বনদপ্তরের আধিকারিকরা মৃত বাদুড়ের নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে। বার্মা পাপড়ি স্কুল থেকে এই মৃত বাদুড় উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।#  

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৪