মে ২৮, ২০১৮ ১১:৪৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৮ মে সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশে:

  • খালেদা জিয়ার জামিন ঠেকাতে রাষ্ট্রপক্ষের আবেদন-দৈনিক প্রথম আলো
  • পাবলিক পরীক্ষায় আগামী বছর থেকে এমসিকিউ তুলে দেয়ার চিন্তা
  • জেএসসির বিষয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার-দৈনিক যুগান্তর
  • ক্ষমতায় আজ আছি কাল নাও থাকতে পারি : ওবায়দুল কাদের-দৈনিক ইত্তেফাক
  • সারা দেশে বন্দুকযুদ্ধে নিহত ১২-দৈনিক মানবজমিন
  • খালেদা জিয়ার জামিন : কী ভাবছে রাষ্ট্রপক্ষ?-দৈনিক নয়া দিগন্ত

ভারত:

  • কিশোরীকে বেচেছিল প্রেমিক, ফিরিয়ে দিল যৌনপল্লিরই খদ্দের!-দৈনিক আনন্দবাজার
  • কংগ্রেসের অনুগ্রহে মুখ্যমন্ত্রী হয়েছি, ৬.‌৫‌কোটি কর্নাটকবাসীর জন্য নয়:‌কুমারস্বামী-দৈনিক আজকাল
  • পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সত্ত্বেও কেন ব্যবস্থা নিচ্ছে না কেন্দ্র, সরব মমতা-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

খালেদা জিয়ার জামিন ঠেকাতে রাষ্ট্রপক্ষের আবেদন-দৈনিক প্রথম আলো

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

নাশকতার অভিযোগে কুমিল্লায় করা দুই মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে ও বাসে পুড়িয়ে হত্যার অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় করা দুটি মামলায় আজ হাইকোর্ট খালেদা জিয়ার ৬ মাসের জামিন মঞ্জুর করেন। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এই আদেশ দেন। অপরদিকে মানহানির অভিযোগে নড়াইলে করা এক মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ হয়েছে।

ক্ষমতায় আজ আছি কাল নাও থাকতে পারি : ওবায়দুল কাদের-দৈনিক ইত্তেফাক

বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,  আমি ক্ষমতায় চিরদিন থাকবো না, আজ আছি কাল নাও থাকতে পারি। আমি কোন অন্যায় করিনি। জনগণের মাঝে আমি সুখ-দুঃখের মুহূর্তে  ছিলাম, সব সময় আছি ও থাকবো।গতকাল এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। তিনি  দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা জনগণকে খুশি করুন। তা হলে জনগণ আপনাদের খুশি করবে, ভালোবাসবে। বিলবোর্ড দিয়ে জনপ্রিয়তা নির্ণয় করা যায় না।বিলবোর্ডে ছবি দিয়ে নেতা হওয়া যায় না, কাজ লাগবে।

‘বন্দুকযুদ্ধ’ চমৎকার! মানুষও মরবে, নেশার লাটিমও ঘুরবে-দৈনিক প্রথম আলো

বন্দুকযুদ্ধ

ধরা যাক, দেরিতে হলেও বাংলাদেশের কর্তৃপক্ষের টনক নড়েছে। তারা সত্যিই মাদক নির্মূলে আন্তরিক, এটাও আমরা বিশ্বাস করছি। কিন্তু মাথায় একটা খটকা লেগেছে। সরকার বন্দুকযুদ্ধকে জনপ্রিয় করতে চায়, নাকি মাদক ব্যবসার দফারফা করত চায়? ‘বন্দুকযুদ্ধ’ জনপ্রিয় করার বিনিয়োগ তো আগেভাগেই করা সারা। সুবিচার ও সুশাসন না থাকলে তো বিচারবহির্ভূত পথে জাতির উৎসাহ বাড়বেই। দশকের পর দশক প্রজন্মের পর প্রজন্মকে মাদকের ফাঁদে পড়তে দেখেও কিছু করা হয়নি। কোটি পরিবারকে মাদকের অভিশাপে চূড়ান্ত রকম জর্জরিত হতে দেওয়া হয়েছে। দেশজোড়া মাদক ছড়ানোর জাল পাততে দেওয়া হয়েছে। কত কত পরিবার সন্তান-ভাই-স্বামী-কন্যাকে ঠেকাতে না পেরে মাদক-মহাজনদের অভিশাপ দিয়েছে, তাদের মৃত্যু চেয়েছে। আজ যখন ১৩ দিনে ৯১টি লাশ পড়েছে, তখন ভুক্তভোগী অনেক অভিভাবকই হয়তো খুশিই হবে। কিন্তু এতে কি মাদকের বিস্তার কমবে?

আর দৈনিক মানবজমিনের খবরে লেখা হয়েছে, সারা দেশে বন্দুকযুদ্ধে রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত ১২ জন নিহত  হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মাদকবিরোধী অভিযানের পেছনে অন্য কারণ আছে।

পাবলিক পরীক্ষায় আগামী বছর থেকে এমসিকিউ তুলে দেয়ার চিন্তা-জেএসসির বিষয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার-দৈনিক যুগান্তর

এ বছরের জেএসসি এবং আসন্ন এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) থাকছে। তবে আগামী বছরের জেএসসিসহ অন্য পাবলিক পরীক্ষাগুলোয় এমসিকিউ তুলে দেয়ার চিন্তাভাবনা চলছে। শিগগিরই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যে কোনো মৌলিক সিদ্ধান্ত সংযোজন-বিয়োজনের ঘোষণা একটি যৌক্তিক সময় আগে দিতে হয়। আসন্ন জেএসসি-জেডিসিতে এমসিকিউ বাতিলের ঘোষণাটি দেয়ার সে সময়টা এখন আর নেই। তবে ভবিষ্যতে এমসিকিউ না থাকার সিদ্ধান্ত নেয়া হলে সে ঘোষণা যথাসময়ে দেয়া হবে।

এবারে ভারতের খবর তুলে ধরছি।

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সত্ত্বেও কেন ব্যবস্থা নিচ্ছে না কেন্দ্র, সরব মমতা-দৈনিক সংবাদ প্রতিদিন

দিনে দিনে লাগামছাড়া হচ্ছে পেট্রোপণ্যের দাম। তাও কেন্দ্র কোনও ব্যবস্থা নিচ্ছে না। অভিযোগে এবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার টুইট করে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি।

কলকাতায় পেট্রলের দাম লিটার প্রতি একাশি টাকা প্রায়। ডিজেলের দাম প্রতি লিটার বাহাত্তর টাকা। শহরভেদে দামের ফারাক আছে। গোটা দেশেই প্রায় মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের। এর প্রভাব সরাসরি পড়ছে বাজারেও। শুধু গাড়ির মালিকরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা নয়। এর প্রভাব পড়ছে সাধারণ পরিবহণ ব্যবস্থাতেও। কাঁচামাল সরবরাহের খরচ বাড়ছে। বাড়ছে সবজি-মাছ ও ফলের দাম। রীতিমতো নাজেহাল মধ্যবিত্তরা।

কিশোরীকে বেচেছিল প্রেমিক, ফিরিয়ে দিল যৌনপল্লিরই খদ্দের!-দৈনিক আনন্দবাজার

ঘর বাঁধার স্বপ্ন দেখে ঘর ছেড়েছিল কিশোরীটি। দুঃস্বপ্নেও ভাবেনি, কী বিভীষিকা অপেক্ষা করে রয়েছে তার জন্য। মাসের পর মাস যায়। বিকিয়ে যেতে যেতে স্বপ্ন দেখার ইচ্ছে তলানিতে ঠেকে। তবু হার মানে না সে। কেউ কি সাহায্য করবে না, জিজ্ঞাসা করে একে-ওকে। শেষমেশ সাহায্য আসে। ঘরে ফেরে সে। শুরু হয় নতুন করে বাঁচার লড়াই। উত্তর দিনাজপুরের বাসিন্দা ওই মেয়েটির বয়স তখন সবে ষোলো। প্রেমে পড়েছিল মালদহের কালিয়াচকের একটি ছেলের। বিয়ে করবে বলে বাড়ি থেকে পালিয়েছিল। কিন্তু প্রেমিক তাকে বিক্রি করে দেয় বিহারের সীতামঢ়ীর এক যৌনপল্লিতে। দু’বছর ধরে সেখানেই ছিল মেয়েটি। যৌনপল্লিতেই আলাপ হয় রেলকর্মী এক যুবকের সঙ্গে। তিনি সীতামঢ়ীরই বাসিন্দা। তার সহায়তায় মেয়েটি যৌনপল্লী থেকে উদ্ধার হয়ে হাসপাতালে ভর্তি আছে।

কংগ্রেসের অনুগ্রহে মুখ্যমন্ত্রী হয়েছি, ৬.‌৫‌কোটি কর্নাটকবাসীর জন্য নয়:‌কুমারস্বামী-দৈনিক আজকাল

মুখ্যমন্ত্রী পদ প্রাপ্তি নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। রবিবার কুমারস্বামী বলেন, ‘কংগ্রেসের অনুগ্রহের তিনি মুখ্যমন্ত্রী হতে পেরেছেন, সাড়ে ৬ কোটি কর্নাটকবাসীর জন্য নয়। সেকারণেই আমি কংগ্রেসের কাছে কৃতজ্ঞ, কর্নাটকবাসীর কাছে নই।’ কারন সরকার গঠনের মত সংখ্যাগরিষ্ঠতা তাঁদের কাছে ছিল না। রাজ্যেবাসী আমাদের দলের উপর বিশ্বাস করেনি, কংগ্রেস সেই বিশ্বাস রেখেছে। সেকারণেই সাড়ে ছ’কোটি কর্নাটক বাসীকে নিয়ে আমি চাপে নেই। 

কংগ্রেস হাত না বাড়ালে সরকার গড়তে পারতেন না তাঁরা। তবে নির্বাচনের আগে জেডিএস তাদের ইস্তেহারে কৃষকদের ঋণ মকুবের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা অক্ষরে অক্ষরে পালন করবেন বলে জানিয়েছেন তিনি।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৮