মে ২৯, ২০১৮ ১১:০৮ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৯ মে মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশে:

  • অপরাধবিজ্ঞানের চোখে ‘বন্দুকযুদ্ধের’ পরিণতি-দৈনিক প্রথম আলো
  • মাদকের নামে পাখির মতো মানুষ মারা হচ্ছে : ফখরুল-দৈনিক যুগান্তর
  • সারাদেশে 'বন্দুকযুদ্ধে' নিহত আরো ১২, ঢাকায় গ্রেফতার ৫৬ -দৈনিক ইত্তেফাক
  • এবার ইভিএম নিয়ে ইসি’র তোড়জোড়-দৈনিক মানবজমিন
  • তিন মাসে ২৭ ব্যাংকের সুদ মওকুফ ৯৩৩ কোটি টাকা-দৈনিক নয়া দিগন্ত

ভারত:

  • কংগ্রেসের দয়া বলেও পিছিয়ে গেলেন কুমার, মন্ত্রিসভা নিয়ে কথা দিল্লিতে-দৈনিক আনন্দবাজার
  • বিল না মেটালেও রোগীর দেহ আটকে রাখতে পারবে না কোনও বেসরকারি হাসপাতাল, নির্দেশিকা জারি-দৈনিক আজকাল
  • বলির হাত থেকে দুই নাবালিকাকে উদ্ধার করে নায়ক মসজিদের ইমাম-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

সারাদেশে 'বন্দুকযুদ্ধে' নিহত ১২-দৈনিক ইত্তেফাক

সারাদেশে সোমবার দিবাগত রাত ও মঙ্গলবার ভোরে 'বন্দুকযুদ্ধে' ১২জন নিহত হয়েছেন।

দৈনিক যুগান্তরের শিরোনাম-মাদকের নামে পাখির মতো মানুষ মারা হচ্ছে : ফখরুল

আর প্রথম আলোর একটি মন্তব্য প্রতিবেদনের শিরোনাম, অপরাধবিজ্ঞানের চোখে ‘বন্দুকযুদ্ধের’ পরিণতি 

বিস্তারিত প্রতিবেদনে লেখা হয়েছে, অবাক করা ব্যাপার, ক্ষমতায় আসার প্রায় ৯-১০ বছর পর মাদক নিয়ন্ত্রণে কর্মসূচি নিল সরকার! সাদা চোখে কর্মসূচিটি সাধারণ মানুষের কাছে ‘ভালো’ বলেই মনে হবে। কারণ বাস্তবেই মাদক ও মাদকাসক্তির মারাত্মক প্রভাব ছড়িয়েছে আর এর সঙ্গে অনেক অপরাধেরও ওতপ্রোত সম্পর্ক আছে।কোনো এলাকায় মাদক সুলভ হওয়া মানে তার সঙ্গে সম্পর্কিত অপরাধ যেমন: মাদক উৎপাদন ও পাচার, অস্ত্র চোরাচালান, গণিকাবৃত্তি, ইভ টিজিং ও যৌনসন্ত্রাস বেড়ে যেতে পারে। অপরাধ বৈজ্ঞানিক একটি গবেষণায় বলা হয়েছে, যদি কোনো দেশে শুধু মাদক বন্ধ করা যায়, তবে সেখানে হয়তো প্রায় ৫০ শতাংশ অপরাধ কমে যেতে পারে।

তাই মাদক নির্মূলের সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অপরাধ বিষয়ে পাঠদানের সঙ্গে যুক্ত বলে আমাদের প্রশ্ন হচ্ছে, শুধু ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ কর্মসূচি দ্বারা মাদক নিয়ন্ত্রণ সম্ভব হবে? নাকি সত্যিকার অর্থে মাদকের বিস্তার রোধে তার উৎপাদন, বিনিময়, বাজারজাতকরণ রোধ করতে হবে? অথবা মাদকের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর্থসামাজিক অবস্থান জেনে রোধের উপায় বের করতে হবে? সেটাই প্রশ্ন!

আমাদের দেশেও সরকারের মাদকবিরোধী অভিযানের সঙ্গে যুক্ত আছে কয়েকটি প্রেক্ষাপট বা বাস্তবতা। গত কয়েক বছরে সরকার মাদকের মতো গুরুত্বপূর্ণ অপরাধ নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ ছিল। ফলে মাদক-মূলক অপরাধও ব্যাপকভাবে বেড়েছে। কোনো দেশে সংখ্যাতাত্ত্বিকভাবে অপরাধের হার বেড়ে গেলে বুঝতে হবে, সেখানে প্রচলিত বিচারব্যবস্থা কিংবা অপরাধ নিয়ন্ত্রণের নীতি ও কৌশল বাস্তবে ব্যর্থ হয়েছে। এমন যদি অবস্থা হয় যে মানুষের আর প্রচলিত বিচারব্যবস্থার ওপর কোনো আস্থা নেই, তবে সে হয় নিজ হাতে আইন তুলে নেবে অথবা যেকোনো ধরনের বিচারবহির্ভূত কর্মকাণ্ডকে অবধারিতভাবেই সহায়তা করবে।

বর্তমান অপরাধ নিয়ন্ত্রণ সংস্থার ‘স্বল্পমেয়াদি কৌশল’ হিসেবে পাতি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সরাসরি ‘বন্দুকযুদ্ধ’, ‘ক্রসফায়ার’ ও ‘এনকাউন্টার’ আপাতদৃষ্টিতে জনগণের একাংশের কাছে প্রশংসিত হলেও অপরাধবিজ্ঞানী হিসেবে আমাদের কাছে বিষয়টি চরম মানবাধিকার লঙ্ঘন।

রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন ৩০ জুলাই-দৈনিক যুগান্তর/প্রথম আলো/ইত্তেফাক

রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন ৩০ জুলাই। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা এ তিনটি নির্বাচনের তফসিল ঘোষণা করেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ১৩ জুন থেকে তফসিল কার্যকর হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২৮ জুন পর্যন্ত। যাচাইবাছাই হবে ১ ও ২ জুলাই। আপিল ও আপত্তি জানানো যাবে ৩ থেকে ৫ জুলাই। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ৯ জুলাই। প্রতীক বরাদ্দ হবে ১০ জুলাই। এ তিনটি নির্বাচনে এমপিরা প্রচারে অংশ নিতে পারবে কিনা—এমন এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আচরণবিধি এখনো সংশোধন হয়নি। সংশোধন হলে তখন বলা যাবে।’

এবার ইভিএম নিয়ে ইসি’র তোড়জোড়-দৈনিক মানবজমিন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম-এর মাধ্যমে ভোটগ্রহণের জন্য আইন সংশোধন করছে নির্বাচন কমিশন (ইসি)। ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) সংশোধন করে এতে ইভিএম যুক্ত করছে সাংবিধানিক সংস্থাটি। ইতিমধ্যে ইসি’র আইন সংস্কার কমিটি আরপিও সংশোধনে একগুচ্ছ প্রস্তাব তৈরি করেছে। প্রস্তাবগুলো কমিশন সভায় অনুমোদন হলে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের পর সংসদে বিল আকারে উত্থাপন করা হবে। ইসি সূত্র জানায়, আইন সংস্কার কমিটির প্রস্তাবে প্রচলিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণের পাশাপাশি ইভিএমে ভোটগ্রহণের বিষয়টি যুক্ত করা হয়েছে। প্রস্তাবে বলা হয়, সংজ্ঞায় ইভিএম সংজ্ঞায়িত করার প্রয়োজন আছে।

তিন মাসে ২৭ ব্যাংকের সুদ মওকুফ ৯৩৩ কোটি টাকা-দৈনিক নয়া দিগন্ত

তিন মাসে চার রাষ্ট্রায়ত্ত ব্যাংকসহ ২৭ বাণিজ্যিক ব্যাংক ঋণের সুদ মওকুফ করেছে ৯৩৩ কোটি টাকা। এর মধ্যে ২০৭ কোটি টাকাই চার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের। বাকি ৭২৬ কোটি টাকা ২৩ বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের। ব্যাংকিং খাতে সুদ মওকুফের ঘটনা বেড়ে যাওয়ায় নিয়মিত ঋণ পরিশোধ করার প্রবণতা কমে যাচ্ছে। এতে খেলাপি ঋণ বেড়ে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।বিশ্লেষকদের মতে, রাজনৈতিক প্রভাবের কারণেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে হলমার্ক, বিসমিল্লাহ ও বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। আর রাজনৈতিক প্রভাবেই সুদ মওকুফ করা হচ্ছে, যা ব্যাংকিং শৃঙ্খলা পরিপন্থী। ব্যাংকের সুদ মওকুফ করায় এক দিকে যেমন ব্যাংকের আয় কমে যায়, পাশাপাশি নিয়মিত ঋণপরিশোধ করেন এমন গ্রাহকদের ওপরও নেতিবাচক প্রভাব পড়ে। এতে বেড়ে যায় ঋণ পরিশোধ না করার প্রবণতা। ঋণ পরিশোধের সংস্কৃতি থেকে বের হওয়া উচিত বলে তারা মনে করেন।

এবারে ভারতের খবর তুলে ধরছি।

কংগ্রেসের দয়া বলেও পিছিয়ে গেলেন কুমার, মন্ত্রিসভা নিয়ে কথা দিল্লিতে-দৈনিক আনন্দবাজার

রাহুল ও সনিয়া গান্ধী দেশে নেই। তবে কর্নাটকের মন্ত্রিসভা গড়া নিয়ে আলোচনা করতে দিল্লি এলেন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। আর মন্ত্রিসভা গঠনের আগেই জানিয়ে দিলেন, রাজ্যে কৃষকদের ঋণ মকুবের জন্য দ্রুত এগোতে চান তিনি। এ জন্য কংগ্রেসের সঙ্গে পরামর্শ করেই এগোতে চান। দিল্লি আসার আগে গত কাল বেঙ্গালুরুতে কুমারস্বামী মন্তব্য করেছিলেন, তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন ঠিকই, তবে ভোটে রাজ্যের মানুষ তাঁকে পুরোপুরি সমর্থন দেয়নি। কংগ্রেসের দয়াতেই টিকে রয়েছেন। এর পরেই বিজেপি কুমারস্বামীর সমালোচনায় নামে।  দিল্লি এসে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন কুমারস্বামী। সেটা সৌজন্য সাক্ষাৎ। তবে জেডিএস নেতার মূল উদ্দেশ্য মন্ত্রিসভা গড়ার ব্যাপারে কংগ্রেসের শীর্ষনেতৃত্বের সঙ্গে আলোচনা করা।

বলির হাত থেকে দুই নাবালিকাকে উদ্ধার করে নায়ক মসজিদের ইমাম-দৈনিক সংবাদ প্রতিদিন

ফের অন্ধবিশ্বাসের বলি হতে পারত দুই নাবালিকা। ফের কুসংস্কার অকালেই কেড়ে নিত দুটি প্রাণ। কিন্তু তেমনটা হতে দিলেন না ইমরান ভাই শাহ। কুসংস্কারের বলি হওয়ার হাত থেকে ১১ বছর ও আট বছরের দুই কিশোরীকে উদ্ধার করে মানবিকতার নজির গড়লেন তিনি। আর তাই তাঁকে পুরস্কৃত করল মহারাষ্ট্র পুলিশ।

মহারাষ্ট্রের নন্দারবার জেলার শাহদা গ্রামের দুই কিশোরীকে অপহরণ করে বিক্রি করে দেওয়া হয়েছিল। তারপর তাদের মহারাষ্ট্র থেকে নিয়ে যাওয়া হয় সুরাটে। উদ্দেশ্য বলি দেওয়া। কিন্তু  সুরাটের কিম কোথওয়ার এক মসজিদের ইমাম ইরমান ভাই শাহর মতো সৎ ব্যক্তির দেখা মেলায় এ যাত্রায় প্রাণে বেঁচে যায় দুই নাবালিকা। ইমাম ইমরান জানান, একদিন তিনি মসজিদে দুই কিশোরীকে বসে কাঁদতে দেখেন। কৌতূহলের বশেই তাদের দিকে এগিয়ে গিয়ে যান তিনি। তখনই ইমরানকে গোটা ঘটনার কথা খুলে বলে তারা। 

বিল না মেটালেও রোগীর দেহ আটকে রাখতে পারবে না কোনও বেসরকারি হাসপাতাল, নির্দেশিকা জারি-দৈনিক আজকাল

বিল না মেটানোর অজুহাত দিয়ে কোনও রোগীর দেহ আটকে রাখতে পারবে না বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলি। এমনই নির্দেশিকা জারি করল দিল্লি সরকার। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, জনস্বার্থে এই বিল আনতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই আইনের খসড়া তৈরি হয়ে গিয়েছে। ৩০ দিনের মধ্যে এই আইন নিয়ে জনমত জানাতে বলা হয়েছে। এই নির্দেশিকার অমান্য করলে সংশ্লীষ্ট ক্লিনিক বা নার্সিংহোম অথবা হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৯