চার সিটি নির্বাচন-জাতীয় নির্বাচন মাথায় রেখে আ.লীগ-বিএনপির হিসাব
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৩১ মে বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
প্রথমে বাংলাদেশে:
- চার সিটি নির্বাচন-জাতীয় নির্বাচন মাথায় রেখে আ.লীগ-বিএনপির হিসাব-দৈনিক প্রথম আলো
- পোশাক শ্রমিকরা ১০ জুনের মধ্যে বেতন পাবেন : বাণিজ্যমন্ত্রী-দৈনিক যুগান্তর
- স্থগিতই থাকছে খালেদা জিয়ার জামিন-দৈনিক ইত্তেফাক
- ঈদের কেনাকাটায় দেড় লাখ বাংলাদেশী এখন কলকাতায়-দৈনিক নয়া দিগন্ত
ভারত:
- যোগীরাজ্যে জোর ধাক্কা, বিহার-পঞ্জাবেও হাল খারাপ, হাড্ডাহাড্ডি লড়াই মহারাষ্ট্রে-দৈনিক আনন্দবাজার
- ফের সামান্য কমল পেট্রোল–ডিজেলের দাম-দৈনিক আজকাল
- উপনির্বাচনে দিকে দিকে বিজেপিকে ধাক্কা, কৈরানায় জয়ী মহাজোট-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
স্থগিতই থাকছে খালেদা জিয়ার জামিন-২৪ জুন ফের শুরু-দৈনিক ইত্তেফাক
কুমিল্লার নাশকতার দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিতই থাকছে। একইসঙ্গে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষককে নিয়মিত লিভ টু আপিল দাখিল করতে বলা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেয়।
আর দৈনিক যুগান্তর লিখেছে, কুমিল্লার দুই মামলায় হাইকোর্টের দেয়া জামিন আপিল বিভাগে স্থগিত হওয়ার মধ্য দিয়ে ঈদুল ফিতরের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তির বিষয়টি আটকে গেল। আদালতের নির্দেশানুযায়ী, দুই মামলার জামিনের বিষয়ে আগামী ২৪ জুন পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
চার সিটি নির্বাচন-জাতীয় নির্বাচন মাথায় রেখে আ.লীগ-বিএনপির হিসাব-দৈনিক প্রথম আলো
ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি—দুই দলই মনে করছে, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনগুলোর প্রভাব পড়বে আগামী জাতীয় নির্বাচনে। তাই জাতীয় সংসদ নির্বাচনের হিসাব মাথায় রেখে সিটি নির্বাচনের পরিকল্পনা সাজাচ্ছে প্রধান দুই দল। জাতীয় নির্বাচনের আগমুহূর্তে বড় শহরগুলোর এই নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ দেখাতে চায়, উন্নয়নের পক্ষে মানুষ তাদের সঙ্গে আছে। এ ক্ষেত্রে খুলনার নির্বাচনের কৌশল কাজে লাগাতে চায় দলটি। অন্যদিকে বিএনপি মনে করছে, তাদের সামনে জনপ্রিয়তা প্রমাণের সুযোগ যেমন আছে, তেমনি সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) মুখোশ উন্মোচনেরও সুযোগ আছে। অবশ্য বিএনপির কেউ কেউ মনে করছেন, বর্তমান ইসির অধীনে সামনের স্থানীয় সরকার নির্বাচনে যাওয়ার বিষয়ে নতুন করে ভাবার সময় এসেছে।
পোশাক শ্রমিকরা ১০ জুনের মধ্যে বেতন পাবেন : বাণিজ্যমন্ত্রী-দৈনিক যুগান্তর
পোশাক শ্রমিকদের আগামী ১০ জুন বেতন ও ১৪ জুনের মধ্যে বোনাস প্রদান করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমইএর নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, আমি সবার সঙ্গে কথা বলেছি। ব্যবসায়ীরা ঈদের আগে বেতন-বোনাসসহ অন্যান্য ভাতা সব পরিশোধ করবেন। শ্রমিকরা হাসিখুশিভাবেই এবার বাড়িতে যাবেন ঈদ করতে। তিনি বলেন, পোশাক খাতের শ্রমিকদের সময়মতো বেতনভাতা দিতে হবে। ১০ তারিখের মধ্যে মে মাসের পূর্ণ বেতন এবং ১৪ তারিখের আগে বোনাস পরিশোধ করতে হবে। এ ছাড়া মন্ত্রী আরও বলেন, ঈদের আগে কোনো শ্রমিককে ছাঁটাই করা চলবে না। শ্রমিক অসন্তোষ দেখা দেয় এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না। ব্যবসায়ীরা নগদ টাকা বহনের ক্ষেত্রে পুলিশি সহায়তা চাইলে পাবেন।
আরা দৈনিক মানবজমিনের একটি খবরে লেখা হয়েছে, বেতন-ভাতার দাবিতে রামপুরায় শ্রমিকদের সড়ক অবরোধ।
মাদকবিরোধী ও অভিযান ও বন্দুকযুদ্ধ নিয়ে দৈনিক মানবজমিনের কয়েকটি শিরোনাম এরকম- যশোর, মৌলভীবাজার ও মাদারীপুরে ‘বন্দুকযুদ্ধে’৩ জন নিহত হয়েছে।ফেনীতে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ হুমায়ুন কবির নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে দেশীয় তৈরী চোলাই মদসহ তিন নারী পাচারকারীকে আটক করেছে স্থানীয় জনতা।
সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশ নেই কেন?-দৈনিক প্রথম আলো
বিভিন্ন নামকরা সংস্থা বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং প্রকাশ করলে যথারীতি আমাদের হতাশ হতে হয়। তালিকায় সংখ্যা ৫০০ ছাড়ালেও তাতে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম খুঁজে পাওয়া যায় না। কিন্তু কেন? সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান না পাওয়া নিয়ে সাধারণ শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ‘দুঃখবোধ’ কাজ করলেও এ ব্যাপারে কর্তৃপক্ষের মাথাব্যথা নেই বললেই চলে। বরং তারা ইনিয়ে-বিনিয়ে র্যাঙ্কিং নিয়েই প্রশ্ন তোলে। সমালোচনার মুখে এখানকার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কর্তাব্যক্তিদের প্রায়ই বলতে শোনা যায়, ইতিহাস-ঐতিহ্যের দিক দিয়ে তাঁদের প্রতিষ্ঠানটি গর্বের। দেশের সবচেয়ে মেধাবীরা তাঁদের প্রতিষ্ঠানে ভর্তি হন। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও তাঁরা সেরা পাঠই শিক্ষার্থীদের দেন। স্নাতকেরা দেশকে নেতৃত্ব দিচ্ছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলেও তাঁরা সুনামের সঙ্গে কাজ করছেন। বর্তমান সময়ে এমন সাফাইয়ের পর র্যাঙ্কিংয়ের গুরুত্ব এ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর কর্তাব্যক্তিরা আদৌ বোঝেন কি না, সে প্রশ্ন এসেই যায়।
সংবিধান ও রায় না মেনে বিচারপতি নিয়োগে সুপ্রিম কোর্ট বারের অসন্তোষ-দৈনিক নয়া দিগন্ত
সংবিধান কিংবা বিচারপতি নিয়োগ সংক্রান্ত হাইকোর্টের রায় না মেনে বিচারপতি নিয়োগের ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
আজ বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান হলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন এ অসন্তোষ প্রকাশ করেন। জয়নুল আবেদীন বলেন, সুপ্রিম কোর্টে বিচারকার্য পরিচালনার জন্য আমরা দীর্ঘদিন ধরে বিচারপতি নিয়োগে দাবি জানিয়ে আসছিলাম। আমরা চেয়েছিলাম, আইন করে সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ হোক। এ বিষয়ে আমরা সাধারণ আইনজীবীদের রেজ্যুলেশন নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকার খবরসহ বিভিন্ন নথি প্রধান বিচারপতির কাছে জমা দিয়েছিলাম। জয়নুল আবেদীন আরও বলেন, এই ১৮ জন বিচারপতির নিয়োগে সরকারের কোনো যোগসাজশ আছে কিনা খুঁজে দেখবো। সরকারের উদ্দেশ্য খতিয়ে দেখতে হবে। আমরা আমাদের সিদ্ধান্তের বিষয়ে অটল আছি, বিচারপতি নিয়োগে আইন করতে হবে।
এবারে ভারতের খবর তুলে ধরছি।
যোগীরাজ্যে জোর ধাক্কা, বিহার-পঞ্জাবেও হাল খারাপ, চার বছরের মাথায় পৌঁছে দেশের অধিকাংশ প্রান্তেই স্তিমিত গেরুয়া ঝড়। একথা লেখা হয়েছে দৈনিক আনন্দবাজার পত্রিকায়।
আর সংবাদ প্রতিদিনের শিরোনাম-উপনির্বাচনে দিকে দিকে বিজেপিকে ধাক্কা, কৈরানায় জয়ী মহাজোট।
খবরটিতে বলা হয়েছে, ২০১৯-এর লোকসভার আগে কেন্দ্রের বিজেপি সরকারকে একটা মোক্ষম ধাক্কা দিতে চেয়েছিল কংগ্রেস-সহ বিজেপি বিরোধী জোট৷ বৃহস্পতিবার দশটি বিধানসভা ও চারটি লোকসভার আসনে উপনির্বাচনের ফলাফলে বলছে, সেই ধাক্কাটা বোধহয় দিয়েই ফেলল তারা৷ গেরুয়া ব্রিগেডকে বুঝিয়ে দিল, তাদের হালকা ভাবে নিলে ২০১৯-এ মহাভুল করবে গেরুয়া শিবির৷
কঠোর মমতা-দৈনিক আজকাল
পাহাড়ে ঢেলে উন্নয়নে গুরুত্ব দিয়েছেন। যে কাজ শুরু হয়েছে, তা যাতে শ্লথ হয়ে না পড়ে সেজন্য জিটিএ–কে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং–সহ গোটা জেলায় গরিব মানুষের আবাসন প্রকল্পের টাকা নিয়েও ইতিমধ্যে কিছু অভিযোগ উঠেছে। আজ এখানে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী কড়াভাবে নির্দেশ দিয়েছেন, এবার থেকে ওই টাকা সরাসরি উপভোক্তাদের হাতেই তুলে দিতে হবে। একইসঙ্গে জিটিএ ও সব জনজাতির বোর্ডগুলিকেও পাহাড়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ৪টি বিষয়ের ওপর নজর দিতে বলেছেন। পাহাড়ে পর্যটন দপ্তরের কাজে ‘ঢিলেমি’ নিয়েও অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। এদিকে, পাহাড়ের বিদ্যুৎ সমস্যা মেটাতে এদিনই আরও দুটি ৩২ কেভির সাবস্টেশনের শিলান্যাস করেছেন মমতা।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩১