জুন ০২, ২০১৮ ১১:২১ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২ জুন শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করেছেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • দেশে জবাবদিহির চরম অভাব হলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়: সুলতানা কামাল-দৈনিক প্রথম আলো
  • আমার নাম বিকৃত করে ‘অমুক কাকা’ বলা সমীচীন হয়নি : বি. চৌধুরী -দৈনিক ইত্তেফাক
  • একরাম নিহতের ঘটনায় ম্যাজিস্ট্রেটের তদন্ত অনুযায়ী ব্যবস্থা-স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক যুগান্তর
  • ‘বন্দুকযুদ্ধে’ কাউন্সিলর একরামের মৃত্যু-অডিও নিয়ে তোলপাড়-দৈনিক মানবজমিন
  • রাতে মাদকসেবী ছেলেকে পুলিশে দিলেন বাবা, সকালে পেলেন লাশ -দৈনিক সমকাল
  • মাদক নিয়ন্ত্রণে মানবাধিকার সম্মুন্নত রাখার আহ্বান জাতিসঙ্ঘের -দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • পুরস্কারের ফাঁদে সর্বস্বান্ত হচ্ছে শহরবাসী, নেপথ্যে কি বিদেশি চক্র?-দৈনিক সংবাদ প্রতিদিন
  • কৃষকদের ধর্মঘট অপ্রয়োজনীয় বিষয় নিয়ে, বিতর্কিত মন্তব্য হরিয়ানার মুখ্যমন্ত্রীর-দৈনিক আজকাল-দৈনিক আজকাল
  • হাওয়া ঘুরতেই প্রকাশ্যে জোটের ফাটল, বিজেপির বিরুদ্ধে সরব একাধিক শরিক-দৈনিক আনন্দবাজার-দৈনিক আনন্দবাজার

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. রাজনীতি উত্তাল হতে পারে সেপ্টেম্বরে এবং তা করবে বিএনপি। এমন একটি খবর দিয়েছে দৈনিক নয়াদিগন্তের খবর। আপনার কী মনে হয় বিএনপি কার্যকর আন্দোলন গড়ে তুলতে পারবে?  

২. রাশিয়ার কাছ থেকে কাতার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনলে তাদের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়া হবে বলে হুমকি দিয়েছে সৌদি আরব। কতটা যৌক্তিক এই হুমকি?

বিশ্লেষণের বাইরে পত্রিকাগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবর তুলে ধরছি

দেশে জবাবদিহির চরম অভাব হলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়: সুলতানা কামাল-দৈনিক প্রথম আলো

মানবাধিকার কর্মী সুফিয়া কামাল

মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেছেন, সমস্যা সমাধানে সরকারের মনে হয় এই একটিই উপায় আছে। তা হচ্ছে ‘বন্দুকযুদ্ধ’। যখন দেশে সুশাসন ও জবাবদিহির চরম অভাব হয়, তখনই এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এ জাতি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে।

পরিবেশ আন্দোলনকর্মী উত্তম হত্যার বিচার, সড়কপথে পরিবহন নৈরাজ্য ও মানুষ হত্যা বন্ধের দাবিতে’—আজ এক প্রতিবাদ সভায় কথাগুলো বলেন সুলতানা কামাল। রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে আজ সকালে এ সভার আয়োজন করে ২৪টি নাগরিক সংগঠন। সুলতানা কামাল বলেন, ‘আমাদের দেশের মানুষের জীবনের কোনো মূল্য নেই, সংবেদনশীলতা ভোঁতা হয়ে গেছে। যাঁরা দেশ পরিচালনা করছেন, এ বিষয়গুলো নিয়ে তাঁদের ভাবতে হবে। আমরা সচেতনতা সৃষ্টির জন্য দাঁড়িয়েছি।’

চালের ঘাটতি ১০ লাখ টন, আমদানি ৮২ লাখ

চালের ঘাটতি ১০ লাখ টন, আমদানি ৮২ লাখ-দৈনিক প্রথম আলো

  • শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা চাল বাজারে।
  • অথচ গত আমন ও চলতি বোরোতে বাম্পার ফলনের পরও কৃষকের স্বার্থে আমদানি শুল্ক বহাল হয়নি।
  • প্রভাবশালী ব্যবসায়ীরা চাল আমদানিতে নেমেছেন

সরকারি হিসাবে গত বছরের বন্যায় বড়জোর ১০ লাখ টন চালের উৎপাদন কম হয়েছিল। কিন্তু গত এক বছরে সব মিলিয়ে ৩৭ লাখ টন চাল আমদানি হয়েছে। আমদানির প্রক্রিয়ায় রয়েছে আরও ৪৫ লাখ টন। আমদানি শুল্ক প্রত্যাহার ও ব্যাংকঋণের সুবিধা নিয়ে প্রভাবশালী ব্যবসায়ীরা মূলত ওই চাল আমদানি করছেন। 

ওই বিপুল পরিমাণ চাল আমদানির ফলে বিপদে পড়েছেন দেশের প্রায় এক কোটি বোরো চাষি। গত বছর বন্যা ও ধানে চিটার বিপদ এই বছর ছিল না। তবে উপকরণের দাম বেড়ে যাওয়ায় তাঁদের উৎপাদন খরচ বেড়ে গেছে। কিন্তু আমদানি করা চাল বাজার দখলে রাখায় বোরো চাষিরা হাটে-বাজারে ধান বেচতে করতে পারছেন না। চালকল মালিকেরা ধান না কেনায় দাম গেছে পড়ে, ফলে অনেক জেলায় উৎপাদন খরচের চেয়ে কম দামে চাল বিক্রি করতে হচ্ছে কৃষকদের।

বন্দুকযুদ্ধে’ কাউন্সিলর একরামের মৃত্যু-অডিও নিয়ে তোলপাড়-দৈনিক মানবজমিনে

কক্সবাজারে মাদক বিরোধী অভিযানে বন্দুকযুদ্ধে নিহত পৌর কাউন্সিলর একরামের স্ত্রীর সংবাদ সম্মেলন

কক্সবাজারে মাদক বিরোধী অভিযানে বন্দুকযুদ্ধে মৃত্যুর অডিও টেপ প্রকাশের পর তোলপাড় চলছে দেশজুড়ে। গত ২৬শে মে রাতে টেকনাফ পৌর কাউন্সিলর একরাম বন্দুকযুদ্ধে মারা যান বলে দাবি করে র‌্যাব। ওই দিনের ঘটনার সময় রাতে একরামের মোবাইল ফোনে তার সঙ্গে স্ত্রী ও সন্তানরা কয়েক দফা কথা বলেন। কথিত বন্দুকযুদ্ধের সময়ও একরামের ফোন কলটি সচল ছিল। যা তার স্ত্রীর ফোনে রেকর্ড হয়। বৃহস্পতিবার কক্সবাজারে সংবাদ সম্মেলন করে একরামের স্ত্রী আয়েশা খাতুন ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

মানবজমিনের এ সম্পর্কিত অন্য একটি খবরের শিরোনাম- ‘বড় অভিযানে দুয়েকটা ভুল হতেই পারে’ বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর প্রথম আলোর খবর- একরাম নিহতের ঘটনায় ম্যাজিস্ট্রেটের তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এবার ভারতের কয়েকটি খবর

হাওয়া ঘুরতেই প্রকাশ্যে জোটের ফাটল, বিজেপির বিরুদ্ধে সরব একাধিক শরিক-দৈনিক আনন্দবাজার

বিজেপির ঘরে বাইরে ধাক্কা

বিজেপি প্রাসাদের ভেতরে এবার ক্ষোভের উত্তাপ ছড়িয়েছে। প্রায় গোটা বিরোধী পক্ষ এক হয়েছে বিজেপি-র বিরুদ্ধে। তার জেরে উপনির্বাচনে জোরদার ধাক্কা খেয়েছে মোদী-শাহ ব্রিগেড। এ বার ধাক্কা ভিতর থেকেও। ফলপ্রকাশের পরে ২৪ ঘণ্টাও কাটেনি। এনডিএ-র বড় শরিক বিজেপির বিরুদ্ধে মুখ খুললো একাধিক শরিক। সমালোচনায় সরব হলেন প্রবীণ বিজেপি নেতা তথা প্রাক্তন সংসদ সদস্র চন্দন মিত্রও।

লোকসভায় বিজেপি একাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ। সরকার টিকিয়ে রাখতে কোনও শরিকের উপরে নির্ভর করতে হয় না বিজেপি-কে। ২০১৪ সালে সরকার গঠন করার সময়ে এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিজেপির ‘প্লাস পয়েন্ট’ ছিল। চার বছর কাটিয়ে সেটাই ‘মাইনাস পয়েন্ট’ হয়ে দাঁড়িয়েছে।

কৃষকদের ধর্মঘট অপ্রয়োজনীয় বিষয় নিয়ে, বিতর্কিত মন্তব্য হরিয়ানার মুখ্যমন্ত্রীর-দৈনিক আজকাল

হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার

একেবারে ১০ দিনের ধর্মঘটের ডাক দিয়েছেন ৮টি রাজ্যের কৃষকেরা। পাশাপাশি ১২ জুন ভারত বন্‌ধের ডাকও দিয়েছে। ফলে সবজি, ফল এবং দুধেরও সঙ্কটের মুখে দেশ। এই পরিস্থিতিতে কৃষকদের এই ধর্মঘটকে কটাক্ষ করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। তাঁর দাবি, কৃষকরা অপ্রয়োজনীয় বিষয় নিয়ে ধর্মঘট করছেন। যা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে দেশজুড়ে। 

হরিয়ানার মুখ্যমন্ত্রী বলেন, ‘কৃষকদের কাছে কোনও ইস্যু নেই। শুধুমাত্র অপ্রয়োজনীয় বিষয়কে তাঁরা সামনে নিয়ে আসছে। তাঁদের উৎপাদিত শস্য বিক্রি না হলে তাঁরাই লোকসানের মুখে পড়বেন।’ অন্যদিকে একই সুর শোনা গিয়েছে মধ্যপ্রদেশের কৃষিমন্ত্রী বালাকৃষ্ণ পাটিদারের মুখে। তিনি দাবি করেন, ‘আজ জুনের ২ তারিখ। কোথায় ধর্মঘট হচ্ছে? কোনও কৃষক ধর্মঘটে অংশ নিচ্ছেন না। গত বছর এই ১ জুন মধ্যপ্রদেশের মান্দসৌরে ফসলের যথাযথ দামের দাবিতে আন্দোলনরত কৃষকদের ওপর গুলি চালিয়েছিল রাজ্য পুলিস। তাতে মারা যান ৬ জন কৃষক।

পুরস্কারের ফাঁদে সর্বস্বান্ত হচ্ছে শহরবাসী, নেপথ্যে কি বিদেশি চক্র?-দৈনিক সংবাদ প্রতিদিন

Image Caption

মোটা পুরস্কারের টোপ। রেফ্রিজারেটর থেকে শুরু করে গাড়ি। এই দামি পুরস্কার নিয়ে বসে রয়েছে সংস্থা। শুধু ‘সামান্য’ কিছু টাকা দিতে হবে। কোনওসময় প্রসেসিং ফি। আবার কখনওবা করবাবদ কিছু টাকা। তা আবার ফেরতযোগ্যও। সেই পুরস্কারের হাতছানিতেই টাকা খোয়াচ্ছেন শহরের বহু মানুষ। সম্প্রতি দক্ষিণ কলকাতার সার্ভে পার্কে একটি অভিযোগের পর আরও সতর্ক হয়েছে পুলিশ। লালবাজারের পক্ষে সতর্ক করা হচ্ছে শহরবাসীকেও। গোয়েন্দা পুলিশের মতে, এর পিছনে বিদেশি চক্রও রয়েছে। বহু নাইজেরীয় এই ধরনের প্রতারণার সঙ্গে যে যুক্ত থাকে, সেই প্রমাণ এর আগেও পুলিশের কাছে এসেছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২