জাতীয় নির্বাচনে সেনা থাকতে পারে: সিইসি
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৭ জুন বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- খালেদা জিয়ার মামলা বিষয়ে ম্যাজিস্ট্রেট গুরুতর ভুল করেছেন-হাইকোর্ট-দৈনিক প্রথম আলো
- চালের ঘাটতি ১০ লাখ টন, আমদানি ৮২ লাখ-দৈনিক প্রথম আলো
- সংসদে জাতীয় বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী-দৈনিক যুগান্তর
- জাতীয় নির্বাচনে সেনা থাকতে পারে: সিইসি-দৈনিক মানবজমিন
- ২০৪১ সালে বাংলাদেশ সুখী, সমৃদ্ধ উন্নত দেশ হবে: অর্থমন্ত্রী-দৈনিক সমকাল
- চালে সিসা : ভয়ঙ্কর বিপদ-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- বাবার সিদ্ধান্তে অখুশি প্রণব-কন্যা শর্মিষ্ঠা, ওড়ালেন বিজেপিতে যোগদানের গুজব-সংবাদ প্রতিদিন
- ৪৫০ জন জঙ্গির অনুপ্রবেশ কাশ্মীরে, অমরনাথ তীর্থযাত্রীদের ওপর হামলার ছক-দৈনিক আজকাল
- পানশালার আড়ালে নারী পাচার-বেটিং, কলকাতা জুড়ে তল্লাশি ইডি-র-দৈনিক আনন্দবাজার
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
সংসদে জাতীয় বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী-দৈনিক যুগান্তর
জাতীয় নির্বাচন সামনে রেখে ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ’ প্রত্যয়ে ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার দুপুর ১২টা ৫১ মিনিটে জাতীয় সংসদের অধিবেশনে এ বাজেট পেশ শুরু হয়।এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে চার লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়।
আজকের এই বাজেট বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদের শেষ বাজেট এবং অর্থমন্ত্রীর ব্যক্তিগত ১২তম বাজেট। নির্বাচন সামনে রেখে প্রস্তাবিত এ বাজেটে সরকার কোনো ধরনের ঝুঁকি নিচ্ছে না। তাই অন্যবারের মতো নতুন নতুন কর চাপিয়ে ভোটারদের অসন্তুষ্ট করার মতো তেমন কোনো ঘোষণা এবার থাকছে না। আগামী বাজেটে ব্যয়ের আকার নির্ধারণ করা হয়েছে চার লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা। এ বাজেটে ঘাটতি থাকছে এক লাখ ২৫ হাজার ২৯৩ কোটি টাকা, যা ডিজিপির ৪ দশমিক ৯ শতাংশের সমান।
ম্যাজিস্ট্রেট গুরুতর ভুল করেছেন-দৈনিক প্রথম আলো
মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালনের অভিযোগে ঢাকায় করা এক মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাজিরা পরোয়ানাসহ জামিন আবেদনের বিষয়ে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট ভুল পথে অগ্রসর হয়েছেন বলে অভিমত দিয়েছেন হাইকোর্ট। নথিভুক্ত থাকা হাজিরা পরোয়ানার পাশাপাশি জামিন চেয়ে খালেদা জিয়ার আবেদন দ্রুত নিষ্পত্তি করতে ঢাকার মুখ্য মহানগর হাকিম বা সংশ্লিষ্ট মহানগর হাকিমকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছেন, সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের মনে রাখা উচিত যে নালিশি মামলায় যেখানে অভিযুক্ত আসামি অন্য মামলায় কারাগারে আছেন, সেখানে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর প্রতিবেদনের জন্য আদালতের অপেক্ষা করারই প্রয়োজন নেই।
চালে সিসা : ভয়ঙ্কর বিপদ-নয়া দিগন্ত
চাল, হলুদ ও এগ্রোকেমিক্যালে পাওয়া গেছে মাত্রাতিরিক্ত সিসা (লেড)। ময়মনসিংহ, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ এলাকা থেকে নেয়া ৩৮২টি এগ্রোকেমিক্যাল নমুনার মধ্যে ১২৯ জাতের চালে সিসা পাওয়া গেছে। পরীক্ষায় ব্যবহৃত ১৭টি হলুদের নমুনা থেকে একটিতে মাত্রাতিরিক্ত সিসা ও ক্রোমিয়াম পেয়েছেন গবেষকেরা। সম্প্রতি আইসিডিডিআরবির গবেষকেরা এ সংক্রান্ত একটি গবেষণা করেন। এ গবেষণাটি গত ২৪ মে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের পাবমেডি জার্নালে প্রকাশিত হয়েছে। আইসিডিডিআরবির সাইফুল ইসলাম, পারভেজ, রাকিব, সাজাদুর রহমানসহ আটজন গবেষক সম্মিলিতভাবে গবেষণাটি করেন।
আইসিডিডিআরবির গবেষকেরা একই সাথে ৪৩০ জন গর্ভবতী মহিলার রক্ত পরীক্ষা করে ১৩২ জনের মধ্যে উচ্চমাত্রার সিসার উপস্থিতি পেয়েছেন। ওই এলাকায় কীটনাশক হিসেবে ব্যবহৃত বাসুডিন থেকে ৩.৬ শতাংশের বেশি সিসা আসে মহিলাদের রক্তে। মেশিনে ভাঙানো চালে ৩.৩ শতাংশের বেশি মাত্রাতিরিক্ত সিসাযুক্ত রাং (ঝালাই করার রঙ)।
এবার ভারতের কয়েকটি খবর
বাবার সিদ্ধান্তে অখুশি প্রণব-কন্যা শর্মিষ্ঠা, ওড়ালেন বিজেপিতে যোগদানের গুজব-সংবাদ প্রতিদিন
গতকাল হঠাৎ দিল্লিতে খবর ছড়িয়ে পড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। গুজব রটায় এরাজ্যের মালদহ থেকে বিজেপির টিকিটে লোকসভা ভোটে লড়বেন তিনি। এই গুজবে রীতিমতো হুলস্থুল পড়ে যায় দিল্লি কংগ্রেস শিবিরে। সেসময় দিল্লির বাইরে ছুটি কাটাচ্ছিলেন প্রণব কন্যা। খবর পাওয়া মাত্রই শর্মিষ্ঠাকে ফোন করেন দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় মাকেন। মাকেনের ফোন পাওয়া মাত্রই ক্ষোভে ফেটে পড়েন মহিলা কংগ্রেসের সভানেত্রী শর্মিষ্ঠা।
বিজেপি যোগদানের সমস্ত জল্পনা যে তিনি শুধু উড়িয়ে দিলেন তাই নয় সেইসঙ্গে নোংরা রাজনীতির অভিযোগ আনলেন আরএসএসের বিরুদ্ধে। আমি রাজনীতিতে এসেছি কংগ্রেসের মতাদর্শে বিশ্বাস করি বলে। কংগ্রেস ছাড়ার চেয়ে রাজনীতিই ছেড়ে দেব।’ প্রণব কন্যা আরও বলেন, ‘এসবই বিজেপির নোংরা রাজনীতির খেলা, মিথ্যে খবর ছড়িয়ে ওরা মানুষকে সেগুলো বিশ্বাস করানোর চেষ্টা করছে।
৪৫০ জন জঙ্গির কাশ্মিরে অনুপ্রবেশ,অমরনাথ তীর্থযাত্রীদের ওপর হামলার ছক-দৈনিক আজকাল
অমরনাথ তীর্থযাত্রীদের ওপর হামলার সম্ভাবনা রয়েছে। এমনই বিস্ফোরক তথ্য কেন্দ্রকে জানাল গোয়েন্দা দপ্তর। জানা গিয়েছে, প্রায় ৪৫০ জন পাকিস্তানের জঙ্গি কাশ্মীরে ইতিমধ্যেই প্রবেশ করেছে। তারা নিয়ন্ত্রণ রেখা সহ কাশ্মীরের বিভিন্ন এলাকায় নাশকতা করার সুযোগের অপেক্ষায় রয়েছে। কেন্দ্রকে পাঠান রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী বিশেষ করে হিজবুল–উল–মুজাহিদিন এবং লস্কর–ই–তৈবা পরিকল্পনা করছে ২৮ জুন অমরনাথ যাত্রীদের ওপর হামলা চালানোর।
পানশালার আড়ালে নারী পাচার-বেটিং, কলকাতা জুড়ে তল্লাশি ইডি-র-দৈনিক আনন্দবাজার
কলকাতার বার-ব্যারন জগজিৎ সিংহের বিরুদ্ধে তদন্ত শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। নারীপাচার, খুনের চেষ্টা-সহ একাধিক অভিযোগে এই মুহূর্তে জেলবন্দি জগজিৎ।
গোটা রাজ্যে কমপক্ষে ৫০টি পানশালার মালিক এই জগজিৎ। শুধু জগজিৎ নয়, ইডি তদন্ত শুরু করেছে আরও দুই পালশালার মালিক আজমল সিদ্দিকী এবং বিষ্ণু মুন্দ্রার বিরুদ্ধেও। আজমলের বিরুদ্ধেও রয়েছে নারীপাচারের অভিযোগ। লেকটাউনের বাসিন্দা বিষ্ণু এর আগে একাধিক বার ক্রিকেট বেটিং-এর অভিযোগে গ্রেফতার হয়েছে। এর পর জগজিতের সঙ্গেই গ্রেফতার হয়েছে বিষ্ণু নারীপাচার ও যৌন হেনস্থার ঘটনায়।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৭