জুন ০৮, ২০১৮ ১২:২২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৮ জুন শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • ঢাকায় এক কোটি টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১০-দৈনিক প্রথম আলো
  • শেখ হাসিনা সরকারেরই বড় বাজেটের চ্যালেঞ্জ নেয়ার সাহস আছে-দৈনিক যুগান্তর
  • বিভিন্ন স্থানে 'বন্দুকযুদ্ধে' নিহত ৩-দৈনিক ইত্তেফাক
  • বিচারবহির্ভূত হত্যা বন্ধের আহবান জাতিসংঘ মানবাধিকার প্রধানের-দৈনিক মানবজমিন
  • কানাডা গেলেন প্রধানমন্ত্রী-দৈনিক সমকাল
  • সেনা মোতায়েনের ঘোষণায় দুরভিসন্ধি থাকতে পারে: ব্যারিস্টার মওদুদ-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • পুরুলিয়া কাণ্ডে জোর ধাক্কা বিজেপির, সিবিআই তদন্তের আরজি খারিজ সুপ্রিম কোর্টে-সংবাদ প্রতিদিন
  • উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত, প্রথম জলপাইগুড়ি জেলা স্কুলের গ্রন্থন-দৈনিক আজকালফার্স্ট বয়ের দিনে পড়াশোনা, রাত জেগে নাটকের মহড়া আর গান-দৈনিক আনন্দবাজার

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

গতকাল সংসদে প্রস্তাবিত বাজেট পেশ হয়েছে। বাজেট নিয়ে নানামুখী খবর প্রকাশিত হয়েছে জাতীয় দৈনিকগুলোতে।

দৈনিক যুগান্তরের শিরোনাম- শেখ হাসিনা সরকারেরই বড় বাজেটের চ্যালেঞ্জ নেয়ার সাহস আছে-ওবায়দুল কাদের। তিনি বলেন, ২০১৮-১৯ সালের প্রস্তাবিত বাজেট নির্বাচনের নয়, জনগণের বাজেট বলেও মন্তব্য করেন তিনি। দৈনিক ইত্তেফাকের খবর-নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেছেন, এবারের বাজেট সবচেয়ে সেরা। উন্নত দেশ হওয়ার পরিকল্পনা বাস্তবায়নে নানা পদক্ষেপ নেয়া হয়েছে বাজেটে। 

তবে জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করে বিএনপি বলছে, এই বিশাল বাজেট জনগণের কোনো কল্যাণে আসবে না। এটি বাস্তবায়ন অসম্ভব। বরং প্রস্তাবিত বাজেট গরিবকে আরও গরিব করবে, ধনীদের আরো ধনী করার সুযোগ দেয়া হয়েছে। নির্বাচনকে সামনে রেখে লুটপাটের জন্যই এ বিশাল বাজেট। এক কথায় বলা যায় প্রস্তাবিত বাজেট জনগণের রক্ত চোষার লুটের বাজেট।

দৈনিক যুগান্তরের খবরে বলা হয়েছে, সিপিডির বাজেট পর্যালোচনা-নৈরাজ্য বন্ধ না করে কর্পোরেট কর হার কমানোর সিদ্ধান্ত অনিয়ম উসকে দেবে। আর দৈনিক মানবজমিনের খবর- অর্থমন্ত্রী বলেছেন, দেশে দারিদ্র ও বৈষম্য বাড়ছে না।

বিভিন্ন স্থানে 'বন্দুকযুদ্ধে' নিহত ৩-দৈনিক ইত্তেফাক

রংপুর, ঠাকুরগাঁও এবং দিনাজপুরে বৃহস্পতিবার দিবাগত রাতে কথিত বন্দুকযুদ্ধে তিনজন মারা গেছেন। পুলিশের দাবি নিহতরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আর দৈনিক ইনকিলাবের খবরে লেখা হয়েছে, মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৯৩।

এছাড়া বিভিন্ন মিডিয়ার খবরে এসেছে দেশে মাদকবিরোধী  অভিযানে এ পর্যন্ত দেড় শতাধিক নিহত ও পনের হাজারেরও বেশি গ্রেফতার হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।

এদিকে দৈনিক, বাংলাদেশে সন্দেহভাজন মাদক অপরাধীদেরকে বিচারবহির্ভূতভাবে হত্যার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জেইদ রাদ আল হোসেন। বুধবার এক বিবৃতিতিতে তিনি বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতি এই গুরুতর মানবাধিকার লঙ্ঘন অবিলম্বে বন্ধ করা ও দায়ীদের বিচারের মুখোমুখি করার আহবান জানান।

ঢাকায় এক কোটি টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১০-দৈনিক প্রথম আলো

জাল টাকা তৈরির অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) । রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয় বলে আজ শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১ কোটি টাকার জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এবার ভারতের কয়েকটি খবর

ফার্স্ট বয়ের দিনে পড়াশোনা, রাত জেগে নাটকের মহড়া আর গান-দৈনিক আনন্দবাজা

উচ্চমাধ্যমিকে মানবিক বিভাগ থেকে প্রথম হয়েছেন গ্রন্থন সেন গুপ্ত। তার কথা, এমনিতেই রাতে ঘুম কম হয়। কখনও গিটার বাজিয়ে গান করি, কখনও আবার স্ক্রিপ্ট হাতে নিয়ে চিৎকার করে নাটকের মহড়া দিই। এত দিকে আমার ভাল লাগাগুলো ছড়িয়েছিটিয়ে আছে, যে কী বলব! যথারীতি গতকালও ঘুমাতে অনেক দেরি হয়েছে। আজ সকালে উঠে রেজাল্ট জানার জন্য টিভি চালিয়েছি। বাবা-মাও ছিল। এমন সময় প্রথম স্থানাধিকারীর নাম ঘোষণা। গ্রন্থন সেনগুপ্ত। ব্যস, আমি আর নেই। এক ছুট্টে পাশের ঘরে গিয়ে স্রেফ খাটে শুয়ে পড়েছি। বালিশ ভিজে যাচ্ছে চোখের জলে।

ভাল ফল হবে জানতাম ঠিকই। কিন্তু প্রথম? একেবারেই ভাবিনি। মাধ্যমিকে ভাল ফলের পর সব্বাই পই পই করে বলেছিল বিজ্ঞান নিয়ে পড়তে। কিন্তু আমার সেই জেদ। আর্টস নিয়েই পড়ব। বাবা-মা সব সময় আমার পাশে ছিলেন। বাবা একটা ওষুধের সংস্থায় কাজ করেন। আর মা প্রাথমিক স্কুলের শিক্ষিকা। ওঁরা আমায় বলতেন, আমার যা ইচ্ছা, আমি যেন তা নিয়েই পড়াশোনা করি। 

সাংবাদিক গৌরি লঙ্কেশ হত্যাকাণ্ডের চার্জশিটে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য-দৈনিক আজকাল

প্রখ্যাত সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডের ৯ মাস বাদে চার্জশিট চূড়ান্ত করল পুলিস। ১২ পাতার চার্জশিটে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সেই চার্জশিটে গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে অভিযুক্ত কেটি নবীন কুমার জবানবন্দীতে বলেছে সে গুলি সরবরাহ করেছিল কিন্তু খুন করেনি। তাকে বলা হয়েছিল সাংবাদিক গৌরী লঙ্কেশ হিন্দুত্ব বিরোধী। তাঁকে খুন করার জন্য গুলির প্রয়োজন। তখন সে গুলি সরবরাহ করেছিল। নবীন হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। ৫ সেপ্টেম্বর গৌরী লঙ্কেশ খুন হন। পাচার-বেটিং, কলকাতা জুড়ে তল্লাশি ইডি-র

পুরুলিয়া কাণ্ডে জোর ধাক্কা বিজেপির, সিবিআই তদন্তের আরজি খারিজ সুপ্রিম কোর্টে

পুরুলিয়া কাণ্ডে আদালতে ধাক্কা খেল বিজেপি। দলের দুই কর্মীর মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের আরজি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। মামলাকারীকে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত।

এবারের পঞ্চায়েত ভোটে জঙ্গলমহলের পুরুলিয়ায় তৃণমূলকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল বিজেপি। গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে শাসক দলের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বিরোধীরা। এই জেলারই বলরামপুরে রহস্যজনকভাবে মারা গিয়েছেন দু’জন বিজেপি কর্মী।

রাজীব গান্ধীর ধাঁচে প্রধানমন্ত্রীকে ‘খুনের ছক’ মাওবাদীদের! বিস্ফোরক দাবি পুলিশের-দৈনিক সংবাদ প্রতিদিন

প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মতোই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুনের ছক কষছে মাওবাদীরা। আদালতে এমনটাই দাবি করল পুণে পুলিশ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী বৃহস্পতিবার পুণের একটি আদালতে পুণে পুলিশের আইনজীবী উজ্জ্বলা পাওয়ার দাবি করেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ধাঁচেই মোদিকে খুনের ছক কষছিল ভারতে নিষিদ্ধ মাওবাদী সংগঠনের সদস্যরা। দিন কয়েক আগে ভীমা কোরগাঁওয়ে গোষ্ঠী সংঘর্ষে উৎসাহ দেওয়ার অভিযোগে জনা পাঁচেক মাওবাদীকে গ্রেপ্তার করেছে পুণে পুলিশ। 

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৮