জুন ০৯, ২০১৮ ১১:২৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৯ জুন শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো।

বাংলাদেশের শিরোনাম:

  • বাজেট-মধ্যবিত্তের ওপর যত চাপ-দৈনিক প্রথম আলো
  • রহস্যজনক অাগুনে বিঅারটিসির ১১টি বাস পুড়ে ছাই-দৈনিক যুগান্তর
  • উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন শেখ হাসিনা: আইনমন্ত্রী-দৈনিক যুগান্তর
  • ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক-দৈনিক মানবজমিন
  • কারাগারে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন খালেদা জিয়া-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • বাড়ানো হচ্ছে নিরাপত্তা, প্রধানমন্ত্রীকে আকস্মিক রোড শো না করার পরামর্শ এসপিজির-সংবাদ প্রতিদিন
  • টাকার বিনিময়ে সংবাদমাধ্যমে প্রচারিত হচ্ছে হিন্দুত্ব-দৈনিক আজকাল
  • প্রচুর মদ, গাঁজা, মোবাইল নিয়ে ধরা পড়লেন আলিপুর জেলের ডাক্তার!-দৈনিক আনন্দবাজার

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. মধ্যবিত্তের ওপর যত চাপ..... বাজেট সম্পর্কিত একটি খবরে এ শিরোনাম করেছে দৈনিক প্রথম আলো। আপনার কী মনে হয়

২. কুদ্‌স দিবসের মিছিলে গুলি; ৪ ফিলিস্তিনি শহীদ। কীভাবে দেখছেন এ ঘটনাকে?

বিশ্লেষণের বাইরে দৈনিকগুলোর কয়েকটি গুরুত্বপূর্ণ খবর তুলে ধরছি

রহস্যজনক অাগুনে বিঅারটিসির ১১টি বাস পুড়ে ছাই-দৈনিক যুগান্তর

বিআরটিসির বাস ডিপোতে রহস্যজনক অগ্নিকাণ্ড (প্রতীকী ছবি)

রাজধানীর খিলক্ষেতে বিআরটিসির বাস ডিপোতে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে ১১টি বাস ভস্মীভূত হয়েছে। শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে। 

 ফায়ার সার্ভিসের কর্মকর্তা কামরুল হাসান জানান, রাত সোয়া ১টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ১১টি বাস পুড়ে যায়। এদের মধ্যে একতলা ৬টি ও ৫টি দোতলা বাস রয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় এখনো ক্ষয়ক্ষতি পরিমান হিসাব করা সম্ভব হয়নি। আগুনের সূত্রপাতের কারণও জানা যায়নি। কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কারাগারে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন খালেদা জিয়া-দৈনিক নয়া দিগন্ত/দৈনিক যুগান্তর

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গত ৫ জুন কারাগারে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। খালেদা জিয়ার আত্মীয়ের বরাত দিয়ে শুক্রবার রাত সাড়ে ৮টায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য দিয়েছেন রুহুল কবির রিজভী। এই অবস্থায় বেগম জিয়ার উন্নত চিকিৎসার দাবি জানিয়ে দলের পক্ষ থেকে আগামি ১০ জুন রোববার রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রতিবাদ কর্মসূচীর ঘোষণা করা হয়েছে।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, চেয়াপারসন বেগম খালেদা জিয়া তিন সপ্তাহ ধরে জ্বরে ভুগছেন ও গত মঙ্গলবার জেলখানায় মাথাঘুরে পড়ে গিয়েছিলেন । সেইসাথে খালেদা জিয়ারর শারীরিক অবস্থা ভালো নয় বলে জানিয়েছে দলটি। অবিলম্বে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিতসক দিয়ে চিকিৎসা করানোর ব্যবস্থা নিয়ে সরকারকে আহ্বান জানানো হয়।

বাজেট-মধ্যবিত্তের ওপর যত চাপ-দৈনিক প্রথম আলো

বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

বাড়িভাড়া, পোশাক-আশাক, কেনাকাটায় বাড়তি টাকা গুনতে হবে 

• স্বপ্নের ফ্ল্যাটেও বাড়ানো হয়েছে ভ্যাটের হার

• কর ছাড়ে মধ্যবিত্তরা ছাড় পায়নি।

মধ্যবিত্তের জীবন আরও কঠিন হয়ে গেল। তাদের খরচ বাড়বে। বাড়িভাড়া, পোশাক-আশাক, কেনাকাটা, যাতায়াত—প্রায় সব ক্ষেত্রে বাড়তি টাকা গুনতে হবে। আবার বাড়িওয়ালার ওপর সারচার্জ আরোপ করায় বাড়বে বাড়িভাড়া। স্বপ্নের ফ্ল্যাটেও বাড়ানো হয়েছে ভ্যাটের হার। সব মিলিয়ে বাজেটের টাকার জন্য মধ্যবিত্তের ওপর ‘করের চাবুক’ বেশি চালাবেন অর্থমন্ত্রী।

অন্যদিকে কর ছাড়ে মধ্যবিত্ত ও সীমিত আয়ের করদাতাদের এক বিন্দুও ছাড় দেওয়া হয়নি। করমুক্ত আয়সীমা আগের মতোই আড়াই লাখ টাকা রাখায় চাপে থাকবেন তাঁরা। নতুন বাজেটে অর্থমন্ত্রী কর আদায়ের জন্য মধ্যবিত্ত ও সীমিত আয়ের গোষ্ঠীকেই বেছে নিয়েছেন। 

এ বিষয়ে জানতে চাইলে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, এবারের বাজেটে যেসব পরিবর্তন আনা হয়েছে, তাতে মধ্যবিত্তরাই বেশি চাপে থাকবে। একদিকে উবার, পাঠাওয়ে ভ্যাট বসিয়ে মধ্যবিত্তের যাতায়াত খরচ বৃদ্ধি করা হয়েছে, অন্যদিকে ব্যাংকের কর কমিয়ে উচ্চবিত্তকে সুবিধা দেওয়া হলো। ১ টাকা আয় করতে মধ্যবিত্তকে ১০ টাকার দুর্ভোগ দেওয়া হচ্ছে। আবার ছোট ফ্ল্যাট কেনায় বাড়তি ভ্যাট বসানো কোনোভাবেই বৈষম্য কমানোর নীতির সঙ্গে সংগতিপূর্ণ নয়। তিনি মনে করেন, মধ্যবিত্তকে ছাড় দেওয়ার পরিবর্তে বাজেটে চাপ বেশি দেওয়া হয়েছে।

এবার ভারতের কয়েকটি খবর

বাড়ানো হচ্ছে নিরাপত্তা, প্রধানমন্ত্রীকে আকস্মিক রোড শো না করার পরামর্শ এসপিজির-সংবাদ প্রতিদিন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

রাজীব গান্ধীর ধাঁচে প্রধানমন্ত্রীকে খুনের ছক কষছে মাওবাদীরা। পুণে পুলিশের এই দাবির পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। একযোগে গোটা ঘটনার এনআইএ তদন্ত দাবি করছে শাসক থেকে বিরোধী সব শিবিরই। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা ফের খতিয়ে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রীকে রোড শো না করার পরামর্শ দিয়েছে নিরাপত্তার দায়িত্ব থাকা স্পেশ্যাল প্রোটেকশন গার্ড অর্থাৎ এসপিজি।

পুণে পুলিশের দাবি অনুযায়ী, রাজীব গান্ধীকে যেভাবে খুন করা হয়েছিল সেভাবেই নরেন্দ্র মোদিকেও সরানোর পরিকল্পনা করছে মাওবাদীরা। আর সেক্ষেত্রে তাদের সহজ টার্গেট মোদির রোড শো গুলি।

প্র প্রচুর মদ গাঁজা, মোবাইল নিয়ে ধরা পড়লেন আলিপুর জেলের ডাক্তার!-দৈনিক আনন্দবাজার

আনন্দবাজারএসপিজির-সংবাদ প্রতিদিননশালার আড়ালে নারী পাচার-বেটিং, জেলবন্দিদের কাছ থেকে মাঝে মাঝেই পাওয়া যাচ্ছিল মাদক, মোবাইল ফোন। তা নিয়ে চিন্তার শেষ ছিল না জেল কর্তৃপক্ষের। এ বার সেই ঘটনায় গ্রেফতার করা হল জেলেরই এক চিকিৎসককে। ধৃতের নাম অমিতাভ চৌধুরী। তিনি আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারে পূর্ণ সময়ের চুক্তিভিত্তিক চিকিৎসক হিসাবে কাজ করতেন।

সংশোধনাগারে ঢোকার সময় তাঁকে দু’কেজি গাঁজা, চার লিটার মদ, ৩৫টি মোবাইল ফোন এবং প্রায় দেড় লক্ষ টাকা-সহ পাকড়াও করা হয়। পুলিশ জানিয়েছে, ওই চিকিত্‌সকের বাড়ি নাকতলায়। তিনি সেনাবাহিনীর প্রাক্তন কর্মী।

জেলের অনিয়মের ঘটনায় আগেই নাম জড়িয়েছিল বেশ কয়েকজন নিচু তলার কর্মীর। অভিযোগ, তাঁরা নাকি টাকার বিনিময়ে বন্দিদের হাতে তুলে দিচ্ছিলেন মাদক, মোবাইলের মতো সামগ্রী।# 

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৯