জুন ১০, ২০১৮ ১১:৩৮ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১০ জুন শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

  • খালেদা জিয়ার সুগার লেভেল কমে গিয়েছিল: অ্যাটর্নি জেনারেল-দৈনিক প্রথম আলো
  • ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা-দৈনিক যুগান্তর
  • কুমিল্লার নাশকতার মামলা: খালেদার জামিন শুনানি মুলতবি-দৈনিক ইত্তেফাক
  • জি-৭ আউটরিচে প্রধানমন্ত্রী-রোহিঙ্গা সংকট সমাধানে ৪ প্রস্তাব-দৈনিক মানবজমিন
  • দুর্ভাগ্য, অ্যাটর্নি জেনারেলের সম্মতি ছাড়া কোনো আদেশ হচ্ছে না : খন্দকার মাহবুব-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • কর্ণাটকে চরমে কংগ্রেস-জেডিএস দ্বন্দ্ব, বিক্ষুব্ধদের স্বাগত জানাল বিজেপি-সংবাদ প্রতিদিন
  • প্রণব মুখার্জিকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করতে পারে আরএসএস?-দৈনিক আজকাল
  • দলে মোদী আর যোগী শুধু দুর্নীতিগ্রস্ত নন! বলছেন বিজেপি সাংসদ-দৈনিক আনন্দবাজার

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

খালেদা জিয়ার মাথাঘুরে পড়ে যাওয়া, মাইল্ড স্ট্রোক,চিকিৎসকদের দেখা করা এবং আজ আইনমন্ত্রী ও অ্যাটর্নী জেনারেলের বক্তব্য আজকের প্রায় সব জাতীয় দৈনিকে পরিবেশিত হয়েছে।

প্রথম আলোর শিরোনাম-খালেদা জিয়ার সুগার লেভেল কমে গিয়েছিল: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অজ্ঞান হয়ে গিয়েছিলেন এটি ঠিক নয় বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেছেন, সুগার লেভেল কমে যাওয়া উনি দাঁড়ানো থেকে ঘুরে গিয়েছিলেন। আজ কুমিল্লায় করা বিশেষ ক্ষমতা আইনে করা এক মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি হয়। অ্যাটর্নি জেনারেলের সম্মতি ছাড়া খালেদা জিয়ার জামিন মিলবে না বলে মন্তব্য করেছেন খালেদা জিয়ার আইনজীবীরা। অ্যাটর্নী জেনারেল এ প্রসঙ্গে বলেন, এটা শুধু মিথ্যা কথা নয়, দুঃখজনক ও আদালত অবমাননাও। 

এদিকে, কুমিল্লার নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের  শুনানি আগামীকাল সোমবার পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। 

খালেদা জিয়া সম্পর্কে  দৈনিক ইত্তেফাকের খবরের শিরোনাম এরকম

খালেদা জিয়াকে বিএসএমএমইউতে নেয়া হবে আজ-আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য আজ তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হবে। আজ সচিবালয়ে বিচারকদের মধ্যে প্রাইভেটকার ও মাইক্রোবাস হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

আইনমন্ত্রী বলেন, তার ব্যক্তিগত চিকিৎসকরা ‘মাইল্ড স্ট্রোক’র যে কথা বলছেন তা খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে দেখা হবে। আজই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হবে।

আর মানবজমিনের খবরে লেখা হয়েছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অবহেলা করা হচ্ছে।

জি-৭ আউটরিচে প্রধানমন্ত্রী-রোহিঙ্গা সংকট সমাধানে ৪ প্রস্তাব-দৈনিক প্রথম আলো/ মানবজমিন

জি সেভেন বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি বাস্তবায়নে মিয়ানমারের প্রতি চাপ প্রয়োগে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের জন্য জি-৭ নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন। জি-৭ শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে বক্তব্য প্রদানকালে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের বিরুদ্ধে নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে জবাবদিহিতা ও ন্যায়বিচার নিশ্চিত করারও আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, রোহিঙ্গাদের সমস্যার মূল মিয়ানমারেই নিহিত এবং তাদেরকেই এর সমাধান করতে হবে। রোহিঙ্গাদের অবশ্যই তাদের নিজ গৃহে ফিরে যেতে হবে, যারা সেখানে শত শত বছর ধরে বসবাস করে আসছে।

৪২ হাজার কোটি টাকার ভ্যাট-সম্পূরক শুল্কের বোঝা-দৈনিক নয়া দিগন্ত

৪২ হাজার কোটি টাকার ভ্যাট-সম্পূরক শুল্কের বোঝা সাধারণ মানুষেরও ওপর

আগামী অর্থবছরে ৪২ হাজার কোটি টাকারও বেশি টাকার ভ্যাট ও সম্পূরক শুল্কের অতিরিক্ত বোঝা চাপছে জনগণের ওপর। এই পরিমাণ অর্থ সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত আদায়ের পরিকল্পনা করেছে সরকার। আগামী ২০১৮-২০১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মূল্য সংযোজন কর বা ভ্যাটের মাধ্যমে আদায়ের পরিকল্পনা নেয়া হয়েছে এক লাখ ১০ হাজার ৫৫৫ কোটি টাকা, যা চলতি অর্থবছরের এ খাতের সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে ২৭ হাজার ৮৪২ কোটি টাকা বেশি। চলতি অর্থবছরে সংশোধিত বাজেটে ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮২ হাজার ৭১৩ কোটি টাকা।

বিআরটিসির জন্য ৪শ’ বাস ও ৫শ’ ট্রাক কেনা হচ্ছে : সেতুমন্ত্রী-দৈনিক ইত্তেফাক

বিআরটিসি বাস

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ভারতীয় লাইন অব ক্রেডিটের আওতায় বিআরটি’র জন্য ৪শ’টি বাস, ৫শ’টি ট্রাক ক্রয়ের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। মন্ত্রী বলেন. ‘সেবাই আদর্শ’ এ মুলমন্ত্র ধারণ করে বিআরটিসি জনগণকে স্বপ্লমূল্যে যাত্রী ও পণ্য পরিবহন সেবা দেয়ার জন্য কার্যক্রম পরিচালনা করে।

দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেছেন, বিগত চার বছরে বাংলাদেশ রেলওয়েতে ২৮ কোটি ৮ লাখ যাত্রী যাতায়াত করেছে। মন্ত্রী বলেন, বাংলাদেশ রেলওয়ের যাত্রী সেবা বৃদ্ধির ফলে রেলে যাত্রী পরিবহন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা-দৈনিক যুগান্তর

বাংলাদেশের নারী ক্রিকেট দল-এশিয়া কাপ টি-টোয়েন্টিতে চাম্পিয়ন

ইতিহাস গড়ল বাংলাদেশের নারী ক্রিকেট দল। এশিয়া কাপে ছয়বারের শিরোপা জয়ী ভারতকে তিন উইকেটে হারাল লাল-সবুজ প্রমীলা বাহিনী। রোববার কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভাল স্টেডিয়ামে স্বগৌরবে উড়ল বাংলাদেশের পতাকা। টাইগ্রেসদের এ জয় যেন এক ঐতিহাসিক মঞ্চ রচনা। এশিয়া কাপের ছয় আসরের সবকটিতেই চ্যাম্পিয়ন শিরোপা ঘরে তুলেছে ভারত। অন্যদিকে এবারই প্র্রথমবার ফাইনালে উঠেছে বাংলাদেশ। সে হিসেবে ফাইনালে একেবারেই অনভিজ্ঞ একটি দল বাংলাদেশ শক্তিশালি ভারতকে হারিয়ে শিরোপা ঘরে তুলল।

এবার ভারতের কয়েকটি খবর

কর্ণাটকে চরমে কংগ্রেস-জেডিএস দ্বন্দ্ব, বিক্ষুব্ধদের স্বাগত জানাল বিজেপি

কর্ণাটকে জোটের মধ্যে দ্বন্দ্ব

দীর্ঘ নাটকের পরে হইহই করে কর্ণাটকে সরকার গড়েছে কংগ্রেস ও জেডিএস জোট৷ দু’দলের বিধায়কদের মধ্যে হয়ে গিয়েছে দপ্তর বণ্টন৷ কিন্তু এরপরেই শুরু হয়েছে আরও এক নতুন নাটক৷ ‘তাঁদের ঠকানো হয়েছে’ এই অভিযোগে সরব হয়েছেন কংগ্রেস বিধায়করা৷ এমনকি দলের অন্দরেই প্রতিবাদের সুর চড়িয়েছেন দপ্তর না পাওয়া জেডিএস বিধায়কদের একটি অংশ৷ শুরু থেকেই জোটের মধ্যে যে বিবাদের সুর স্পষ্ট ছিল, তা আজ প্রকাশ্যে৷ আর সেই সুযোগকে কাজে লাগাতে তৎপর একক সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েও বিরোধী আসনে বসা বিজেপি৷ সুযোগ বুঝে কংগ্রেস ও জেডিএসের বিক্ষুদ্ধদের দলে আহ্বান জানালেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা বিএস ইয়েদুরাপ্পা৷

দলে মোদী আর যোগী শুধু দুর্নীতিগ্রস্ত নন! বলছেন বিজেপি সাংসদ-দৈনিক আনন্দবাজার

এ যেন সেমসাইড গোল!

উত্তরপ্রদেশের বিজেপি সংসদ সদস্য ব্রিজভূষণ শরণ

দুর্নীতির বিরুদ্ধে বলতে গিয়ে নিজের দলের দিকেই আঙুল তুলে দিলেন উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ। তাঁর কথায়, ‘‘বিজেপিতে শুধুমাত্র দু’জনই দুর্নীতিগ্রস্ত নন। তাঁরা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বাকিদের নিয়ে নিশ্চিত করে কিছুই বলা যায় না।’’উত্তরপ্রদেশ ছাড়িয়ে এ বক্তব্য শোরগোল ফেলে দিয়েছে দেশের রাজনীতিতে। স্বাভাবিক ভাবেই প্রবল অস্বস্তিতে বিজেপি।

প্রণব মুখার্জিকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করতে পারে আরএসএস, কারা বলছে এই কথা?-দৈনিক আজকাল

আর এসের অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জি

২০১৯ সালে একক ভাবে সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে বিজেপি। সেক্ষেত্রে প্রণব মুখার্জির নাম উঠে আসতে পারে প্রধানমন্ত্রী হিসাবে। আর সেই নাম প্রস্তাব করতে পারে আর কেউ না, বিজেপির সঙ্গী আরএসএস। এমনই মনে করছে শিবসেনা। মনে করা হচ্ছে, প্রণব মুখার্জিকে নিজেদের সম্মেলনে ডেকে নিয়ে আসার পিছনে এই রাজনৈতিক অঙ্কই কাজ করছে। 

সম্প্রতি আরএসএসের সভায় উপস্থিত হয়েছিলেন প্রণব। সেখানে তাঁর উপস্থিতি নিয়ে বিপুল বিতর্ক তৈরি হয়। নানা পক্ষ নানা মত প্রকাশ করে। কংগ্রেসের পক্ষ থেকে একাধিকবার এই নিয়ে ক্ষোভও প্রকাশ করা হয়। কিন্তু প্রণব গিয়েছিলেন সেই সভায়। সেখানে রাখা বক্তব্যে দেশের ঐক্যবদ্ধ ও সহনশীল দিকের কথা উল্লেখ করেন তিনি।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১০