ইউনাইটেড হাসপাতালে খালেদা জিয়াকে চিকিৎসার দাবি, সরকার বলছে সিএমএইচে
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১২ জুন মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- ইউনাইটেডে খালেদা জিয়াকে ভর্তির দাবি, ব্যয় বহন করতে চায় বিএনপি-দৈনিক প্রথম আলো
- সরকারিভাবে রোগী প্রতি ব্যয় ৭৬ হাজার ৩৭৩ টাকা: স্বাস্থ্যমন্ত্রী-দৈনিক যুগান্তর
- রাঙামাটিতে পাহাড় ধসে নিহত ১১-দৈনিক ইত্তেফাক
- ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২-দৈনিক মানবজমিন
- খালেদা জিয়ার মুক্তি দাবি : শত নাগরিক কমিটিকে দাঁড়াতেই দেয়নি পুলিশ-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- মুখ্যমন্ত্রীর আপত্তিতে পিছোল নীতি আয়োগের বৈঠকের দিন-সংবাদ প্রতিদিন
- বিতর্কে পানি ঢালতে ইফতারে আমন্ত্রণ করা হল প্রাক্তন রাষ্ট্রপতিকে-দৈনিক আজকাল
- অসুস্থ দলাই লামা, দিল্লি অস্বস্তিতে-দৈনিক আনন্দবাজার
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয় নিয়ে দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন শিরোনাম নানাধরনের খবর ছাপা হয়েছে।
প্রথম আলোর শিরোনামইউনাইটেডে খালেদা জিয়াকে ভর্তির দাবি, ব্যয় বহন করতে চায় বিএনপি
খবরটিতে লেখা হয়েছে, কারাবন্দী খালেদা জিয়ার চিকিৎসার ব্যয় দল বহন করবে জানিয়ে তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তির দাবি জানিয়েছে বিএনপি। সরকার যথাযথ চিকিৎসার ব্যবস্থা না করায় খালেদা জিয়ার অসুস্থতা দিন দিন বাড়ছে বলেও উদ্বেগ প্রকাশ করেছে দলটি।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিএনপি চাইলে খালেদা জিয়াকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হবে। সিএমএইচকে অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই।
তবে দৈনিক মানবজমিনের খবরে লেখা হয়েছে-রাজি না হওয়ায় খালেদা জিয়াকে বিএসএমএমইউতে নেয়া হচ্ছে না : কারা কর্তৃপক্ষ
খবরটিতে বলা হয়েছে, খালেদা জিয়া স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আমি গুলশানের ইউনাইটেড হাসপাতাল ছাড়া বাংলাদেশের অন্য কোন হাসপাতালে চিকিৎসা নিব না।
অনীহ প্রকাশ করায় খালেদা জিয়াকে আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।
বিএনপি-জামায়াতের অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান প্রধানমন্ত্রীর-দৈনিক ইত্তেফাক
বিএনপি-জামায়াতের অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার থাকার জন্য দলের সব স্তরের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে স্থানীয় সময় সোমবার কানাডার টরন্টোর হোটেল রিজ কার্লটনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান তিনি।
দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিদেশীদের সঙ্গে দৌড়ঝাপ করে লাভ হবে না বিএনপির।
চাল নিয়ে চালবাজি-দৈনিক মানবজমিন
খাদ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, বর্তমানে সরকারি গুদামে ১০ লাখ টনের বেশি চাল মজুত রয়েছে। চলতি বছর বোরো ফসল থেকে ১ কোটি ৯২ লাখ টন চাল উৎপাদন হয়েছে। আবার এবার বন্যা বা অতিবৃষ্টিতে ফসলহানিও হয়নি। কিন্তু কোনো কারণ ছাড়াই চালের বাজার অস্থির। অথচ বাজারে এখন যে চাল আছে, সেটি আগেই আমদানি করা। চালে দাম বাড়ায় নিম্ন আয়ের মানুষদের মধ্যে ফের অসন্তুষ্টি বাড়ছে।
সরকারিভাবে রোগী প্রতি ব্যয় ৭৬ হাজার ৩৭৩ টাকা: স্বাস্থ্যমন্ত্রী-দৈনিক যুগান্তর
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, এ বছর চিকিৎসা বাবদ সরকারিভাবে রোগী প্রতি ব্যয় হয় ৭৬ হাজার ৩৭৩ টাকা। একইভাবে পথ্য বাবদ (খাবার) রোগী প্রতি দৈনিক ব্যয় হয় ১২৫ টাকা। মন্ত্রী আরও বলেন, বর্তমান জনবান্ধব সরকার প্রায় প্রতিবছরই চিকিৎসায় মাথাপিছু বরাদ্দ বাড়িয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সর্বশেষ তথ্যনুযায়ী এমবিবিএস রেজিষ্টার্ড চিকিৎসকের সংখ্যা ৮৭ হাজার ৩২১জন।
রাঙামাটিতে পাহাড় ধসে নিহত ১১-দৈনিক ইত্তেফাক
রাঙামাটির নানিয়ারচরের বড়পুল, ধর্মচরন কার্বারি পাড়া ও হতিমারা এলাকায় পাহাড় ধসে ১০ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে প্রবল বর্ষণে পাহাড় ধসে এ দুর্ঘটনা ঘটে। প্রশাসন সূত্র জানায়, উপজেলার বড়পুল পাড়ায় দুই পরিবারের চার জন, ধর্মচরন কার্বারি পাড়ায় একই পরিবারের চার জন এবং হাতিমারা এলাকায় তিন জন মারা গেছেন। রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ জানিয়েছেন, ‘বিশটির মতো পাহাড় ধস হয়েছে গত রাত থেকে। জেলায় গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির যে অবস্থা, এভাবে যদি বৃষ্টি হতে থাকে তাতে আমরা আরো পাহাড় ধসের আশঙ্কা করছি।’তিনি আরো জানান, ‘এ পর্যন্ত একুশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। মানুষজনকে আশ্রয়কেন্দ্রে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।গত বছর পাহাড় ধসে দেড় শতাধিক মানুষের প্রাণহানি হয়েছিল।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
বিতর্কে পানি ঢালতে ইফতারে আমন্ত্রণ করা হল প্রাক্তন রাষ্ট্রপতিকে-দৈনিক আজকাল
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ইফতার পার্টিতে আমন্ত্রণ করা হয়নি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে। আগামী ১৩ জুন কংগ্রেস সভাপতির পক্ষ থেকে এই ইফতার পার্টির আয়োজন করা হচ্ছে রাজধানীর তাজ প্যালেস হোটেলে। এই খবর চাউর হতেই দলের মধ্যেই বিতর্ক শুরু হয়ে যায়। অবশেষে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে ইফতার পার্টিতে আমন্ত্রণ করা হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতিকে। তিনি সে আমন্ত্রণ গ্রহণও করেছেন। কিন্তু এই খবর যখন প্রকাশ্যে এসেছিল তখনও পর্যন্ত আমন্ত্রণ জানানো হয়নি কংগ্রেসের চাণক্যকে।তবে আরএসএসের সভায় যোগ দেয়ার কারণে তাকে আমন্ত্রণ জানানো হয় নি এই বার্তা পৌঁছলে আখেরে কংগ্রেসেরই ক্ষতি বেশি হবে বলে মনে করেছেন কংগ্রেস সভাপতি। আর তাই ইফতার নিয়ে ঢোঁক গিলতে হল কংগ্রেসকে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
মুখ্যমন্ত্রীর আপত্তিতে পিছোল নীতি আয়োগের বৈঠকের দিন-দৈনিক সংবাদ প্রতিদিন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে নীতি আয়োগের বৈঠকের দিন পালটে ফেলল কেন্দ্র। ১৬ জুন নয়, ১৭ জুন বৈঠকে হবে দিল্লিতে। কোন পথে হবে দেশের উন্নয়ন? সেজন্য পাঁচ বছর অন্তর রূপরেখা চুড়ান্ত করে দিত যোজনা কমিশন। নেহেরু আমল থেকে চলা সেই যোজনা কমিশনের অবলুপ্তি ঘটিয়ে তার বদলে নীতি আয়োগ চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যোজনা কমিশনের মতোই নির্দিষ্ট সময়ের ব্যবধানে দিল্লিতে বৈঠক হয় নীতি আয়োগের। বৈঠকে মুখ্যমন্ত্রীদের আলোচনা করে কেন্দ্রের ভবিষ্যৎ কর্মসূচি চূড়ান্ত করেন প্রধানমন্ত্রী।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১২