পবিত্র ঈদুল ফিতর উদযাপিত: নিখোঁজদের পরিবারে ঈদ আনন্দ নেই
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৬ জুন শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- কারাফটক থেকে ফিরে গেলেন বিএনপি নেতারা, সাক্ষাতের অনুমতি পায় নি তারা-দৈনিক প্রথম আলো
- প্রধানমন্ত্রীর আশ্বাস বাস্তবায়নের দাবি শিক্ষকদের-দৈনিক যুগান্তর
- যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে-দৈনিক ইত্তেফাক
- নিখোঁজ ব্যক্তিদের পরিবারে ঈদ আনন্দ নেই-দৈনিক মানবজমিন
- ঈদে একটা নতুন জামার জন্য হাউমাউ কান্না সন্তানের, রোহিঙ্গা বাবা অসহায়-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি ! পায়ে হেঁটে ‘দিল্লি চলো’ অভিযান ওড়িশার যুবকের -সংবাদ প্রতিদিন
- ব্রিটেনের আদালতের নির্দেশ, মালিয়াকে ক্ষতিপূরণ বাবদ দিতে হবে ২ লক্ষ পাউন্ড-দৈনিক আজকাল
- কাশ্মীরে সিদ্ধান্ত ঈদের পর-দৈনিক আনন্দবাজার
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে-দৈনিক ইত্তেফাক
বাংলাদেশে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। এক মাস সিয়াম সাধনার পর আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় দেশের ধর্মপ্রাণ লাখো-কোটি মানুষ ঈদগাহ, মসজিদ ও খোলা মাঠে ঈদের নামাজ আদায় করেছেন। নামাজ শেষে অত্যন্ত আনন্দ ও উৎফুল্লের সঙ্গে ঈদের কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তার সরকারি বাসভবন গণভবনে দলীয় নেতা-কর্মী এবং বিচারক ও কূটনীতিকসহ সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন।
বিএনপি নেতারা দেখা করতে পারলেন না খালেদা জিয়ার সঙ্গে
দৈনিকটি আরো লিখেছে, তবে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা সাক্ষাৎ না পেয়ে কারাগার প্রাঙ্গণ থেকে ফিরে গেছেন।
তবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে গতকাল বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগার থেকে দেশবাসী ও দলের নেতাকর্মী-সমর্থকদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
বিনাবিচারে হত্যা ঈদের আনন্দ অধরা রয়ে যায়: এরশাদ-দৈনিক মানবজমিন/যুগান্তর
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে বিনাবিচারে হত্যা আর বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের উপর জুলুম-নির্যাতনে ঈদের আনন্দ অধরা রয়ে যায়।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শনিবার দুপুরে রাজধানীর বনানী কার্যালয়ে সর্বস্তরের জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, রমজানেও দেশে বিনাবিচারে মানুষ হত্যা করা হচ্ছে, অথচ প্রতিটি মানুষেরই বিচার পাওয়ার অধিকার রয়েছে। বিনা বিচারে মানুষ হত্যা বন্ধে সরকারের দৃষ্টিও আকর্ষণ করেন তিনি। এছাড়া রোহিঙ্গাদের উপর পৈশাচিক নির্যাতন এবং ফিলিস্তিনিদের উপর গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি।
বিএনপির আন্দোলনের ডাক আষাঢ়ের তর্জন-গর্জন সার-ওবায়দুল কাদের-দৈনিক ইত্তেফাক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির আন্দোলনের ডাক আষাঢ়ের তর্জন-গর্জন সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, বিএনপির আন্দোলনের কোন ইস্যু নেই। তাদের আন্দোলনে জনগণ সাড়া দিবেন না। ওবায়দুল কাদের বলেন, বিএনপির তুমুল জোরদার আন্দোলনের রঙ্গিন খোয়াব কর্পূরের মতো বাতাসে উড়ে যাবে। আর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বিএনপির রাজনীতি এখন খালেদা জিয়ার হাঁটু ব্যাথা আর কোমর ব্যথায় আটকে গেছে।
প্রধানমন্ত্রীর আশ্বাস বাস্তবায়নের দাবি শিক্ষকদের-দৈনিক যুগান্তর
শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসের বাস্তবায়নের দাবি জানিয়েছেন নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা। শনিবার ঈদের দিন জাতীয় প্রেসক্লাবের সামনে ঈদের নামাজ আদায় ও ভুখা মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এই দাবি জানান। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মাহমুদুন নবী বলেন, ২০০৬ সাল থেকে আমরা আন্দোলন করে আসছি। গত ৫ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে আমরা ঘরে ফিরে যাই। অথচ এবারের বাজেটে সেই আশ্বাসের প্রতিফলন হয়নি। পরিবার-পরিজন, স্ত্রী-সন্তানদের রেখে আমরা এখানে ঈদের নামাজ আদায় করেছি। প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক, আপনি শিক্ষকদের সম্মান দিয়ে তাদের দাবি বাস্তবায়ন করুন।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
কাশ্মীরে সিদ্ধান্ত ঈদের পর-দৈনিক আনন্দবাজার
কাশ্মীরের পরিস্থিতি নিয়ে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। উপদ্রুত জম্মু-কাশ্মীরে আজ সেনা অভিযান বন্ধের মেয়াদ শেষ হচ্ছে। সাংবাদিক শুজাত বুখারির হত্যা-পরবর্তী পরিস্থিতিতে ঈদের পরেও সেই অভিযান বন্ধ থাকবে, না ফের চালু হবে— তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় দু’জনের মধ্যে। রোববার কেন্দ্র এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে বলে ইঙ্গিত দিয়েছেন রাজনাথ। মাসের শেষে অমরনাথ যাত্রা শুরু হচ্ছে। তার মধ্যে গত কাল শ্রীনগরে সাংবাদিক শুজাত বুখারির হত্যাকাণ্ডের পরে নতুন করে ওই অভিযান বন্ধের মেয়াদ বাড়ানো কেন্দ্রের পক্ষে বেশ কঠিন হয়ে পড়েছে।
ব্রিটেনের আদালতের নির্দেশ, মালিয়াকে ক্ষতিপূরণ বাবদ দিতে হবে ২ লক্ষ পাউন্ড-দৈনিক আজকাল
ব্রিটেনের আদালতে বড়সড় ধাক্কা খেলেন বিজয় মালিয়া। ভারত থেকে পালিয়ে যাওয়া এই শিল্পপতিকে ২ লক্ষ পাউন্ড ক্ষতিপূরণের নির্দেশ দিল ব্রিটেনের আদালত। নির্দেশে বলা হয়েছে, ১৩টি ভারতীয় ব্যাঙ্ককে ২ লক্ষ পাউন্ড দিতে হবে মালিয়াকে।
স্টেট ব্যাঙ্ক সহ ১৩টি ব্যাঙ্কের ১.১৪৫ বিলিয়ন পাউন্ডের ঋণখেলাপ করেছেন মালিয়া। এর পাশাপাশি ব্রিটেনের আদালতে চলছে বিজয় মালিয়ার প্রত্যর্পণের মামলাও। মালিয়াকে দেশে ফিরিয়ে আনতে ইতিমধ্যেই তদ্বির শুরু করেছে ভারত সরকার। কোটি কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে জড়িত মালিয়া দীর্ঘদিন হল দেশ থেকে পালিয়ে ব্রিটেনে বহাল তবিয়তে রয়েছেন। ব্যবসাও রয়েছে তাঁর ব্রিটেনে। অবশেষে ব্রিটেনের আদালত ক্ষতিপূরণের নির্দেশ দিল মালিয়াকে।
প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি ! পায়ে হেঁটে ‘দিল্লি চলো’ অভিযান ওড়িশার যুবকের-দৈনিক সংবাদ প্রতিদিন
প্রতিশ্রুতি ও রাজনীতি একে অপরের পরিপূরক, এবিষয়ে কোনও সন্দেহ নেই। প্রশ্ন উঠতেই পারে রাজনৈতিক প্রতিশ্রুতি পরবর্তী সময়ে কতটা পূরণ হয়? তবে আসল বিষয় হল প্রতিশ্রুতি পূরণ হোক বা না হোক, তা দেওয়া থেকে নেতাদের বিরত করতে পারবেন না কেউই৷ ২০১৫-তে ওড়িশায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ জনসভায় নিজের ভাষণে বেশকিছু গালভরা আশ্বাসও দিয়েছিলেন তিনি৷ এখন প্রায় তিনবছর অতিক্রান্ত, সেই আশ্বাসের অনেক কিছুই রয়ে গিয়েছে অসম্পূর্ণ৷ আর সেই কথাই প্রধানমন্ত্রীকে মনে করাতে চেয়েছিলেন রাউরকেল্লার বাসিন্দা মুক্তিকান্ত অভিনব এক অভিযান শুরু করেন। পায়ে হেঁটে ওড়িশা থেকে নয়াদিল্লি গিয়ে মোদির দপ্তরে সেকথা পৌঁছে দিতে চেয়েছিলেন ওই যুবক।
তবে ১৩৫০ কিলোমিটার পথ পাড়ি দেয়ার পর আগ্রা হাইওয়েতে জ্ঞান হারিয়ে পথেই লুটিয়ে পড়েন মুক্তিকান্ত ৷ বর্তমানে স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন ওই যুবক৷ #
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৬