একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৭ জুন রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- ময়মনসিংহে এবার নারী মাদক ব্যবসায়ীর লাশ-দৈনিক প্রথম আলো
- যেকোনো সময় প্যারালাইজড হয়ে যেতে পারেন খালেদা জিয়া-দৈনিক যুগান্তর
- দেশের অর্থনীতি দৃঢ় ভিত্তিতে, গণতন্ত্র সুরক্ষিত: প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
- ‘সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করুন-সরকারের প্রতি বি চৌধুরী-দৈনিক মানবজমিন
- ঋণের সুদহার কমাতে কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- বিজেপির সঙ্গে সেয়ানে সেয়ানে লড়াই, ৪০ হাজার ডিজিটাল সেনা নামাচ্ছে তৃণমূল-সংবাদ প্রতিদিন
- সংঘর্ষবিরতির সময় দীর্ঘায়িত নয়, এবার পালা ভারতীয় সেনার, টুইট রাজনাথের-দৈনিক আজকাল-দৈনিক আজকাল
- বাণিজ্য সংঘাত, মার্কিন পণ্যে এ বার পাল্টা শুল্ক চাপাল ভারত-দৈনিক আনন্দবাজার
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
যেকোনো সময় প্যারালাইজড হয়ে যেতে পারেন খালেদা জিয়া-দৈনিক যুগান্তর
যেকোনো সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারালাইজড হওয়ার আশঙ্কা করছেন তার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন আশঙ্কার কথা জানান। ফখরুল বলেন, ঈদের দিন কারাগারে খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনরা দেখা করেছেন। তার শরীরের অবস্থা আগের চেয়ে অনেক নাজুক। তিনি একা হাঁটতে পারছেন না। আজকের মধ্যেই খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতালে নেয়ার দাবি জানান বিএনপি মহাসচিব।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ইউনাইটেড হাসাপাতালের প্রতি খালেদা জিয়ার আস্থা রয়েছে। অন্য জায়গায় তার আস্থা নেই। তিনি অন্য কোথাও চিকিৎসা নিবেন না। তাকে রাজনৈতিক কারণে বন্দি করে রাখা হয়েছে। কিন্তু তার সঙ্গে রাজনৈতিকসুলভ আচরণ করা হচ্ছে না। তিনি তিনবারের প্রধানমন্ত্রী। তিনি জাতীয় সংসদ নির্বাচনে কোনোদিন পরাজিত হননি। তার সঙ্গে সরকার অমানবিক আচরণ করছে।
ময়মনসিংহে এবার নারী মাদক ব্যবসায়ীর লাশ-দৈনিক প্রথম আলো
ময়মনসিংহ শহরতলির আকুয়া গন্ধপা এলাকা থেকে আজ রোববার সকালে রেহেনা আক্তার (৩৮) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, রেহেনা ময়মনসিংহের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলেন। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুশফিকুর রহমান বলেন, নিজেদের মধ্যে মাদক ভাগাভাগি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের গুলিতে রেহেনার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এদিকে দৈনিক ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, নেত্রকোনায় স্বেচ্ছাসেবকলীগ নেতা দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন।
‘সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করুন-সরকারের প্রতি বি চৌধুরী’-দৈনিক মানবজমিন
সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার বা জাতীয় সরকার গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান পূনর্ব্যক্ত করেছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক প্রেসিডেন্ট প্রফেসর ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী।শনিবার দুপুরে রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিকল্পধারার কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ আহ্বান পূনর্ব্যক্ত করেন।সাবেক এ প্রেসিডেন্ট দুঃখ প্রকাশ করে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্ন উঠলেই এই সরকারের মন্ত্রীরা বলেন তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে নেই।
কিন্তু তারা তো এটাও জানেন যে, সংবিধান সংশোধন করে নির্বাচনকালীন এই সরকার ব্যবস্থা আবার পূনর্বহাল করা যায়।
বন্যা পরিস্থিতি নিয়ে দৈনিক যুগান্তরের শিরোনাম এরকম -সড়কে কোমরপানি, মৌলভীবাজার-সিলেট যোগাযোগ বিচ্ছিন্ন
বিস্তারিত খবরে লেখা হয়েছে, মনু নদের বাঁধ ভেঙে রাস্তা প্লাবিত হওয়ায় মৌলভীবাজারের সঙ্গে চার উপজেলা ও সিলেটের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার সকাল থেকে পৌরসভাধীন বড়হাট এলাকায় মৌলভীবাজার-সিলেট সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ করে দেয়া হয়। এ সড়ক কোমর পর্যন্ত পানিতে ডুবে গেছে। এর আগে শনিবার মৌলভীবাজার-রাজনগর-সিলেট রোডের রাজনগর উপজেলাধীন কদমহাটা এলাকায় বন্যার পানিতে রাস্তা তলিয়ে গেলে এই রোডে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। এছাড়া কুলাউড়া, রাজনগর ও কমলগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ঘরবাড়ি, দোকানপাট, স্কুল কলেজ ও গুরুত্বপূর্ণ স্থাপনায় এখনও পানি রয়েছে। সেনাবাহিনী বন্যার্তদের সহযোগিতায় কাজ করছে। জেলা প্রশাসক (ডিসি) মো. তোফায়েল ইসলাম সাংবাদিকদের বলেন, বন্যা মোকাবেলায় প্রশাসন তৎপর রয়েছে
দৈনিক নয়া দিগন্তের অর্থনীতির খবরের শিরোনাম-ঋণের সুদহার কমাতে কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক
খবরটিতে লেখা হয়েছে, ব্যাংকঋণের সুদহার কমাতে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে সুদহার সংক্রান্ত চারটি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আলোকে প্রায় দুই ডজন ব্যাংককে নজরদারির মধ্যে নিয়ে আসা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইতোমধ্যে বেশ কয়েকটি ব্যাংকের বিরুদ্ধে ইচ্ছেমাফিক সুদ চার্জ করার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে।মুক্তবাজার অর্থনীতিতে সুদহার কমাতে ব্যাংকগুলোর ওপর সরাসরি হস্তক্ষেপ করতে পারে না কেন্দ্রীয় ব্যাংক। এ কারণে বিকল্প পদ্ধতিতে সুদহার কমানোর উদ্যোগ নিয়েছে। বলা হচ্ছে, ইচ্ছেমাফিক সুদ আদায় করা যাবে না। কোনো গ্রাহকের ঋণের সুদ বাড়াতে হলে কমপক্ষে তিন মাস আগে গ্রাহককে অবহিত করতে হবে।সুদহার কমাতে বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি হস্তক্ষেপ না করলেও সুদহার বাড়ানোর সব পথ বন্ধ করে দেয়া হচ্ছে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
সংঘর্ষবিরতির সময় দীর্ঘায়িত নয়, এবার পালা ভারতীয় সেনার, টুইট রাজনাথের-দৈনিক আজকাল
সংঘর্ষবিরতির সময়সীমা দীর্ঘায়িত করা হবে না। টুইট করে তা জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। পবিত্র রমজান মাস উপলক্ষ্যে জম্মু–কাশ্মীরে জঙ্গি নিধন বন্ধ ছিল। দু’দিন আগেই এ সংক্রান্ত আলোচনা করার জন্য রাজনাথ সিং বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে।
রাজনাথ সিং টুইট করে বলেন, ‘জঙ্গিদের হামলা এবং তাদের কার্যকলাপ রুখতে যথাযথ এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য সেনাবাহিনীদের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, জম্মু–কাশ্মীরকে জঙ্গি মুক্ত পরিবেশ দেওয়ার জন্য সরকার সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবে। ১৭ মে কেন্দ্র সরকার থেকেই রমজানের সংঘর্ষবিরতি ঘোষণা করা হয়েছিল।
বিজেপির সঙ্গে সেয়ানে সেয়ানে লড়াই, ৪০ হাজার ডিজিটাল সেনা নামাচ্ছে তৃণমূল-দৈনিক সংবাদ প্রতিদিন
গোপনে যেন মহাযুদ্ধের প্রস্তুতি! যা আয়োজন, তাতে মহাযুদ্ধর থেকে কম কিছু না। রাজ্যজুড়ে লোকসভাভিত্তিক ৪২ পাতার ফেসবুক পেজ খুলে ঘরের মাঠে গা ঘামানোর কাজটা পঞ্চায়েত ভোটের আগেই শুরু করে দিয়েছিল তৃণমূল। সেই হাতিয়ার বড় সাফল্য এনে দিয়েছে। গ্রামের ভিত পাকা করেই মমতা বন্দ্যোপাধ্যায় মূল লক্ষ্য নিয়েছেন ২০১৯-এর লোকসভা। বাংলা থেকে দিল্লির পরিবর্তনের চাকা ঘোরানোর সেই ডাক দিয়েও দিয়েছে তাঁর দল। লড়াইয়ের সেই তোড়জোড়ের প্রথম পর্বেই দলে ডিজিটাল বিপ্লব ঘটাতে চলেছে তৃণমূল।
পোশাকি নাম ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া কনক্লেভ’। টার্গেট প্রশিক্ষণের মাধ্যমে স্বাধীনতা দিবসের আগে ৪০ হাজার ‘ডিজিটাল সহায়ক’ তৈরি করা।
দিল্লির সমস্যা মেটাতে দরবার মমতার, সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে-দৈনিক সংবাদ প্রতিদিন
দিল্লির উপরাজ্যপাল বনাম মুখ্যমন্ত্রীর দ্বন্দ্ব চলছেই। কোনও রাজ্যের ক্ষেত্রেই তা ভাল বিজ্ঞাপন নয়। গণতন্ত্রের জন্য তো নয়ই। সমস্যা মেটাতে এবার তাই প্রধানমন্ত্রীর কাছে দরবার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন আরও তিন রাজ্যের মুখ্যমন্ত্রী। নীতি আয়োগের বৈঠক উপলক্ষে এই মুহূর্তে রাজধানীতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পাশাপাশি দিল্লির সমস্যা নিয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। সাম্প্রতিক অতীতে অল্প সময়ের ব্যবধানে এই নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর দ্বিতীয় সাক্ষাৎ।
বাণিজ্য সংঘাত, মার্কিন পণ্যে এ বার পাল্টা শুল্ক চাপাল ভারত-দৈনিক আনন্দবাজার
বাণিজ্য সংঘাত এবার ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যেও। ভারতীয় পণ্যের উপর মার্কিন প্রশাসন শুল্ক চাপানোয় এবার পাল্টা চাপ দেওয়ার রাস্ততেই হাঁটল দিল্লি। মোটরবাইকসহ ৩০টি মার্কিন পণ্যের উপর থেকে শুল্ক-ছাড় তুলে নেওয়া হবে বলে জানিয়েছে মোদী সরকার। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ৮০০সিসি মোটরবাইকের উপর শুল্ক ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। মার্কিন অ্যামন্ড, আখরোট কিংবা আপেলেও শুল্ক বাড়বে ২০ থেকে ২৫ শতাংশ। এই সিদ্ধান্তের কথা বিশ্ব বাণিজ্য সংস্থাকে চিঠি দিয়েও জানিয়েছে দিল্লি।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৭