একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৯ জুন মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- এনবিআরের লক্ষ্য-দৈনিক আদায় করতে হবে ১৫৩২ কোটি টাকা-দৈনিক প্রথম আলো
- কম্পিউটার গেমস আসক্তি কি মানসিক রোগ?-দৈনিক যুগান্তর
- নিত্যপণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে থাকায় এবার ঈদ ভালো হয়েছে’-দৈনিক ইত্তেফাক
- রেকর্ডসংখ্যক জোরপূর্বক বাস্তুচ্যুত-দৈনিক মানবজমিন
- খালেদা জিয়ার ওপর চলছে নিষ্ঠুর নির্যাতন’-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- পশ্চিমবঙ্গে প্রচণ্ড দাবদাহে বেসরকারি স্কুলগুলো বন্ধ ঘোষণা-সংবাদ প্রতিদিন
- প্রধানমন্ত্রী হিসাবে কাশ্মীর সমস্যার সমাধান করার ক্ষমতা রয়েছে রাহুল গান্ধীর: সুধীন্দ্র কুলকার্নি-দৈনিক আজকাল
- জম্মু-কাশ্মীরে সরকার ছাড়ল বিজেপি, মেহবুবার ইস্তফা-দৈনিক আনন্দবাজার
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
খালেদা জিয়ার ওপর চলছে নিষ্ঠুর নির্যাতন’-দৈনিক নয়া দিগন্ত
দলের চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বৃহস্পতিবার সারাদেশের জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা দিয়ে বলেন, বাংলাদেশে চলছে এক আজব শাসন। এখানে বিরোধী দল, বিরোধী মত ও বিরোধী বিশ্বাসের মানুষরা দ্বিতীয় শ্রেণির নাগরিক। ক্ষমতাসীন আওয়ামী লীগ অবৈধ ক্ষমতার শক্তিতে এখন দেশে দন্ডমুন্ডের কর্তা সেজে বসেছে। দেশের সর্বজনপ্রিয় নন্দিত নেত্রী বেগম খালেদা জিয়াকে শুধু অন্যায়ভাবে সাজাই দেয়া হয়নি, এখন তার ওপর চলছে নানা কায়দায় অমানবিক নিষ্ঠুর নির্যাতন।
এনবিআরের লক্ষ্য-দৈনিক আদায় করতে হবে ১৫৩২ কোটি টাকা-দৈনিক প্রথম আলো
০ চলতি জুন মাসে এনবিআরের কাঁধে প্রায় ৪৬ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের দায়িত্ব।
০কিন্তু কখনোই এক মাসে এত টাকা আদায় হয়নি।
চলতি ২০১৭-১৮ অর্থবছরের শেষ মাস জুনে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ৪৫ হাজার ৯৫৪ কোটি টাকা আদায় করতে হবে। তা করতে পারলে আলোচ্য অর্থবছরে এনবিআরের ২ লাখ ২৫ হাজার কোটি টাকার রাজস্ব আহরণের সংশোধিত লক্ষ্য অর্জিত হবে।
তবে এই লক্ষ্য অর্জনে জুন মাসে প্রতিদিন গড়ে ১ হাজার ৫৩২ কোটি টাকা আদায় করতে হবে। সেটি না হলে সংশোধিত বাজেটে অর্থের সরবরাহে টান পড়বে। এনবিআর অবশ্য কখনোই এক মাসে ৪৫ হাজার কোটি টাকার শুল্ক-কর আদায় করতে পারেনি। কয়েক বছর ধরেই এনবিআরকে বছরের শুরু থেকেই বিশাল লক্ষ্যের পেছনে ছুটতে হয়েছে। যেন এনবিআর টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যাটসম্যান।
চলতি অর্থবছরে ৩২ শতাংশ প্রবৃদ্ধি ধরে রাজস্ব লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত ১৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এমন অবস্থায় আগামী ২০১৮-১৯ অর্থবছরে ২ লাখ ৯৬ হাজার ২০০ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য ঠিক করা হয়েছে, যা চলতি অর্থবছরের সংশোধিত লক্ষ্যের চেয়ে ৭১ হাজার কোটি টাকা বা ৩০ শতাংশ বেশি।
নিত্যপণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে থাকায় এবার ঈদ ভালো হয়েছে’-দৈনিক ইত্তেফাক
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এবারের ঈদ খুব ভালো হয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল।
তিনি বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে তৎপরতা ছিল অন্য কোনও দলের সে তৎপরতা চোখে পড়েনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াকে আদালত সাজা দিয়েছেন। এখানে সরকারের কিছু করার নেই। তত্ত্বাবধায়ক সরকার বা সহায়ক সরকার বলে বাংলাদেশে আর কিছু হবে না উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।
কম্পিউটার গেমস আসক্তি কি মানসিক রোগ?-দৈনিক যুগান্তর
প্রযুক্তির যুগে বড়দের সঙ্গে তাল মিলিয়ে পিছিয়ে নেই শিশুরা। সম্প্রতি অনেক শিশুকিশোরদের কম্পিউটার গেমসের প্রতি আসক্তি তৈরি হয়েছে।পড়লেখায় মনোযোগ না দিয়ে তারা গেমস খেলার দিকে বেশি ঝুঁকে পড়েছে।
সকালে ঘুম ভাঙা থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত এক মিনিটও মোবাইল হাতছাড়া করেন না অনেকে। কেউ কেউ কম্পিউটার গেমস, হোয়াটস অ্যাপ, ফেসবুকসহ নানা সামাজিক মাধ্যমে সারাদিন ব্যস্ত থাকেন। কেউ আবার মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে দুশ্চিন্তায় পড়ে যান। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত মাত্রায় কম্পিউটার গেমস আসক্তি ডেকে আনতে পারে বিপদ। তবে শিশুকিশোরদের কম্পিউটার গেমস খেলার প্রবণতাকে পছন্দ করেন না বেশিরভাগ অভিভাবক। একে ‘ডিজিটাইল হেরোইন’ বলেও অভিহিত করেন অনেকে। সম্প্রতি কম্পিউটার গেমস খেলার আসক্তিকে মানসিক সমস্যা বলে ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
রেকর্ডসংখ্যক জোরপূর্বক বাস্তুচ্যুত-দৈনিক মানবজমিনের প্রতিবেদনের শিরোনাম
জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা রেকর্ড গড়েছে। ২০১৭ সালে তাদের সংখ্যা ৬ কোটি ৮৫ লাখ। এর মধ্যে মিয়ানমার থেকে প্রায় ৭ লাখ রোহিঙ্গার পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। যুদ্ধ, অন্যান্য সহিংসতা ও নির্যাতনের মুখে পঞ্চম বছরের মতো নতুন রেকর্ড গড়েছে বিশ্বব্যাপী জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। এ সঙ্কটের শীর্ষে আছে কঙ্গো, দক্ষিণ সুদানের যুদ্ধ ও বাংলাদেশে রোহিঙ্গাদের দলে দলে ছুটে আসা। এর ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে উন্নয়নশীলের কাতারে উঠে আসা দেশগুলো। জাতিসংঘের শরণার্থী বিষয়ক এজেন্সি ইউএনএইচসিআর মঙ্গলবার তাদের বার্ষিক প্রতিবেদন গ্লোবাল ট্রেন্ডস-এ এসব কথা বলেছে। এতে বলা হয়েছে ২০১৭ সালের শেষ নাগাদ যেসব মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে তার মধ্যে এক কোটি ৬২ লাখ মানুষ হয়তো প্রথমবারের মতো না হয় পুনর্বার বাস্তুচ্যুত হয়েছে। এ থেকে ইঙ্গিত মেলে যে, বিপুল সংখ্যক মানুষকে তার আশ্রয়য়ের জন্য ছুটতে হচ্ছে। এর অর্থ হলো প্রতিদিনি বিশ্বে বাস্তুচ্যুত হচ্ছে ৪৪ হাজার ৫০০ মানুষ। আরো পরিষ্কার করে বলা যায়। তা হলো, প্রতি দুই সেকেন্ডে একজন করে মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
জম্মু-কাশ্মীরে সরকার ছাড়ল বিজেপি -দৈনিক আনন্দবাজার
জম্মু-কাশ্মীরে সমর্থন তুলে নিল বিজেপি। সঙ্কটে মেহবুবা মুফতির সরকার। সংঘর্ষ বিরতি বজায় রাখার পক্ষে পিডিপি। কেন্দ্র নারাজ। একসঙ্গে পিডিপি-র সঙ্গে পথ চলা অসম্ভব বলে জানিয়ে দিল বিজেপি। ভেঙে গলে সাড়ে তিন বছরের জোট। জম্মু-কাশ্মীরে লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার। মঙ্গলবার নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠক করে বিজেপি-র মুখপাত্র রামমাধব বলেন, ‘‘পিডিপি-র সঙ্গে আর পথ চলা সম্ভব হচ্ছে না। তাই আমরা সমর্থন তুলে নিচ্ছি।’
দৈনিক সংবাদ প্রতিদিনে এ সম্পর্কে লেখা হয়েছে, রাজনৈতিক মহলের একাংশের মত, সাধারণ নির্বাচনের আগে সুকৌশলে কাশ্মীর কাঁটা এড়িয়ে গেল কেন্দ্র। গত কয়েক মাসে কাশ্মীর আরও অশান্ত হয়েছে। তাই আগেভাগেই পিডিপি-র কাঁধে বন্দুক রেখে নিজেদের সরিয়ে নিল। কাশ্মীরের এই পরিস্থিতির জন্য এখন সব দায় পড়ল মুফতির উপরই। এখন যদি সরকারের পতন হয়, তবে ভোটের আগে রাষ্ট্রপতি শাসনও জারি হতে পারে। যাই হোক না কেন, এ জন্য বিজেপি যে দায়ী নয়, তাই-ই প্রমাণ করতে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন রাম মাধবরা।
প্রধানমন্ত্রী হিসাবে কাশ্মীর সমস্যার সমাধান করার ক্ষমতা রয়েছে রাহুল গান্ধীর: সুধীন্দ্র কুলকার্নি-দৈনিক আজকাল
এবার বিজেপির নেতাও ভরসা রাখল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ওপর। একদা এলকে আদবানি ঘনিষ্ঠ সুধীন্দ্র কুলকার্নি মঙ্গলবার মন্তব্য করেন, রাহুল গান্ধীর ক্ষমতা আছে কাশ্মীর সমস্যার সমাধান করার। তাই তিনি ভবিষ্যতে দেশের প্রধানমন্ত্রী হবেন। মুম্বইয়ে এক বৈঠকে এমনই মন্তব্য করেছেন তিনি। যা বিজেপির কাছে চরম অস্বস্তির বলে মনে করা হচ্ছে। যদিও বিজেপির কিছু নেতা মনে করেন, লালকৃষ্ণ আদবানিকে দলের অন্দরে কোণঠাসা করে দেওয়ায় তিনিই পিছন থেকে এই মোক্ষম চালটি দিয়েছেন। তবে কংগ্রেস সভাপতির জন্মদিনে এটাই বোধহয় সেরা উপহার বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
এদিন সুধীন্দ্র কুলকার্নি প্রধানমন্ত্রীকে সরাসরি কাঠগড়ায় তুলে বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চূড়ান্ত ব্যর্থ হয়েছেন চীন ও পাকিস্তানের সঙ্গে ভারতের সমস্যা সমাধান করতে।
রাজ্যে প্রচণ্ড দাবদাহ, ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত বেসরকারি স্কুলগুলিরও-সংবাদ প্রতিদিন
প্রবল গরম ও তাপপ্রবাহের জেরে ছুটি ঘোষণা করল একাধিক বেসরকারি স্কুল। শিক্ষাদপ্তরের আবেদনে সাড়া দিয়ে মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়। একই সঙ্গে গ্রীষ্মের দাবদাহে অসুস্থ হয়ে পড়ছেন আইনজীবীরা। তাই শিয়ালদহ ও ব্যাংকশাল আদালতও বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ছুটি ঘোষণা হলেও কাজে যেতে হবে সরকারি স্কুলের শিক্ষকদের।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৯