অক্টোবরে নির্বাচনকালীন সরকার: ওবায়দুল কাদের
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২০ জুন বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- গাজীপুর সিটি নির্বাচন-প্রার্থীদের চোখ শ্রমিক ভোটে-দৈনিক প্রথম আলো
- বাড়িতে ৭ দিন অবরুদ্ধ ছিলাম : মওদুদ-দৈনিক যুগান্তর
- অক্টোবরে নির্বাচনকালীন সরকার: ওবায়দুল কাদের-দৈনিক মানবজমিন
- কমলো ব্যাংক ঋণে সুদের হার-দৈনিক ইত্তেফাক
- মহাখালীতে এমপি পুত্রের গাড়ির চাপায় পথচারী নিহত-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- জম্মু–কাশ্মীরে রাজ্যপালের শাসনের অনুমতি দিলেন কোবিন্দ -দৈনিক আজকাল
- রাজ্যপাল শাসনেই আমাদের সুবিধা, বললেন কাশ্মীরের পুলিশ প্রধান-দৈনিক আনন্দবাজার
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. এনআইডি পাচ্ছে না এক কোটি নতুন ভোটার- এমন একটি খবর ছেপেছে দৈনিক নয়াদিগন্ত পত্রিকা। কেন এই ব্যর্থতা? বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?
২. বিশ্বে সাত কোটি মানুষ নিজ ভূমি থেকে উচ্ছেদের শিকার-এই শিরোনামে একটি প্রতিবেদন ছেপেছে দৈনিক ইত্তেফাক এবং এর মুল লেখক হচ্ছন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। লেখাটি নিশ্চয় আপনার নজরে এসেছে। এর বিষয়বস্তু নিয়ে আপনার পর্যবেক্ষণ কী?
বিশ্লেষণের বাইরের দু একটি খবর তুলে ধরছি
মেয়েদের পড়াশোনা কতটা অবৈতনিক!-দৈনিক ইত্তেফাক
দেশের প্রাথমিক শিক্ষা সবার জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক হলেও এই সুবিধা সবাই পাচ্ছে না। এখনও প্রায় ৩০ লাখ শিক্ষার্থীকে টিউশন ফি দিয়েই প্রথম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত পড়তে হচ্ছে। এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক থেকে ডিগ্রি পর্যন্ত টিউশন ফি পরিশোধ করতে হচ্ছে অন্তত ৭০ ভাগ শিক্ষার্থীকে। এর বাইরে বিভিন্ন ধরণের শিক্ষা ব্যয় তো আছেই। বিভিন্ন খাতে সন্তানের শিক্ষা ব্যয় বাড়তে থাকায় বিপাকে আছেন অভিভাবকরা। তারা বলছেন, আয়ের এক তৃতীয়াংশই খরচ করতে হচ্ছে সন্তানদের পড়াশোনায়। তাছাড়া উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ার কথা থাকলেও অনেক স্কুলে তারা সে সুযোগ পাচ্ছে না।
অভিভাবকদের প্রশ্ন, ‘মাধ্যমিক পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক’, ‘ডিগ্রি পর্যন্ত মেয়েদের পড়ার খরচ নেই’ সরকারের বিভিন্ন পর্যায় থেকে এমন বক্তব্য প্রচার করা হলেও এ কথা কতটা সত্য? সব মেয়ে বা ছেলে কী বিনাবেতনে পড়ার সুযোগ পায়?
দেশের প্রাথমিক শিক্ষা অবৈতনিক। কিন্তু দেশের সব প্রাথমিক শিক্ষার্থী ‘অবৈতনিক’ সুবিধা পাচ্ছে না। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রণালয়ের অধীনস্থ দেশের প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ৩৯ লাখ শিক্ষার্থী এ সুবিধা পা্চ্ছে। এর বাইরে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ হাইস্কুল সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়, এনজিও পরিচালিত স্কুল, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের স্কুল, কেজি স্কুলসহ অন্যান্য প্রাইমারি স্কুলে পড়ছে প্রায় অর্ধকোটি শিক্ষার্থী, যাদের মধ্যে অন্তত ৩০ লাখ শিক্ষার্থীকে মাস শেষে টিউশন ফি গুণতে হচ্ছে। এসব শিক্ষার্থীর মধ্যে অর্ধেকই মেয়ে।
অক্টোবরে নির্বাচনকালীন সরকার: ওবায়দুল কাদের-দৈনিক মানবজমিন
নির্বাচনকালীন সরকার আগামী অক্টোবরে গঠিত হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নির্বাচনকালীন সরকারের আকার ছোট হবে। এবং বিষয়টি পুরোপুরি প্রধানমন্ত্রীর এখতিয়ার বলে জানিয়েছেন তিনি। আজ বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এসব তথ্য জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচনের শিডিউল ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচনকালীন সরকার দায়িত্ব গ্রহণ করবে। নির্বাচনকালীন সরকার বলতে নতুন কোনো সরকার গঠিত হবে না। বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব নেবে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
জম্মু কাশ্মিরে রাজ্যপালের শাসনের অনুমতি দিলেন কোবিন্দ-দৈনিক আজকাল
জম্মু–কাশ্মীরে রাজ্যপালের শাসন জারির অনুমতি দিলেন রামনাথ কোবিন্দ। মঙ্গলবার জম্মু–কাশ্মীরে পিডিপি ও বিজেপি জোট সরকার ভেঙে যাওয়ার পর বিরোধী ওমর আবদুল্লা বা কংগ্রেস সেখানে সরকার গড়ায় আগ্রহ দেখায়নি। মঙ্গলবার রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট পাঠান জম্মু–কাশ্মীরের রাজ্যপাল এন এন ভোরা। রাজ্যপালের শাসন জারির সুপারিশ করেন তিনি। তাতে সম্মতি দেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
পিডিপির সঙ্গে জোট ছাড়ার কারণ হিসেবে বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাম মাধব বলেন, ‘সন্ত্রাস, হিংসা এবং মৌলবাদ বৃদ্ধি পাচ্ছে। উপত্যকায় মানুষের মৌলিক অধিকার বিপদে রয়েছে। সুজাত বুখারির হত্যা একটা উদাহরণ। জম্মু–কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। রাজ্যের পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, রাজ্যের ক্ষমতার লাগাম রাষ্ট্রপতিকে হস্তান্তরিত করা হবে।
রাজ্যপাল শাসনেই আমাদের সুবিধা, বললেন কাশ্মীরের পুলিশ প্রধান-দৈনিক আনন্দবাজার
রাজ্যাপাল শাসনে জম্মু-কাশ্মীর জঙ্গি বিরোধী অভিযানের তীব্রতা তো বাড়বেই। কাজ করতে সুবিধা হবে পুলিশের।এমনই দাবি করলেনজম্মু-কাশ্মীরের পুলিশ প্রধান এসপি বৈদ।
জম্মু-কাশ্মীরে লাগাতার অশান্তির জন্য পিডিপি’কে দায়ী করেমঙ্গলবার সরকার ছেড়ে বেরিয়ে এসেছে বিজেপি। অন্য কোনও দল জোড়াতালির সরকার গড়তে উৎসাহ না দেখানোয় রাজ্যপাল শাসনের ছাড়পত্র দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কিন্তু এর পর থেকেই বিরোধীরা সরব। তাদের অভিযোগ, বিজেপি-পিডিপি সরকারের জন্যেই অশান্ত হয়ে উঠেছিল কাশ্মীর। রাজনৈতিক বিতর্কে ঢুকতে না চাইলেও রাজ্যের পুলিশ প্রধান এসপি বৈদ কিন্তু জানিয়ে দিলেন, রাজ্যপালের শাসন তিনি নিয়ে আশাবাদী। তাঁর দাবি, ‘‘রাজ্যপাল শাসনে পরিস্থিতির উন্নতি ঘটবে।’’#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২০