জুন ২১, ২০১৮ ১২:০৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২১ জুন বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • মাদকে পৃষ্ঠপোষকতার শাস্তি মৃত্যুদণ্ড হচ্ছে: প্রধানমন্ত্রী-দৈনিক প্রথম আলো
  • মাদকাসক্তি রোধে যোগব্যায়াম কার্যকর ভূমিকা রাখতে পারে : কাদের-দৈনিক যুগান্তর
  • খুলনায় বাস খাদে পড়ে নিহত ৫-দৈনিক ইত্তেফাকরোহিঙ্গা ইস্যুতে আইসিসি-র কাছে ২৬ বাংলাদেশী নাগরিকের পর্যবেক্ষন রিপোর্ট-দৈনিক মানবজমিন
  • গাজীপুর সিটি নির্বাচন-প্রার্থীদের সাথে ইসির মতবিনিময়ের ৬ ঘণ্টা পরই গণগ্রেফতার শুরু-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • ভুল চিকিৎসার বলি কিশোর, ২২ বছর পর ছেলের মৃত্যুর বিচার পেলেন মা-সংবাদ প্রতিদিন
  • কাজ না করলে দলে থাকার দরকার নেই, কড়া বার্তা মমতার-দৈনিক আজকাল
  • কয়েকশো যাত্রীর উপস্থিতিতে স্বামীর সামনে স্ত্রীর শ্নীলতাহানি সোদপুর স্টেশনে-দৈনিক আনন্দবাজার 

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

মাদকে পৃষ্ঠপোষকতার শাস্তি মৃত্যুদণ্ড হচ্ছে: প্রধানমন্ত্রী-দৈনিক প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, মাদক ব্যবসায় পৃষ্ঠপোষকতাকারী ও মাদকের গডফাদারদের আইনের আওতায় আনতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন করা হচ্ছে। এতে মাদক ব্যবসায় পৃষ্ঠপোষক ও মাদকের গডফাদারসহ মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখার প্রস্তাব করা হবে।  গতকাল জাতীয় সংসদে স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা জানান।

গাজীপুর সিটি নির্বাচন-প্রার্থীদের সাথে ইসির মতবিনিময়ের ৬ ঘণ্টা পরই গণগ্রেফতার শুরু-দৈনিক নয়া দিগন্ত

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন

বুধবার বিকেলে গাজীপুরে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠানের লক্ষ্যে প্রার্থীদের নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের মতবিনিময় সভার ৬ ঘণ্টার মধ্যে গণগ্রেফতার শুরু হয়। ঢাকা ও গাজীপুর গোয়েন্দা পুলিশ বুধবার রাতব্যাপী ২০ দলীয় জোট নেতাকর্মীদের বাসা বাড়িতে অভিযান চালায়। এসময় এিনপির ১০ জন গুরুত্বপূর্ণ নির্বাচনী কর্মকর্তাকে আটক করে পুলিশ। আটককৃতদের অধিকাংশকে রাতেই ঢাকা ও টাঙ্গাইল ডিবি পুলিশে হস্তান্তর করেছে গাজীপুর জেলা পুলিশ। মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকার বলেন, পোলিং এজেন্টরা যাতে কেন্দ্রে না যায় সেজন্য সাদা পোশাকে পুলিশ কোনাবাড়ি ও কাশিমপুর অঞ্চলের নেতাকর্মীদের মধ্যে ভয়ভীতি ছড়াচ্ছে। পুলিশ নগরির প্রত্যন্ত কাশিমপুর ও কোনাবাড়ি অঞ্চলের কেন্দ্রগুলো দখলের নীলনকশা বাস্তবায়নের চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।

দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম-মুখোমুখি দুই জোট : গাজীপুর সিটি নির্বাচন হতে পারে টার্নিং পয়েন্ট

গাজীপুর সিটি নির্বাচন হতে পারে টার্নিং পয়েন্ট

খবরটিতে লেখা হয়েছে, জিসিসির নির্বাচনকে আগামী জাতীয় সংসদ ও অন্যান্য স্থানীয় নির্বাচনের টার্নিং পয়েন্ট হিসেবে নিয়ে উভয় জোটের নেতৃবৃন্দ গুরুত্ব দিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। এ নির্বাচনের মূল ফ্যাক্টর গাজীপুর সিটি করপোরেশন এলাকা ও আশপাশের এলাকার বিভিন্ন কারখানার শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা। তাদের স্থায়ী ঠিকানা অন্য জেলায় হলেও কর্মক্ষেত্রের কারণে গাজীপুরে বসবাস করায় এ সিটি করপোরেশন এলাকার ভোটার হয়েছেন। এ ধরনের ভাসমান ভোটারের সংখ্যা লক্ষাধিক। প্রার্থীদের জয়-পরাজয় অনেকটা তাদের ভোটের ওপর নির্ভর করবে। তাই এই ভোটারদের সমর্থন ও ভোট পেতে তাদের খোঁজে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীগণসহ অন্য প্রার্থীরা হন্যে হয়ে ছুটছেন বিভিন্ন মিল-কারখানা ও আবাসিক এলাকাগুলোতে।

রোহিঙ্গা ইস্যুতে আইসিসি-র কাছে ২৬ বাংলাদেশী নাগরিকের পর্যবেক্ষন রিপোর্ট-দৈনিক মানবজমিন

রোহিঙ্গা

রোহিঙ্গা মুসলিমদের যেভাবে গণহারে মিয়ানমার থেকে প্রতিবেশী বাংলাদেশে তাড়িয়ে দেয়া হয়েছে, সেটির ব্যাপারে তদন্ত এবং বিচারের এখতিয়ার দাবি করে দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি-র কাছে একটি পর্যবেক্ষণ পেশ করেছেন বাংলাদেশের ২৬ জন বিশিষ্ট নাগরিক। আইসিসি এর আগে এ ধরণের একটি পর্যবেক্ষণ পেশ করার জন্য এদেরকে অনুমতি দিয়েছিলেন, তারপরই গত ১৮ই জুন আনুষ্ঠানিকভাবে এই ২৬ জন নাগরিকের পক্ষে দুজন এই পর্যবেক্ষণ জমা দিয়েছেন । এ পর্যবেক্ষণে বিশেষ করে গত বছরের অগাস্টের পর আসা রোহিঙ্গাদের জবানবন্দী ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনের বরাত দিয়ে রোহিঙ্গা হত্যাযজ্ঞই তুলে ধরা হয়েছে আইসিসিরি কাছে। এর মধ্যে আইসিসি বাংলাদেশ সরকারের কাছেও তাদের মতামত চেয়েছে এবং বাংলাদেশের তরফ থেকে মতামত পাঠিয়ে দেয়া হয়েছে বলেও জানানো হয়েছে।।

মাদকাসক্তি রোধে যোগব্যায়াম কার্যকর ভূমিকা রাখতে পারে : কাদের-দৈনিক যুগান্তর

বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুনমন্ত্রী ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে বাঁচাতে যোগব্যায়াম শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখতে পারে।বৃহস্পতিবার ভোরে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের আয়োজনে যোগ দিবসের এ আয়োজনে ঢাকা ও তার পার্শ্ববর্তী জেলাগুলো থেকে হাজারো স্বাস্থ্যসচেতন নাগরিক যোগ দেন। এতে ভারতীয় দূতাবাস সহযোগিতা করেছে।ওবায়দুল কাদের বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগব্যায়ামকে নতুনমাত্রা দিয়েছেন। পরে তা বাংলাদেশেও চলে এসেছে ভারতীয় দূতাবাসের মাধ্যমে। আজকে তরুণ সমাজে মাদক যখন হিংস্র ছোবল দিচ্ছে, যখন তা সুনামির মতো সারা দেশে ছড়িয়ে যাচ্ছে, তখন ইয়োগা বা যোগব্যায়াম শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখতে পারে।

যোগব্যায়াম করলে শরীর ও মন ভালো থাকবে- যুবসমাজকে এমন পরামর্শ দিয়ে কাদের বলেন, আজকে তরুণ সমাজ স্বতঃস্ফূর্তভাবে যোগব্যায়ামে যোগ দিয়েছে। কর্মক্ষম সুস্থজীবনের মূলমন্ত্র হল- এই ইয়োগা ব্যায়াম।

সড়ক দুর্ঘটনা এবং হত্যা সম্পর্কিত দৈনিক ইত্তেফাকের কয়েকটি খবর তুলে ধরছি।

খুলনায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে পাঁচজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভায়না গ্রামের মাঠ থেকে দুই বন্ধুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা রেলক্রসিংয়ের অদূরে ইসমাইলের আখ ক্ষেত থেকে একাধিক মামলার আসামি ও চিহ্ণিত মাদক ব্যবসায়ী হৃদয়ের (২৫) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

কাজ না করলে দলে থাকার দরকার নেই, কড়া বার্তা মমতার-দৈনিক আজকাল

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

লোকসভা ভোটের আগে দলীয় কর্মীদের কড়া বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জি। নেতাজি ইন্ডোরে বর্ধিত কোর কমিটির বৈঠকে দলীয়কর্মীদের হুঁশিয়ারি দিয়ে নেত্রী বলেছেন, ‘গায়ে হাওয়া লাগিয়ে দলে থাকার দরকার নেই। শুধু মমতা ব্যানার্জি কাজ করবে এটা চলবে না। যাঁরা নিজেদের দলের থেকে বড় ভাবছেন তাঁদের দলে থাকার দরকার নেই। যাঁরা ঝগড়া করছেন তাঁদের বের করে দিন। প্রয়োজনে নতুন নেতা তৈরি করুন।’‌পুরনো কর্মীদের নিয়ে কাজ করার বার্তা দিয়েছেন তিনি। তৃণমূল এবং যুব তৃণমূল নেতাদের মধ্যে দ্বন্দ্ব নিয়ে সতর্ক করেছেন মমতা ব্যানার্জি। লোকসভা ভোটের জন্য এখন থেকেই দলীয় কর্মীদের প্রস্তুতি নিতে বলেছেন তিনি।

কয়েকশো যাত্রীর উপস্থিতিতে স্বামীর সামনে স্ত্রীর শ্নীলতাহানি সোদপুর স্টেশনে-দৈনিক আনন্দবাজার

স্বামীর সামনেই স্ত্রীকে মারধর করে শ্লীলতাহানির অভিযোগ উঠল। ভরা প্ল্যাটফর্মে কয়েকশো যাত্রীর সামনেই ঘটনাটা ঘটল। অথচ কেউ এই দম্পতিকে সাহায্য করতে এগিয়ে এলেন না! এমনটাই দমদম স্টেশনের জিআরপি থানায় বুধবার রাতে জানিয়েছেন ৩২বছরের গৃহবধূ। উত্তর শহরতলির কাঁকিনাড়ার মাদ্রিলে বাড়ি ওই দম্পতির। রেলের তরফেও এই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

ভুল চিকিৎসার বলি কিশোর, ২২ বছর পর ছেলের মৃত্যুর বিচার পেলেন মা-দৈনিক সংবাদ প্রতিদিন

২২ বছর পর ছেলের মৃত্যুর বিচার পেলেন মা

২২ বছর পর বিচার পেল গোন্দলপাড়ার চৌধুরি পরিবার। ভুল চিকিৎসায় পনেরো বছরের কিশোরের মৃত্যুতে চন্দননগর মহকুমা হাসপাতালকে দোষী সাব্যস্ত করল হুগলির ক্রেতা সুরক্ষা আদালত। আগামী এক মাসের মধ্যে মৃতের পরিবারকে ১৯ লক্ষ ১০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

১৯৯৬ সালের ঘটনা, বছর পনেরোর দীননাথ চৌধুরিকে রাস্তার কুকুরে কামড়ায়। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় চন্দননগর মহকুমা হাসপাতালে। চিকিৎসকরা তাকে ওষুধ দেন। নির্দিষ্ট সময়ের ব্যবধানে দশটি অ্যান্টি র‌্যাবিজ ইঞ্জেকশন দেওয়া হয় ওই কিশোরকে। কিন্তু তাতে কোনও কাজই হয়নি। ইঞ্জেকশনের কোর্স শেষ হওয়ার মাস দু’য়েক পর থেকেই শারীরিক অবস্থা খারাপ হতে থাকে দীননাথের। তার জ্যেঠু শঙ্কর চৌধুরি জানিয়েছেন,  “কিছুদিন পর থেকেই শরীর খারাপ হতে শুরু করে ওর। ঘরবন্দি হয়ে থাকত দীনু। শেষের দিকে বিছানার সঙ্গে লেগে গিয়েছিল। জলাতঙ্ক রোগ ততদিনে ছড়িয়ে পড়েছে ওর শরীরে।” অসুস্থ দীননাথকে পরে চন্দননগর মহকুমা হাসপাতাল থেকে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তিনদিন পর মারা যায় সে। কিন্তু কেন কাজ করল না অ্যান্টি র‌্যাবিজ ইঞ্জেকশন?

তদন্তে দেখা গিয়েছে, হাসপাতালের জলাতঙ্কের প্রতিষেধক সাধারণ ‘রুম টেম্পারেচারে’ রেখে দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী এই ধরনেই দামি ইঞ্জেকশন ফ্রিজারে রাখতে হয়। ঘরের সাধারণ তাপমাত্রায় রাখার কারণেই ওই সমস্ত ইঞ্জেকশনের গুণাগুণ নষ্ট হয়ে গিয়েছিল। এমনটাই মনে করছে দীননাথের পরিবারের লোকেরা। ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছিল চৌধুরি পরিবার। একমাত্র ছেলের মৃত্যুর পর বিচারের আশায় মানবাধিকার সংস্থা এপিডিআর-এর সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। শুরু হয় দীর্ঘ লড়াই। অবশেষে বুধবার বিচার পেল চৌধুরি পরিবার।# 

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২১