একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৩ জুন শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- গাজীপুরে ভোটের হিসাব ‘একটু’ জটিল-দৈনিক প্রথম আলো
- গাজীপুরে নির্বাচনী উত্তাপ বেড়েই চলছে--দৈনিক নয়া দিগন্ত
- নয় জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩৪ জনের-দৈনিক যুগান্তর
- সিরাজগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত, চুয়াডাঙ্গায় লাশ উদ্ধার-দৈনিক ইত্তেফাক
- আওয়ামী লীগের নিজস্ব ভবন উদ্বোধন করলেন শেখ হাসিনা-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- শারীরিক সম্পর্কে রাজি হলেই মিলবে স্বামীর লোন, মহিলাকে প্রস্তাব ব্যাংক ম্যানেজারের-সংবাদ প্রতিদিন
- যাদবপুরে নিজের ফ্ল্যাটেই শ্লীলতাহানির শিকার অভিনেত্রী-দৈনিক আজকাল
- বাড়ি প্রকল্পে ‘তোলা’, মমতার রোষে আব্বাস-দৈনিক আনন্দবাজার
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
গাজীপুরে ভোটের হিসাব ‘একটু’ জটিল-দৈনিক প্রথম আলো
স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ গতকাল শুক্রবার গিয়েছিলেন গাজীপুর সিটি করপোরেশন এলাকায়। ইচ্ছে এই সিটির নির্বাচনী কর্মকাণ্ড কেমন হচ্ছে তা সরেজমিনে দেখা। ঘুরেছেন-দেখেছেন।কেমন দেখলেন নির্বাচনী পরিবেশ? প্রথম আলোর এই প্রশ্নের জবাবে ড. তোফায়েল বললেন, এখন পর্যন্ত ভালো। এই পরিবেশ ধরে রাখা গেলে নির্বাচন ভালো হবে। তবে তিনি এও বললেন, বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন পক্ষ থেকে নির্বাচন কমিশনে কিছু অভিযোগ করা হয়েছে। এগুলোর ব্যাপারে কমিশনকে দৃশ্যমান কিছু ব্যবস্থা নিতে হবে। তাহলে সবার মধ্যে আস্থা ফিরবে। কিন্তু হাসান সরকার আমাকে বলেছেন, এখন পর্যন্ত কমিশন থেকে তাঁকে কিছু বলা হয়নি।
সিটি এলাকার ভোটারদের সম্পর্কে বলতে গিয়ে এই স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ বললেন, এখানে নির্বাচন নিয়ে যারা কাজ করছেন তারাই কেবল মাঠে আছেন। অর্থাৎ বিভিন্ন দলের নেতা কর্মী ও নির্বাচন সংশ্লিষ্টদের এলাকায় দেখা যাচ্ছে। ভোটারদের সেখানে দেখা যাচ্ছে না। তারা সরাসরি কোনো কিছুতেই অংশ নিচ্ছেন না। তাই ভোটারদের মনোভাব এখনো বোঝা যাচ্ছে না। এখানকার ভোটারদের বৈশিষ্ট্য বিচার করাটা কঠিন। এ কারণে কোনো প্রার্থীর পক্ষেই সে কত ভোট পাবে এমন হিসাব-নিকাশ করাটা সহজ নয়।
এসম্পর্কে দৈনিক নয়া দিগন্তের খবরে লেখা হয়েছে, গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনের ভোট গ্রহণের আর মাত্র তিন দিন বাকি। সময় যতই ঘনিয়ে আসছে পাশাপাশি নির্বাচনী উত্তাপ বেড়েই চলছে। সেই সঙ্গে বাড়ছে প্রার্থী, কর্মী ও সমর্থকদের ব্যস্ততা ও অস্থিরতা।
নয় জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩৪ জনের-দৈনিক যুগান্তর
ঈদ আনন্দ শেষে গন্তব্যে ফেরার সময় সারা দেশের নয় জেলায় সড়ক দুর্ঘটনায় ৩৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অর্ধশতাধিক।শনিবার ভোর ও শুক্রবার দিবাগত রাতে গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস উল্টে ১৬ জন এবং রংপুরের তারাগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ছাড়া ঢাকার সাভারে একজন, নাটোরে দুজন, গোপালগঞ্জে দুজন, চুয়াডাঙ্গায় একজন, সিরাজগঞ্জে দুজন, ফরিদপুরে দুজন ও লক্ষ্মীপুরের রামগঞ্জে দুজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিক নিহতদের সবার নাম-পরিচয় জানা যায়নি।
সিরাজগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত, চুয়াডাঙ্গায় লাশ উদ্ধার-দৈনিক ইত্তেফাক
সিরাজগঞ্জে শনিবার ভোর রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এদিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে সকালে মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এদিকে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ আজ বলেছেন, ফেনসিডিল, ইয়াবা ও বিভিন্ন মরণনেশা তথা মাদক তরুণদের বিপথগামী করছে। তাই একমাত্র শরীরচর্চা, যোগব্যায়ামই পারে তরুণদের এসব অস্বস্তিকর বিধ্বংসী মরণনেশা থেকে দূরে রাখতে।
নবনির্মিত আওয়ামী লীগ কার্যালয়ের উদ্বোধন-দৈনিক ইত্তেফাক
রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্মিত প্রধান কার্যালয় উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ এই ভবন উদ্বোধন করা হয়। আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে নবনির্মিত এই ১০ তলা ভবনের ফলক উন্মোচন করেন।
দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
মানুষের নীতি-নৈতিকতাহীনতা এবং চরিত্রের মন্দত্বের দিকটা বর্তমানে বেশি ফুটে উঠছে। নানাভাবে নারীর শ্লীলতাহানির ঘটনা ঘটছে, শিশুদের ওপর ঘটছে পাশবিক নির্যাতন। দৈনিক আনন্দ বাজারের একটি খবরের শিরোনাম এরকম-সিনেমায় সুযোগের টোপ, যৌন সম্পর্কের জন্য চাপ! গ্রেফতার চিত্র পরিচালক অর্ণব রায়। সিনেমায় সুযোগ করে দেওয়ার টোপ দিয়ে এক মহিলার সঙ্গে দীর্ঘ দিন ধরে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা। আর সেই প্রস্তাব না মানায় হেনস্থা, এমনকী প্রাণে মারারও হুমকি।
দৈনিক সংবাদ প্রতিদিনের এ সম্পর্কিত একটি খবরের শিরোনাম -শারীরিক সম্পর্কে রাজি হলেই মিলবে লোন, মহিলাকে প্রস্তাব ব্যাংক ম্যানেজারের
খবরে লেখা হয়েছে, শারীরিক সম্পর্কে রাজি হলেই মিলবে লোন! কৃষকের স্ত্রীকে এমন প্রস্তাব খোদ ব্যাংক ম্যানেজারের৷ রাজি না হওয়ায় পিওনের মাধ্যমেও বোঝানোর চেষ্টা করা হয় তাঁকে৷ অভিযোগ উঠেছে মহারাষ্ট্রের বুলধানার এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজার ও পিওনের বিরুদ্ধে৷ কৃষিঋণ নিতে গিয়েও যে এমন প্রস্তাবের মুখোমুখি হতে হবে, তা ভাবতেও পারেননি ওই মহিলা৷ ব্যাংক ম্যানেজারের ফোনালাপ রেকর্ড করেন তিনি৷ স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন কৃষক-পত্নী৷ ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই গা ঢাকা দিয়েছে অভিযুক্তরা৷ মহারাষ্ট্রের বুলধানা জেলার এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে।
বাড়ি প্রকল্পে ‘তোলা' মমতার রোষে আব্বাস-দৈনিক আনন্দবাজার
গরিবের জন্য বাড়ি। টাকা দেবে সরকার। কিন্তু নেতা আছেন মাঝখানে! উপভোক্তা, ঠিকাদার— দু’তরফেই লাভের গুড়টি বুঝে নিতে চান তিনি। এমনই অভিযোগ গিয়েছে খোদ মুখ্যমন্ত্রীর দফতরে। তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠকে বৃহস্পতিবার উলুবেড়িয়ার উপ-পুরপ্রধান আব্বাসউদ্দিন খানের দিকে সরাসরি আঙুল তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘সবার জন্য বাড়ি’ প্রকল্প থেকে তোলা চাওয়ার অভিযোগ আব্বাসের বিরুদ্ধে। আগামী সাত দিনের মধ্যে ভুল সংশোধনের নির্দেশ দিয়েছেন মমতা। তবে শুক্রবার কলকাতায় ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করেন আব্বাসউদ্দিন। তাঁর দাবি, তিনি নির্দোষ। আব্বাস বলেন, ‘‘উপভোক্তারাই ঠিকা সংস্থার সঙ্গে চুক্তি করেছেন। আমি কিছু জানি না।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৩