জুন ২৪, ২০১৮ ১২:০১ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৪ জুন রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • গাজীপুর সিটি নির্বাচনে নৌকার পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে: জাহাঙ্গীর-দৈনিক প্রথম আলো
  • নীতিমালার কঠিন শর্তের আবর্তে নতুন এমপিওভুক্তি-দৈনিক নয়া দিগন্ত
  • শ্রমিক অসন্তোষে উত্তাল ফতুল্লা-দৈনিক যুগান্তর 
  • বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ জঙ্গির দেশ হবে’-দৈনিক ইত্তেফাক
  • জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা অক্টোবর: ইসি সচিব-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:

  • বর্ষপূর্তির প্রাক্কালে জিএসটি’র প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী-সংবাদ প্রতিদিন
  • স্কুল বন্ধ করার জন্য খুন, পুলিসের কাছে স্বীকারোক্তি ভদোদরা স্কুলে দশম শ্রেণির ছাত্রের-দৈনিক আজকাল
  • মাধ্যমিকে ভাল ফল করায় স্মার্টফোন, ছাত্রীর আত্মহত্যার কারণ হল সেটাই-দৈনিক আনন্দবাজার

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

আগামী ২৬ জুন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সময় আর বেশি নেই। তবে গাজীপুর সিটি নির্বাচন নিয়ে জাতীয় দৈনিকগুলোতে নানামুখী খবর ছাপা হয়েছে।

দৈনিক প্রথম আলোর খবরের শিরোনাম-গাজীপুর সিটি নির্বাচনে নৌকার পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে: জাহাঙ্গীর

বিস্তারিত খবরে লেখা হয়েছে, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রচার আজ রোববার শেষ হচ্ছে। আর তাই শেষ মুহূর্তে যতটা পারা যায় ভোটারদের কাছে পৌঁছাতে চাইছেন প্রার্থীরা। সকাল থেকেই দলের নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারে নেমেছেন প্রার্থীরা। পথসভায় জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করে জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচনে নৌকার পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে। গাজীপুরের মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবেন। নির্বাচন সুষ্ঠু হবে তাতে কোনো সন্দেহ নেই বলে তিনি জানিয়েছেন।

প্রথম আলোর অন্য খবরে বিএনপির মেয়রপ্রার্থীর অভিযোগ-নির্বাচনের আগে ত্রাস সৃষ্টি করা হয়েছে।গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার অভিযোগ করেছেন, তাঁর নেতা-কর্মীদের হয়রানি করছে পুলিশ। নির্বাচনের আগে এলাকায় ত্রাস সৃষ্টি করা হয়েছে। এ ছাড়া পুলিশের গাড়িতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের ঘুরে বেড়ানো নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

আজ কাল নয়টার দিকে গাজীপুর কলেজ গেটে নিজের বাসভবনে হাসান উদ্দিন প্রথম আলোর কাছে অভিযোগ করে বলেন, ‘আমার নেতা-কর্মীদের বাড়ি বাড়ি যাচ্ছে পুলিশ। নির্বাচন থেকে সরে যেতে হুমকি দিচ্ছে। অনেকের দরজা-জানালা ভেঙে দেওয়া হচ্ছে। আর দৈনিক ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার সকাল থেকে নির্বাচনী এলাকায় বিজিবি টহল শুরু করেছে।

বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ জঙ্গির দেশ হবে: মোহাম্মাদ নাসিম-দৈনিক ইত্তেফাক

বিস্তারিত খবরে লেখা হয়েছে, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগেকে ভোট দিয়ে বিজয়ী করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগকে ভোট দিতে হবে। বিএনপি-জামায়াতের দুঃশাসন আর ফিরে আসতে দেয়া যাবে না। ওরা ক্ষমতায় এলে বাংলাদেশ হবে জঙ্গির দেশ। দৈনিকটির অন্য এক খবরে লেখা হয়েছে, সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, উন্নয়নের জন্য সরকারকে আরো ৫ বছর ক্ষমতায় রাখতে হবে। অন্যদিকে বিএনপির সিনিয়র নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, হারার ভয়ে আওয়ামী লীগ জাতীয়  নির্বাচন বানচাল করতে পারে।

জনঘনত্ব-আমরা মানুষ না ইঁদুর? দৈনিক প্রথম আলোর এ শিরোনামের মতামত নিবন্ধটি লিখেছেন দৈনিকটির সহকারী সম্পাদক ও সাহিত্যিক মশিউল আলম।

তাঁর নিবন্ধে বলা হয়েছে, জনসংখ্যার ঘনত্বের কারণে সব ব্যবস্থাই বিকল হতে বসেছে। শহরুমুখী মানুষের চাপের ফলে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা ম্যানেজ করা সম্ভব না।কারও সাধ্য নাই এইটা ম্যানেজ করে। তবে সরকার বলে।বেশি জনসংখ্যা কোনো সমস্যা না, বরং সম্পদ। লেখক- মার্কিন সমাজবিজ্ঞানী জন কালহুনের ইঁদুর রাজ্যের গবেষণার চিত্র তুলে ধরেছেন। সেখানে ইঁদুরদের ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় একসময় স্বর্গের সুখশান্তিময় পরিবেশ ক্রমেই অশান্ত, অস্থির হয়ে ওঠে । নৈরাজ্যসহ নানা ধরনের বিশৃঙ্খলা সৃস্টি হয়। একসময় ইঁদুরদের স্বর্গটি নরকে পরিণত হয়। উপসংহারে ওই সমাজবিজ্ঞানী বলেছিলেন, প্রয়োজনীয় জায়গার তুলনায় তাদের সংখ্যা অত্যধিক বেড়ে গেলে তাদের মধ্যে সামগ্রিক আচরণগত বিপর্যয় ঘটে; এটাকে তিনি বলেছেন ‘বিহেভিয়ারাল সিংক। আজকের প্রতিবেদনের শেষে তাই প্রশ্ন করা হয়েছে, ক্যালহুনের ইঁদুর রাজ্যের এই চিত্রের সঙ্গে বর্তমান বাংলাদেশের চিত্র মিলিয়ে দেখুন। কিছু কি মেলে?

নীতিমালার কঠিন শর্তের আবর্তে নতুন এমপিওভুক্তি-দৈনিক নয়া দিগন্ত

নতুন এমপিওভুক্তি পেতে নীতিমালার কঠিন শর্তের আবর্তের মুখে পড়তে হবে নন-এমপিও প্রতিষ্ঠানগুলোকে। গত ১৪ মে জারি করা ‘জনবল কাঠামোর নীতিমালার’ শর্তগুলোকে ‘নতুন করে বাধা আরোপ’ বলে অভিহিত করেছেন আন্দোলনরত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার। তিনি গতকাল নয়া দিগন্তকে বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্বীকৃতির জন্য একমাত্র শর্ত হচ্ছে স্বীকৃতি। আর স্বীকৃতির জন্য ন্যূনতম ১৩ শর্ত। এ ১৩ শর্ত পূরণ করেই এক একটি শিক্ষাপ্রতিষ্ঠান স্বীকৃত পেয়েছিল ২০ বছর, ১৫ বছর ও ১৮ বছর আগে। এখন আবার নতুন করে কিসের শর্ত পূরণ করতে হবে?

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

বর্ষপূর্তির প্রাক্কালে জিএসটি’র প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী-সংবাদ প্রতিদিন

কেন্দ্রীয় সরকারের সততার ফসল হল পণ্য ও পরিষেবা কর৷ একবছর পূর্ণ করার প্রাক্কালে ৪৫ তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে রবিবার এমন ভাবেই জিএসটি’কে বর্ণনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ২০১৪-তে নয়াদিল্লির তখতে বসার পর থেকেই ‘মন কি বাত’ অনুষ্ঠান করে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেখানে যেমন তুলে ধরা হয়, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প ও পরিকল্পনাকে৷ তেমনই শোনা হয়, সাধারণ মানুষের অভাব অভিযোগ৷ আগামি পয়লা জুলাই একবছর পূর্ণ করছে জিএসটি৷ গতবছর আগে এদিন থেকেই সমগ্র দেশজুড়ে এক কর ব্যবস্থা চালু করে কেন্দ্র৷ তা নিয়ে বিতর্কও কম হয়নি৷ কেন্দ্রের সমালোচনায় সুর চড়িয়েছেন বিরোধীরা৷ যা এখনও জারি রয়েছে৷ কিন্তু এসবের মাঝেই ‘মন কি বাত’ অনুষ্ঠানে জিএসটির ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী৷

মাধ্যমিকে ভাল ফল করায় স্মার্টফোন, ছাত্রীর আত্মহত্যার কারণ হল সেটাই-দৈনিক আনন্দবাজার

একাদশ শ্রেণির আরহাম রহমত বালিগঞ্জ শিক্ষা সদনের ছাত্রী। মাধ্যমিকে ভাল ফল করায় তাকে অ্যানড্রয়েড ফোন কিনে দিয়েছিলেন তার দাদা। আর সেই মোবাইল নিয়েই শুরু হয়ে যায় অশান্তি। আরহামের মায়ের অনুযোগ, ফোন হাতে পাওয়ার পর থেকেই সারা দিন ওটা নিয়ে ব্যস্ত থাকত মেয়ে। পড়াশোনায় উঠে গিয়েছিল মন। সবসময় বিভিন্ন অ্যাপ-এ ঘোরাফেরা করতে, চ্যাট করত। আর তা নিয়েই মায়ের সঙ্গে রোজকার গণ্ডগোল শুরু হয়। আর তারই জেরে আত্মঘাতী হল একাদশ শ্রেণির ছাত্রী।# 

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৪