এমপিওভুক্তির দাবিতে আমরণ অনশনে শিক্ষকরা
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৫ জুন সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- এমপিওভুক্তির দাবিতে আমরণ অনশনে শিক্ষকেরা-দৈনিক প্রথম আলো
- গাজীপুরে বিএনপি নেতাকর্মীদের গণহারে গ্রেফতারের অভিযোগ-দৈনিক নয়া দিগন্ত
- সড়ক দুর্ঘটনা কমাতে প্রধানমন্ত্রীর ৬ নির্দেশনা-দৈনিক যুগান্তর
- মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা-দৈনিক ইত্তেফাক
- এক মাসেও শান্তিনিকেতনে বাংলাদেশ ভবনের দ্বার খোলেনি-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- নেশার টাকা না পেয়ে বৃদ্ধ বাবাকে পিটিয়ে খুন করল ছেলে-সংবাদ প্রতিদিন
- উপত্যকায় লুকিয়ে ২৫০ জঙ্গি-দৈনিক আজকাল-দৈনিক আজকাল
- হুঁশিয়ারি বৃথা যাচ্ছে, শিক্ষামন্ত্রী বুঝছেন কি?-দৈনিক আনন্দবাজার
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. গাজীপুর সিটি নির্বাচন আগামীকাল। তবে সেখানকার এসপিকে প্রত্যাহারের দাবি জানিয়েছে নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি বিএনপি। তাদের এই চাওয়া কেন?
২. হিজবুল্লাহর ৮০ হাজার ক্ষেপণাস্ত্র ইসরাইলের আতংকের কারণ- এমন মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি। এ বক্তব্যের বাস্তবতা কী?
বিশ্লেষণের বাইরের দু একটা খবর তুলে ধরছি
এমপিওভুক্তির দাবিতে আমরণ অনশনে শিক্ষকেরা-দৈনিক প্রথম আলো
দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে আজ সোমবার থেকে আমরণ অনশন শুরু করেছেন লাগাতার আন্দোলনে থাকা নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে আজ সকাল ১০টা থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের উত্তর পাশে এই কর্মসূচি শুরু হয়। সংগঠনটির নেতারা বলছেন, এবার স্বীকৃতি পাওয়া সব কটি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত না হওয়া পর্যন্ত তাঁরা আমরণ অনশন চালিয়ে যাবেন।
সড়ক দুর্ঘটনা কমাতে প্রধানমন্ত্রীর ৬ নির্দেশনা-দৈনিক যুগান্তর
সড়কে দুর্ঘটনা কমানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকটি সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান।
তিনি বলেন, মন্ত্রিসভা বৈঠকে সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী দূরপাল্লায় চালকদের যাতে একটানা পাঁচ ঘণ্টার বেশি গাড়ি চালাতে না হয়, সে জন্য বিকল্প চালক রাখার নির্দেশনা দেন
মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা-দৈনিক ইত্তেফাক
শুভ যেদিন মাদক সেবন করতে পারেনা সেদিন তার পরিবারের সদস্যদের উপর নির্যাতন করে। সে ছয় বছর ধরে এ কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় রবিবার শুভ মাদক সেবনের জন্য টাকা না পেয়ে বাবা ও দাদিকে মারধর করে। নিরুপায় হয়ে তাকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। পরে পুলিশে খবর দিলে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৮নং ওয়ার্ডের সরকারি কলেজের পেছনে মোল্লা বাড়িতে।
এক মাসেও শান্তিনিকেতনে বাংলাদেশ ভবনের দ্বার খোলেনি-দৈনিক মানবজমিন
পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী প্রাঙ্গনে বাংলাদেশ ভবনের দ্বার সকলের জন্য কবে খুলে দেওয়া হবে তা এখনও অনিশ্চিত। গত ২৫ মে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীদ্বয় এই ভবনের উদ্বোধন করেছেন। বাংলাদেশের অর্থায়নে নির্মিত এই ভবনটির রক্ষাণাবেক্ষণের দায়িত্ব ওইদিনই তুলে দেয়া হয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষের হাতে। কিন্তু এক মাস পূর্ণ হওয়া সত্ত্বেও বাংলাদেশ ভবন কবে খুলে দেয়া হবে সে ব্যাপারে কেউই নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না। তালাবদ্ধ ভবনের সামনে থাকা নিরাপত্তা রক্ষীরা জানিয়েছেন, প্রতিদিনই বহু মানুষ এসে ঘুরে যাচ্ছেন। বিশেষ করে বাংলাদেশিরা শান্তিনিকেতনে গিয়ে ভবনের দ্বার খোলা না পেয়ে হতাশই হচ্ছেন।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
নেশার টাকা না পেয়ে বৃদ্ধ বাবাকে পিটিয়ে খুন করল ছেলে-দৈনিক সংবাদ প্রতিদিন
নেশার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে খুন করল ছেলে। রবিবার মধ্যরাতের ঘটনা। সোমবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই শিলিগুড়ি শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম চুন্নু ওরাও(৬০)। বাড়ি শিলিগুড়ি সংলগ্ন চম্পাসারির দেবীডাঙার বাবুভাসা এলাকায়। খুনের অভিযোগে চুন্নু ওরাওয়ের ছোট ছেলে অঞ্জিত ওরাওকে গ্রেপ্তার করেছে প্রধাননগর থানার পুলিশ। প্রধাননগর থানায় ভাই অঞ্জিতের বিরুদ্ধে খুনের লিখিত অভিযোগ দায়ের করেন তারই দাদা অজিত ওরাও। এরপরই সোমবার সকালে পুলিশ অঞ্জিতকে গ্রেপ্তার করে। পুলিশ চুন্নু ওরাওয়ের মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
উপত্যকায় লুকিয়ে ২৫০ জঙ্গি-দৈনিক আজকাল
সেনার সঙ্গে সংঘর্ষে কুলগামে খতম দুই মোস্ট ওয়ান্টেড লস্কর জঙ্গি। অস্ত্র সহ আত্মসমর্পণ করেছে আরও এক জঙ্গি। সে সদ্যই লস্করে যোগ দিয়েছিল। সোমবার একথা জানিয়ে জম্মু–কাশ্মীর পুলিসের ডিআইজি শেষপাল বৈদ নিরাপত্তা বাহিনীকে এজন্য প্রশংসা করে বলেন, নিকেশ হওয়া জঙ্গিদের মধ্যে আছে লস্করের ডিভিশনাল কমান্ডার শাকুর আহমেদ দার। অপরজন জম্মু–কাশ্মীর আইএস–এর সদস্য, ২২ বছরের দাউদ আহমেদ সোফি ওরফে হায়দর। সোফি পাক নাগরিক এবং দার কুলগামেরই সোপাট টেংপোরার বাসিন্দা। তার বিরুদ্ধে দক্ষিণ কাশ্মীরে বহু নাশকতামূলক কাজের অভিযোগ দায়ের আছে। ২২ জন মোস্ট ওয়ান্টেড জঙ্গির মধ্যে অন্যতম খতম হওয়া দুই জঙ্গি দার এবং সোফি।
রবিবার বিকেলে কুলগামের চেড্ডার কাইমোহ অঞ্চলে রাজ্য পুলিস, সিআরপিএফ এবং সেনাবাহিনী অমরনাথ যাত্রার আগে জাতীয় সড়কের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে টহলদারি চালাচ্ছিল।
হুঁশিয়ারি বৃথা যাচ্ছে, শিক্ষামন্ত্রী বুঝছেন কি?-দৈনিক আনন্দবাজার
হুঁশিয়ারি বৃথা যাচ্ছে, শিক্ষামন্ত্রী বুঝছেন কি? অসুখ আরও গভীরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। রাজনীতির মূলধারায় যে অসুখ বাসা বেধেছিল আগেই, সে যেন এ বার তার শিকড় আরও গভীরে নিয়ে যাচ্ছে। ছাত্র রাজনীতিতে কলুষ ক্রমশ বাড়ছে। সেই কলুষই সম্ভবত প্রধান বাধা অনলাইন ভর্তি প্রক্রিয়ার সাফল্যের পথে।
কলেজে কলেজে ভর্তির প্রক্রিয়া অনলাইন করে দিয়েছে রাজ্য সরকার। ভর্তি ঘিরে দুর্নীতি বা স্বজনপোষণ এবং তার জেরে অশান্তি ঠেকাতেই মূলত এই পদক্ষেপ। কিন্তু, তাতে ভর্তির প্রক্রিয়ায় স্বচ্ছতা কি এসেছে? টাকা নিয়ে অবৈধ ভাবে ছাত্র ভর্তির কারবার কি থেমেছে? রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠনও সম্ভবত জোর গলায় স্বচ্ছতার দাবি করতে পারবে না। কারণ, কলেজে কলেজে ব্যানার ঝুলিয়ে তৃণমূল ছাত্র পরিষদকেই এখনও প্রচার চালাতে হচ্ছে টাকার বিনিময়ে ভর্তির বিরুদ্ধে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৫