একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৬ জুন মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- এখনই ভোট বন্ধের দাবি বিএনপি প্রার্থীর-দৈনিক প্রথম আলো
- কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে হত্যা মামলার ২ আসামি নিহত-দৈনিক নয়া দিগন্ত
- ৫-৬টি কেন্দ্রে জোরপূর্বক সিল, জালভোটের কথা স্বীকার রিটার্নিং কর্মকর্তার-দৈনিক যুগান্তর
- নাশকতার এক মামলায় খালেদার জামিন বহাল-দৈনিক ইত্তেফাক
- গাজীপুর সিটি নির্বাচন নিয়ে বিএনপি মিথ্যাচার করছে: নানক-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগ, কেরলে সাসপেন্ড পাঁচ ধর্মযাজক-সংবাদ প্রতিদিন
- কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, রাষ্ট্রপুঞ্জের সভায় আবারও পাকিস্তানকে সতর্ক করে জানাল ভারত-দৈনিক আজকাল
- মোদির ওপর হামলার আশঙ্কা চরমে, কাছে যেতে পারবেন না মন্ত্রীরাও-দৈনিক আনন্দবাজার
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে নানা খবর পরিবেশিত হয়েছে আজকের জাতীয় দৈনিকগুলোর অনলাইন সংস্করণের।
দৈনিক প্রথম আলো ও যুগান্তরের প্রধান খবরের শিরোনাম-এখনই ভোট বন্ধের দাবি বিএনপি প্রার্থীর।খবরটিতে লেখা হয়েছে, গাজীপুর সিটি করপোরেশনে ভোটগ্রহণ এখনই বন্ধ করার দাবি জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। আজ মঙ্গলবার ভোট চলাকালে দুপুর একটার দিকে গাজীপুর সদরে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাসান সরকার এ দাবি করেন। এর আগে তিনি ভোটের নানা অনিয়মের কথা তুলে ধরেন।
আর যুগান্তরের শিরোনাম-৫-৬টি কেন্দ্রে জোরপূর্বক সিল, জালভোটের কথা স্বীকার রিটার্নিং কর্মকর্তার। দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম-পুলিশের সহযোগিতায় নৌকায় সিল মারছে ছাত্রলীগ বলেছেন রিজভী। গাজীপুর ভোট চিত্র নিয়ে দৈনিক মানবজমিনের কয়েকটি খবর তুলে ধরছি।
সাত কেন্দ্রে বিএনপির পোলিং এজেন্ট নেই
কোনো সাউন্ড নাই, বের হ’এ শিরোনামের খবরে লেখা হয়েছে, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের কোনাবাড়ির জরুন এলাকার চার কেন্দ্রের কোথাও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের কোনো পোলিং এজেন্ট নেই। তাদের সকালেই জাহাঙ্গীর আলমের সমর্থকরা বের করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপির দলীয় অভ্যন্তরীণ কোন্দল এবং প্রার্থীর দুর্বলতার কারণে গাজীপুরের অনেক কেন্দ্রে এজেন্ট উপস্থিত হতে পারেননি।
গাজীপুর সিটি নির্বাচন নিয়ে বিএনপি মিথ্যাচার করছে: নানক-দৈনিক মানবজমিন
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিএনপি মিথ্যাচার করছে। গাজীপুর নির্বাচনে বিএনপি নিজেদের দুর্বলতা ঢাকতে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।
দৈনিক যুগান্তরের খবরে লেখা হয়েছে, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম (নৌকা)। মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে নিজ এলাকার মহানগরীর ৩০নং ওয়ার্ডের কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ভোট দেন তিনি। ভোটকেন্দ্র থেকে বের হয়ে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী মো. জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুরবাসী তাদের সন্তান ও সেবক হিসেবে আমাকেই ভোট দিয়ে নির্বাচন করবেন। সব কেন্দ্রেই সুষ্ঠু নির্বাচন হচ্ছে। আমি জয়ের ব্যাপারে আশাবাদী। এ সময় নির্বাচন শুরুর পর থেকেই বিএনপি প্রার্থী ভিত্তিহীন কথা বলছেন বলে অভিযোগ করেন তিনি।
নাশকতার এক মামলায় খালেদার জামিন বহাল-দৈনিক ইত্তেফাক
কুমিল্লার নাশকতার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে জামিন চেয়ে করা আপিল গ্রহণযোগ্য কিনা সাতদিনের মধ্যে হাইকোর্টকে নিষ্পত্তি করতে বলা হয়েছে।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, হাইকোর্টের জামিন স্থগিত করে চেম্বার আদালতের আদেশ প্রত্যাহার করে নিয়েছেন আপিল বিভাগ। ফলে জামিন বহাল রইল।
জেল থেকে ছাড়া পাওয়ার একদিন পর ‘বন্দুকযুদ্ধে’ নিহত-দৈনিক যুগান্তর
ভোলার সদর উপজেলায় দীঘলদিতে জেল থেকে ছাড়া পাওয়ার একদিন পর ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. জাকির হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোর পৌনে ৪টায় উপজেলার বাগমারা ব্রিজ এলাকার নদীর পাড়ে এ ঘটনা ঘটে। ডিবির ওসি শহিদুল ইসলাম জানান, গত মাসে জাকিরকে মাদকসহ আটক করা হয়। সোমবার আদালত থেকে জামিনে বের হয়ে আসেন তিনি।
এদিকে দৈনিক নয়া দিগন্তের খবরে লেখা হয়েছে, কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়ায় স্কুলছাত্র অপহরণ ও হত্যা মামলার দুই আসামি কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। তাঁরা হলেন নাঈম ইসলাম (২৩) ও জোয়ার আলী (২৫)। মঙ্গলবার ভোরে উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর ব্রিজের কাছে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। পুলিশের দাবি, এ ঘটনায় সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি আগ্নেয়াস্ত্র ও দুটি ধারালো হাঁসুয়া উদ্ধার করেছে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
মোদির ওপর হামলার আশঙ্কা চরমে, কাছে যেতে পারবেন না মন্ত্রীরাও-দৈনিক আনন্দবাজার /আজকাল
বিস্তারিত খবরে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর হামলার আশঙ্কা চরমে পৌঁছেছে। দেশটির সব রাজ্যের কাছে পাঠানো বিশেষ বার্তায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রীর উপর হামলার আশঙ্কা ‘চরম পর্যায়ে’ পৌঁছেছে। এজন্য তার সুরক্ষা নিশ্চিত করতে নতুন নিয়ম তৈরি করা হয়েছে। এই নিয়মের অধীনে, কোন ব্যক্তিই, এমনকি মন্ত্রীরাও বিশেষ নিরাপত্তা বাহিনীর ছাড়পত্র ছাড়া মোদির কাছে যেতে পারবেন না। খবরে বলা হয়, এক গোপন চিঠির মাধ্যমে মোদির ওপর এই নতুন হুমকির খবর পেয়েছে ‘পুনে’ পুলিশ। এরপরই মোদির সুরক্ষা বলয় আরও জোরদার করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, জাতিসংঘের সভায় আবারও পাকিস্তানকে সতর্ক করে জানাল ভারত-দৈনিক আজকাল
কাশ্মীর নিয়ে কোনও রকম কথা শুনতে নারাজ ভারত। জাতিসংঘে সেকথা আবারও স্পষ্ট করে জানিয়ে দিলেন ভারতের প্রতিনিধি সন্দীপ কুমার বায়াপু। জাতিসংঘের সভায় আলোচনা চলাকালীন পাক প্রতিনিধি মলিহা লোধি অভিযোগ করেছিলেন, কাশ্মীরের মানুষের স্বাধীনতায় হরণ করছে ভারত। সেখানকার বাসিন্দাদের অধিকার খর্ব করে গণহত্যা চালাচ্ছে।
পাকিস্তানের এই অভিযোগ কড়া সমালোচনা করে ভারতের প্রতিনিধি সন্দীপ কুমার বলেন, কাশ্মীরের মানুষের কথা চিন্তা করতে হবে না পাকিস্তানকে। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। এর জন্য বাড়তি আলঙ্কারিত শব্দ ব্যবহার করে পাকিস্তান অধিকার দেখাতে পারে না। পাক প্রতিনিধি সভামঞ্চে কাশ্মীর প্রসঙ্গ তুলে অভিযোগ করেছিলেন, কাশ্মীরের বাসিন্দাদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। সন্ত্রাস দমনের নামে সেখানকার বাসিন্দাদের হত্যা করা হচ্ছে। এমনও অভিযোগ করেছে পাকিস্তান।
মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগ, কেরলে সাসপেন্ড পাঁচ ধর্মযাজক-সংবাদ প্রতিদিন
মহিলাদের যৌন নির্যাতনের ঘটনা আজকাল প্রায়শই ঘটছে। কিন্তু এবার সেই যৌন নির্যাতনকারীদের তালিকায় নাম উঠে গেল একটি চার্চের পাঁচ ধর্মযাজকের নাম। ব্ল্যাকমেল করে দিনের পর দিন এক মহিলাকে শারীরিক নিগ্রহের অভিযোগ উঠল ধর্মযাজকদের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে পাঁচ ধর্মযাজককে সাসপেন্ড করল কেরলের একটি চার্চ। নির্যাতিতা ওই মহিলার স্বামী কেরলের মালাঙ্করার একটি চার্চের বিরুদ্ধে এই অভিযোগ জানান। তাঁর অভিযোগ ছিল, তাঁর স্ত্রীকে দিনের পর দিন যৌন নিগ্রহ করেছে চার্চের এক ধর্মযাজক। তাঁর স্ত্রী নিজে একথা স্বীকার করেছেন। এমনকী বিষয়টি কাউকে যাতে না বলা হয়, তার জন্য ওই মহিলাকে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলেন ওই মহিলার স্বামী। এই অভিযোগের ভিত্তিতেই পাঁচ ধর্মযাজককে সাসপেন্ড করা হয়।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৬