জুন ২৮, ২০১৮ ১২:০৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৮ জুন বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • গাজীপুর সিটি নির্বাচন নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র-দৈনিক প্রথম আলো
  • আ’লীগ ৩ দিনের বেশি ক্ষমতায় থাকতে পারবে না : মির্জা ফখরুল-দৈনিক নয়া দিগন্ত
  • বড় কোনো পরিবর্তন ছাড়াই সংসদে বাজেট পাস-দৈনিক যুগান্তর 
  • ৫৬০টি মডেল মসজিদ নির্মাণের কার্যক্রম শুরু : প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
  • প্রকাশক বাচ্চু হত্যার প্রধান আসামি বন্দুকযুদ্ধে নিহত-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:

  • ঋণ শোধের জন্য মেয়েদের বিক্রির চেষ্টা, স্বামীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ স্ত্রী-সংবাদ প্রতিদিন
  • রেকর্ড পতন টাকার দামের, ডলার প্রতি দাম পড়ল ৬৯-দৈনিক আজকাল
  • মুম্বইয়ের বসতি এলাকায় ভেঙে পড়ল চার্টার্ড বিমান, মৃত ৫-দৈনিক আনন্দবাজার

 

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন শেষ। সরকারদলীয় প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। অবশ্য বিএনপির পক্ষ থেকে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে পুনরায় ভোটের দাবি জানানো হয়েছে। নির্বাচন কমিশন বলেছে ভোট সুষ্ঠু সুন্দর হয়েছে।তবে ওই নির্বাচন নিয়ে আলোচনা এখনও থেমে নেই। এ সম্পর্কে দৈনিক প্রথম আলোর একটি খবরের শিরোনাম-গাজীপুর সিটি নির্বাচন নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। খবরে লেখা হয়েছে, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, খুলনা ও অতি সম্প্রতি অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই এবং বিরোধী রাজনৈতিক নেতা ও পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখানোর অভিযোগের খবরে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।

মার্শা বার্নিকাট

এ ছাড়া বিরোধী রাজনৈতিক নেতা ও পোলিং এজেন্টদের গ্রেপ্তার ও পুলিশি হয়রানির বিষয়েও যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। আজ ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত অনুষ্ঠানে মার্শা বার্নিকাট এ উদ্বেগের কথা জানান।

গাজীপুর সিটি নির্বাচখুলনার চেয়েও এক ধাপ এগিয়ে-দৈনিক প্রথম আলো

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন

ভোটের দিন কেন্দ্র নিয়ন্ত্রণের ক্ষেত্রে খুলনার চেয়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে এক ধাপ এগিয়ে রয়েছে আওয়ামী লীগ। এজেন্টদের কেন্দ্রছাড়া করার ক্ষেত্রে নেওয়া হয়েছে অভিনব কৌশল। আর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের একটি অংশকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মূলত বিএনপির মেয়র প্রার্থীর এজেন্টদের কেন্দ্রছাড়া করার পরই বিভিন্ন কেন্দ্রে ব্যালটে সিল মেরে বাক্স ভর্তি করার ঘটনাগুলো ঘটেছে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তাদের একটা অংশের বড় ভূমিকা ছিল। খুলনার নির্বাচনে বিএনপিকে মাঠছাড়া করার জন্য পুলিশ যেভাবে বাসা-বাড়িতে অভিযান চালিয়েছিল, গাজীপুরের ক্ষেত্রেও তা হয়েছিল। তবে তা খুলনার মতো তীব্র ছিল না। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত গ্রেপ্তার দেখানো হয়েছে শখানেক। খুলনার অভিজ্ঞতা থেকে আওয়ামী লীগ তার নির্বাচনী কৌশলে পরিবর্তন আনলেও সেটা মোকাবিলা করার মতো পাল্টা কৌশল বিএনপি নিতে পারেনি।

৫৬০টি মডেল মসজিদ নির্মাণের কার্যক্রম শুরু : প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক

পার্লামেন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইতোমধ্যে ৮ হাজার ৭২২ কোটি টাকা ব্যয়ে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামকি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে।  প্রধানমন্ত্রী বুধবার সংসদে তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে উন্নত মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি ছিল।

বড় কোনো পরিবর্তন ছাড়াই সংসদে বাজেট পাস-দৈনিক যুগান্তর

জাতীয় সংসদে বাজেট পাস

জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে ২০১৮-১৯ অর্থবছরে চার লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট পাস করা হয়েছে। এ বাজেট আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। প্রায় ৪৫ ঘণ্টা আলোচনার পর বৈষম্য দূর করে টেকসই উন্নয়ন করার লক্ষ্যে এ বাজেট পাস হয়েছে। আজ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সরকারি ও বিরোধী দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্দিষ্টকরণ বিল পাসের মধ্য দিয়ে বাজেট প্রণয়নের কাজ শেষ হয়েছে। প্রস্তাবিত বাজেটের সঙ্গে পাস হওয়া বাজেটের তেমন পার্থক্য নেই। টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকারের শেষ ও পঞ্চম বাজেট এটি। এর আগে মঞ্জুরি দাবির ওপর আলোচনার সুযোগ নিয়ে জাতীয় পার্টি ও স্বতন্ত্র সংসদ সদস্যরা শিক্ষা খাতে অনিয়ম-দুর্নীতি, অবকাঠামোগত উন্নয়নে ব্যর্থতা ও রেল খাতের অব্যবস্থাপনার পাশাপাশি সরকারের বিভিন্ন কার্যক্রমের কঠোর সমালোচনা করেন।

আ’লীগ ৩ দিনের বেশি ক্ষমতায় থাকতে পারবে না : মির্জা ফখরুল-দৈনিক নয়া দিগন্ত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির জাতীয় ঐক্য প্রক্রিয়া সফল হলে ক্ষমতাসীন আওয়ামী লীগ তিন দিনের বেশি ক্ষমতায় থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দীর্ঘদিন ধরে একটি জাতীয় ঐক্য তৈরীর কাজ চলছে। আমরা এবিষয়ে নিয়মিত বসছি। আলোচনা করছি। এই জাতীয় ঐক্যে যদি সফল হওয়া যায় তবে আওয়ামী লীগ তিন দিনের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। মির্জা ফখরুল বলেন, আমাদের নেতাকর্মীদের মাঠে নেমে আসতে হবে। যুবদলের নেতাকর্মীদের ঘরের ভেতর থেকে বাইরে আসতে হবে। দলে আমরা যারা বয়ষ্ক তারা সবাই বাইরে যাব। আপনারাও ঘরের ভেতর থেকে বাইরে যান। ২০ জন ২০ জন করে বাইরে যান। দেখেন পরিস্থিতি কি হয়। বিএনপি যদি রাস্তায় নামে সরকারের দাঁড়ানোর উপায় থাকবে না।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

রেকর্ড পতন টাকার দামের, ডলার প্রতি দাম পড়ল ৬৯-দৈনিক আজকাল

রুপির দামের রেকর্ড পতন

সর্বকালীন পতন টাকার দামে। ডলার প্রতি ৬৯ কমল কমল টাকার দাম। বৃহস্পতিবার শেয়ার বাজার খুলতেই পড়তে শুরু করে টাকার দাম। এর আগে কখনও এত কমেনি টাকার দাম। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার কারণেই এই পতন বলে মনে করছেন অর্থনীতিবিদরা  গত ১৯ মাসে ধরেই কমছিল টাকার দাম। কিন্তু এতটা কমে যাবে তা ভাবতে পারেননি ব্যবসায়ীরা। হঠাৎ করে টাকার দাম পড়ে যাওয়ায় শেয়ার বাজারে মন্দা দেখা দিয়েছে। একদিকে ঋণ খেলাপির জেরে সংকটে রয়েছে দেশের একাধিক রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্ক। নিরব মোদি, বিজয় মালিয়াদের টাকা এখনও ফেরানো যায়নি। তার উপর টাকার দামের পতনে সংকট দেয়া দিয়েছে নতুন করে। টাকার এই রেকর্ড দাম পতনে দেশের অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এমনকী আমদানি–রপ্তানি বাণিজ্যেও বড় ক্ষতির মুখে পড়বে দেশ। 

ঋণ শোধের জন্য মেয়েদের বিক্রির চেষ্টা, স্বামীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ স্ত্রী-দৈনিক সংবাদ প্রতিদিন

হায়দারাবাদে নিজের স্ত্রী ও নাবালিকা কন্যাকে বিক্রির চেষ্টার করার অভিযোগ উঠল এক অটোচালকের বিরুদ্ধে। জানা গিয়েছে, প্রায় ১৫ লক্ষ টাকা লোন ছিল ওই অটোচালকের। তা শোধ করার জন্যই নিজের স্ত্রী ও মেয়েকে বিক্রির চিন্তাভাবনা করে সে। স্ত্রীকে ৫ লাখ ও দুই মেয়েকে ৫ লাখ টাকায় বিক্রি করার কথা ভেবেছিল।ওই অটোচালকের বয়স ৩৮ বছর। তাঁর চার মেয়ে ও এক ছেলে। সবার বয়সই ১৮ বছরের নিচে। গত কয়েকমাস আগে একটি বন্ডে সই করেছিল ওই ব্যক্তি। এদিকে তার স্ত্রী স্বামীর বদমতলবের কথা জেনে কুরনোল জেলার নন্দল গ্রামে তাঁর বাবা-মায়ের কাছে পালিয়ে যান। সেখানে গিয়ে তিনি পুলিশে অভিযোগ জানান। অভিযুক্তের স্ত্রী এও জানিয়েছেন, তাঁর স্বামী মদ্যপ। নিজের স্ত্রীকেও সে বিক্রির চেষ্টা করেছিল। খবরটি সত্যিই অমানবিক। মানুষ দিনে দিনে কোথায় যাচ্ছে তার উদাহরণ হায়দারাবাদের এই ঘটনা।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৮